চাই চারা, চাই বীজ, চাই প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেজেটিয়ার অব দ্য রংপুর ডিস্ট্রিক্টে বলা হয়েছে, জেলার অববাহিকা তার নদ–নদী দ্বারা নিয়ন্ত্রিত। ব্রহ্মপুত্র ও তিস্তা তার ব্যাপক প্রবাহ দ্বারা প্লাবনভূমিতে সমৃদ্ধির ঘটনা ঘটায়। এবারের বন্যা প্রমাণ করল, বৃহত্তর রংপুর জেলা সত্যি সত্যিই নদ–নদী দ্বারা নিয়ন্ত্রিত। গেজেটিয়ার বলছে, এই জেলার তিন-চতুর্থাংশ বৃষ্টিবহুল, এর ভূভাগ আড়াআড়িভাবে উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে বিস্তৃত এবং বড় বড় নদ–নদী ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া দ্বারা এটি চিহ্নিত। এর পাশাপাশি বড় বড় জলধার আছে, আছে বেশ কয়েকটি প্রবাহ ও চ্যানেল, যা একটির সঙ্গে আরেকটি জড়িয়েছে কিংবা প্রধান নদ–নদীগুলোতে মিলেছে। অর্থাৎ, বৃষ্টিবহুল বৃহত্তর জেলাটি এবার সাবেকি চেহারা ফিরে পেয়েছে। হারিয়ে যাওয়া নদ–নদী জীবিত হয়ে বৃহত্তর রংপুর-দিনাজপুর, সঙ্গে বগুড়া জেলাকে ভাসিয়ে নিয়েছে। জাতিস্মরের মতো 

নদ–নদীগুলো পুরোনো শক্তিকে অনুভব করেছে। দুই মাস পরে যে সোনালি আমন ধান গোলায় উঠত তা যেমন শেষ; তেমনি শেষ সবজির খেত। মাসখানেক আগে হাওর অঞ্চল গেছে, এবার গেল উত্তরবঙ্গ। সামনে অন্ধকার দিন কৃষকের, শ্রমজীবী জনগণেরও।

রবীন্দ্রনাথ তাঁর ‘দুর্ভিক্ষ’ প্রবন্ধে বলেছেন, ‘ক্ষুধা যে কী ভয়ানক বিপদ, তাহা আমরা কল্পনাও করিতে পারি না। অন্যান্য অনেক বিপদে মনুষ্যের মনুষ্যত্ব জাগাইয়া তুলে-কিন্তু ক্ষুধায় মনুষ্যত্ব দূর করিয়া দেয়। ক্ষুধার সময় মনুষ্যত্ব অত্যন্ত ক্ষুদ্র।’ ফেসবুক থাকায় দেশের মানুষ এদের পক্ষে দাঁড়াচ্ছে। দাঁড়াচ্ছে সামর্থ্য অনুযায়ী। কোনো গ্রুপ পাঁচ কেজি চাল ও দুটি বিস্কুট নিয়ে। যত সামান্যই হোক, এই যে প্রাণে প্রাণ মেলানো, তা মানুষকে মনোবল দিচ্ছে। কিন্তু পানি নেমে যাওয়ার পর কী খাবে উত্তরের আদম সন্তানেরা? রেশন? সে
তো দলবাজির ব্যাপার। একদিকে চালের দাম হু হু করে বাড়ছে, অন্যদিকে মানুষ কর্মহীন। কোথায় যাবে মানুষ?

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গঙ্গাধর নদের পারের এম এ পাস কৃষক ও সংগঠক মামুনুর রশীদ বলেন, ‘তাঁর বর্গা দেওয়া ৪ বিঘা ও নিজের আবাদের ১ একর জমির সব ধান শ্যাষ। জমি বন্ধক দেওয়া ছাড়া রাস্তা নাই।’ রাজারহাট উপজেলার উমর পন্থাবাড়ী গ্রামের কৃষক বাতেন ধনি ২৭ বিঘা জমিতে মাছ ও ধানের চাষ করেছিলেন। পানি উঠে তাঁর মাছ ও ধান সব গেছে। তিনি মৎস্য ও কৃষি অফিস থেকে সাহায্য পাননি। খোর্দ বাঁশপাতা চরের কৃষক বাদশা মিয়া বলেন, ‘আগের বানত খায়া গেল মানছি, কিন্তু পরেরবার খায়া না–খায়া সউগ মাটিত ধান লাগাইলেন, তা-ও গেল। এলা হালের গরু বেচে খাওয়া নাইগবে।’ ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা-দুধকুমারসহ কুড়িটি নদ–নদীর চরাঞ্চল হিমালয়বাহিত পলির কারণে বাদাম, মুগ, মসুর, খেসারি, কালাই চাষের জন্য বিখ্যাত। এসব লাগানো ও ওঠানোর মৌসুমে চরাঞ্চলে কৃষিশ্রমিকের ঘাটতি পড়ে। কৃষকেরাও ভালো দাম পান বলে ধানের বদলে চরগুলোতে বাদাম ও কালাইয়ের আবাদই অধিক হয়।

