চরণ ঢাকলেই, 'ধরণী আর ঢাকিতে নাহি হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের কয়েকজন
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের কয়েকজন

যখন সব আবেদন-নিবেদন বৃথা মনে হয়, তখনো একজন জেগে থাকেন চরাচরে—কখনো বিনয়ে, কখনো কৌতুকে আজও বলে যান করণীয়। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর ‘জুতা আবিষ্কার’ কবিতাটি নানা প্রসঙ্গে মাঝেমধ্যেই মনে পড়ে। আজ মনে পড়ছে ‘প্রশ্নপত্র ফাঁস’ ঠেকাতে মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যে। তিনি প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ‘প্রয়োজনে মোবাইল-ফেসবুক বন্ধ’ রাখার ঘোষণা দিয়েছেন পাবলিক পরীক্ষার দিনে। মন্ত্রী মহোদয় কি নিশ্চিত, মোবাইল-ফেসবুক বন্ধ রাখলেই প্রশ্নপত্র ফাঁস হওয়া বন্ধ হবে? যদি বন্ধ না হয়, তখন কি তিনি বলবেন ফটোকপি বা সাইক্লোস্টাইলের ব্যবহার বন্ধ করতে? তাতেও কাজ না হলে তিনি কি তখন পাবলিক পরীক্ষার দিনগুলোতে দেশব্যাপী আর সবার জন্য কাগজ-কলম ব্যবহার বন্ধ করতে বলবেন? আমি জানি, তিনি এমন বলবেন না। শিক্ষার প্রশ্নে আমি তাঁর আন্তরিক অথচ অসহায় অবস্থানকে বেদনার সঙ্গে পর্যবেক্ষণ করি।
শিক্ষামন্ত্রীর বক্তব্যের তিনটি দিক রয়েছে। প্রথমত, এই প্রথমবারের মতো তাঁর বক্তব্যে ‘প্রশ্নপত্র ফাঁস’ হওয়ার বিষয়টিকে স্বীকৃতি দেওয়ার আভাস পাওয়া গেল। ‘প্রশ্নপত্র ফাঁস’ না হলে তো তিনি সেটিকে ঠেকানোর জন্য হুঁশিয়ারি দিতেন না। দ্বিতীয়ত, তিনি ক্রমাগত ‘প্রশ্নপত্র ফাঁস’ ঘটনায় দিশেহারা, সমস্যার সমাধানে মরিয়া। কিন্তু সমাধানটি তাঁর আয়ত্তে নেই মনে হচ্ছে। তৃতীয়ত, তিনি ভুল উৎসে সমাধান খুঁজছেন। মলিন ধুলা থেকে চরণকে রক্ষা করতে চরণ দুটিকে ঢাকার জন্য লাগসই প্রযুক্তি ‘জুতা’ই প্রয়োজন, পৃথিবীর ধুলা ধুয়ে কাদা বানিয়ে ফেলা বা সারা পৃথিবী ঢেকে ফেলার বুদ্ধি, সম্ভবত কার্যকর নয়।
সারা দেশে, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা হচ্ছে তুমুল। আমার কিন্তু শিক্ষামন্ত্রীর শিক্ষার প্রশ্নে আন্তরিকতার বিষয়ে তেমন কোনো সন্দেহ নেই। তিনি বাষট্টির শিক্ষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, উনসত্তরের গণ-অভ্যুত্থানের ১১ দফার প্রথম দফায় ১৭টি উপ-ধারায় শিক্ষাসংক্রান্ত যে দাবিদাওয়া উত্থাপিত হয়েছে, তিনি সেসবের অন্যতম প্রণেতা। তিনিই বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী, যাঁর আমলে প্রণীত শিক্ষানীতি বাস্তবায়িত হচ্ছে। কোটি কোটি শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বই তুলে দিয়ে ‘বই উৎসব’-এর মতো অপূর্ব ঘটনাটি সম্পন্ন করছেন কয়েক বছর ধরেই। কোচিং-বাণিজ্য বন্ধ করার উদ্যোগ নিয়েছেন। তবে তাঁর এত সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে প্রায় সব পাবলিক পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’ এবং জিপিএ ফাইভের সংখ্যার সঙ্গে মানের তারতম্য বিষয়ে উত্থাপিত অভিযোগে।
