ডোকলামে চীন ও ভারতের মুখোমুখি অবস্থানের আট সপ্তাহ পেরোতে বসেছে, কিন্তু উভয় পক্ষ এখনো নিজের অবস্থানের যৌক্তিকতা প্রমাণ করতে নানা তথ্য-উপাত্ত ও চুক্তিনামা পেশ করছে। কিন্তু তারা কেউই ব্যবসা-বাণিজ্যের অভিন্ন ইতিহাস স্বীকার করতে চাইছে না। হিমালয় অঞ্চলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য হতো—এটা যেন মানুষ এখন ভুলতে বসেছে। বিভিন্ন জাতিসত্তার মানুষ এই ব৵বসা-বাণিজ্যে জড়িত ছিল।
আবদুল ওয়াহিদ রাদু নামের এক ব্যক্তিই ওই প্রজন্মের শেষ মানুষ, যিনি লাদাখ থেকে লাসা এবং লাসা থেকে কালিমপং পর্যন্ত বিনা বাধায় ঘুরে বেড়িয়েছেন। রাদু লাদাখ ও লাসাভিত্তিক সমৃদ্ধিশালী তিব্বতি মুসলমান পরিবারের সন্তান। সম্প্রতি রাদুর স্মৃতিকথার পুনর্মুদ্রণ হয়েছে, যার মধ্য দিয়ে আমরা হিমালয় অঞ্চলের বাণিজ্য সম্পর্কে জানতে পেরেছি, যে বাণিজ্য এই ১৯৬০-এর দশকে চীনের তিব্বত তখন পর্যন্ত জারি ছিল। এটা হলো তিব্বতি, লাদাখি, সিকিমীয়, ভুটানি, উইঘুর, নেপালি ও ভারতীয় ব্যবসায়ীদের আন্তসাংস্কৃতিক বিনিময়ের ইতিহাস, যার ব্যাপ্তি ছিল ইনার এশিয়ার বিশাল ভূমিজুড়ে।
এটা শুধু বহু জাতির ইতিহাস নয়, বহু ধর্মীয় ইতিহাসও বটে। এর মধ্যে তিব্বতের মুসলমান ব্যবসায়ীরাও আছেন, যাঁরা হিমালয়ের আন্তদেশীয় মহাসড়কে ব্যবসা-বাণিজ্যের অগ্রদূত ছিলেন। লাদাখের এই মুসলমান ব্যবসায়ী সম্প্রদায় আখন পা নামে পরিচিত। লাদাখের গ্রামগুলোতে মোল্লা ও ধর্মপ্রচারকদের এই নামে ডাকা হতো। স্মৃতিকথায় আবদুল ওয়াহিদ রাদু লিখেছেন, তিনি লাদাখ রাজ্য থেকে ঐতিহাসিক তিব্বত পর্যন্ত দ্বিবার্ষিক বাণিজ্য মিশন লোপচাকের নেতৃত্ব দিতেন। এই মিশনে কাজ ছিল মধ্য এশিয়ার বিভিন্ন বাজার থেকে লাসা বাজারে নিয়ে আসা। একই সঙ্গে বাণিজ্যের সমর্থন লাভের আশায় এই মিশন দালাই লামাকে নজরানা দিত। এখন যে ডোকলামে ভারত ও চীন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে, সেটি এই বাণিজ্যের সমৃদ্ধ ইতিহাসের অংশ। ডোকলামের অবস্থান দ্রোমো অঞ্চলে, যেটি চুমবি উপত্যকার একদম মধ্যভাগে অবস্থিত। এখানে ঐতিহাসিকভাবে তিনটি বাণিজ্য সংস্থা ছিল—ইয়াতুং, গিয়ান্তসে ও গারটক—ব্রিটিশরা দক্ষিণ তিব্বতে এসব স্থাপন করেছিল।
ইয়াতুং ট্রেডিং সেন্টার ছিল আজকের এই ডোকলামের একদম কাছে। চীনের তিব্বত দখলের আগে ডোকলাম অঞ্চল ছিল ব্যবসায়ী কাফেলার মধ্যাঞ্চল, যারা লাসা থেকে কালিমপং পর্যন্ত চলাচল করত। এ জায়গায় ভারতের একটি সরকারি ভবন রয়েছে, যেখানে বিপুলসংখ্যক ভারতীয় ও তিব্বতি কর্মী ছিল। চীন তিব্বত দখলের পর এদের এই ভবন থেকে তাড়িয়ে দেয়। নথিপত্র থেকে জানা যায়, ১৯৫৮ সালে চীন ভারত সরকারকে লিজ দিয়ে এই ভবন ব্যবহারের অনুমতি দেওয়ার পক্ষপাতী ছিল। চীনা সরকার পরবর্তীকালে অবস্থান পরিবর্তন করে চুমবি উপত্যকায় ইয়াতুং ট্রেড এজেন্সিতে ভারতের প্রবেশ বন্ধ করে দেয়। ভারতীয় কর্মকর্তাদের এজেন্সি ত্যাগের কথা বলা হলে ভারতীয় বাণিজ্য এজেন্ট জে এস জাংপানির বিবরণ থেকে জানা যায়, স্থানীয় তিব্বতি পরিবারকে নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে তারা ভারতীয় ব্যবসায়ীদের দেখামাত্র হেনস্তা করে এবং তাদের যেন স্মরণ করিয়ে দেয়, যুক্তরাষ্ট্র ও ভারত মিলে কিছু করার চেষ্টা করলে চীনা সেনারা তা মোকাবিলা করতে প্রস্তুত।
