
ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি ও ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বর্জন করায় এই ভীতি সৃষ্টি হয়েছে যে যুক্তরাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে সবাই এখন চীন নিয়ে ভবিষ্যদ্বাণী করছে। আর বৈশ্বিক নেতা হিসেবে সবাই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে একভাবে মেনে নিয়েছিল, সেই ঐকমত্য ভেঙে যাওয়ায় শূন্য স্থানটা চীন কীভাবে পূরণ করবে, তা নিয়েও লোকে কথা বলতে শুরু করেছে।
এ বছরের জানুয়ারি মাসে দাভোসে সি চিন পিং যে প্রতীকীভাবে বিশ্বায়নের পক্ষাবলম্বন করলেন, সেই ব্যাপারটা বিবেচনা করুন। তিনি পৃথিবীকে ইঙ্গিত দিলেন, আজকের এই তীব্র সংকীর্ণতা ও দুর্বল বৈশ্বিক বাণিজ্যের যুগে বেইজিং স্বেচ্ছায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সহযোগিতার নিরাপত্তা দিতে চায়।
ক্রমবর্ধমান নেতৃত্বশূন্যতার মধ্যে চীন এটা জানে, শুধু অর্থনৈতিক ও সামরিক শক্তি দিয়ে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করা যাবে না। সি চিন পিংয়ের নেতৃত্বে চীনের পররাষ্ট্রনীতি থেকে বোঝা যায়, চিন্তা ও প্রতিষ্ঠানের তাৎপর্য কী, এতে বিস্মিত হওয়ার কিছু নেই।
সির মহাকৌশল বুঝতে হলে চীন কীভাবে অভ্যন্তরীণ রাজনীতির নিরিখে আন্তর্জাতিক রাজনীতি মূল্যায়ন করে থাকে, তার সঙ্গে খাপ খাওয়ানোটা বিজ্ঞতার পরিচায়ক। পণ্ডিত ব্যক্তি কিন ইয়াকিংয়ের মতে, চীনের পররাষ্ট্রনীতির ভেতরে পরাশক্তিসমূহের মধ্যকার নিরাপত্তাজনিত উভয়সংকট নয়, আছে একধরনের ‘পরিচয়সংকট’। চীন কে? এতে পৃথিবীর কী আসে-যায়? পরিচয়ের এই সংকটের ব্যাপারটা ‘বৈরিতামুক্ত সমাজ’ ও এর সঙ্গে বিশ্বদরবারে ‘শান্তিপূর্ণ উত্থানের’ সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্য দিয়ে প্রকাশিত হয়।
সির সমন্বিত মহাকৌশলের মধ্যে ব্যাপারটা বোঝা যায়। নানা রকম চিত্তাকর্ষক স্লোগানের মধ্য দিয়ে চীনা পররাষ্ট্রনীতিকে তিনি ভূষিত করেছেন। এর সঙ্গে প্রতিষ্ঠান (এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, সিল্ক রোড ফান্ড) ও প্রকল্প (ওয়ান বেল্ট ওয়ান রোড) দিয়ে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নিরাপত্তা সম্পর্কের এক জাল বুনেছেন।
২০১৩ সালে ওয়ার্ক ফোরাম অন চায়নিজ ডিপ্লোম্যাসি টুয়ার্ডস দ্য পেরিফেরিতে সি চিন পিং জোর দিয়ে বলেছেন, পররাষ্ট্রনীতি প্রণয়নে আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে নানা ধরনের মনোভঙ্গির মধ্যে ‘সমন্বয়’ আনতে হবে। বক্তৃতায় তিনি অভ্যন্তরীণ নীতির সাপেক্ষে পররাষ্ট্রনীতি প্রণয়নের কথা বলেছেন। এতে তিনি প্রান্তিক কূটনীতির সঙ্গে ‘চীনা স্বপ্ন বাস্তবায়নের’ ব্যাপারটা যুক্ত করেছিলেন। প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলতে হবে—এমন ইঙ্গিত দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন, আঞ্চলিক সহযোগিতা শুধু পারস্পরিক সুবিধা ঘিরে আবর্তিত হবে না, ‘অভিন্ন বিশ্বাস ও সামগ্রিক আঞ্চলিক কার্যক্রমের মানদণ্ড’ নির্ধারণেও এর প্রয়োজনীয়তা আছে। এসব বক্তৃতা-বিবৃতি বিশ্লেষণ করে বোঝা যায়, সি চিন পিং কূটনৈতিক ক্ষমতা ঠিক কীভাবে কাজে লাগাতে চান। বলা যায়, তিনি চীনের পুনর্জাগরণের নীতির সঙ্গে এটিকে মেলাতে চান।
