চাকরিজীবনের বাধা ও বিরূপতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজগবেষকেরা বলেন ‘ভিতুরাই চাকরি করতে চায়, সাহসীরা হয় উদ্যোক্তা’।
আসলে যাঁরা জীবনে ঝুঁকি নিতে ভয় পান, তাঁরাই চাকরির পেছনে ছোটেন। তা ছাড়া, একজন সরকারি চাকুরে তাঁর প্রদত্ত কাজের গুণগত মান যা-ই হোক না কেন, জীবনধারণের জন্য নিশ্চিন্তে মাসান্তে বরাদ্দ টাকা নগদ হাতে পেয়ে যান। অপ্রতুল হলেও ব্যবসার অনিশ্চয়তার তুলনায় তা লাভজনক বলে মনে করেন। আর সফল উদ্যোক্তাই বা কজন হতে পারেন? উপরন্তু উদ্যোক্তাকেও তো চাকরির বাজার সৃষ্টি করতে হয়। তা না হলে তিনি ব্যবসা চালাবেন কীভাবে? তো ঘুরেফিরে সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরির উদ্দেশ্যেই ছেলেমেয়েদের এত লেখাপড়া, এত ভালো ফলাফলের জন্য নাস্তানাবুদ হওয়া। কিন্তু চাকরি নিয়ে কি সবাই সন্তুষ্ট?
বেশ কিছুদিন আগে পল্লী বিদ্যুৎ বোর্ডের এক প্রকৌশলী তাঁর প্রধান কার্যালয়ের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। ঘরে তাঁর স্ত্রী-সন্তান-পরিজন আছে, তবু-
‘-তবু সে দেখিল কোন ভূত...
জীবনের এই স্বাদ-সুপক্ব যবের ঘ্রাণ হেমন্তের বিকেলের-
তোমার অসহ্য বোধ হ’ল;-
মর্গে কি হৃদয় জুড়ালো
মর্গে-গুমোটে
থ্যাঁতা ইঁদুরের মতো রক্ত-মাখা ঠোঁটে!’
নাগরিক জীবনযন্ত্রণার কবি জীবনানন্দ দাশের এ কবিতার পঙ্ক্তি হয়তো আত্মহন্তারক সব চাকুরের জন্য প্রযোজ্য নয়, কিন্তু এ নৈরাশ্যের সুর কমবেশি সব আত্মহননকারীর মর্মে বাসা বাঁধে। চাকরিজীবনে হতাশার ভিন্নতা রয়েছে। পদোন্নতির বঞ্চনা, বদলির হয়রানি, স্থলাভিষিক্তের বেদনা, পদাবনতির মর্যাদাহানি, চাকরি করতে না দেওয়ার দুশ্চিন্তা, প্রশিক্ষণের সুযোগ না পাওয়া, যৌন হয়রানি, সন্দেহ, বেতনের টাকায় নিজের অধিকার হারানো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ, লঘুপাপে গুরুদণ্ড, অধস্তনের অবাধ্যতা, সহকর্মীদের ঈর্ষা, জেন্ডার-বৈষম্য, ওএসডি, ক্যাডার-ননক্যাডার দ্বন্দ্ব, ভালো ক্যাডার-মন্দ ক্যাডারের ভেদাভেদ ইত্যাদি।
পল্লী বিদ্যুৎ বোর্ডের আত্মহননকারী প্রকৌশলীর ছেলে ছিলেন শারীরিকভাবে অসুস্থ, চিকিৎসার জন্য তাঁর সঞ্চিত টাকা প্রায় শেষ হয়ে গিয়েছিল, স্ত্রী-সন্তানেরা ঢাকায় থাকত। তিনি নিজেও অসুস্থ ছিলেন। তাঁকে উত্তরাঞ্চলে বদলি করা হয়েছিল। সঞ্চয়ের অভাব, অসুস্থতা, দুই জায়গায় জীবনযাপনের ব্যয় বহন, চিকিৎসা ও পরিবারের দেখাশোনার জন্য প্রায়ই ঢাকায় যাতায়াতের খরচে তিনি আর কুলাতে পারছিলেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও ঢাকায় বদলির কিনারা করতে পারলেন না। হতাশায়, দুঃখে, ক্ষোভে কৌতুকপ্রিয়, সংস্কৃতিমান, সৎ, দক্ষ ও ‘হিউম্যান কম্পিউটার’ নামে খ্যাত মানুষটি আত্মহত্যা ছাড়া এসব জটিলতার হাত থেকে মুক্ত হওয়ার আর কোনো পথ খুঁজে পাননি।
