চরাঞ্চলের সূর্যসন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নোয়াখালীর চরাঞ্চলের কৃষকদের জীবিকা-সংক্রান্ত মাঠকর্মভিত্তিক একটা গবেষণাকাজ করেছি। কৃষকদের জীবন-জীবিকা-সংক্রান্ত এই গবেষণার ফলাফল উদ্দীপক হতে পারে দুই কারণে। প্রথমত, কৃষি কীভাবে জীবনঘনিষ্ঠ ঐতিহ্যের সঙ্গে যুক্ত এবং কীভাবে সামাজিক সম্পর্কের মাধ্যমে নৈতিক অর্থনীতিকে জোরদার করে?। দ্বিতীয়ত, ক্ষুদ্র পরিসরে কীভাবে লোকজ জ্ঞানকে অবলম্বন করে সেচ-ব্যবস্থার উদ্ভাবনের মাধ্যমে জীবিকার বিকল্প পথের সন্ধান পায়?
চরে বেশির ভাগ জমির মালিক হচ্ছে শহুরে অনুপস্থিত ভূ-স্বামী। জমির মালিকানা নিয়ে চরে রয়েছে রক্তাক্ত ইতিহাস। সহিংসতা আর নির্যাতনে ভরপুর এই মাটি ও মানুষের জীবন-জীবিকা। ৬০ শতাংশেরও বেশি কৃষক প্রান্তিক কিংবা বর্গাচাষি। এটি সুবিদিত যে নোয়াখালীর চরাঞ্চলে আমন ধান চাষ করে জীবিকা নির্বাহ করা কৃষকদের একমাত্র অবলম্বন। বর্ষা মৌসুমে ভরা পানিতে রোপা আমন চাষ সহজতর এবং লোনা সংযুক্ত জমিতে সহনীয়। ডিসেম্বর থেকে আমন ধান কাটার পর বেশির ভাগ কৃষকই বেকার হয়ে পড়েন। কেউ কেউ ক্ষুদ্র পরিসরে শীতকালীন সবজি চাষ করেন। আর বেশির ভাগই বিকল্প কাজের সন্ধানে বিভিন্ন জেলায় মাটি কাটার কাজ ও মজুরি শ্রমিক হিসেবে অভিবাসন করেন। এ রকম একটি অবস্থায় নোয়াখালীর দক্ষিণ চরাঞ্চলে তরমুজ চাষ শুধু যে অপার সম্ভাবনা তৈরি করেছে তা নয়, বরং এক–ফসলি জমির ওপর নির্ভরতা কমিয়ে দিয়েছে।
শুষ্ক মৌসুমে চরাঞ্চলে পানির তীব্র অভাব থাকে। ঔপনিবেশিক সময় থেকেই সরকারি খাল ছিল। বর্তমানে এটি মরা কাটাল, স্থবির ও শুষ্ক। আজ পানির কোনো প্রবাহ নেই, গতি নেই, এটি নির্বাক। কারণটি হচ্ছে ক্ষমতাবানেরা মাটি ভরাট করে, পথ তৈরি করে ভাগাভাগি করে নিয়েছে খালটিকে। গৃহস্থালির কাজ করার জন্য ঘাটলা বসিয়েছে, কচুরিপানা দিয়ে খালকে পুকুরে পরিণত করেছে, আর মাছের চাষ করছে। অথচ নিকট অতীতেও এই খাল ছিল সরকারি, এখানে পানির প্রবাহ ছিল, পথিকেরা চৈত্রের দাবদাহে অবগাহন করত, তৃষ্ণা নিবারণ করত, আর মাছ ধরত—এগুলো ছিল আমজনতার সম্পত্তি। আজ পানির সে প্রবাহ নেই, সবচেয়ে বেশি ÿক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা, যাঁদের সেচের জন্য পানির একমাত্র উৎস ছিল। শুষ্ক মৌসুমে চরাঞ্চলে কয়েকটা পুকুরের পানি প্রয়োজনীয় কাজ সারার জন্য একমাত্র অবলম্বন।
খুব সংক্ষেপে বলতে গেলে এই গবেষণার ফলাফল হচ্ছে চরবাসীরা ক্ষুদ্র পরিসরে সেচব্যবস্থা উদ্ভাবনে যুক্ত হয়। এই নব সেচব্যবস্থার ধরন হচ্ছে প্লাস্টিক পাইপ, হস্তচালিত পাম্প ও টিউবওয়েলের অদ্ভুত সমন্বয়। এ ধরনের হস্তচালিত পাম্প বাড়িতে যেমন স্থাপন করা হয়, তেমনি খেতেও স্থাপন করা হয়। পাসবুকের পাইপগুলো চাপকলের মুখে লাগানো থাকে, কখনো প্লাস্টিকের বোতল কিংবা কোক, পেপসি কিংবা ফিজ আপ পানীয় বোতলের অর্ধেক অংশ প্লাস্টিক পাইপের মধ্যে সংযোগ হিসেবে ব্যবহৃত হয়। এই পাইপগুলো বাড়ির টিউবওয়েল থেকে চার-পাঁচ শ ফুট পর্যন্ত তরমুজ খেতে নিয়ে যাওয়া হয়।
