বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে যোগাযোগ ও মিডিয়া খাত–সম্পর্কিত বেশ কিছু নীতিমালা ও আইন প্রণয়ন করেছে। এর মধ্যে কেবল তথ্য অধিকার আইন নিয়ে কোনো বিতর্ক হয়নি। বাকি সব নীতিমালা ও আইন নিয়েই সংশ্লিষ্ট খাত থেকে মৃদু অথবা জোরালো আপত্তি জানানো হয়েছে। কোনো কোনো নীতিমালা নিয়ে আপত্তি ও বিতর্ক সংশ্লিষ্ট খাত পেরিয়ে জনপরিসরে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, আইসিটি অ্যাক্ট ২০১৩-এর ৫৭ ধারা, সম্প্রচার নীতিমালা ২০১৪ (খসড়া) প্রভৃতি নিয়ে বিতর্কে সাধারণ জনগণও অংশ নিয়েছে।
ডিজিটাল মাধ্যম ও মিডিয়া খাতের বাইরে চলচ্চিত্র খাতের জন্যও একই কথা প্রযোজ্য। অন্য দেশের মতো বাংলাদেশেও সেন্সর বোর্ডকে বিলোপ করে সার্টিফিকেশন প্রথা চালুর দাবি ছিল। সরকার সম্প্রতি সার্টিফিকেশন আইন ২০১৯ (খসড়া) প্রণয়ন করেছে, সেখানে বয়স অনুযায়ী সনদ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নির্বাহী ক্ষমতায় ছবির প্রদর্শন সাময়িক বা স্থায়ীভাবে বাতিল করার ক্ষমতা, যা আগের সেন্সর বিধিতে নেই। এই ক্ষমতা মন্ত্রণালয় থেকে ডিসি পর্যন্ত দেওয়া হয়েছে। আগে কোনো ছবি আটকে গেলে আপিল করা যেত, হাইকোর্টে গিয়ে আদেশ নেওয়ার ব্যবস্থা ছিল, এখন সেসব সুযোগও বন্ধ হবে।
স্বাধীন ও সৃজনশীল নির্মাতার কাজগুলো প্রায়ই এস্টাবলিশমেন্টের জন্য অস্বস্তি উৎপাদন করে। এই সরকারের যা প্রকৃতি, তা বরদাশত করার মতো অবস্থায় তারা একেবারেই নেই। কিন্তু আমাদের দাবি, অবিলম্বে এই নীতিমালাটি সংশোধন করে এর নিয়ন্ত্রণমুখী ধারাগুলো বাদ দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে উদারীকরণের দিকগুলো যোগ করতে হবে
এরই ধারাবাহিকতায় সম্প্রতি যুক্ত হয়েছে দেশি চলচ্চিত্র ও বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণসংক্রান্ত এক নীতিমালা (সংশোধিত, ২০২১)। এই নীতিমালার বিধিগুলো পড়লে মনে হবে বিদ্যমান সেন্সরবিধির সঙ্গে এ এক নতুন নিগড় যুক্ত হলো। প্রথমে নীতিমালাটির সংক্ষিপ্ত পর্যালোচনা করা যাক।
নীতিমালাটি বলছে, বিদেশি শিল্পীর অংশগ্রহণের জন্য বিএফডিসির মাধ্যমে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। প্রত্যেক শিল্পীর জন্য ভ্যাট ও আয়কর ছাড়া দুই লাখ টাকা সরকারকে দিতে হবে। বিদেশি শিল্পীকে কী রকম পারিশ্রমিক দেওয়া হচ্ছে, তার উল্লেখসহ চুক্তিপত্রও দাখিল করতে হবে। চুক্তিপত্রটি নোটারাইজড কপি আকারে দাখিল করতে হবে। বিএফডিসি যাচাই করে দেখার পর মন্ত্রণালয়ে সুপারিশ করবে অনুমতির জন্য। বিদেশি শিল্পী দেশে কাজ করার সময় অন্য কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। বিদেশি শিল্পী নির্বাচনে পরিবর্তন এলে এবং অনুমোদিত আগমন, অবস্থান ও প্রত্যাগমনের শিডিউলে কোনো পরিবর্তন থাকলে, সে ক্ষেত্রেও মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। বিদেশে শুটিংয়ের আগে অনুমতি নিতে হবে, সে সময় কী রকম যন্ত্রপাতি ব্যবহার হবে ও কে কে শিল্পী (দেশি–বিদেশি) হিসেবে অংশ নিচ্ছেন, তার তথ্য জানাতে হবে।
আবার একটি কমিটি যাচাই করে দেখবে চিত্রনাট্য অনুযায়ী বিদেশে শুটিংয়ের প্রয়োজন আছে কি না। সাত সদস্যের সেই কমিটিতে মাত্র একজন চলচ্চিত্রসংশ্লিষ্ট লোক (সভাপতি, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি), বাকি সব সদস্য হবেন আমলা। এসব নিয়মকানুনের পরে নীতিমালায় কতকগুলো এলাকা নির্দিষ্ট করে উপধারার মাধ্যমে বলা হয়েছে, বিদেশি শিল্পী সেসবের কোনো ব্যত্যয় ঘটালে তাঁর কাজের অনুমতি বাতিল করা হবে। এলাকাগুলো হলো, ‘নিরাপত্তা বা আইনশৃঙ্খলা’, ‘আন্তর্জাতিক সম্পর্ক’, ‘ধর্মের সংবেদনশীলতা’, ‘নৈতিকতাহীন বা অশ্লীলতা’, ‘বর্বরতা’, ‘অপরাধ’ এবং ‘নকল গান ও সুর’।
