
পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর শাসনের সূচনা করেছেন কৃচ্ছ্রসাধন নীতি গ্রহণের মধ্য দিয়ে। শপথ গ্রহণের এক দিন পরেই সরকারের খরচ হ্রাস, দুর্নীতির অবসান ও জনসাধারণের তহবিল পুনঃপ্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন তিনি। রাষ্ট্রের বিশাল ব্যয় কমাতে ইমরান খান বিশেষ করে, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য পরিবেশিত নৈশভোজের আকৃতি ছোট ও দামি চা পরিবেশন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
শুধু তা-ই নয়, তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের কর্মচারীর সংখ্যা ৫২৪ থেকে কমিয়ে মাত্র দুজনে নামিয়ে আনা, বুলেটপ্রুফ গাড়ির ব্যবহার কমানো, তিন কক্ষের একটি বাসা ব্যবহার, বিমানে ফার্স্ট ক্লাসে ভ্রমণ না করার সিদ্ধান্তও নিয়েছেন।
তবে কৃচ্ছ্রসাধনের চেয়েও দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ওপর আরও বড় বড় দায়িত্ব রয়েছে। বিদেশমন্ত্রীর বিমানে ফার্স্ট ক্লাসের পরিবর্তে বিজনেস ক্লাসে ভ্রমণে খুব বেশি পার্থক্য আনবে না বরং আসল পার্থক্য ঘটবে তখনই, যখন দেখা যাবে বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে কী বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পৌঁছে দিচ্ছেন? দেশে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার দিকে প্রধানমন্ত্রীকে নজর দিতে হবে।
ইমরান নিজের নিরাপত্তা ও প্রটোকলের ব্যয় কমানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর দল পিটিআই হয়তো তাদের নেতাকে বিসর্জন দেওয়ার মতো সাহস রাখে। কিন্তু পাকিস্তানের জনগণের একজন প্রধানমন্ত্রীকে কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। আসলে আমাদের এমন পদক্ষেপ নিতে হবে, যাতে বিদেশিরাও আমাদের দেশকে নিরাপদ মনে করে।
আরেকটি বিষয়ে সরকারকে নজর দিতে হবে। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় শরীরের ভাষা ও গলার স্বরের দিকে খেয়াল রাখতে হবে। এ দুটি জিনিসে যেন বৈরী মনোভাব প্রকাশ না পায়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। শান্ত হয়ে ও মৃদু স্বরে বক্তৃতা দিতে হবে। দেখে-শুনে মনে হচ্ছে, পিটিআই তাদের নতুন ভূমিকার সঙ্গে এখনো খাপ খাওয়াতে পারেনি। বিরোধী দলের অনমনীয় ও বিদ্রোহী মনোভাব এখনো তারা ধরে রেখেছে। নেতারা মাঝেমধ্যে এমন বক্তৃতা-বিবৃতি দেন, যেগুলো অনাকাঙ্ক্ষিত।
যেহেতু দেশের শাসনক্ষমতা পিটিআইয়ের হাতে, তাই তাদের ধৈর্য ধরতে হবে এবং সব প্রশ্নের উত্তর বিনয়ের সঙ্গে দিতে হবে। এমনকি জাতীয় পরিষদে ইমরান খান যে ভঙ্গিতে ভাষণ দিয়েছেন, তা ঠিক হয়নি। উসকানির কারণে তিনি ওই রকম আচরণ করেছেন—এ অজুহাতে তাঁকে ক্ষমা করা যাবে না। কারণ, এ ধরনের উসকানি আগামী পাঁচ বছরই থাকবে, যদি ইমরান খান তাঁর মেয়াদ পূর্ণ করতে পারেন। জাতীয় পরিষদের সদস্যদের কাছে আবেগতাড়িত আচরণ প্রত্যাশিত নয়।
শাসনের শুরুতে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে সরদার উসমান বুজদারকে বেছে নেওয়াটা ইমরানের আরেকটি হঠকারী সিদ্ধান্ত। উসমান বুজদার এমন একটি এলাকায় থাকেন, যেখানে কিনা এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। আর ইমরানের মতে, যেহেতু উসমান গ্রামের মানুষ, তাই তিনি গ্রামের লোকজনের দুঃখ ভালোভাবে বুঝতে পারবেন এবং তাদের উন্নতির জন্য কাজ করবেন। আমি আমার দেশের অর্থনীতি নিয়ে দুঃখ অনুভব করতে পারি, কিন্তু তার মানে এই নয় যে দেশের অর্থনৈতিক দৈন্যদশা দূর করতে আমি সবচেয়ে যোগ্য ব্যক্তি। উসমান বুজদারকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করাটা নৈরাশ্যজনক, তবে কারণ হিসেবে যা বলা হচ্ছে, তা খুবই দুঃখজনক। কোনো প্রদেশ চালানোর পূর্বশর্ত হচ্ছে প্রশাসনিক অভিজ্ঞতা, আবেগ নয়।
সরকারের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা এখনো দ্বিধান্বিত। বেলুচিস্তান প্রদেশের গভর্নরের নাম ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যে সরকার জানায় যে এটা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। এ ঘটনায় আরও একবার প্রমাণিত হয় যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে।
পাকিস্তান আজ যেসব সমস্যার মধ্যে রয়েছে, তার সঙ্গে তুলনা করলে চা-বিস্কুটের খরচের বিষয়টি খুবই নগণ্য। পাকিস্তানের অর্থনীতি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। নৈশভোজের আকৃতি কমিয়ে বা চা-বিস্কুটের খরচ কমিয়ে এই ধ্বংস রোধ করা যাবে না। প্রচার-প্রচারণা পাওয়ার জন্য এসব স্টান্টবাজি এখন না করাই সরকারের জন্য মঙ্গলজনক হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এখন পিটিআই সরকারের জন্য লাভজনক হবে এবং এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঠিক পথ বেছে নিতে হবে।
ইংরেজি থেকে অনূদিত। পাকিস্তান টুডে থেকে নেওয়া
সৈয়দ কাওসার গারদেজি :পাকিস্তান টুডের কলামিস্ট ও লেখক