
কর হ্রাস ও সংস্কার শীর্ষক যে আইনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেন, তার প্রতি মানুষের যে বীতশ্রদ্ধ মনোভাব ও উপহাস দেখা গেছে, তা সাধারণত অন্য আইনের ক্ষেত্রে দেখা যায় না। বড়দিনের একদম আগে ট্রাম্প এতে স্বাক্ষর করলেন। রিপাবলিকান পার্টির যে সদস্যরা এই আইনের পক্ষে ভোট দিলেন তাঁরা দাবি করছেন, তাঁরা মানুষকে যে উপহার দিলেন তা পরবর্তীকালে আদৃত হবে। কারণ, মার্কিন নাগরিকেরা একসময় দেখবেন, তাঁদের প্রকৃত বেতন বেড়ে গেছে। তাঁরা প্রায় নিশ্চিতভাবেই ভুল। রিপাবলিকানদের ভুলের তালিকায় এটিও যুক্ত হতে যাচ্ছে। আর এটিকে অনেকাংশে মার্কিন গণতন্ত্রের অধঃপতনের আরেকটি ধাপ আখ্যা দেওয়া যায়।
অনেক উদারভাবে বললেও এই আইনকে ‘কর সংস্কার’ বলা যায় না। সংস্কারের অর্থ হলো আইনে বিকৃতিস্বরূপ যত ফাঁকফোকর আছে তা বন্ধ করা এবং তাকে আরও ন্যায়পরায়ণ করে তোলা। কিন্তু এই আইনের মাধ্যমে কর দিতে সক্ষম, এমন মানুষের প্রদত্ত করের পরিমাণ লাখ লাখ ডলার কমে যাবে। আর ২০২৭ সালে এটি যখন পুরোপুরি বাস্তবায়িত হবে, তখন যুক্তরাষ্ট্রের মধ্যশ্রেণির মানুষের কর আরও বাড়বে। বলা দরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের কর আইন ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার অনেক আগে থেকেই পশ্চাদ্গামী। পৃথিবীর শীর্ষ ধনীদের একজন ওয়ারেন বাফেট অভিযোগ করেছিলেন, তিনি তাঁর সহকারীর চেয়ে কম হারে কর দেন। অভিযোগ হিসেবে এটি বেশ বিখ্যাত। আর এই নতুন আইনে মার্কিন দেশের কর আইন আরও পশ্চাদগামী হলো।
এটা এখন সর্বজনীনভাবে স্বীকৃত যে এই ক্রমবর্ধমান অসমতা মার্কিন যুক্তরাষ্ট্রের এক বড় অর্থনৈতিক সমস্যায় পরিণত হয়েছে। সিকি শতক ধরে দেশটির শীর্ষ ধনীরা মোট দেশজ উৎপাদনের সিংহভাগ করতলগত করছেন। নতুন এই আইন কাটা ঘায়ে নুনের ছিটা দেবে। এই আইনে কর ব্যবস্থার পশ্চাদগতির হার তো কমবে না, বরং শীর্ষ ধনীরা আরও ফুলেফেঁপে উঠবেন।
এই বিকৃত অর্থনীতি স্বাস্থ্যকর হতে পারে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল জোর দিয়ে বলেছে, অধিকতর অসম সমাজে অর্থনীতির গতি রুদ্ধ হয়ে যায়। নতুন কর আইনের কারণে মার্কিন সমাজ নিশ্চিতভাবে আরও অসম হয়ে পড়বে।
মার্কিন কর আইনের জটিলতা ও বিকৃতির মূল কারণ হলো বিভিন্ন শ্রেণির মানুষের ওপর বিভিন্ন হারে কর আরোপ করা হয়েছে। এই ভিন্ন আচরণের কারণে মানুষের মনে সঠিকভাবেই এই ধারণা জন্মায় যে কর আইন অন্যায্য এবং একই সঙ্গে তা অদক্ষতায় পূর্ণ। অর্থাৎ যে ব্যবস্থায় সম্পদ অনুকূল খাতে সরিয়ে নেওয়া যায় এবং প্রতিষ্ঠানগুলো তাদের উপার্জন ও তৎপরতা অধিকতর অনুকূল খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে অপচয় করে। নতুন এই আইনে পুরোনো আইনের সবচেয়ে বাজে দিকগুলো রাখা হয়েছে, যেখানে চাকরি ধ্বংসকারী বেসরকারি ইক্যুইটি প্রতিষ্ঠানগুলো নিম্নহারে কর দিয়ে থাকে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ার যে আশা করা হয়েছিল, তা নানা কারণেই বাস্তবায়িত হবে না। প্রথমত, বেকারত্ব নেই বললেই চলে। মার্কিন ফেডারেল রিজার্ভ যদি এমনটা মনে করে তাহলে তারা মোট চাহিদা বাড়ানোর জন্য সুদের হার বাড়াবে। আর সুদের হার বাড়া মানে বিনিয়োগ ও প্রবৃদ্ধির হার কমে যাবে। এমনকি যদি শীর্ষ ধনীদের ভোগের হার বাড়ে, তাতেও এমনটা হবে।
