চলো না দ্যাশে যাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেকালে যখন মানুষকে চাকর ভাবা হতো, তখনকার কথা। বাড়ির কর্তা তাঁর ‘চাকর’কে কী কাজে যেন ডাকছিলেন। রান্নাঘর থেকে উত্তর এল, ‘হুজুর আমি আহার করি।’ হুজুরের মেজাজ চড়ে গেল। ‘বদমাশ আহার কী রে। রানী ভিক্টোরিয়া করেন ভোজন, বড়লাট করেন আহার, আমি খাই আর তুই গিলিস।’ 

বাংলাদেশে বসবাস করতে গেলে এই জ্ঞানটি থাকা খুব জরুরি। কেউ জীবন উপভোগ করে, কেউ তা যাপন করে, কেউ জীবন কাটায় আর কেউবা কোনো মতে তা পার করে।
কিন্তু ঈদ এলে ব্যাপারটা উল্টে যায়। কেউ ঈদে ছুটি কাটায়, কেউ যায় রিসোর্টে, কেউ করে ভোগ আর সাধারণ মানুষ দ্যাশে যায় মহানন্দে। পদ্মার বুকে ছোট্ট লঞ্চে গরিব একটি পরিবারকে দেখেছি ঈদের আগের দিন। অতি গরিব তারা, কিন্তু পুরো পরিবার বাড়ি ফিরছে; সেই আনন্দে ছোট্ট ছেলেটা লঞ্চের মেঝেতে বসা বাবার কোলে একবার, একবার মায়ের কাছে, একবার নদীর কাছে যাচ্ছে আর বলছে, ‘আর কদ্দুর আর কদ্দুর’!
হুমায়ুন আজাদের কথা, যতই ওপরে যাও ততই নীল, যতই গভীরে যাও ততই মধু। যাঁরা বিত্তবাসনার সিঁড়ির যতই ওপরে তাঁদের জীবনে হয়তো অনেক নীল আনন্দ আছে, কিন্তু সুখের মধু নিংড়াতে হলে অনেক মানুষের যৌথ উৎসব লাগে।
ফুর্তি করতে একের বেশি দুই হলেই চলে, পার্টি করা যায় তিনজন হলেই, কিন্তু উৎসব সম্পূর্ণ সামাজিক। উৎসব আগেকার যুগের ঢাকাই ছবির মতো আংশিক রঙিন হলে হয় না। সমাজের সমগ্র মানুষ একতালে বেজে উঠলেই তবে বলা যায়, লেট দা ফেস্টিভ্যাল বিগিন—উৎসব শুরু হোক!
শ্রেণিভেদে তাই উৎসবের চেহারা আলাদাই। অনেকে তো ঈদ এলেই হয় বিদেশ পানে ধাবিত হন, নয়তো নির্জন রিসোর্টে খুব ঘনিষ্ঠদের নিয়ে থাকেন। তাঁদের ঈদের আনন্দ ততই বাড়ে, যতই তাঁরা দূরে যান মানুষের, প্রতিবেশীর, সমাজের, দেশের।
এতে কোনো দোষ নাই। আধুনিক ব্যক্তিস্বাতন্ত্র্যের দিনে সবারই যার যার মতো সুখী হওয়ার অধিকার আছে। কিন্তু উৎসব কবির মতো নির্জনতা চায় না, চায় কাকের মতো সামাজিকতা। কাক অতি সামাজিক প্রাণী, একা তারা চলে না।
এই ঈদে বা সেই ঈদে আমরা শুধু দেখি দলে দলে মানুষ ছুটছে বাড়ির পানে। লাখে লাখে মানুষ কী দুঃসহ কষ্টে হেঁটে, ঝুলে, দেশের বিয়োগপ্রধান যোগাযোগব্যবস্থায় ভুগে, পদ্মা-মেঘনা-যমুনায় ভেসে বাড়ি যায়। তাদের ট্রেনের চাকায় একটা বাদ্যই বাজে, ‘বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি’! তারাই উৎসবটা ঘনিয়ে তোলে। ঢাকায়ও দেখেছি, এবার খুলনায়ও দেখলাম, অতিকায় শপিং কমপ্লেক্সের চেয়ে বেশি ভিড় অল্প আয়ের মানুষের হকার্স মার্কেটে, ফুটপাথের দোকানে। অতিকায় ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, অতি ধনীরা অদৃশ্য হয়ে যাবে, তবু এই মানুষেরা থাকবে বলেই জীবন বয়ে যাবে। উৎসব রঙিন হবে আর মানুষ মিলবে মানুষের সঙ্গে। আধুনিক মানুষের বিচ্ছিন্নতার কবি সদ্যপ্রয়াত শহীদ কাদরী লিখেছিলেন, ‘মানুষ মিলবে মানুষের সাথে, কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না।’ কিন্তু তলার মানুষের জীবনে শান্তি মানেই মানুষের সঙ্গে মানুষ।
