চাপে আছি রে ভাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘চাপে আছি রে ভাই, মেলা চাপে। হাতে একেবারে সময় নাই। চাপ একটু কমলেই...।’
কথাগুলো বাঙালিদের বেশ পরিচিত। বাক্যের পুরোটা একবারে শোনা না গেলেও, বিষয়টা কিন্তু আমরা বিভিন্ন আঙ্গিকে প্রতিনিয়ত শুনছি। বাঙালি এখন আগের মতো নেই। সে এখন চাপে আছে। একটা না, মেলা ধরনের চাপ। চাপের ভারে ন্যুব্জ হয়ে পড়ছে। মাথা আর বুক সোজা করে দাঁড়াতে পারছে না। কিন্তু স্বাধীন দেশের মানুষের না ‘চির উন্নত মম শির’ হওয়ার কথা। যেই চাপ স্বাধীন দেশের মানুষের কাত করে দিচ্ছে, তাকে নিয়ে কিছুটা কথা বলার নিশ্চয়ই একটা দরকার আছে।
চাপ বিষয়টা আসলে কী? পদার্থবিজ্ঞানের ভাষায়, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে চাপ বলে। যাঁরা বিজ্ঞানের ছাত্র না, তাঁদের জন্য হয়তো কঠিন হয়ে গেল। সহজ করে বলি, নির্দিষ্ট জায়গায় বল প্রয়োগ করলে যে প্রতিক্রিয়া হয়, তা-ই চাপ। নিউটন তত্ত্ব দিয়ে গেছেন, প্রতিটা ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয়। তাহলে বিষয়টা এমন দাঁড়ায়, যার যত বেশি বল সে তত বেশি চাপ সৃষ্টি করতে পারে।
প্রশ্ন হলো, এই চাপ জিনিসটা বাঙালির জীবনে কেমন করে এল। সেই কথায় যাওয়ার আগে ছোট একটা গল্প বলি। একবার এক রোগী বড় এক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এলেন। তাঁর আগে অন্য ডাক্তারদের থেকে ওষুধ নিয়ে খেয়েছেন। কোনো লাভ হয়নি। বরং সমস্যাটা দিনে দিনে বেড়েই চলেছে। এখন এই দেশের সবচেয়ে বড় ডাক্তারই তাঁর শেষ সম্বল। বড় ডাক্তার ও তাঁর সহযোগীরা চাক্ষুষ করলেন, এ তো একেবারে অসম্ভব ব্যাপার। কোনো মানুষের এত বেশি ব্লাড প্রেশার মানে রক্তচাপ হতে তারা আঁগে কখনো দেখেননি। ডাক্তার সাহেব অনুসন্ধিৎসা স্বরে জানতে চাইলেন, ‘আপনার এত প্রেশার, বাবা না মায়ের থেকে পেয়েছেন?’ রোগী মহোদয় মিনমিন করে উত্তর দিলেন, ‘জি না, বাবা-মা কারোর প্রেশার ছিল না। তবে মনে হয়, এটা স্ত্রী সাহেবার থেকে এসেছে।’
এই চাপ তৈরি হওয়ার জন্য স্ত্রী সাহেবাকে কোনোভাবেই এককভাবে দোষ দেওয়া যায় না। তাঁর নিজের ওপর কী কম চাপ? সকালে বাচ্চাদের ঘুম থেকে ওঠাও, নাশতা করাও, স্কুলে পাঠাও, ফেরত আনো। আরও আছে বাসার সবার খাবারদাবার নিশ্চিত করা থেকে আরম্ভ করে কত-না ঝামেলা, মুশকিলের সব কর্মকাণ্ড! তারপরে আছে সামাজিকতায় প্রতিযোগিতা; সবচেয়ে চমকপ্রদ শাড়ি, গয়না কিনে পাড়ার ভাবিদের হতবাক করে দেওয়া। এত কিছুর জন্য বাড়ির সাহেব যথেষ্ট টাকা আনেন না। অনেক ক্ষেত্রে স্ত্রী সাহেবাকেও নেমে পড়তে হয় টাকা আয় করার কাজে। তারপরে মেজাজটা আর কতক্ষণ ঠান্ডা রাখা যায়! মাথায় রক্ত চড়ে যায়। আশপাশের মানুষের ওপর মেজাজের ঝাঁপটা চলেই আসে। এরপরে স্বামী সাহেবের প্রেশারের সমস্যা হওয়ার কারণে স্ত্রীকে দোষারোপ করা কি ন্যায়সংগত? স্ত্রীর নিজেরই কত শত প্রেশার!