আমি অবশ্য মানের ক্রমাবনতির সঙ্গে কেবল বর্তমান শিক্ষামন্ত্রীর জমানার যোগসূত্র খোঁজেন যাঁরা, তাঁদের সঙ্গে একমত নই। প্রক্রিয়াটি শুরু হয়েছে বেশ আগে, প্রশ্নব্যাংক পদ্ধতির সময় থেকেই, যা দিন দিন লাগামছাড়া হয়েছে শিক্ষাসংক্রান্ত নানা নিরীক্ষায়। পরীক্ষায় জিপিএ–৫-এর সংখ্যা বাড়ার সঙ্গে শিক্ষার মান সমানুপাতিক হয়নি, জনমানসের তেমনই ধারণা। শিক্ষামানের ক্রমাবনতি বিষয়ে আমার পর্যবেক্ষণ অবশ্য খানিক পাল্টাচ্ছে যখন দেখি নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা খাতায় হয়তো ভালো করছে না, কিন্তু চমৎকার একটি ভিডিওচিত্র বানিয়ে ফেলছে। নিজেরাই কাহিনি লিখছে, শ্যুট করছে, এডিট করছে, শব্দ-গান বসাচ্ছে—দিব্যি একটি প্রোডাকশন করে ফেলছে বন্ধুরা মিলেই। আমার পক্ষেÿ যা সম্ভব নয়। ভাবছি, আমরাই হয়তো ওদের চাহিদা অনুযায়ী শিক্ষা দিতে পারছি না। আমাদের সিলেবাস, পাঠ্যক্রমের ভাষা পাল্টানোর সময় হয়েছে বোধ করি।
তবে ‘প্রশ্নপত্র ফাঁস’ বিষয়টি সাম্প্রতিক সময়ের শিক্ষাক্ষেত্রের বড় স্ক্যান্ডাল। ‘প্রশ্নপত্র ফাঁস’ ঘটনা বন্ধ করতে পারতেই হবে। সে জন্য প্রথম প্রয়োজন, ঘটনাটি স্বীকার করা। মন্ত্রী মহোদয় সেটি স্বীকার করেছেন পক্ষান্তরে। এখন যথাযথ ব্যবস্থা নেওয়ার সময়। পাবলিক পরীক্ষার দিনে সারা দেশে মোবাইল বা ইন্টারনেট বন্ধ করার দাবি বিবেচনাপ্রসূত নয় এ কথা যেমন সত্য, প্রশ্নপত্র ছাপানো-পরীক্ষার হলে নিয়ে যাওয়ার জন্য বিন্যস্ত করা, সিলগালা করা খামে পরীক্ষার হলে পৌঁছে দেওয়া—এই সম্পূর্ণ প্রক্রিয়ার সঙ্গে যাঁরা জড়িত থাকেন, তাঁদের পেশাদারি সততার পাশাপাশি এসব কাজ সম্পাদনের সময় মোবাইল-ইন্টারনেট-ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করা জরুরি, সেটিও সত্য। পরীক্ষার প্রশ্নপত্রসংক্রান্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার প্রতিটি স্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা থাকবেন, কোনো ধরনের ফাঁস হওয়ার ঘটনায় যাঁদের জবাবদিহি থাকতে হবে। যে সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস হয়, যে মোবাইল থেকে বা ইন্টারনেট আইডি থেকে প্রশ্নপত্রের ছবি ছড়ায়, সেসব আইডিকে চিহ্নিত করা খুব কঠিন নয়। এমন ঘটনা রোধে শিক্ষা মন্ত্রণালয় সম্ভাব্য সব পদ্ধতির উপযোগিতা যাচাই করে দেখবে, প্রয়োজনে বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করবে, সেটাই আকাঙ্ক্ষা।
