ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত, শিক্ষার মান ও সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যেসব বিদ্যালয়ে সুযোগ-সুবিধা একেবারেই অপ্রতুল এবং শিক্ষার্থীদের উপস্থিতি কম, উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে করণীয় নির্ধারণ করা হয়েছে। স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কিছু বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, বিদ্যালয়ে ওয়াশ ব্লক, কক্ষের টিনের চাল সংস্কার, বেঞ্চ, শিক্ষা উপকরণ, প্রিন্টারসহ কম্পিউটার, শিক্ষার্থীদের স্কুলব্যাগ, পেনসিল, রাবার, ইরেজার, নেইলকাটার ইত্যাদি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। অতিদরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত চর চামারদহ, পাইনা খালপাড়, মধুরচর ও চর সোনাকান্দা—এই চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া পূর্বদী সরস্বতী বিদ্যাপীঠসহ পাঁচটি বিদ্যালয়ে মিড ডে মিল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, চর চামারদহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি সম্প্রতি সরকারি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ বিদ্যালয়ে প্রায় ২৫০ জন শিক্ষার্থী পড়ালেখা করে। বিদ্যালয়টিতে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন, যাঁরা এখনো সরকারি বেতন-ভাতা পাননি। তথাপি তাঁরা তাঁদের সর্বোচ্চ প্রয়াস দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করার চেষ্টা করে যাচ্ছেন। বিদ্যালয়টির এমন নাজুক অবস্থা ছিল যে শিক্ষার্থীদের ব্যবহার্য ওয়াশ ব্লক না থাকায় অনেক সময় শিক্ষার্থীদের ক্লাস শেষ না করেই বাড়ি চলে যেতে হতো।
এ বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা একটি কঠিন চ্যালেঞ্জ ছিল। রাজধানী ঢাকার সবচেয়ে কাছের উপজেলা হওয়া সত্ত্বেও কেরানীগঞ্জের এ এলাকা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। ধলেশ্বরী নদী পাড়ি দিয়ে উপজেলা সদর থেকে যেতে ঘণ্টা খানেক সময় লাগে। বর্ষাকালে শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। বর্ষায় আশপাশের নিচু এলাকা পানিতে নিমজ্জিত হয়ে যায় বিধায় শিক্ষার্থীদের অনেক সময় দুই সেট কাপড় নিয়ে স্কুলে আসতে হয়।
>এ পাঁচটি স্কুলে মিড ডে মিল চালু করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যের ওপর এ কর্মসূচির প্রভাব পরিমাপ বা মূল্যায়ন করার জন্য স্বাস্থ্য কার্ড প্রণয়ন করা হয়েছে। এ কার্ডে প্রতি তিন মাস অন্তর প্রতিটি শিক্ষার্থীর উচ্চতা, ওজন ও স্বাস্থ্য নিয়মিত মনিটরিং করার উদ্যোগ নেওয়া হয়েছে
মিড ডে মিল চালু করার উদ্দেশ্যে কমিউনিটিকে যুক্ত করার লক্ষ্যে প্রথম সভাটি এলাকার সকল স্তরের জনগণ ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয়। কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ছাড়া মিড ডে মিল কর্মসূচি টেকসই করা অসম্ভব। সে জন্য উপজেলা পরিষদ বা প্রশাসন নয়, বরং আমাদের উদ্দেশ্য ছিল বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কীভাবে সম্পৃক্ত করা যায় সেটি দেখা। প্রথম সভা চলাকালে টিনের চালের ফুটো দিয়ে পানি পড়ছিল। উপজেলা প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এক মাসের মধ্যে নতুন টিনের চাল ও ওয়াশ ব্লক সংস্কার করে দেওয়া হবে। যা হোক, ১৫ দিনের মধ্যেই ওয়াশ ব্লক ও টিনের চাল পরিবর্তন করে দেওয়া হয়েছে।
