চার সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া এবং তাদের সরকারি দলের ভরাডুবি সত্ত্বেও নির্বাচন-উত্তর শান্তি বজায় থাকায় গণতন্ত্রের জয় হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের ধন্যবাদ প্রাপ্য। হানাহানিমুক্ত নির্বাচন করে বিরোধী দলের কৃতিত্বও কম নয়। অনেক স্থানে কোলাকুলি, মিষ্টিমুখ করানো, এমনকি বিজেতার জননীকে বিজয়ীর কদমবুসি ইঙ্গিত দিচ্ছে যে রাজনৈতিক পরিবেশ উন্নত হচ্ছে। প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার পরস্পরবিরোধী দাবির সারবত্তা তুড়ি মেরে নাকচ করা যাবে না। আবার তাঁরা যেভাবে আমাদের দেখাতে চান, সবটুকু সেভাবে দেখতে বুঁদ হলে আমরা তাঁদের কলুষিত রাজনীতির অবয়বটা দেখতে পাব না। প্রদীপের নিচে অন্ধকার থাকবে। কিন্তু সেটা দেখব না কেন। যাঁরা বিপুল ভোটে জিতলেন তাঁরা যেভাবে উঠে এসেছেন, সেই পথই কি অনুসরণীয়? নতুন প্রজন্মের কাছে এই নবনির্বাচিত ব্যক্তিরাই আদর্শ?চার সিটিতেই যে প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হলো, তাতে গর্ব করার জায়গা আছে। আবার গণতন্ত্রের জন্য বিরাট লজ্জাও আছে। নির্বাচন কমিশনের প্রত্যাশিত স্বাধীন সত্তা আমি এখনো অনুভব করি না। কারণ, তারা দলের গণতন্ত্রায়ণ প্রক্রিয়ার দিকে নজর দিতে চায় না। কনডেন্সড মিল্ক যে দুধ নয়, সেটা তারা বিজ্ঞাপনদাতাদের ভয়ে মুখে আনতে চায় না। প্রার্থীরা আসমান থেকে আসুক কিংবা মাটি ফুঁড়ে বেরিয়ে আসুক, সেটা তাদের দেখার বিষয় নয়। তারা ভোটের বাক্স পাতবে, দানবাক্সের মতো। তারা চার সিটিতে দানবাক্স খুলেছিল। কত কী জমা পড়েছে, সেই হিসাবটা তারা প্রশংসনীয়ভাবে জাতির সামনে প্রকাশ করতে পেরেছে। এটা এর চেয়ে বেশি কিছু অর্জন কি? আইন লঙ্ঘনের দায়ে কোনো একজনেরও প্রার্থিতা বাতিলের তেমন চেষ্টা চালাবে না কমিশন। পত্রিকান্তরের রিপোর্ট, ১১৬ নির্বাচিত কাউন্সিলরের মধ্যে ৫৭ জনের বিরুদ্ধেই হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে মামলা আছে। প্রথম আলো বলেছে, খুলনার ৩১ কাউন্সিলরের মধ্যে ১৭ জনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির মামলা আছে। হয়তো এটা ঠিক এর অনেকগুলোই হয়রানিমূলক। কিন্তু সেটা মেনে নিলেও পরিষ্কার, দলীয় সুস্থ রাজনীতির ঘাটতি দুর্বৃত্তায়নকে তীব্রতা দিচ্ছে। এর আশঙ্কায় আমরা নির্বাচন কমিশনকে শঙ্কিত হতে দেখি না। বরং তৃপ্তির ঢেকুর তুলে সিইসি আমাদের একই ঘরানার তথাকথিত ‘সুষ্ঠু’ প্রার্থীদের দিয়ে ৩০০ আসনে অবাধ জাতীয় নির্বাচনের খোয়াব দেখাচ্ছেন। সংবিধানে বিতর্কিত ৭০ অনুচ্ছেদ ঢোকানো হয়েছিল দলীয় শৃঙ্খলা রক্ষায়। সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান উপাখ্যানের পর এই চারটি সিটি নির্বাচনও প্রমাণ দিল ওই অনুচ্ছেদের উদ্দেশ্য অর্থাৎ দলীয় শৃঙ্খলা সুরক্ষা