নারী চাকরিজীবীদের অবস্থা আরও খারাপ। অনেকের চাকরিকালীন বিয়ে হওয়ার পর স্বামী বা তাঁর বাড়ির লোকদের অপছন্দের কারণে চাকরি ছাড়তে হয়। শুধুই সংসার ও পরিবার প্রতিপালনে নারী কখনোই সুখী হতে পারেন না, কারণ চাকরিটা তাঁর কাছে যতটা না আর্থিক প্রয়োজনের, তারচেয়ে বেশি ব্যক্তিস্বাতন্ত্র্য বিকাশের পরিচিতির। উন্নত-অনুন্নত সব দেশেই নারীরা কর্মক্ষেত্রে কমবেশি যৌন হয়রানির শিকার। ঊর্ধ্বতনের অশালীন প্রস্তাবে সাড়া না দিতে পারলে বেসরকারি সংস্থায় চাকরি হারানোর ভয় থাকে, সরকারি সংস্থায় আছে নানা হয়রানির ভয়। তা ছাড়া, নারী-পুরুষের বৈষম্যের কারণে বেসরকারি সংস্থায় কোনো কোনো ক্ষেত্রে নারীর বেতন পুরুষের বেতনের চেয়ে কম। এক অফিসে দুজন নারী ও পুরুষ কর্মকর্তা একই পদমর্যাদার হলেও অধস্তনেরা পুরুষ কর্মকর্তাকে যতটা মানেন, নারী কর্মকর্তাকে ততটাই অবজ্ঞা করেন।
প্রশিক্ষণ বা বিদেশভ্রমণে একটি দলে শতকরা ৩০ ভাগ নারী প্রতিনিধিকে মনোনয়ন দেওয়ার বিধান থাকলেও তা শুধু কাগজে-কলমে। বিবাহিত নারীর চাকরিজীবনে অনেক হ্যাপা। অনেককেই সন্তান জন্ম বা প্রতিপালনের জন্য স্বামীর জোরাজুরিতে চাকরি ছাড়তে হয়। বদলির কারণেও অনেক নারী হয় চাকরি ছাড়েন, না হয় দুর্বিষহ জীবনযাপন করেন। অনেকে চাকরির অনুমতি পান এ শর্তে যে তাঁর বেতনের পুরোটাই স্বামীর হাতে তুলে দিতে হবে। এত সব হতাশা নিয়ে চাকরি করতে গিয়ে নারীদের কর্মক্ষমতা হ্রাস পায় আর দিনের বেশির ভাগ সময় অসন্তুষ্টির মধ্যে কাটিয়ে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এমনকি আমাদের দেশে এখনো কোনো কোনো অফিসে নারীর জন্য আলাদা প্রক্ষালন কক্ষের সুবিধা নেই।
ইদানীং চাকুরেদের আরও একটি হতাশা যুক্ত হয়েছে। তা হলো, সরকারদলীয় সহকর্মীদের আস্ফালন। একজন নিম্নপদস্থ কর্মচারীরও যদি দলীয় সংযোগ ভালো থাকে, তাহলে তিনি তাঁর জন্য বরাদ্দ করা কাজকে মুখ্য বিবেচনা করেন না। আর যাঁরা মধ্য বা উচ্চপর্যায়ের দলবাজ, তাঁরা অন্যায্যিকভাবে পদ ও পদোন্নতির শ্রীবৃদ্ধিতে ন্যায্যিক জনবলকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতার আসন পাকাপোক্ত করতে চান। নিরপেক্ষ, নিরীহ, দক্ষ, সৎ ও নির্বিরোধ কর্মী বঞ্চনার শিকার হয়ে হয় চাকরি থেকে অবসর নেন, না হয় কাজের প্রতি ভালোবাসা হারিয়ে দেশ ও দশের জন্য তাঁর মেধা নিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেন। অন্যদিকে, দলীয় নয় বলে দক্ষ ও সৎ কর্মকর্তাদের ওএসডি করে রাখাও মেধার বন্ধ্যাকরণ। ওএসডিগণ ব্যক্তিগত অচলাবস্থা ও সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
কর্ম-অসন্তুষ্টি আর হতাশা একে অন্যের কাছাকাছি হলেও সম্পূর্ণ এক নয়। যেমন উন্নত বিশ্বে কম বেতন, অপছন্দনীয় চাকরির প্রকৃতি, পদোন্নতির অপ্রতুল সুযোগ, নেতৃত্ব বিকাশে বাধা, চাকরির নিরাপত্তার অভাব ইত্যাদিকে চাকরির অসন্তুষ্টির কারণ হিসেবে ধরা হয়। কিন্তু তাদের অফিসগুলো যোগ্য কর্মীকে ধরে রাখার জন্য কর্মীর সুবিধা-অসুবিধাকে খুব গুরুত্ব দেয়। তাদের উদ্দেশ্য থাকে কর্মীকে মানসিকভাবে প্রশান্তিতে রেখে কী করে সর্বোত্তম কাজটি আদায় করে নেওয়া যায়। করপোরেট অফিসগুলোর বড়কর্তারা কনিষ্ঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে বসে চা খান, কৌতুক করেন, ‘ধন্যবাদজ্ঞাপন দিবসে’ একে অন্যকে উপহার দেন। এগুলো কেবল কাজের পরিবেশকে আনন্দময় করে রাখারই প্রয়াস নয়, বরং কাজকে আরও বেশি ভালোবাসার অনুপ্রেরণা। আমাদের দেশে কাজে গাফিলতির মূল্য দিতে হয় কড়ায়গন্ডায় কিন্তু কোনো ভালো কাজে প্রশংসা বা ধন্যবাদ দিতে হয়—এ সংস্কৃতি আমাদের মজ্জায় নেই।
উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক।
[email protected]