এক অফিসের এক বড় সাহেব খুব ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলেন, মানে মারাত্মক ধরনের প্রেশার চলছিল। মেজাজটা খুব খিঁচিয়ে ছিল। অফিসে বসে সমস্যা থেকে কীভাবে বের হয়ে আসা যায়, সেটা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন। সেই সময়ে অফিসে ঢুকলেন তাঁর এক অধস্তন অফিসার। অনেকটা উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে দেওয়ার মতো অবস্থা হলো। বড় সাহেব অফিসারকে অকারণে মেলা বকাঝকা করলেন। অধস্তন অফিসার মাথা নিচু করে বড় সাহেবের অযৌক্তিক যন্ত্রণা সহ্য করলেন। কিন্তু বাড়ি গিয়ে আর থাকতে পারলেন না। চা কেন বেশি গরম হয়েছে, এই অজুহাত দেখিয়ে স্ত্রীকে তুমুল কটূক্তি করলেন। স্ত্রী স্বামীর কথা নীরবে সহ্য করলেন। স্ত্রী সাহেবা ১০ বছরের কন্যা মুন্নি বই নিয়ে কেন পড়তে বসেনি, এই অজুহাতে উত্তম-মধ্যম মানে কন্যাকে মাইর লাগালেন। বয়সে ছোট হলেও মুন্নি মায়ের আচরণে বেজায় বিরক্ত হয়ে বাসার পোষা বিড়ালকে কষে এক লাথি মারল। বিড়াল পশু হতে পারে, কিন্তু কারণহীন অত্যাচার হজম করতে সেও প্রস্তুত ছিল না। বেচারা অবলা বিড়াল রাগের চোটে ঘর থেকে বের হয়ে এসে ডান পা দিয়ে মাটি খুঁড়তে লাগল।
দেখলেন তো এক জায়গায় চাপ তৈরি হলে কীভাবে ধারাবাহিকভাবে ছড়াতে থাকে। আমাদের পরিবেশ ও সমাজে প্রতিনিয়ত চাপ তৈরি হচ্ছে। বাতাসে চাপের তারতম্যের জন্য ঘূর্ণিঝড়, সাইক্লোন, হ্যারিকেন হচ্ছে। তাতে ব্যাপক সম্পদ ও মানুষের ক্ষয়ক্ষতি লেগেই আছে। যা-ই হোক, এখন সেই দিকে বিস্তারিত যাচ্ছি না। যেকোনো ভূগোল বই খুললেই, আপনার পরিষ্কার জানা হয়ে যাবে বাতাসের উচ্চ ও নিম্নচাপের কারণে কী কী ঘটনা-দুর্ঘটনা হচ্ছে। প্রকৃতির মতো মানুষের শরীরের মধ্যেও দুই ধরনের চাপের সৃষ্টি হয়, উচ্চ ও নিম্ন রক্তচাপ।
রক্ত ছাড়া মানুষ অচল। অক্সিজেন, শক্তি, পুষ্টি রক্তের মাধ্যমেই শরীরের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায়। নির্দিষ্ট স্রোতে (মানে প্রেশারে) রক্তকে প্রবাহিত হতে হয়। তারতম্য হলেই শরীরের চলনে, বলনে ও আচরণে সমস্যা তৈরি হয়ে যায়। কেন শরীরে এই চাপের হেরফের হয়? বেশি লবণ খাওয়া ছাড়া, সম্ভবত মূল কারণ দুটো। এক উত্তরাধিকার সূত্রে পাওয়া। অন্যটা হলো, পারিপার্শ্বিকতা। তার উদাহরণ একটু আগেই তো পেয়েছেন; ওই যে বড় সাহেবের চাপ কীভাবে এক এক করে বিড়াল পর্যন্ত পৌঁছে গিয়েছিল।
