ভারত স্বাধীনতার ৬৮ বছর পূর্তি করতে যাচ্ছে। এ উপলক্ষে উত্তর প্রদেশের এক ধূলিমলিন শহরের কথা স্মরণ করা যেতে পারে; ১৯৪২ সালে কিছুদিনের জন্য স্বাধীনতা ঘোষণার কারণে যে শহরটির অনেককে করুণ পরিণতি বরণ করতে হয়েছিল। চিত্তু পান্ডের নেতৃত্বে বেলিয়ার সার্বভৌম প্রজাতন্ত্র সাত দিন টিকে থাকতে পেরেছিল। এরপর ব্রিটিশ সেনা ও পুলিশ বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন সেখানে ব্রিটিশরা ব্যাপক নৃশংসতা চালায়। যাঁরা তখন মারা গিয়েছিলেন বা ধর্ষিত ও প্রহৃত হয়েছিলেন, তাঁদের উত্তরসূরিরা এখনো সে স্মৃতি মনে রেখেছেন।
ইংরেজ পুলিশ কর্মকর্তা ফ্লেচারের নির্দেশে প্রায় ১৩০ জন স্থানীয় স্বাধীনতাকামী নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়। যাঁদের ফাঁসি দেওয়া হয়নি তাঁদের গাছে উঠতে বাধ্য করা হয়, যেখানে তাঁদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হয়। আবার যাঁদের গাছে উঠতে হয়নি, তাঁদের জেলখানায় নিয়ে ঝুলিয়ে অভুক্ত অবস্থায় রাখা হয়। আর যাঁদের সঙ্গে সেটা করা হয়নি, তাঁদের জেলখানার মেঝেতে বসিয়ে জোর করে এমন চা–পাতি খাওয়ানো হয়, যার কারণে তাঁদের আমাশয় হয়ে যায়।
বেলিয়ার ঘটনা আমাদের ঔপনিবেশিক শাসন সম্পর্কে কিছু ধারণা দেয়, যেখানে ভারতীয়দের মতো নিম্ন শ্রেণির মানুষেরা শ্বেত শাসকদের হাতে অবর্ণনীয় নির্যাতনের শিকার হন। এ নির্যাতনের কারণে অনেকেই মারা গেছেন, তা সে বেয়নেট মারার কারণে হোক বা বরফের ওপর বসিয়ে রাখার কারণে হোক। নাৎসিদের হাতে ইহুদিরা যে নির্যাতনের শিকার হয়েছে, তার সঙ্গে এটার তেমন তফাত নেই।
কথা হচ্ছে, জার্মানির অশভিৎজে যা হয়েছে তার নথিপত্র আছে। আর নির্যাতন শিবিরে যাঁরা এসব করেছেন, তাঁদের অনেককেই বিচারের আওতায় আনা হয়েছে। মিত্রশক্তি বা যুদ্ধোত্তর জার্মান সরকার তা না করলেও নতুন ইসরায়েল রাষ্ট্র সেটা করেছে। বেলিয়াতে যে নির্যাতন চালানো হয়েছে, তা পুরোপুরি নথিভুক্ত করা সম্ভব হয়নি। আর পুলিশ কমিশনার ফ্লেচারের কী হয়েছিল, আজ পর্যন্ত তা কেউ জানে না। এতগুলো নিরপরাধ মানুষকে হত্যার জন্য তাঁকে কখনো জবাবদিহি করতে হয়েছে কি না, সেটাও কেউ জানে না।
সাম্প্রতিক সময়ে অনেক ইতিহাসবিদের মধ্যেই এ কথা বলা ফ্যাশন হয়ে গেছে যে, ইংরেজদের ঔপনিবেশিক শাসন অতটা খারাপ ছিল না। ভারত যতটা হারিয়েছে, তার চেয়ে বেশি পেয়েছে, সেটা যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে, তেমনি সরাসরি ব্রিটিশ সরকারের শাসনামলে, যদিও এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একদল দস্যুর দঙ্গল, যারা ভদ্রলোক ব্যবসায়ীদের মতো সেজে থাকত।
কিন্তু বাস্তবে ব্রিটিশ সরকার ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলের মধ্যে তেমন পার্থক্য দেখা যায় না, তারা উভয়েই একই রকম নির্মম ছিল। একটি ছোট উদাহরণ দিলেই তা স্পষ্ট হয়ে যাবে। এই ব্রিটিশ সরকারের প্রতিনিধিরাই মহারাজা রণজিৎ সিংয়ের ছেলে ও উত্তরাধিকারী দুলিপ সিংকে খ্রিষ্টান হতে বাধ্য করেছিল। এরপর ব্রিটিশ সরকারের লোক লর্ড ডালহৌসি লাহোরের সম্পদ লুট করার পর দুলিপ সিংকে পৌরাণিক কোহিনূর হীরা রানি ভিক্টোরিয়ার কাছে নিজে গিয়ে পৌঁছে দেওয়ার জন্য প্ররোচিত করেছিল। আজ সেই কোহিনূর হীরা ব্রিটিশ রাজতন্ত্রের তাজের একদম মাঝখানে বসানো আছে।