দেশ আর দ্যাশ এখনো আমাদের অনেকের জন্যই দুই আলাদা অনুভবের জগৎ। দেশ একটা বিমূর্ত ধারণা। আপনি কখনোই দেশের সমগ্রতাকে কিংবা দেশের সব মানুষকে একবারে কল্পনা করতে পারেন না। কিন্তু দ্যাশের মানুষ তার দ্যাশ ও সেই দ্যাশকে ভরাট করে থাকা মানুষকে ঠিক চেনে, বোঝে। ঈদ এলে এই ‘দেশের’ মানুষ ওই ‘দ্যাশে’ যায়। এই যাওয়া কেবল বাসে-লঞ্চে-ট্রেনে-ট্রাকে যাওয়া নয়, একটা নাগরিক বিচ্ছিন্নতার জগৎ থেকে আত্মীয়-বান্ধব-প্রতিবেশীর জগতে যাওয়া। ঢাকার মানুষ পথে নামে। পথের মানুষ ঘরে যায়। বাসার মানুষ বাড়ি যায়। ঢাকাকে খালি করে দিয়ে গ্রাম-মফস্বলে ঈদ জমে। সেটাই এজমালি বাংলাদেশের সত্যিকার ঈদ। এখনো অনেক এলাকায় ঈদগার কোলাকুলিতেই ঈদের মিলমিশ ফুরায় না। তারা যে কোরবানি দেয়, সেটাও দেয় কোনো আমবাগানের ছায়ায়, কিংবা কারও কাচারিবাড়ির চত্বরে। সবাই যার যার ভাগের দানের মাংস এক জায়গায় জড়ো করে, তারপর সেখান থেকেই বিলিবাট্টা যা হওয়ার হয়।
উৎসব পালনের নামে দ্যাশের মানুষ আসলে শতবর্ষ ধরে সংস্কারহীন ছেঁড়া-ফাটা এই সমাজেরই নবায়ন ঘটাচ্ছে। বড় সামাজিক উৎসব মানেই পাবলিক লাইফের পুনরুজ্জীবন। বাংলাদেশের মতো এজমালি সংস্কৃতির জের রয়ে যাওয়া এই দেশে ধর্মীয় উৎসবের এই ধর্মনিরপেক্ষ তাৎপর্য রোমাঞ্চিত করার মতো ঘটনা।
অথচ এ ঘটনাকে সহজ, সাবলীল আর আনন্দের সঙ্গে উদযাপন করায় কত বাধা। তখনই বোঝা যায়, এই রাষ্ট্র কাউকে ভোজন করায়, কারও জন্য দেয় আহার, কাউকে খেতে দিয়েই খালাস, আর বাকিদের জন্য বরাদ্দ গিলবার কষ্ট।
বাংলাদেশের অধিকাংশ মানুষেরই দেশ একটা নয়, দুটো। একটা দেশ মানচিত্রে থাকে, অন্য দেশটা হারানো দেশ আটলান্টিসের মতো মনের সাগরতলে ঘুমিয়ে থাকে। দুই দেশ সর্বদাই আলাদা, পরস্পরের সঙ্গে তাদের হয় নাকো দেখা। একটা তার জাতীয় ‘দেশ’, অন্যটা তার জন্মস্থানের ‘দ্যাশ’। ঈদ এলে এই ‘দেশের’ মানুষ ওই ‘দ্যাশে’ যায়। একটা তার অস্থায়ী ঠিকানার সোসাইটি, ওটা তার স্থায়ী ঠিকানার কমিউনিটি। একটা স্বার্থের, অন্যটা আবেগের; একটা বাস্তব অন্যটা রোমান্টিক। ঈদ এলে এই দুইয়ের মধ্যে দেখাদেখি হয়। বাস্তবকে ছাপিয়ে, মানচিত্রের ঊর্ধ্বে এক কল্পনার ‘দ্যাশ’ জেগে ওঠে।
ঔপনিবেশিকতার জের বয়ে চলা বাংলাদেশের রাজধানীর সঙ্গে আমাদের প্রেম পরকীয়া; আপনকীয়া প্রেম এখনো শৈশবের দ্যাশ-গেরামের সঙ্গেই।
আমাদের বেশির ভাগেরই পেছনে এখনো ‘দ্যাশের’ অদৃশ্য লেজ ঝুলছে। বার্ষিক ঈদ উৎসবে মানুষ তাই সেই লেজ নাড়াতে নাড়াতে আপন ঠাঁইয়ের উদ্দেশে ঢাকাকে ফাঁকা করে দিয়ে যায়। ঢাকা ফাঁকা হয়ে যায়, আর ভরে ওঠে গ্রাম-মফস্বল। তখন তো মনে হতেই পারে, ট্রেনে বাসে লঞ্চে চড়ে ঢাকাই বুঝি সারা দেশে ছড়িয়ে পড়ছে। বর্ষার নতুন পানির মতো প্লাবিত করে দিচ্ছে সমাজকে।
ওই যে লক্ষ্মীপুরের পাটোয়ারী বাড়ির কাচারির সামনে রিকশা থেকে নামছে বছর খানেক গ্রামে না আসা গ্রামের ছেলেটি। ওই যে বরিশালের কীর্তনখোলার লঞ্চঘাটে পুত্র-পুত্রবধূ আর নাতি-নাতনিদের নিতে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। ওই যে উলিপুর স্টেশনে এইমাত্র খালাস করে দেওয়া ট্রেনযাত্রীরা পাকা রাস্তা ছেড়ে মেঠোপথ হয়ে জমির আইল দিয়ে ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রামগুলোয়। বিচ্ছিন্নতা পেরিয়ে দেশের মানুষ দ্যাশে ফিরছে।
যারা দ্যাশের মানুষ, যারা দ্যাশে গেলেন, তারা পারলে যেন দেশের খবর নেন। কারা ভালো আছে, কারা ভালো নেই। কারা হিরো হলো আর কারা জিরো হয়ে হারিয়ে গেল। কতটা ভয় আর কতটা স্বস্তি সেখানে। শহর বড় আত্মকেন্দ্রিক, শহরে সত্য গুম হয়। দ্যাশে গেলে দেশের খবর নিয়েন। দ্যাশের বুকেই তো দেশ বেঁচে থাকে। তার ধুকপুকটা পারলে শোনেন আর বাঁচিয়ে রাখেন দ্যাশের কথা।
সবাইকে ঈদ মোবারক।