১৯৬৩ সালের ১১ মার্চ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে, তারা বেইজিং থেকে ফেরার পথে ইয়াতুংয়ে নিজেদের বাণিজ্য সংস্থার ভবনের অংশবিশেষ ধ্বংস করেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তা অস্বীকারপূর্বক অভিযোগ করে, স্থানীয় চীনা কর্তৃপক্ষ জনতাকে এজেন্সি ভবনে হামলা চালানোর উসকানি দিয়েছে। এরপর ভারত আর কখনো চুমবি উপত্যকায় নিজস্ব সম্পদের ওপর দাবি করতে পারেনি। এর মধ্য দিয়ে বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের এক দীর্ঘ ইতিহাসের সমাপ্তি ঘটে। সীমান্তের এক অস্পষ্ট ধারণা গড়ে উঠতে শুরু করে এবং মানুষ প্রাচীন হিমালয় মহাসড়কের কথা ভুলে যায়।
তা সত্ত্বেও পূর্ব হিমালয়ে ইতিহাসের এই অবশেষ খুঁজে পাওয়া যাবে, যদি কেউ জেনে থাকে, কোথায় তা খুঁজতে হবে। সিকিম ও দার্জিলিংয়ের হোটেল ও ভ্রমণ সংস্থাগুলো ‘ইয়াতুং হোটেল’ ও ‘ইয়াতুং ট্যুরস’ নামকরণ করেছে, যা আমাদের সেই হারিয়ে যাওয়া দিনের কথা মনে করিয়ে দেয়। কালিমপং শহরেও অনেক অবশেষ খুঁজে পাওয়া যায়, সেই ভবনগুলো এখন ধসে পড়ছে। তবে এসব দেখলে বোঝা যায়, হিমালয়ের এই অঞ্চলে বাণিজ্য ও সংস্কৃতির ইতিহাস বেশ গুরুত্ববহ।
আজকের ডোকলামের সঙ্গে ইয়াতুংয়ের ইতিহাসের বেশ মিল রয়েছে। ঐতিহাসিক পরিপ্রেক্ষিত থেকে তর্কযোগ্যভাবে বলা যায়, ডোকলামে বহুদিন ধরে এই সংকট ঘনীভূত হচ্ছে। উভয় পক্ষই কখনোই এই সীমান্তের অভিন্ন সংস্কৃতির ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারেনি। এমনকি এই অঞ্চলে যে কিছু মানুষ বসবাস ও বাণিজ্য করত, তাদের অস্তিত্ব পর্যন্ত এরা স্বীকার করতে পারে না। বৌদ্ধ ও মুসলমান তিব্বতিদের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় বিনিময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে, যদিও এই দুই সম্প্রদায় এখন সীমান্তের এপার-ওপারে দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন যাপন করছে।
এখন চীন ওয়ান বেল্ট, ওয়ান রোড পরিকল্পনায় ব্যবসা-বাণিজ্যের আদর্শ অনুপ্রবেশ করাতে চায়, তাহলে যে নেটওয়ার্ক দিয়ে এই হিমালয় অঞ্চলে মানুষ একসময় যাতায়াত করত, তাকে আবারও সেই পথের অনুসন্ধান করতে হবে। মানুষের এই চলমানতার কারণেই হিমালয় অঞ্চলে প্রাচীনকালে বাণিজ্য সম্ভব হয়েছে, সামরিক শৌর্যের প্রদর্শনীর কারণে নয়।
দ্য ডিপ্লোম্যাট থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
আদিল ব্রার: সিকিম, গ্যাংটকভিত্তিক ন্যাশনাল জিওগ্রাফিকের ইয়াং এক্সপ্লোরার ফেলো।