চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯ অক্টোবর ২০১৭ প্রকাশিত সাংবাদিক মিজানুর রহমান খানের ‘আইন অঙ্গনে নৈতিক শক্তির উত্থান’ শীর্ষক প্রবন্ধটি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ ও সদস্যদের নজরে এসেছে।
সাংবাদিক মিজানুর রহমান খান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কিংবা বাংলাদেশের কোনো আইনজীবী সমিতির তালিকাভুক্ত সদস্য না হওয়া সত্ত্বেও তিনি ওই প্রবন্ধে আইন পেশা ও আইনজীবীদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা মানহানিকর। তাঁর কোনো কোনো মন্তব্য বা উক্তি শিষ্টাচারবহির্ভূত ও অনধিকারচর্চার শামিল। ওই প্রবন্ধে তিনি বারের নির্বাচনে কালোটাকার বিস্তার, সরকারি দলের সুবিধা নেওয়ার চেষ্টা, নির্বাচন কেনাবেচা, সরকার–সমর্থিত প্যানেলের পরিচিতি সভায় মন্ত্রীদের যোগদান ও বারের শীর্ষ পদের প্রার্থীদের বিরুদ্ধে ২০ লাখ টাকা খরচের অভিযোগ তুলেছেন। তিনি আরও লিখেছেন, সমমনা নামের আইনজীবীদের একটি সংগঠনকে আওয়ামী লীগ ও বিএনপির সাঁড়াশি আক্রমণ মোকাবিলা করতে হয়েছে ও হচ্ছে। মিজানুর রহমান খান নির্বাচনে ডিজিটাল কারচুপির অভিযোগও করেছেন।
কিন্তু প্রকৃতপক্ষে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনটি ছিল একটি ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনের সময় কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল। পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হয়েছিল। নির্বাচনী কেন্দ্রে প্রার্থীদের কিংবা তাঁদের প্রতিনিধিদের প্রচারণা নিষিদ্ধ করা হয়েছিল। একসঙ্গে ১০ জনের অধিক ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। আদালত অঙ্গনে সীমিত প্রচারণা ব্যতীত বিজ্ঞ আইনজীবীদের বাসাবাড়িতে প্রচারণা নিষিদ্ধ করা হয়েছিল। এমনকি আদালত অঙ্গনে কিংবা চট্টগ্রামের যেকোনো স্থানে প্রার্থীকে প্রচার, প্রচারণা ও আপ্যায়ন করা থেকে বিরত করা হয়েছিল। কোনোরূপ অর্থ কিংবা প্রভাবমুক্তভাবে ভোটারদের ভোটদানের ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল।
এ ছাড়া নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আরও অনেক কঠোর সিদ্ধান্ত নিয়েছিল এবং তা বাস্তবায়ন করা হয়েছে। মিজানুর রহমান খান আরও বলেছেন, ডিজিটাল কারচুপি বন্ধে রেজল্যুশন হয় কিন্তু তা কার্যকর হয় না। তাঁর মন্তব্যগুলো অসত্য ও কাল্পনিক। আইনজীবীদের মান-মর্যাদা ক্ষুণ্নকারীও বটে। ওই প্রবন্ধে কথিতমতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল পরিচিতি সভায় আইনমন্ত্রী কিংবা অন্য কোনো মন্ত্রী যোগ দেননি কিংবা গত নির্বাচনের আগে ৪০ জন সরকারি কৌঁসুলি দূরের কথা, কোনো সরকারি কৌঁসুলি নিয়োগের ঘটনাই ঘটেনি।
গত নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবীদের মধ্যে কোনোরূপ দোস্তি হওয়ার কথাও সঠিক নয়। কারণ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী সভাপতি কিংবা সাধারণ সম্পাদক নির্বাচিত হননি। বরং উভয় পদে সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা বিজয়ী হন। তিনি প্রবন্ধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আইনজীবীদের সর্ববৃহৎ সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবীদের সর্ববৃহৎ সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে কটাক্ষ করে আদর্শহীন ও বর্ণচোরা তথাকথিত একটি সংগঠনকে বাতিঘর এবং সুউচ্চ নৈতিক কর্তৃপক্ষ উল্লেখ করে কৌশলে তাদের পক্ষ অবলম্বন করেছেন। তিনি উচ্চ আদালতে বিচারাধীন বিষয়ে একজন আইনজীবীর আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করা নিয়েও আদালত অবমাননামকর উক্তি করেন। ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি চট্টগ্রামের আইনজীবীদের অভিভাবক।
অ্যাডভোকেট রতন কুমার: সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ: সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।