আধুনিক পৃথিবীতে মনে হয় প্রতিটা ক্ষেত্রে চাপ আর চাপ। চাপকে প্রথমে মস্তিষ্ক পরিমাপ করছে, তারপরে হৃৎপিণ্ড হয়ে সারা শরীরে চাপ ছড়িয়ে পড়ছে। অল্প কিছুসংখ্যক মানুষ চাপ নিজের মধ্যে সামাল দিতে পারে। অন্য যারা, তাদের প্রথমে ব্লাড প্রেশার ওপরের দিকে ওঠে। তারপরে কাজকর্মে চাপ স্পষ্ট হতে থাকে; মেজাজ খারাপ হয়, শরীর দুর্বল হতে হতে হার্ট অ্যাটাক-জাতীয় এবং প্রচারের যোগ্য উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটে। এটা ঠেকানোর জন্য অবশ্য ডাক্তার সাহেবরা হরদম প্রেসক্রিপশন লিখে চলেছেন।
আধুনিক প্রযুক্তি যেমন গতি এনেছে, ঠিক তেমন চাপকে করেছে বহুমুখী। ফেসবুকে ছবিতে পর্যাপ্ত লাইক না পড়ায় যুবা বয়সের বন্ধুরা অস্থির হয়ে পড়ে। সব বন্ধু কেন লাইক দেয়নি, তার কারণ খুঁজতে গিয়ে সমস্যা আরও বাড়তে থাকে। ফেসবুকে অকৃতজ্ঞ বন্ধুর অপমান সহ্য করতে না পেরে কত তরুণ-তরুণী যে লজ্জিত ও অসুস্থ হয়ে পড়েছে, তার কোনো ইয়ত্তা নেই। এমনকি এখনকার দিনে ছোট কোমলমতি শিশুদের ওপর চাপের কমতি নেই। পরীক্ষায় ভালো রেজাল্ট করো, গান-নাচের কমপিটিশনে ফার্স্ট হও ধরনের কত-না চাপের মধ্যে দিয়ে তারা যায়। তাই তো দেখি টিভি চ্যানেলগুলোর রিয়্যালিটি শোতে জিততে না পেরে শিশুরা কান্নায় ভেঙে পড়ে।
শিশুদের স্বভাবজাত বেড়ে ওঠায় সমাজ কত-না অন্তরায় তৈরি করছে। উঠতি বয়স হলে আরেক ধরনের চাপ আসে। অন্যদের সঙ্গে তাল মিলিয়ে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড জোগাড় করতে হয়। কিন্তু এ রকম যুগলের মধ্যে কি আর প্রেম থাকে? প্রেম তো জোর করে মানে চাপের থেকে হয় না। প্রেম ঝিরিঝিরি বৃষ্টির মতো এমনিতে নেমে আসে। ভালো লাগা, ভালোবাসা একের পর এক ক্রমান্বয়ে এসে সিক্ত করে কপোত-কপোতীদের। এখানে তাড়াহুড়ো, জোরজবরদস্তি করলেই ছন্দপতনের সমূহ আশঙ্কা।
বাইরের ও শরীরের প্রেশার একসঙ্গে মিলে অনেক সময়ে জটিল আকার ধারণ করছে। এতে কেউ হয় হতাশ, অন্যরা টেনশনে ভুগতে থাকে সারাক্ষণ। পরিণতিতে মেলা অসুখ-বিসুখ শরীরে বসত গাড়ছে। জীবনটা একেবারে বিষাদপূর্ণ করে তুলে। আবার কিছু মানুষ নিজেকে প্রচণ্ড অসহায় ভেবে জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আত্মহত্যার মতো চূড়ান্ত নির্মম কাজ করে। এখানে ধর্মের একটা কথা না বললেই না, ‘বান্দা সামাল দিতে পারবে না, এমন কোনো চাপ বা বোঝা সৃষ্টিকর্তা মানুষকে দেন না।’ তবে মানুষ নিজে সমস্যাটাকে জটিল করে ছাড়ে। চাপে পড়ে সে আতঙ্কিত হতে থাকে। এক আতঙ্ক থেকে আরও অনেক আতঙ্কের জন্ম দেয়। শেষে আতঙ্কে আতঙ্কে জীবন শক্তি নিঃশেষ হতে থাকে।