আবার ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কের মতো ডেমোক্র্যাট বা ‘নীল’ প্রদেশগুলোকে চেপে ধরা হলে তা শুধু দেশটির রাজনৈতিক বিভেদই বাড়াবে না, অর্থনীতির জন্যও ব্যাপারটা খারাপ হবে। কর আইনে এই দুটি রাজ্যকে লক্ষ্য করে বিধান রাখা হয়েছে। ব্যাপারটা হলো কোনো প্রকৃতিস্থ সরকার দেশের অর্থনীতির সবচেয়ে গতিশীল অংশকে দুর্বল করে দিতে পারে না। কিন্তু ট্রাম্প প্রশাসন ঠিক তা-ই করছে। আবাসন খাতে যে কর অবকাশ দেওয়া হয়েছে, তাতে ট্রাম্প ও তাঁর জামাতা জ্যারেড কুশনার লাভবান হতে পারেন। কিন্তু এতে যুক্তরাষ্ট্র মহান বা প্রতিযোগিতামূলক হবে না। আর রাজ্য আয়কর ও সম্পদ কর বাবদ কর্তনের হার কমানো হওয়ায় শিক্ষা ও অবকাঠামো খাতে বিনিয়োগের হার কমে যাবে। অন্যান্য নতুন বিধানের কারণেও মার্কিন অর্থনীতি আহত হবে।
রাজস্ব ঘাটতি যেহেতু বাড়বে, সেহেতু এখন একমাত্র প্রশ্ন হচ্ছে তা কতটা বাড়বে। যেটা ধারণা করা হচ্ছে অর্থাৎ এই ঘাটতির পরিমাণ এক লাখ থেকে দেড় লাখ কোটি ডলার হবে, আমার বাজি হচ্ছে প্রকৃতপক্ষে এই ঘাটতির পরিমাণ এর চেয়ে বেশি হবে। আর ট্রাম্প যতই দেশকেন্দ্রিক নীতি গ্রহণ করুন না কেন, বাণিজ্য ঘাটতিও বাড়বে। আর রপ্তানি কমে আমদানি বাড়লে মার্কিন উৎপাদনশীল খাত আরও সংকুচিত হবে।
নতুন আইনে ব্যক্তিশ্রেণির করদাতাদের কর সাময়িকভাবে কমতে পারে কিন্তু করপোরেট করদাতাদের কর চিরস্থায়ীভাবে কমবে। মনে হয়, রিপাবলিকানরা বিশ্বাস করেন যে ভোটাররা বেশি দূরবর্তী চিন্তা করবে না। কিন্তু ভোটারদের সহজে নিজের কাজে লাগানো যায় না, রিপাবলিকানদের এটা বুঝতে হবে। তারা এই চাতুরী ধরে ফেলেছে। অনেক রিপাবলিকান বিশ্বাস করেন, ট্রাম্পের কাছে ভোটারদের চেয়ে ডলার বেশি গুরুত্বপূর্ণ। ট্রাম্পের কাছে করপোরেট পৃষ্ঠপোষকদের সন্তুষ্ট করা গুরুত্বপূর্ণ বিষয়, যাঁরা চাঁদা দিয়ে পার্টি চালান। যে টাকা দিয়ে ভোটারদের কেনা হয়। এর মাধ্যমে করপোরেটদের রাজনৈতিক স্বার্থ চিরস্থায়ীভাবে পাকাপোক্ত হবে।
আমরা আশা করব, মার্কিন জনগণ লোভী করপোরেট প্রধান নির্বাহীদের চেয়ে চৌকস আচরণ করবেন। নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে তাঁরা এই প্রধান নির্বাহী ও তাঁদের চাকর রিপাবলিকানদের পরাজিত করবেন, এই রাজনীতিকেরা অত্যন্ত স্বার্থপর, তাঁরা মনে করেন, মানুষ কেবল নিজের স্বার্থেই কাজ করে। আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন। তার আগে এটা প্রমাণ করতে তাঁরা যথেষ্ট সময় পাবেন।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।
জোসেফ ই স্টিগলিৎস: নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।