
যুক্তরাষ্ট্রের শার্লটসভিলে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের মিছিলে ফ্যাসিবাদবিরোধী প্রচারক হিদার হেয়ার খুন হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বাজেভাবে ‘উভয় পক্ষ’কে দোষারোপ করলেন। নব্য নাৎসিদের সঙ্গে নাৎসিবাদবিরোধীদের তুলনা করে ট্রাম্প নিজের পদকে আরও কলঙ্কিত করলেন। আর শার্লটসভিলের মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে জনাকয়েক ব্যক্তিকে ‘খুব ভালো মানুষ’ আখ্যা দিয়ে তিনি পৃথিবীর অতি-ডানপন্থী ও উগ্র মানুষদের দিকে হাত নাড়লেন। এর কয়েক সপ্তাহ পর টেক্সাসে যখন হারিকেন হার্ভির তাণ্ডব চলছিল, তখন ট্রাম্প অ্যারিজোনা অঙ্গরাজ্যের মারিকোপা কাউন্টির সাবেক পুলিশপ্রধান জো আরপাইওকে ক্ষমা করে দেন। এই ব্যক্তি জুলাই মাসে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। ফেডারেল আদালত তাঁকে নির্দেশ দিয়েছিলেন, তিনি যেন লাতিন নাগরিকদের সম্পর্কে বর্ণবাদী মন্তব্য না করেন। কিন্তু ট্রাম্পের কাছে ব্যাপারটা এমন: তাঁকে ‘নিজের কাজ করার জন্য অভিযুক্ত করা হয়েছে’।
এই আরপাইও একবার গর্ব করে বলেছিলেন, কারাগারের বাইরে অবৈধ অভিবাসীদের যেখানে রাখা হয়েছে, তা অনেকটা নির্যাতন শিবিরের মতো। টি পার্টিসহ অন্য যেসব অভিবাসীবিরোধী সংগঠন গত বছর ট্রাম্পের পেছনে দাঁড়িয়েছিল, এখন তিনি সেসব সংগঠনের অন্যতম পুরোধা। আরপাইওকে ক্ষমা করে দিয়ে ট্রাম্প আরও একবার শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী ও স্থানীয়দের সুরক্ষা দেওয়ার রীতির প্রতি সমর্থন জানান।
দুঃখজনকভাবে রিপাবলিকান পার্টিতে ট্রাম্পের অনেক সহকর্মীই তাঁর সর্বশেষ এই কথায় তেমন একটা প্রতিক্রিয়া দেখাননি। আর সম্প্রতি এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট-এর জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের ৯ শতাংশ (২ কোটি ২০ লাখ) মানুষ ‘নব্য নাৎসি ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য মনে করেন’। ব্যাপারটা ধাক্কা খাওয়ার মতোই। কিন্তু এটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইউরোপেও বর্ণবাদ, জাতীয়তাবাদ, সেমিটীয় বিরোধিতা ও অভিবাসী বিরোধিতার প্রাবল্য দেখা যাচ্ছে। চ্যাটহ্যাম হাউসের জন্য পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৫৫ শতাংশ ইউরোপীয় স্বীকার করেছে, ‘সব ধরনের অভিবাসন, বিশেষ করে মুসলিম দেশগুলো থেকে’ বন্ধ করতে হবে। ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প যখন সাতটি বড় মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষিদ্ধ করেছিলেন, তখন ৪৮ শতাংশ মার্কিন নাগরিক সেটা সমর্থন করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে, ইউরোপীয়দের মধ্যে এই প্রবণতা আরও বেশি।
ফলে যে ইউরোপীয়রা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদকে মার্কিন প্রপঞ্চ মনে করতেন, তাঁদের এখন নিজের ঘরে নজর দেওয়ার সময় এসেছে। ব্যাপারটা হলো, ট্রাম্পের নির্বাচিত হওয়া ও ব্রেক্সিটের পর সংখ্যালঘু ও বিদেশি নাগরিকদের প্রতি ঘৃণা ও তাদের বিরুদ্ধে অপরাধ পশ্চিমের অনেক দেশে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো, তরুণদের মধ্যে এই অসহিষ্ণুতা বাড়তে পারে। ব্রিটিশ ম্যাগাজিন টিইএস-এর প্রতিবেদন অনুসারে ২০১৬ সালের গ্রীষ্ম ও শরৎকালে স্কুলগুলোতে গত বছরের তুলনায় ঘৃণাবাচক অপরাধ ৪৮ শতাংশ বেড়ে গেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক্সিট গণভোট ও ট্রাম্পের নির্বাচিত হওয়ার সঙ্গে এর সম্পর্ক আছে।