শ্বেতাঙ্গিনী এলিশা আমার সহকর্মী। একই অফিসে কাজ করি। বয়স চল্লিশের কাছাকাছি। ভারি মিষ্টি চেহারা! যখন কথা বলে তখন আরও বেশি সুন্দর লাগে। কারণে-অকারণে শব্দ করে হাসে। তখনই তাকে দেখতে আরও বেশি অপরূপা মনে হয়। ব্যাপারটা আমার দৃষ্টি কাড়ল। একটা-দুটো কথা হতে হতে বেশ ঘনিষ্ঠতা হয়ে গেল। ধীরে ধীরে তার জীবনের অনেক কিছুই জানা হলো। ক্যানসারে আক্রান্ত ছিল। মেলা চিকিৎসার পর এখন সে ক্যানসারমুক্ত। রেডিয়েশন, কেমো, সার্জারি, ওষুধ নিয়ে বসবাস করতে হয়েছে বহুদিন। ছিল প্রচণ্ড শারীরিক কষ্ট ও হতাশা। তার সঙ্গে যোগ হয়েছিল পারিবারিক ও অর্থনৈতিক নির্মম জটিলতা।
আমি একবার সুযোগ বুঝে জানতে চাইলাম, সে কেমন করে এই ভুবনমোহিনী হাসি দিয়ে প্রায় সব সময় মেতে থাকতে পারে। কথাটা শুনে আরেক দফা হেসে জানাল, সে এই প্রাণখুলে হাসা রপ্ত করেছে ক্যানসারে ভোগার সময়। তখন তার যে প্রচণ্ড চাপ চলছিল, তার কারণে কাঁদাটা কিংবা সারাক্ষণ মন খারাপ করে রাখাটাই স্বাভাবিক ছিল। কিন্তু সে না কেঁদে উল্টো হাসা রপ্ত করেছে। পৃথিবীর প্রতিটা কষ্টের মধ্যে যে একটা শিক্ষা মানে পজিটিভ ব্যাপার আছে, সেটা সে বের করে আনতে শিখেছে। তাই ঘটনা যেমনই হোক না কেন, সশব্দে হাসা তার চাই। কেঁদে সে পরাজিত হতে চায় না। হাসির শব্দের মাধ্যমে সে ঘোষণা করে, সে হারতে জানে না। সে অবশ্যই একজন বিজয়ী। শেষে হাসা একটু কমিয়ে বলল, ‘বন্ধু, জানোই তো হাসি হলো পৃথিবীর সেরা ওষুধ (Laughter is the best medicine)।’
চাপ মানে টেনশন আছে এবং থাকবে। ওষুধ ছাড়াও চাপ সামাল দেওয়ার অগণিত উপায় আছে। ওষুধ, আড্ডা, গান শোনা, গল্পের বই পড়া, দেশ ভ্রমণ ইত্যাদি সবই চাপ কমায়। তবে চাপে চাপে ভারাক্রান্ত না হওয়ার মূল অস্ত্র মানুষের নিজের কাছেই আছে।
সর্বশেষে নিউটনের তত্ত্বটা আরেকবার মনে করিয়ে দিই, প্রতিটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সে জন্য দুঃখ, কষ্ট, বেদনার মতো চাপের উত্তর কোনোভাবেই হতাশ হয়ে নিজের ধ্বংস ডেকে আনা হতে পারে না। বরং এসব চাপের দাঁতভাঙা জবাব দেওয়াটা অতি জরুরি। সেটা হলো প্রাণখোলা হাসি ও চাপকে সমান জোরে প্রতিহত করার সাহস ও প্রয়াস। মেঘের পেছনেই সূর্য লুকিয়ে আছে। কালো মেঘ সরাতে পারলেই দেখা মিলবে সুন্দর সোনালি ঝকঝকে দিন।
l কাজী হাসান: প্রবাসী লেখক, ই-মেইল: [email protected]