চাকরি নয়, শিক্ষক শ্যামল কান্তির সম্মান ফিরিয়ে দিন
নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ‘ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পায়নি বলে সরকারি তদন্ত কমিটি যে পর্যবেক্ষণ দিয়েছে, তাতে তাঁর অপমান ও বেদনার ভার কমবে বলে মনে হয় না।
বৃহস্পতিবার সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রধান শিক্ষক পদে তাঁকে পুনর্বহাল এবং স্কুল ব্যবস্থাপনা কমিটি বাতিল করার কথা জানিয়েছেন। এতে প্রমাণিত হলো যে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে আনা অভিযোগটি ছিল মনগড়া। পত্রিকান্তরে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন, পরিকল্পিতভাবেই তাঁকে ফাঁসানো হয়েছে। ওই বিদ্যালয়ে ১৭ বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করলেও তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর তাঁকে নানাভাবে হয়রানি ও অপদস্থ করা হয়েছে, যার ঘৃণ্যতম রূপ দেশবাসী প্রত্যক্ষ করেছে ভিডিও ফুটেজের মাধ্যমে। একজন স্থানীয় সাংসদ প্রকাশ্যে তাঁকে কান ধরে ওঠবস করাতে বাধ্য করেন। সেই দৃশ্য শত শত মানুষ দেখেছে। সাংসদের সমর্থকেরা সেই সময় নাকি জয়বাংলা স্লোগানও দিয়েছেন।
আগের দিন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমও সংবাদ সম্মেলন করে শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে তাঁর পুনর্বহাল করার দাবি জানিয়েছিলেন। একই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তাঁরা সবাই সাংসদসহ শিক্ষক লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। কিন্তু এখন পর্যন্ত আইন নিজের গতিতে চলেনি।
বুধবার শিক্ষানীতি বাস্তবায়ন কমিটির সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে কলঙ্কজনক বলে অভিহিত করে তদন্ত রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। তিনি কথা রেখেছেন। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। অর্থাৎ ধর্ম সম্পর্কে তিনি কোনো কটূক্তি করেননি। অথচ স্কুল ব্যবস্থাপনা কমিটি সেই মনগড়া অভিযোগের ভিত্তিতে তাঁকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। শিক্ষামন্ত্রী সেই অন্যায় সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি স্কুল ব্যবস্থাপনা কমিটি বাতিল করার কথা জানিয়েছেন। এতে শিক্ষক শ্যামল কান্তি হয়তো তাঁর ওপর স্কুল ব্যবস্থাপনা কমিটির অন্যায় সিদ্ধান্তের প্রতিকার পেয়েছেন।
কিন্তু একটি অসত্য অভিযোগের ভিত্তিতে যেভাবে তাঁর ওপর সন্ত্রাসী হামলা চালানো হলো, যেভাবে তাঁকে প্রকাশ্যে অপমান করা হলো, সেটি ছিল ফৌজদারি অপরাধ। সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম রহমান বলেছেন, এটি সংবিধানের লঙ্ঘন। যে দেশে আইনের শাসন আছে, সেই দেশে কেউ এভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারে না। এটি স্পষ্টভাবে দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো।
শ্যামল কান্তি তাঁর ওপর সংঘটিত অন্যায়ের আংশিক প্রতিকার পেয়েছেন। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিনি চাকরি ফিরে পেলেন। কিন্তু তাঁর ওপর যে সন্ত্রাসী হামলা চালানো হলো, সাংসদ যে তাঁকে প্রকাশ্যে অপমান করলেন, সেই অপমানের প্রতিকার কী? ঘটনাটি এতই ঘৃণ্য যে স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানিয়েছেন। শিক্ষকের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তাঁরা ‘সরি স্যার’ বলে এই বার্তাই দিতে চেয়েছেন যে এ সমাজে এখনো শিক্ষককে সম্মান করার মানুষ আছেন। তাঁরা কোনোভাবে শিক্ষকের অপমান সহ্য করবেন না।
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সারা দেশ তোলপাড় হলেও যেই সাংসদ তাঁকে প্রকাশ্যে অপমান করেছেন, সেই সাংসদের কোনো ভাবান্তর আছে বলে মনে হয় না। তিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাফিস আশরাফের সঙ্গে যে ভাষায় টেলিফোনে কথা বলেছেন, তা উচ্চারণের অযোগ্য। একজন জনপ্রতিনিধি কি এই ভাষায় কথা বলতে পারেন? তিনি প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেনের নাম উল্লেখ করে বলেছেন, তিনি প্রতিহিংসাপরায়ণ হলে আসিফ বেঁচে থাকতে পারতেন না। একজন মানুষের বেঁচে থাকা না–থাকা কি সেলিম ওসমানের দয়ার ওপর নির্ভর করে? এটাই কি একজন সাংবাদিকের প্রতি প্রকাশ্য হুমকি নয়?
নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় একদিকে মন্ত্রী-সাংসদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ প্রতিবাদী হয়েছেন, প্রতিকারের দাবি জানিয়েছেন, আবার ব্যবসায়ী সংগঠনের নামে কেউ কেউ অপরাধীদের বাঁচানোর ব্যর্থ চেষ্টাও চালাচ্ছে। বুধবার নারায়ণগঞ্জ ক্লাবে ৪৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠান সংবাদ সম্মেলন করে বলেছে, একশ্রেণির গণমাধ্যম নাকি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা কি বলতে চায় যে সাংসদ সেলিম ওসমান নিজে দাঁড়িয়ে ওই শিক্ষককে কান ধরে ওঠবস করাতে বাধ্য করেননি? তিনি কি আইন নিজের হাতে তুলে নেননি? নিয়েছেন। সেখানে ঘোলা পানিতে মাছ শিকারের দায় যদি কারও থাকে, সেটি সেলিম ওসমানের নিজের। তাঁদের উচিত অপমানিত শিক্ষকের পক্ষে দাঁড়ানো বিবেকবান মানুষের বিরুদ্ধে বিষোদ্গার না করে, অপমানকারী সাংসদের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
শ্যামল কান্তি ভক্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে হয়তো হারিয়ে যাওয়া চাকরিটি ফেরত পেয়েছেন। কিন্তু সেলিম ওসমান নামের এক সাংসদ ও তাঁর সহযোগীরা যে তাঁকে চরমভাবে অপমানিত ও সম্মানহানি করলেন, সেই সম্মান কে ফিরিয়ে দেবে?
এই সমাজ, এই সরকার, এই রাষ্ট্র কার পক্ষে থাকবে—অপমানিত শিক্ষক, না অপমানকারী সাংসদের? সেই প্রশ্নের জবাব পেতে হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।