তবে ‘প্রশ্নপত্র ফাঁস’ বন্ধের সব দাবির সঙ্গে সম্পূর্ণ একাত্মতা জানানোর পাশাপাশি বলছি, সব বিষয়ের জন্য গৃহশিক্ষক রচিত বা কোচিং সেন্টারের নোট মুখস্থ করে পরীক্ষায় কমন পাওয়া প্রশ্নপত্রের উত্তর উগরে আসা আর নকল করা বা ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার মধ্যে আমি খুব তারতম্য দেখি না। এই দিকটি বরাবরই উপেক্ষিত থাকছে আমাদের শিক্ষাব্যবস্থায়।
‘প্রশ্নপত্র ফাঁস’ হওয়ার বাস্তবতা কেন তৈরি হয়? পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় যেসব শিশু অংশ নিচ্ছে, তারা তাদের পাঠ্যবইয়ের যেখান থেকেই প্রশ্ন আসুক, সেসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো তৈরি থাকবে আনন্দের সঙ্গে, স্কুল এবং পরিবার সারা বছর তাদের সেভাবে প্রস্তুত করবে। সেই বাস্তবতা তৈরি করা না গেলে ‘প্রশ্নপত্র ফাঁস’-এর উন্মাদনা চলতেই থাকবে। কখনো এমনও ঘটে যে হয়তো মাত্র কয়েকটি প্রশ্নের সঙ্গেই মিল পাওয়া গেল তথাকথিত ফাঁস হওয়া প্রশ্নপত্রের, কিন্তু ফটোকপির দোকানটির কাটতি বেড়ে গেল হু হু করে। রটনার বাণিজ্যের দিকটি সম্পর্কে আমরা সচেতন নই। আমি ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নের মিলসংবলিত ফটোকপি ফেসবুকে দেখলাম। অনেক প্রশ্নই মিলে গেছে। আমি ভাবছিলাম, যদি প্রশ্নগুলো কেউ ফেসবুকে আপলোড করেনি ধরে নিই, তাহলেও কি এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসত না? শিক্ষার্থীরা কি এই প্রশ্নের জন্যই সারা বছর প্রস্তুতি নেয়নি? আমাদের স্কুল-কলেজে পড়ার সময় শুনতাম অমুক স্যারের সাজেশন খুব কমন পড়ে। সবাই হুড়মুড় করে সেসব শিক্ষকের কাছে পড়তে যেত। পড়া বোঝার চেয়ে স্যারের কাছে ব্যাচে পড়লে ভালো সাজেশন পাওয়া যাবে, এটিই ছিল মূল উদ্দেশ্য। শেখার চেয়ে শর্টকাটে ভালো করার পদ্ধতির প্রলোভনের ওপরই ব্যাচগুলো ফুলে-ফেঁপে উঠত। এখন পেছন ফিরে তাকালে গোটা বিষয়টিকে হাস্যকর মনে হয়। প্রশ্ন তো আসলে আসত বই থেকে। আর কয়েক বছরের বোর্ড-প্রশ্নের দিকে তাকালে প্রশ্নের একটি প্যাটার্ন পাওয়া যেত। সেটা ধরেই স্যাররা সাজেশন দিতেন, বাকিটা উন্মাদনা। এখন যেমন কোচিং সেন্টারের উন্মাদনা।