এবার ‘গোরাদের’ শাসনের সুবিধার দিকে তাকাই। বলা হয়, ব্রিটিশরাই তো ভারতবাসীকে ইংরেজি ভাষা শিখিয়েছে, ভারতের অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করেছে—পাইপের মাধ্যমে পানি সরবরাহ, শহরাঞ্চলে বিদ্যুৎ ও পয়োনিষ্কাশন এবং টেলিগ্রাফ ও পোস্ট উভয় সেবারই ভিত্তি স্থাপন করে। আর এই ব্রিটিশরাই ভারতে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক সংস্কার এনেছে, যেমন সতীদাহ প্রথা উচ্ছেদ ও ১৮২৯ সালে শিশুবিবাহ নিষিদ্ধকরণ। তারা গুরুত্বপূর্ণ কিছু আইনও করেছিল, যেমন বিধবা পুনর্বিবাহ আইন, ১৮৫৬।
কিন্তু ভারতীয়রা ঠিকই ভদ্রলোকের মতো আচরণ করতে পারতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাণিজ্যের নামে ১৮ শতকে ভারতে নিয়ন্ত্রণ আরোপ করে, তখন তারা যথারীতি রাজস্বের হার তিন গুণ বাড়িয়ে দেয়, যেটা স্থানীয় কৃষকেরা দিতে বাধ্য ছিলেন। এমনকি চরম দুর্ভিক্ষের সময়ও কৃষকেরা এটা দিতে বাধ্য ছিলেন। কিন্তু স্থানীয় শাসকেরা যখন ভারত শাসন করতেন, তখন ব্যাপারটা একেবারেই ভিন্ন ছিল। তাঁরা দুর্যোগের সময় কৃষকদের রাজস্ব মওকুফ করে দিতেন। এমনকি সে সময় ভারতের হিন্দু ও মুসলমানদের মধ্যে বেশ সদ্ভাবও ছিল, যেটা পরবর্তীকালে আর থাকেনি।
কিন্তু ব্রিটিশরা ভারতে সব ধরনের নৃশংসতা চালিয়েছে। তারা চায়নি বেলিয়াতে ভারতীয় পতাকা তোলা হোক। যাঁরা সে সাহস দেখিয়েছেন, ব্রিটিশরা তাঁদের গুলি করে মেরেছে। শহরের এক প্রান্ত থেকে এক মুসলিম তরুণ ভারতীয় পতাকা তুলতে চেষ্টা করলে ব্রিটিশরাজের সেনারা তাঁকে গুলি করে হত্যা করে। কিন্তু সেই তরুণের হাত থেকে পতাকাটি পড়ে যাওয়ার আগেই আরেকজন স্বেচ্ছাসেবী পতাকাটি হাতে নেয়। সেনারা সেদিন ১১ জনকে হত্যা করেছিল। তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, বেলিয়ার অধিবাসীদের এই বিরুদ্ধাচরণের খবর কিন্তু ব্রিটিশ গণমাধ্যমে আসেনি। সময়টা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষভাগ। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন, ব্রিটেন কখনোই ভারতীয় সাম্রাজ্য ছেড়ে দেবে না।
তাঁর ধারণকৃত বক্তব্য থেকে জানা যায়, তিনি বলেছিলেন, ‘আমি ভারতীয়দের ঘৃণা করি। এরা নোংরা প্রকৃতির মানুষ, যাদের ধর্মও নোংরা।’ মহাত্মা গান্ধী সম্পর্কে তিনি আগে যা বলেছিলেন, তা শুনলেও একরকম ধাক্কা খেতে হবে, ‘এই গান্ধী বাবুকে দেখলে পিলে
চমকে যায়, বিবমিষা জাগে। মিডল টেম্পলের এই আইনজীবী এখন প্রাচ্যদেশীয় ফকিরের বেশ নিয়েছেন। তিনি একদিকে নাগরিকদের আইন না মানতে প্রচারণা চালাচ্ছেন, অন্যদিকে রাজ কর্মচারীদের সঙ্গে সমশর্তের ভিত্তিতে আলোচনা করতে অর্ধনগ্ন শরীরে ভাইস রিগ্যালের প্রাসাদে আসছেন।’
চার্চিল এটা বুঝতে পারেননি যে বেলিয়া যে আগুন জ্বালিয়ে দেবে তা ভারতসহ বিভিন্ন অঞ্চলেই তাদের ঔপনিবেশিক শাসন ধ্বংস করে দেবে। কিন্তু পরিহাস এই যে, আজ ব্রিটিশ পার্লামেন্টের উল্টো দিকে একটি মর্যাদাপূর্ণ স্থানে গান্ধী ও চার্চিলের ভাস্কর্য মুখোমুখি স্থাপন করা হয়েছে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন।
কুলদীপ নায়ার: ভারতীয় সাংবাদিক।