এই নীতিমালা পড়ার পর যে কারও মনে হবে বিদেশি শিল্পীদের অংশগ্রহণ নিরুৎসাহিত করার জন্য এই নীতিমালা। অন্তত প্রযোজকের মনে হবে, ওই পথ না মাড়ানোই ভালো। কেউ ভাবতে পারেন, দেশীয় শিল্পীদের জন্য এটা ভালো হবে। কিন্তু সে ভাবনার মধ্যে গলদ থাকবে। সবকিছু নিজেদের মধ্যে রাখা একধরনের কূপমণ্ডূকতা। বর্তমান বিশ্ব উন্মুক্ত, তাই মেধা ও শিল্পের লেনদেন এখন ব্যতিক্রমী বিষয় নয়, সাধারণ এক প্রপঞ্চে পরিণত হয়েছে।
চীনা ভাষা ও সংস্কৃতির তিন চলচ্চিত্র কারখানা—চীন, হংকং, তাইওয়ান টিকেই আছে পারস্পরিক লেনদেনের ভেতরে। টনি লেয়ুং হংকংয়ের বিখ্যাত অভিনেতা, তিনি কাজ করেছেন হংকং বাদে চীন ও তাইওয়ানে। চীনা অভিনেত্রী গং লি বা ঝ্যাং জিয়ি কাজ করেছেন হংকংয়ের ছবিতে। মাটির ময়নার ক্যামেরা ছিল ফরাসি, ক্যামেরা পারসন ছিলেন ভারতীয়। ডুব চলচ্চিত্রে দুটি প্রধান চরিত্রে ছিলেন দুই ভারতীয়। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ‘অফিশিয়াল সিলেকশন’ সম্মান পাওয়া আবদুল্লাহ মোহাম্মদ সাদের চলচ্চিত্রটির প্রযোজক সিঙ্গাপুরের।
স্থানীয় চলচ্চিত্র শিল্প রুগ্ণ হয়ে পড়ায় মেধাবী স্বাধীন ধারার নির্মাতারা টিকে থাকার চেষ্টা করছেন বিদেশি এজেন্সি থেকে তহবিল সংগ্রহের। সেই তহবিলে অনেক ক্ষেত্রেই শর্ত থাকে ক্যাশের পরিবর্তে কাইন্ড অনুযায়ী সহায়তা পাওয়ার। বিদেশি ক্যামেরা ব্যবহার ও বিদেশি ক্যামেরাপারসনকে ক্রু মেম্বার হিসেবে নেওয়া, এ রকম শর্তের উদাহরণ। তার চেয়ে বড় বিষয়, নির্মাতা-প্রযোজক চাইতেই পারেন তাঁর ক্রু মেম্বার বাইরে থেকে নেবেন। হয়তো তিনি একজন গুণী কাউকে কায়ক্লেশে রাজি করিয়েছেন তাঁর ছবির মান ও গুণ বাড়ানোর জন্য। হয়তো ওই ব্যক্তি তাঁর বন্ধু, একসঙ্গে বিদেশের ফিল্ম স্কুলে পড়েছেন। একজন গুণী ডিওপির (ডিরেক্টর অব ফটোগ্রাফি) সঙ্গে দেশি কেউ সহকারী হিসেবে কাজ করে অনেক কিছু শিখতে পারবেন। এভাবে বিদেশি তহবিল, প্রযোজক, ক্রু মেম্বার, অভিনেতা-অভিনেত্রী ব্যবহারের মাধ্যমে তাঁর ছবি বিদেশ থেকে সম্মান বয়ে আনতে পারে, তাতে দেশেরই মান বাড়তে পারে। এ রকম ঘটনা ঘটছেও। বিদেশের সঙ্গে কাজের ব্যাপারে সরকার আরও উদার হয়ে নীতিমালা প্রণয়ন করতে পারত। ঘটেছে উল্টো!
অন্যতম গলদ হয়েছে বিদেশি শিল্পীর ক্ষেত্রে বিজ্ঞাপন ও চলচ্চিত্রকে এক করে ফেলায়। বিজ্ঞাপন নির্মিত হয় করপোরেট জগতের মোটা তহবিলে আর স্বাধীন চলচ্চিত্র নির্মিত হয় জোড়াতালি দিয়ে। মুনাফা দূরের কথা, ব্যয়ের খরচ উঠিয়ে আনা কঠিন। বিজ্ঞাপন নির্মাতার প্রতি শিল্পীর জন্য দুই লাখ টাকা দেওয়ার সামর্থ্য থাকতেও পারে, কিন্তু চলচ্চিত্রের প্রযোজক-পরিচালকের সেই সামর্থ্য নেই।
মূলত সরকারের যে নিয়ন্ত্রণবাদী চরিত্র, তাকে সুরক্ষা দেওয়ার জন্যই এ ধরনের নীতিমালা প্রণীত হয়ে থাকে। অন্য অর্থে জনগণ ও নির্মাতাদের নিয়ন্ত্রণে রাখার জন্য একের পর এক নানান নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, আলোচ্য নীতিমালাটি এসেছে তারই ধারাবাহিকতায়। কারণ, স্বাধীন ও সৃজনশীল নির্মাতার কাজগুলো প্রায়ই এস্টাবলিশমেন্টের জন্য অস্বস্তি উৎপাদন করে। এই সরকারের যা প্রকৃতি, তা বরদাশত করার মতো অবস্থায় তারা একেবারেই নেই। কিন্তু আমাদের দাবি, অবিলম্বে এই নীতিমালা সংশোধন করে এর নিয়ন্ত্রণমুখী ধারাগুলো বাদ দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে উদারীকরণের দিকগুলো যোগ করতে হবে।
● ফাহমিদুল হক চলচ্চিত্র ও মিডিয়া বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক