ঘোলা জলে ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

একের পর এক নানা কাহিনি-কীর্তি করে বারবার আলোচনায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মুহূর্তে এমন একপর্যায়ে রয়েছেন, একদিকে তিনি যেমন জল ঘোলা করে চলেছেন, তেমনি তাঁর চারপাশেও জমছে ঘোলা জল।

ক্ষমতা নেওয়ার শুরু থেকেই নানা ঘটনায় ট্রাম্প আলোচিত। এর মধ্যে সমালোচনার পাল্লাটাই ভারী। তাঁর আচার-ব্যবহার, চালচলন, জীবনযাপন, কোনোটাই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের প্রচলিত কেতাদুরস্ত রীতিনীতির সঙ্গে খাপ খায় না। ব্যবসায়ী হিসেবে তিনি যতটা সফল, রাষ্ট্র পরিচালনায় এসে এখনো সেভাবে নাড়া দিতে পারেননি। রাজনীতিক ও কূটনীতিক হিসেবে তাঁর বিচক্ষণতা নানাভাবে প্রশ্নের মুখে।

সম্প্রতি একের পর এক নানা ঘটনায় জল ঘোলা করে ফেলেছেন ট্রাম্প। প্রশাসনে সহকর্মীদের নিয়ে দিন যে তাঁর ভালো কাটছে না, তা একেবারে স্পষ্ট। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসারকে সরিয়ে দিতে না দিতে চিফ অব স্টাফ রেইন্স প্রিবাসকে বসিয়ে দিলেন। অথচ দুদিন আগেও এই মানুষটিকে তাঁর অতি ঘনিষ্ঠজন বলে জানত সবাই। নতুন চিফ অব স্টাফ হয়েছেন অবসর নেওয়া চার তারকা জেনারেল জন কেলি। অভিজ্ঞ সেনা কর্মকর্তা ষাটোর্ধ্ব কেলি হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের শীর্ষ কর্তা হিসেবে কাজ করছিলেন। প্রিবাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি হোয়াইট হাউসের ভেতরের কথা বাইরে পাচার করে আসছিলেন। সেখানকার তুচ্ছ কথাও নাকি তিনি সাংবাদিকদের জানান। বলা হচ্ছে, প্রেসিডেনশিয়াল ডাইনিংরুমে ট্রাম্পের অনেক বড় একটা টিভি স্ক্রিন লাগানোর কথা প্রিবাসই ছড়িয়েছেন। ট্রাম্প সেখানে খেতে বসে বড় পর্দায় কেবল টিভির অনুষ্ঠান দেখেন। হোয়াইট হাউসে ওবামার স্মারক ঢেকে ফেলাসহ কিছু ঘটনায় ট্রাম্প সম্প্রতি সমালোচিত হন। ট্রাম্পকে নিয়ে আরও কথা উঠেছে যে পর্যাপ্ত ঘুম না হওয়ায়, অর্থাৎ ঘুমের সমস্যার কারণে তিনি লোকজনের সঙ্গে খাপছাড়া আচরণ করেন। তিনি নাকি তিন-চার ঘণ্টার বেশি ঘুমান না।

এক্কেবারে নতুন খবরটি হলো, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের তথ্য অফিসের পরিচালক পদ থেকে সরে গেছেন অ্যান্থনি স্কারামুচি। অবশ্য কোনো কোনো সংবাদমাধ্যমের খবরে এসেছে যে তাঁকেও ছাঁটাই করা হয়েছে। কাজে যোগ দেওয়ার মাত্র ১০ দিনের মাথায় গতকাল সোমবার এমন সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ জন কেলি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে তিন লাইনের একটি বিবৃতি পাওয়া গেছে। এতে বলা হয়েছে, ‘হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর পদ থেকে সরে যাবেন অ্যান্থনি স্কারামুচি।’

হোয়াইট হাউসের কর্মীদের নিয়ে ট্রাম্পের এই নাড়াচাড়ার মধ্যেই ‘ওবামাকেয়ার’ বাতিল হয়ে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে। রিপাবলিকান নেতারা সাত বছরের বেশি সময় ধরে আদাজল খেয়ে এটি বাতিল করার চেষ্টা চালিয়ে আসছিলেন। ট্রাম্পের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকারই ছিল, ক্ষমতা পেলে বারাক ওবামার প্রবর্তিত এই স্বাস্থ্য বিমাবিষয়ক নীতি বাতিল করে অধিক গণবান্ধব স্বাস্থ্য বিমা চালু করবেন। ওবামার এই স্বাস্থ্য বিমার অধীনে অতিরিক্ত সোয়া দুই কোটি মানুষ বিশেষ সুযোগ-সুবিধার আওতায় এসেছে। যাঁদের ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি রয়েছে, তাঁরাও এই বিমার আওতায় আসবেন।

ট্রাম্প বেশ আটঘাট বেঁধে এই আইনটি বাতিলে নেমেছিলেন। রিপাবলিকান আইনপ্রণেতাদের হুঁশিয়ারও করেন, এটি বাতিল করতে না পারলে তিনি খুব ‘রাগ’ করবেন। কিন্তু তাঁর এই ঝাড়ফুঁকে কাজ হয়নি। মুষ্টাঘাতটা মেরেছেন তাঁর দলেরই সিনেটর জন ম্যাককেইন। এই আইন বাতিলের বিপক্ষে তিনি গোঁ ধরে থাকায় শেষতক আর কাজ হয়নি। ‘ওবামাকেয়ার’ বাতিল করতে না পারাটা ট্রাম্পের জন্য অবশ্যই একটি বড় ধরনের বিপর্যয়। কেবল ট্রাম্পই নন, তাঁর দলকেও এর মাশুল দিতে হবে। আর ট্রাম্পকে যে আটকানো যায়, তাঁর প্রতিপক্ষরা এই দৃষ্টান্ত থেকে আরও প্ররোচিত হবে।

এদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মার্কিন মাতব্বরির জোরালো বিরোধিতাকারী উত্তর কোরিয়া নিষেধাজ্ঞার খাঁড়া ঘাড়ে নিয়েও ক্রমে বেপরোয়া হয়ে উঠছে। সম্প্রতি তারা শক্তশালী একটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে। পিয়ংইয়ং বলছে, তাদের এই ক্ষেপণাস্ত্র হাজার দশেক মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তারা এখন বড়াই করছে, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনো স্থানে তারা এখন আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞার বজ্র আঁটুনি দিয়েও পারমাণবিক যুদ্ধাস্ত্রের উন্নতি সাধনের কর্মসূচি থেকে তাদের নিবৃত্ত করতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। আর এখন তো রীতিমতো হুমকি দিচ্ছে তারা। চীন এ ব্যাপারে উত্তর কোরিয়াকে হালকা ধমক দিলেও গায়ে-গতরে বিরুদ্ধাচরণ করছে না। এতে চীনের ওপর বেজায় চটেছেন ট্রাম্প। উত্তর কোরিয়াকে আশকারা দিচ্ছে বলে অভিযোগ করে চীনকে ভর্ৎসনা করেন তিনি। উত্তর কোরিয়ার সঙ্গে চীনের আচরণ যে বড় ভাইসুলভ, এ তো সবারই জানা। চীন পরিষ্কার বলে দিয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের জড়াবে না। এর মধ্যে আমরা নেই। চীন এ কথাও বলেছে, যেকোনো শত্রুকে মোকাবিলা করার শক্তি তাদের রয়েছে।

ইরানও তলে তলে পারমাণবিক কর্মসূচি পুরোদমে চালিয়ে যাচ্ছে। তারা এর মধ্যে বেশ দাপটের সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। তারাও মার্কিন নিষেধাজ্ঞাকে কাঁচকলা দেখাচ্ছে।

ট্রাম্পের চারপাশে জমে ওঠা এই ঘোলা জলে বড় ধরনের ঘুটা হলো রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আকস্মিক অবনতি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা সিনেটে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার নতুন একটি বিল অনুমোদন করেছে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ও ইউক্রেন থেকে ক্রিমিয়া ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে এই নিষেধাজ্ঞার বিলটি আনা হয়। শুরুতে ট্রাম্প এতে স্বাক্ষরে গাঁইগুঁই করলেও পরে রাজি হয়েছেন। কারণ কী, সে তো জলের মতো পরিষ্কার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর যে নতুন সখ্য, এতে বাগড়া পড়ুক, তা তিনি চাননি।

পুতিনও এই নিষেধাজ্ঞার বিষয়টি ভালোভাবে নেননি। তিনি বলেছেন, এত দিন ধৈর্য ধরে অনেক দেখেছি। আর নয়। এবার পাল্টা জবাব।

এর পরপরই পুতিন রাশিয়া থেকে ৭৫৫ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করার কথা ঘোষণা করেন। এই বহিষ্কারাদেশের আগে রাশিয়ায় মার্কিন দূতাবাসে ১ হাজার ২০০ কর্মী কাজ করছিলেন। ট্রাম্পও কি এই অপমান মুখ বুঝে সইবেন? তিনিও পাল্টা জবাব দেওয়ার দম্ভ ঝেড়েছন। ট্রাম্প আর পুতিনের সখ্য হঠাৎ করে বৈরিতায় রূপ নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে আবার অশান্তির দামামা বাজতে শুরু করেছে। দেখা যাক, এই ঘোলা জল কত দূর গড়ায়।

শরিফুল ইসলাম ভূঁইয়া: সাংবাদিক ও লেখক।