এই প্রান্তিক কূটনীতির লক্ষ্য কিন্তু শুধু অর্থনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন নয়, এর মধ্য দিয়ে আঞ্চলিক ব্যবস্থার ধারণা গড়ে তোলা হবে। সে জন্যই ২০১৪ সালের কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়াতে তিনি বক্তৃতার শেষাংশে বলেছেন, এশিয়ার অন্য দেশগুলোকে নিজের বড় স্বপ্ন বাস্তবায়নে চীন সহায়তা করতে চায়।
সর্বোপরি, চীনের পররাষ্ট্রনীতিতে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা, পারস্পরিকতা, সহযোগিতা—এসব ব্যাপার থাকলেও তা কিন্তু আধিপত্য পরম্পরামুক্ত নয়। উল্লেখ করার মতো ব্যাপার হলো, চীনকে কেন্দ্র করে এ ধরনের আঞ্চলিক ব্যবস্থার ব্যাপারে প্রথাগত বিশ্বাসই চীনের প্রান্তিক কূটনীতি চালিত করছে।
মহাকৌশলের ব্যাপারে অভ্যন্তরীণ পরিসরের সঙ্গে বৈশ্বিক পরিসরের সংযোগ স্থাপনে ‘চীনা স্বপ্ন’কে বিশ্বজনীন রূপ দিতে হবে। সি চিন পিং জোর দিয়ে বলেছেন, ‘আমাদের চীনা কূটনৈতিক শক্তি বাড়াতে হবে। এর সঙ্গে আমাদের চীনা আখ্যান নির্মাণ করতে হবে, আর বাকি পৃথিবীর কাছে এই বার্তা ভালোভাবে পৌঁছে দিতে হবে।’
অন্যদিকে ‘চীনা স্বপ্ন’ ও ‘এশীয় স্বপ্নের’ প্রতি সমর্থনের ব্যাপারে কী হবে? এই স্লোগান কি ব্যক্তি, সমষ্টি না জাতিকে ধারণ করে, তা নিয়ে বিতর্ক করা যেতে পারে। সি যদি স্বপ্ন দেখেন যে আঞ্চলিক সমাজ চীনা জাতির সম্প্রসারণ মাত্র, তাহলে সার্বভৌম স্বপ্ন যতক্ষণ পর্যন্ত বেইজিংয়ের স্বপ্নের সঙ্গে সাংঘর্ষিক হবে না, তত দিন তা হজম করা সম্ভব।
নতুন ‘সিল্ক রোড’ এই কৌশলগত হিসাব-নিকাশের একদম অবিচ্ছেদ্য অংশ। এর মধ্য দিয়ে বস্তুগত শক্তিকে আদর্শিক কেনাবেচায় পরিণত করা যায়। ভূ-অর্থনৈতিক বিবেচনায় এই ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ (ওবিওআর) প্রকল্প তেমনই এক উদ্যোগ, যার মধ্যে এই অঞ্চলে সবার জন্য লাভজনক সহযোগিতার মাধ্যমে চীনা ও এশীয় স্বপ্ন বাস্তবায়নের শক্তি আছে। এ ছাড়া অনেকেই বলছেন, ওবিওআর উদ্যোগ মার্কিন নেতৃত্বাধীন উদার ব্যবস্থার সাংস্কৃতিক বিকল্প। এটাকে বেইজিংয়ের মহাদেশীয় ও সমুদ্র কৌশল হিসেবে দেখতে হবে, এতে শুধু অর্থনীতিই যুক্ত হবে না, ‘সভ্যতাও’ যুক্ত হবে।
এসবই আসলে সি চিন পিংয়ের মহাকৌশলের ব্যাপার, যার মাধ্যমে তিনি চীনকে সিদ্ধান্ত গ্রহণকারী শক্তিতে রূপান্তরিত করতে চান। তিনি চীনকে আগামী দিনের প্রভাবশালী শক্তি হিসেবে দেখতে চান। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত পুঁজিবাদের সফলতার সঙ্গে ২০০৮ সালের আর্থিক সংকটের কারণে সব জায়গাতেই অ্যাংলো স্যাক্সন বাজার ও উদার গণতন্ত্রের বৈধতা প্রশ্নের মুখে পড়েছে।
নতুন সিল্ক রোড উদ্যোগ যদি কখনো সফল হয়, তাহলে এটা নিশ্চিত হয়ে যাবে যে চীন কারও পদানত নয়। বরং সে চালকের আসনে আছে। অর্থাৎ সে পৃথিবীকে বিশ্বায়নের উন্নততর মডেলের সন্ধান দিয়েছে। এ অবস্থায় চীন নিজস্ব বৈশিষ্ট্য বা ‘এশীয় মূল্যবোধ’ ঢুকিয়ে দিয়ে বৈশ্বিক ব্যবস্থাকে পুনর্গঠিত করার চেষ্টা করবে, আর সেটা আমাদের ভাবনারও আগে ঘটে যেতে পারে।
হ্যাঁ, ডলারের কারণে যুক্তরাষ্ট্র একধরনের কাঠামোগত সুবিধা পাচ্ছে, যেটা শিগগিরই তার হাতছাড়া হবে না। কিন্তু নব্য উদারনীতিবাদের ব্যাপারে ঐকমত্য ভেঙে পড়ছে, সে কারণে উঠতি শাসক হিসেবে চীনকে আমাদের অধিকতর গুরুত্ব দিয়ে নিতে হবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, আল-জাজিরাথেকে নেওয়া।
অমর দিওয়াকার: গ্লোবাল রিস্ক ইন্টেলিজেন্সের লেখক ও পরামর্শক।