ব্যর্থ হয়েছে। দলে শৃঙ্খলা বলে কিছু নেই। প্রার্থীরা দলীয় গণতন্ত্রের মুখে কালিমা লেপন করছেন। দেশের দুই প্রধান দল ও নগরগুলো আর কোনোভাবেই অপেক্ষাকৃত উত্তম নেতা তৈরির ক্ষেত্র নয়। ব্যতিক্রম বাদে কালোটাকা ও ধরমারকাট রাজনীতির সঙ্গে কিছু সমাজসেবা ও কিছু ভালোমানুষির মিশ্রণ ঘটিয়ে একধরনের স্থানীয় সালসা তৈরি হচ্ছে। এই নির্বাচন দলের রুগ্ণ রাজনীতিপ্রসূত ওই সালসা-শক্তিকে বিজয়ী করেছে। মেয়র পদপ্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়ায় গণতন্ত্রের লেশমাত্র ছিল না। দলীয় ভিত্তিতে নির্বাচন হয়নি বলে এক রত্তি দলীয় নর্তনকুর্দন কমেনি। ভোটের দিন সরকারের একজন উপদেষ্টা এক নৈশভোজে স্বগতোক্তি করলেন, ‘আমরা (আওয়ামী লীগ) কোথাও কোনো প্রার্থী বাছাইয়ের স্বাধীনতা রাখি না।’ অপ্রিয় সত্য হলো দুই বড় দলের রাজনীতিই ক্যানসারাক্রান্ত। তাকে সুস্থ করে তুলতে সফল অস্ত্রোপচার দূরে থাক, কেমোথেরাপি দেওয়ারও প্রয়োজন বোধ করেন না রাজনৈতিক নেতৃত্ব।নির্বাচন হলো স্থানীয় সরকারের। বুক কাঁপল কেন্দ্রীয় সরকারের। স্বৈরশাসনে জেরবার জনগণ গত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে দুই হাত ভরে দেওয়ার বদলা নিয়েছে। প্রায়শ্চিত্ত করেছে। তাই সবকিছু ছাপিয়ে জাতীয় রাজনীতি প্রাধান্য পেল। সেই জাতীয় রাজনীতিটি কি? ফ্রি-স্টাইলে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে দল ও দেশ চালানোর পক্ষবিপক্ষ নির্দিষ্ট করার নাম জাতীয় রাজনীতি। উভয় দল তাদের দলীয় সংবিধানের লঙ্ঘন করে চলেছে। চারটি মহানগরে মেয়র প্রার্থী হওয়া নিয়ে পর্দার আড়ালে নানা খেলা চলেছে। কোনো দলেরই সংবিধান সেসব সমর্থন করে না কিংবা করার কথা নয়। অথচ নির্বাচন কমিশন, নাগরিক সমাজ ও মিডিয়া এসব বিষয়ে খুব সরব নয়। তারা দুই নেত্রীর চমক ও চটকদার কথাবার্তার বিশ্লেষণ নিয়ে ব্যস্ত। চার সিটিতেই রুগ্ণ দলীয় রাজনীতির অন্তিম দশা চলছে। অথচ এই নিয়ে আমাদের জাতীয় নেতাদের এতটুকু বিকার নেই। লজ্জা নেই। চার সিটিতেই চার নেতা উঠে (নবীন রাজনীতিক অর্থে নয়) এলেন। নির্বাচিত মেয়ররা দাবি করতে পারবেন না যে নীতিনৈতিকতার ঝান্ডা হাতে নিয়ে এবং কলুষমুক্ত থেকেই ওপরে উঠেছেন। এবং কোনো সুস্থ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় মনোনয়ন লাভ করেছেন। বরিশালের ভোট দানবাক্স গণনা একেবারে সহিংসতামুক্ত নয়। নির্বাচিত মেয়র আহসান হাবিব এক-এগারোতে মেয়র নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন। পিডিপির খাতায় নামও লেখান। তবে বাতাস পাল্টালে তিনিও পাল্টান। বরিশালে গত আট-দশ বছরে দুই দলেরই কাউন্সিল হয়নি। কেন্দ্রীয়ভাবে কমিটি হয়েছে।