প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত, তাদের কঠিন শাস্তির যে হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী দিয়েছেন, তার ওপর আস্থা রাখতে চাই। একই সঙ্গে বিনয়ের সঙ্গে বলতে চাই, অভিভাবকেরা একদিকে প্রশ্নপত্র ফাঁসের সমালোচনায় মুখর, অন্যদিকে নিজের সন্তানটির হাতে ওই ফাঁস হওয়া প্রশ্নপত্র তুলে দিতে একটুও পিছপা নন। আজ শুধু অভিভাবকেরা, শিক্ষকেরা দৃঢ় থাকুন যে যত যা-ই ঘটুক, তাঁদের সন্তানদের, স্কুলের শিক্ষার্থীদের হাতে ওই ফাঁস হওয়া প্রশ্নপত্র তুলে দেবেন না, ‘প্রশ্নপত্র ফাঁস-বাণিজ্য’ তার জৌলুশ হারাবে। মুহম্মদ জাফর ইকবাল লিখেছেন, ‘দোহাই, আমাদের শিশুদের ক্রিমিনাল বানাবেন না।’ তাঁর বক্তব্যের সঙ্গে আমি একমত, কিন্তু এই ‘ক্রিমিনাল’ না করার অনুরোধটি শিক্ষক আর অভিভাবকদের কাছেও রাখতে চাই।
পিএসসি পরীক্ষা শুরু হওয়ার আগের রাতে আমার এক ছাত্রী খুব মন খারাপ করে ফোন করল, তার ছোট বোন পরদিন পরীক্ষা দেবে অথচ সে প্রশ্নের কপি দেখছে ফেসবুকে। আমি শুধু বললাম, এই প্রশ্ন যেন সে তার বোনকে না পাঠায় এবং এই খবরটিও যেন তার বোনকে না দেয়। আমি যেবার এসএসসি পরীক্ষা দিই, পুরোনো সিলেবাসের শেষ বছর হওয়ায় সে বছর দেদার নকল হয়েছিল। অনেক অভিভাবক-শিক্ষককে সেই নকলের মহোৎসবে অংশ নিতে দেখে বিপর্যস্ত বোধ করতাম। বাবা বলতেন, কোনো দিকে তাকানোর দরকার নেই, তুমি যা জানো শুধু সেটুকুই লিখে এসো। রেজাল্ট নিয়ে ভেবো না। এমন অভিভাবক কি আজ বিরল?
এডিনবরায় যখন পিএইচডি করতে যাই, তখন এক ঘনিষ্ঠ বাঙালি পরিবারের চার বছরের শিশুকে দেখি, যে তখন কেবল ইংরেজি বর্ণমালা জানত। প্রতি সন্ধ্যায় তাকে দেখতাম স্কুল থেকে লেডিবার্ড প্রকাশনীর পাতলা সব রঙিন বই নিয়ে আসত। তিন মাসের মধ্যে তাকে দেখলাম সে গড় গড় করে নির্ভুলভাবে বইগুলো পড়ছে, ছয় মাসের মধ্যে সে দিব্যি বাক্য লিখছে, ছোট ছোট ‘ম্যাথ’ করতে শুরু করেছে, রঙিন ছবি আঁকছে। কোনো ‘প্রশ্নপত্র ফাঁস’-এর চিন্তা সেখানে অবান্তর, কারণ, পরীক্ষাই যে নেই! অথচ তারা শিখছে চারপাশের জীবন আর বৃত্তের নাম, নিয়ে যাওয়া হচ্ছে মিউজিয়ামে, জলাশয়ে হাঁস দেখে তারা বলতে পারছে কোনটি কোন প্রকৃতির হাঁস। স্কুলে গান ছেড়ে দিয়ে বলা হচ্ছে ছবি আঁকতে, ম্যাপ দেখেই তারা বলে দিতে পারে ঠিক কোথায় তারা আছে। শিক্ষাব্যবস্থাকে যত দিন কেবল গ্রেড পাওয়ার মুখস্থ ‘পরীক্ষা জুজু’ থেকে মুক্ত করে শেখার আনন্দে নেওয়া না যাবে, তত দিন ‘প্রশ্নপত্র ফাঁস’, ‘নকল’, ‘সাজেশন’, ‘কমন পড়া’, ‘কোচিং’, ‘ব্যাচে পড়া’ থেকে মুক্ত হওয়া অসম্ভব। এসব মলিন ধুলা থেকে রক্ষা পেতে হলে লাগসই জুতাটি তৈরির দিকেই নিবেশিত হোক শিক্ষাব্যবস্থা আর জাতীয় মনন।
কাবেরী গায়েন: অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।