কুড়িগ্রাম জেলার ৮০-৮৫ শতাংশ আবাদি এলাকা পানিতে তলিয়ে গেছে। কমপক্ষে ৪ লাখ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। অথচ জেলা কৃষি কর্মকর্তা মকবুল হোসেন বলেন, ‘সরকার থেকে এখন পর্যন্ত ৭০০ জন কৃষককে ধানের চারা ও ২০০ জনকে ধানবীজ দেওয়া হয়েছে।’ শতকরা কতজন কৃষক উপকৃত হলেন, অঙ্কটা আপনারাই কষেন। দিনাজপুর বিজ্ঞানচেতনা পরিষদের সংগঠক কমলেন্দু রায় জানিয়েছেন, চারা ও বীজ বিতরণের উল্লেখযোগ্য তৎপরতা তাঁদের চোখে পড়েনি।

কৃষি ব্যাংকসহ রাষ্ট্রীয় ও বেসরকারি কোনো ব্যাংকই কৃষিঋণের ব্যাপারে ঘোষণা দেয়নি। উত্তরবঙ্গে শিল্পায়নের অবস্থা আমরা জানি, কৃষি ছাড়া আর কোনো কর্মক্ষেত্র নেই। ফলে কয়েক দিন পরেই পুরুষেরা এলাকাছাড়া হবেন, মফিজ উপাধি নিয়ে ছুটবেন শহরের পথে ও গলিতে। আর দ্বিগুণ-তিন গুণ মূল্যে স্থানীয় হাট থেকে কিনে রেখে যাবেন মাস খোরাকির চাল। অন্যদিকে গৃহিণীরা তরকারি ছাড়াই নুন দিয়ে ভাত মেখে খাওয়াবেন সন্তানদের। সবজি কোথায় পাবেন? পানি উঠে গাছ মরে গেছে। আকালে যে বাদাম সেদ্ধ করে ও কালাই ভেজে খাবেন, তারও উপায় নেই, সবই তো গেছে! সবকিছু ডুবে যাওয়ার পরও নাক ভাসিয়ে যে উঁচু ভিটা ও এজমালি সড়ক দু-এক খণ্ড জেগে ছিল, সেখান থেকে কুড়িয়ে পাওয়া শাক, যেমন হেলেঞ্চা, ঢেঁকিশাক, নটেশাক, গিমাশাক, আমরুল শাক, কানাই শাক ও কস্তুরি শাক দিয়ে হয়তো কয়টা দিন পার করতে পারবেন রমণীরা। নতুন জেগে ওঠা কাশ ফুলের সবুজ ডগায় মিলবে গো-খাদ্য। কিন্তু তারপর? দুর্যোগের সময় বাদাম ও কালাই শাক ছাড়া তরকারি জুটবে না।

সামনে শীত আসছে। ধানের চারা যদি আগামী ১০-১৫ দিনের মধ্যে জমিতে লাগানো না যায়, পরে আর সেখান থেকে ফলন আসবে না। বীজতলা বানিয়ে চারা লাগানোর সময় আর নেই। চারদিকে তাই চারার জন্য হাহাকার উঠেছে। কৃষকেরা জানেন, নিজে আবাদ না করলে দলবাজির দুনিয়ায় পথে মরা ছাড়া পথ থাকবে না। রেশন তো তার জন্য নয়। ভাতের জ্বালা বড় জ্বালা, এটা জেনেই রফিক আজাদ লিখেছেন, ‘ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাব’। ভাত দে নামে সিনেমাও হয়েছে। কিন্তু ধানের চারা ও বাদাম-কালাইয়ের বীজ ছাড়া ভাত ও খাবার কোত্থেকে আসবে? বীজ থেকেই তো প্রাণের উদ্ভব। ধানের চারা হাজারে একজন পাচ্ছেন আর বিদেশে বেগমপাড়া সৃষ্টি হচ্ছে। মৃণাল সেনের কলকাতা ৭১ চলচ্চিত্রের দুস্থ মাস্টার মশাইয়ের কথাটি খুব মনে পড়ছে: ‘কই একটা পিতিবাদও তো করে না।...টপাটপ মরছে, কই তবু দোকানপাটও তো লুট করছে না।...এতগুলো মানুষ যদি একবার মাথা তুলে দাঁড়াত!’ বন্যায় আক্রান্ত এসব মানুষের অবস্থাও একই রকম। হাওরে অকালবন্যার পর দেশে খাদ্যের সংকট সৃষ্টি হয়েছে। এখন যদি বন্যার পর উত্তরবঙ্গেও ঠিকঠাক চাষাবাদ না হয়, তাহলে খাদ্যের সংকট মারাত্মক আকার ধারণ করতে পারে। তৈরি হতে পারে সামাজিক অস্থিরতা।

নাহিদ হাসান: প্রধান সমন্বয়ক, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।