দ্বিতীয় অপর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এ ধরনের উদ্ভাবনে প্রথাগত প্রতিষ্ঠানগুলোর তেমন কোনো গুরুত্বপূর্ণ অবদান নেই। ডাচ সরকারের সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, চর উন্নয়ন ও বসতি স্থাপন-সংক্রান্ত প্রকল্পগুলোয় একসময় কিছু খাল খনন করা হয়েছিল, যা অনেকটাই মরা কাটাল এখন। বাংলাদেশ সরকারের পানি উন্নয়ন বিভাগের কার্যকর সেচব্যবস্থায় অনুপস্থিতি লক্ষণীয়।
মোটাদাগে তৃতীয় অপর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে চর অঞ্চলের মতো জমির মালিকানা অসম সম্পর্কের মধ্যে বর্গাচাষি ও প্রান্তিক চাষিরা নিরন্তর সংগ্রাম করছেন। এটি আর্থসামাজিক, শ্রেণি, ধর্ম, মালিক-বর্গাদার এই সম্পর্কের ঊর্ধ্বে। পানিকে তাঁরা নিজেদের প্রয়োজনে পরিমাণগত ভাগাভাগি করেন। পুঁজিবাদের মতো পানি বেচাকেনা-মুনাফা এখানে অনেকটা অনিয়ম। সম্পর্কগুলো পারস্পরিক, রেসিপ্রসিটি, সমঝোতামূলক। এই এক ভিন্ন অর্থনীতি, ভিন্ন উৎপাদন ব্যবস্থা, ভিন্ন লাভ-লোকসানের হিসাব-নিকাশ, যে হিসাব-নিকাশের হালখাতায় লভ্যাংশ নয়, দেনা-পাওনা নয়। এর স্বরূপ অ-অর্থনৈতিক, অনেকটা মতাদর্শগত, অনেকটা ধর্মের সীমানার ঊর্ধ্বে এবং পুরোটাই মানবিক। এর নাম হতে পারে নৈতিক অর্থনীতি।
একটি জীবন্ত চিত্রের দিকে চোখ রাখা যাক। নোয়াখালীর চরাঞ্চলের কোনো একটা গ্রাম। চৈত্রের দাবদাহের সকালে চাষিরা তাঁদের ব্যস্ততার সময় পার করছেন। অনেকগুলো ছোট ছোট খেতের মাঝে তরমুজের খেতে দাঁড়িয়ে আছি। লক্ষ করছিলাম তরমুজের চারার পাশাপাশি অনেক শীতকালীন সবজিও রোপণ করা হয়েছে। যত দূর চোখ যায় অনেকগুলো মানুষ খেতে কাজ করছেন—তরমুজচাষি, শ্রমিক, হস্তচালিত কল বসানো মিস্ত্রি ও বেশ কিছু বাচ্চা ছেলেমেয়ে। খেতগুলোতে প্লাস্টিক পাইপ ও হস্তচালিত কলের দৃশ্যমান লম্বা সাদা প্লাস্টিক পাইপ বসানোর কাজে ব্যবহৃত হচ্ছে। একটু দূরে দেখতে পেলাম আট-দশজন ছেলেমেয়ে কলসিতে করে পানি এনে তরমুজের চারায় ঢালছে। তারা নাকি পালাক্রমে নিজেদের জমিতে এভাবেই সেচ দেয়। কয়েকটি জায়গায় দেখতে পেলাম নতুন টিউবওয়েল বসানো হচ্ছে।
উৎপাদনকারীরা জানান যে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়-তুফান কিংবা জলোচ্ছ্বাসসহ সাইক্লোনের ঝুঁকি সব সময় থাকে। তবে তাঁরা বলেছেন, প্রাকৃতিক ঝুঁকির চেয়ে মানবসৃষ্ট ঝুঁকি অনেক বেশি ভয়াবহ। রাজনৈতিক অনিশ্চয়তা, হরতাল, অবরোধ সব সময় বড় ঝুঁকি বলে উৎপাদনকারীরা মনে করেন। মালিকের জমি চাষের জন্য বর্গা পাওয়া ভাগ্যের ব্যাপার, তেমনিভাবে সার-কীটনাশক ও উৎপাদন খরচ মেটানোর জন্য লগ্নি প্রতিষ্ঠানের নাগাল পেতে অনেক বেশি মূল্য দিতে হয়। তাই হাতের কাছে মহাজনই একমাত্র ভরসা। আর যাদের সামাজিক সম্পর্কের নেটওয়ার্ক আছে, তারা নগদ অর্থ নেয় ব্যাংক থেকে, বাজার থেকে কীটনাশক ধার করে, আর ফসল উত্তোলনের পর পইপই করে হালখাতা নবায়ন করে। তবু তারা থেমে থাকে না।
ড. জহির আহমেদ, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
[email protected]