সভায় শিক্ষার উপকারিতা ও শিক্ষার অভাবে কী সমস্যা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত আলোচনার পর স্কুলে উপস্থিতির হার বাড়ানোর জন্য মিড ডে মিল চালু করা হলে সেটি কেমন হবে তা জানতে চাওয়া হয়। উপস্থিত সবাই স্বীকার করেন যে মিড ডে মিল চালু করা হলে স্কুল থেকে ঝরে পড়ার হার কমবে। এ মিড ডে মিল কর্মসূচি চালু করার জন্য স্থানীয় জনগণ ও অভিভাবকদের সহযোগিতা চাওয়া হলে উপস্থিত অনেক নারী অভিভাবক বলেন যে মিড ডে মিল হিসেবে খিচুড়ি দেওয়া হলে তাঁদের প্রত্যেকে মাসে দুই-তিন দিন রান্না করে দেবেন। অভিভাবকদের কেউ পেশায় রিকশা বা ভ্যানচালক, কেউ মুদি দোকানদার, আবার কেউ কৃষক। স্বামী প্রবাসে থাকেন—এ রকম কয়েকজন নারীও এসেছেন। রিকশাচালকদের দুজন বলেছেন, দুপুরে যে খাবার দেওয়া হবে, সেই মালামাল বা চাল-ডাল বিনা ভাড়ায় স্কুলে পৌঁছে দেবেন। কৃষকদের কয়েকজন আশ্বস্ত করেছেন যে মৌসুমে পেঁয়াজ, রসুন ও অন্যান্য উৎপাদিত ফসল তাঁরা স্কুলে দান করবেন। স্কুল ম্যানেজিং কমিটি এ ফসল বা পণ্য বিক্রি করে মিড ডে মিল চালু রাখতে পারবে। এলাকার গণ্যমান্য কয়েকজন প্রতি মাসে কেউ ৫০০ টাকা, কেউ ১০০০ টাকা করে এ–সংক্রান্ত ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করবেন মর্মে আশ্বস্ত করেছেন।
গত ২৩ আগস্ট ২০১৫ তারিখে এ বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়েছে। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সপ্তাহে প্রথম পর্যায়ে তিন দিন মিড ডে মিল খাওয়ানো হচ্ছে। শুধু এলাকাবাসী যে সহযোগিতা করছেন এমন নয়, বরং এ বিষয়ে যাঁরাই জেনেছেন, সবাই এ ধরনের মহৎ উদ্যোগে অংশগ্রহণ করতে চেয়েছেন। এ উপজেলার তিনটি মেলামাইন কোম্পানি এ পাঁচটি বিদ্যালয়ের প্রায় ১০০০ শিক্ষার্থীর জন্য বিনা মূল্যে প্লেট, গ্লাস, চামচ ও অন্যান্য সামগ্রী প্রদান করেছে। একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শিক্ষার্থীদের জন্য ১০০০ স্কুলব্যাগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
চর চামারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, সেগুলো হলো স্থানীয় জনগণকে শিক্ষার সুফল সম্পর্কে অবহিত করা গেলে এবং তাদের সহযোগিতা চাইলে যেকোনো ভালো উদ্যোগে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে। তবে এ ক্ষেত্রে স্থানীয় জনগণের অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও নিয়মিত জবাবদিহি থাকতে হবে।
এ পাঁচটি স্কুলে মিড ডে মিল চালু করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যের ওপর এ কর্মসূচির প্রভাব পরিমাপ বা মূল্যায়ন করার জন্য স্বাস্থ্য কার্ড প্রণয়ন করা হয়েছে। এ কার্ডে প্রতি তিন মাস অন্তর প্রতিটি শিক্ষার্থীর উচ্চতা, ওজন ও স্বাস্থ্য নিয়মিত মনিটরিং করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায়, কমিউনিটিকে সংযুক্ত করে মিড ডে মিল কর্মসূচি টেকসই হবে এবং প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান: উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেরানীগঞ্জ, ঢাকা।