বিএনপির বরিশাল দক্ষিণের সভাপতি ছিলেন নবনির্বাচিত মেয়র। তিনি সার্কিট হাউস হত্যাকাণ্ডের আসামি ছিলেন। পরে তিনি বেকসুর খালাস পান। এবারের নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হন এবায়েদুল হক। তাঁকে ঢাকা থেকে উড়িয়ে আনা হয়। বরিশালের এবারের ‘অবাধ নির্বাচনে’ হেলিকপ্টার মার্কা জয়যুক্ত হয়েছে। শুনেছি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮০ হাজার টাকা খরচ করে এবায়েদুল হককে ঢাকা থেকে বরিশালে এনে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করানো হয়েছে। আহসান হাবিব ত্যাগী নেতাও বনে গেছেন। সভাপতির পদ ত্যাগ করে এবায়েদুল হককে দিয়েছেন। তৃণমূলের কোনো স্তরের কারও টুঁ শব্দটি বলার নেই। কারণ, ম্যাডাম চান। বরিশালের আওয়ামী পুরোধা সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। তাঁর আত্মীয়রা নাকি দলীয় প্রার্থীর বিপক্ষে প্রচারণা চালান। পরাজয়ের জন্য ‘ভাই হাসানাত’কে দায়ী করেছেন শওকত হোসেন। ওই ভাইয়ের দোয়ায় বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান বিদ্রোহী প্রার্থী হন। দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। অঙ্কের হিসাবে তিনি এক হাজার ৮০৭ ভোট পেলেও অনেকের ধারণা, আওয়ামী লীগের ঘর ঠিক থাকলে শওকত জয়ী হতেও পারতেন। রাজশাহীতে সর্বশেষ ২০০৫ সালে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত সভাপতি ও সম্পাদক দেখেছে রাজশাহীর মানুষ। এই কমিটির পূর্ণাঙ্গ রূপ পায় অর্ধযুগ পরে। এতে তিন সাংগঠনিক সম্পাদকের মধ্যে দুজন মৃত মানুষের নামও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু শেষ নির্বাচিত সভাপতির ঠাঁই তাতে মেলেনি। রাজশাহীর বর্তমান মেয়র ছাত্রদল থেকে আসা যুবদলের আহ্বায়ক। এক-এগারোতে বিএনপির ‘বিদ্রোহী মেয়র প্রার্থী’ হওয়ার সুবাদে পরিচিতি পান। এবার বিদ্রোহের পুরস্কার পেলেন। তাঁর বিরুদ্ধে দুটি ফৌজদারি অপরাধের মামলা তদন্তাধীন। এই মামলাগুলোর তদন্ত এখন থেমে যাবে। বিএনপি ক্ষমতায় গেলে ‘মিথ্যা মামলাগুলো’ নথি থেকে মুছে যাবে। সিলেটের বদরউদ্দিন আহমদ কামরান মহানগর আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন ২০০২ সালে। সেই থেকে তিনি সভাপতি ও মেয়র ছিলেন। এখন এত বড় পরাজয়ের পরও তথাকথিত দলীয় শৃঙ্খলা বজায় রাখার নামে ওই পদেই তিনি হয়তো বহাল থাকবেন। সিলেটের মানুষের কাছে কোনো দলীয় ভোট দানবাক্স খোলা হবে না। তিন মেয়াদে মেয়র থাকা কামরানের বিরুদ্ধে দুর্নীতিসহ পাঁচটি ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। দুই বড় দলই ঢাকা থেকে পূর্ণাঙ্গ গায়েবি কমিটি পাচ্ছে। এক-এগারোতে শীর্ষ দুর্নীতিবাজদের তালিকায় নতুন মেয়রের নাম ছিল। এরা প্রমাণ রাখছে একটি শহরের আওয়ামী লীগ বা বিএনপির সভাপতি ও সম্পাদকের মতো পদগুলো নির্ধারণে জনগণের কোনো কার্যকর অংশগ্রহণের দরকার নেই। এটা শুধু স্থানীয় সরকার ও সংসদ গড়াপেটার নির্বাচনে লাগবে। ২০০৪ সালে আব্দুল জলিল সিলেটের সর্বশেষ কাউন্সিলে অংশ নিয়েছিলেন। সিলেট জেলা ও মহানগর দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করে চলে আসেন। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে ছয় বছর কেটে যায়। ২০১০ সালে পূর্ণাঙ্গ পকেট কমিটি হয়েছে। প্রতিটি শহরে দলীয় গঠনতন্ত্র-বহির্ভূত অবৈধ কমিটি চলছে। অবৈধতার শিকড় এতটা গভীরে প্রথিত যে অবৈধ কমিটিগুলো না থাকলে সংগঠনেরই অস্তিত্ব থাকে না। সুতরাং যা অবৈধ তাই বৈধ, যা বেআইনি তাই আইনি। যা অগণতান্ত্রিক এখন তাই গণতান্ত্রিক। দল দুটির মধ্যে রকেট গতিতে তফাত কমছে। খুলনায় আওয়ামী লীগের বর্তমান কমিটি নয় বছরের মরচে পড়া। এর লাগাতার সভাপতি তালুকদার আবদুল খালেক। বিএনপির নবনির্বাচিত মেয়র খুলনা মহানগর সম্পাদক ছিলেন। দল অংশ নেবে না বলে তিনি নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছিলেন। সেখানেও জেলা বিএনপির সম্পাদকসহ দুজন বিদ্রোহী প্রার্থীকে বসাতে হয়েছিল।এসব তথ্য নির্দেশ করে যে প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচনের বিধান বিলুপ্ত করতে হবে। নির্বাচন কমিশনের উচিত হবে দানবাক্স পাতা এবং দানের স্বাধীনতার সংজ্ঞাটা বদলে ফেলতে প্রস্তুতি নেওয়া। নায়েব-গোমস্তার মতো আচার-আচরণ বন্ধ করা।২০১২ সালে ব্রিটেনে ১১টি বড় শহরে গণভোট হয়েছিল। এর মধ্যে একটি বাদে ১০টি শহরের মানুষ বলেছে, আমরা প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচন চাই না। কাউন্সিলরদের ভোটে পরোক্ষভাবে তাঁদের মধ্য থেকে একজন মেয়র নির্বাচিত হবেন। দেশের প্রধানমন্ত্রী যদি পরোক্ষ ভোটে সর্বময় ক্ষমতা ভোগ করতে পারেন, তাহলে প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচন করতে হবে কেন? এখন নির্বাচিত মেয়ররা প্রতিটি নগরের একজন খুদে স্বৈরশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। গণমাধ্যমগুলোও শুধু মেয়রদের নিয়ে কী ধরনের হাপিত্যেশ করতে পারে, তার প্রমাণ আমরা পেয়েছি। কাউন্সিলরদের নিয়ে কারও তেমন মাথাব্যথা ছিল না। এটা ভাবা একটা বোকামি যে চার সিটিতে আওয়ামী লীগ হেরে গেছে বলে তেমন কোনো চাপ সৃষ্টি হয়েছে সরকারের ওপর। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় প্রতিটি বড় শহরে আওয়ামী লীগ হেরেছে। এভাবে বিএনপিও হেরেছিল। তাদের বিকার হয়নি। এদেরও বিকার হবে না। বাংলাদেশে সংসদীয় খোলসে একটি বিকৃত ‘রাষ্ট্রপতি পদ্ধতির সরকার’ চলছে। যেখানে পুরো ব্যবস্থাটি ব্যক্তিকেন্দ্রিক। এই নগরগুলোও চলেছে ও চলবে ব্যক্তির হুকুমে। ১১৬ কাউন্সিলর দিয়ে চারটি মিনি সংসদ হতে পারত। তা হবে না। যে দেশে মূল সংসদ অকার্যকর থাকে, সে দেশে মিনি সংসদের উদাহরণ সৃষ্টি হতে পারে না। মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]