আজকের তথ্যপ্রবাহের যুগে সামাজিক মাধ্যম ঘৃণা ছড়ানোর মূল মাধ্যমে পরিণত হয়েছে। সবচেয়ে বড় সামাজিক মাধ্যমে এখন অসংখ্য ভুয়া ও নামগোত্রহীন অ্যাকাউন্ট থেকে অভিবাসীবিরোধী, জাতীয়তাবাদী ও বর্ণবাদী বার্তা ছড়ানো হচ্ছে। তরুণদের পছন্দসই এই মাধ্যমকে দূষিত করছে এই অ্যাকাউন্টগুলো, আর কাঁচা মনগুলোকে মারাত্মক মিথ্যা ও ষড়যন্ত্রতত্ত্বের দিকে নিয়ে যাচ্ছে। প্রায়শই দেখা যায়, মেসিডোনিয়া ও পূর্ব ইউরোপের বিভিন্ন জায়গা থেকে রাশিয়াসমর্থিত ট্রোল (অনলাইনে আপত্তিকর পোস্ট দেওয়া ব্যক্তি) এসব করে যাচ্ছে, যাদের কোনো বিচারও হয় না। কিন্তু শুধু অনলাইন ট্রোলরাই মানুষকে বর্ণবাদী, সেমিটীয় বিরোধী বা সমকামীবিরোধী করে তুলছে না। অনেক বিশ্বনেতা ও বিশিষ্ট মতামত নির্ধারকেরাও এসব করছেন। যদিও মূলধারার ইউরোপীয় নেতারা শার্লটসভিলের সহিংসতার বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ করেছেন, তাঁদের আরও দূর যেতে হবে। এখন আগের যেকোনো সময়ের চেয়ে ইউরোপীয় ইউনিয়নকে সমতা ও সহিষ্ণুতার মতো মৌলিক মূল্যবোধ ধারণে বেশি তৎপর হতে হবে।
হাঙ্গেরি ও পোল্যান্ডের বর্তমান সরকার যে উদ্দেশ্যমূলকভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে খাটো করছে, এতে বুঝতে হবে, আমরা স্বাধীনতা ও আইনের শাসনের মতো ব্যাপারগুলো অবধারিত ধরে নিতে পারি না। মধ্য ও পূর্ব ইউরোপে গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণে অনেক সময় লেগে গেছে। কিন্তু মাত্র কয়েকটা সাধারণ নির্বাচনের মাধ্যমেই সেটা উল্টে গেছে। ইউরোপের গণতন্ত্রের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোকে সম্মিলিতভাবে কর্তৃত্বপরায়ণ সরকারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ২০০৪ সালে সেমিটীয় বিরোধী ঘটনা বাড়ার সময় বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসেবে আমি তরুণদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতি সম্পর্কে অবহিত করার উদ্যোগ নিই। ইতিহাসের পাঠ গ্রহণকালে বেলজিয়ামের ছাত্ররা বিভিন্ন মতাদর্শের মাত্রা ও পরিণতি সম্পর্কে জানতে পারবে।
আজ যখন আবারও ঘৃণার বাড়বাড়ন্ত শুরু হয়েছে, তখন আমাদের মনে রাখা উচিত, কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াইয়ে শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। আমরা সন্তুষ্ট থাকলে কর্তৃত্ববাদ আরও বহুদূর অগ্রসর হতে পারে। গণতান্ত্রিক মূল্যবোধ জারি রাখতে সবাইকে অতীত থেকে শিক্ষা নিতে উৎসাহিত করতে হবে, যখন লাখ লাখ মানুষের ওপর বীভৎস নৃশংসতা চালানো হয়েছে। অতীতকালে যাঁরা কর্তৃত্বপরায়ণ সরকারের অধীনে ভুক্তভোগী হয়েছেন, তাঁদের স্মৃতির উদ্দেশে বলতে চাই, আসুন, গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দাঁড়াই। যে ডানপন্থী জনতুষ্টিবাদীরা পশ্চিমে ঘৃণা ছড়াচ্ছে, তাদের নাকচ করেই আমরা লড়াই শুরু করি।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।
গাই ভারহোফস্টাড: বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী।