চিকিৎসকেরা স্বীকার করলেন তাঁরাও ভুল করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বজনীন সত্য হচ্ছে, মানুষ ভুল করে। বিশেষ সত্য হচ্ছে, চিকিৎসকেরাও ভুল করেন। সাধারণ সত্য হচ্ছে, বাংলাদেশের চিকিৎসকদের সিংহভাগ বিশ্বাস করেন না যে চিকিৎসকেরা ভুল করেন এবং তাঁদের অবহেলায় রোগীর মৃত্যু হয়। চিকিৎসকদের এই বিশ্বাসে আঘাত দিয়েছে পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মৌলভীবাজার শাখা। ১২ ডিসেম্বর রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে একজন রোগীর মৃত্যুতে সংক্ষুব্ধ হয়ে বিএমএ মৌলভীবাজার শাখা প্রধানমন্ত্রীকে ২১ ডিসেম্বর চিঠি দিয়েছে। সংগঠনটি মৃত্যুর কারণ উদ্‌ঘাটনের জন্য তদন্তের দাবি করেছে এবং আইনানুগ প্রতিকার চেয়েছে প্রধানমন্ত্রীর কাছে।

চিঠিতে অভিযোগ করা হয়েছে, প্রয়োজনীয় প্রস্তুতি এবং ক্যাথ-ল্যাবের প্রয়োজনীয় প্রটোকল (যেমন ক্যাথ-ল্যাবের ভেতরে রোগীর অবস্থা মনিটরের জন্য সার্বক্ষণিকভাবে অ্যানেসথেটিস্টের উপস্থিতি, ক্যাথ-ল্যাবে ডি-ফিব্রিলেটর ও ভেন্টিলেটর থাকা ইত্যাদি) ছাড়াই হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক রোগীর এনজিওগ্রাম করেন ও করোনারি স্ট্যান্টিং করার প্রস্তুতি নেন। ওটিতে রোগীর অবস্থা মনিটর করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অ্যানেসথেটিস্ট না থাকায় রোগীর অক্সিজেন-স্বল্পতা দেখা দেয়। এক ঘণ্টা পর স্ট্যান্টিং শুরু করার আগেই রোগী মারা যান।

মানুষের শরীর স্পর্শ করার এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে দেখার অধিকার সব পেশার মানুষের নেই। সেই বিরল অধিকার আছে চিকিৎসকদের। সেই অধিকার চর্চার সময় যেন স্খলন না ঘটে

বিএমএ মৌলভীবাজার শাখা ওই চিঠির অনুলিপি কেন্দ্রীয় বিএমএ মহাসচিব ও আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিবকে পাঠিয়েছে। বিএমএর মহাসচিব সংশ্লিষ্ট ওই চিকিৎসকের কাছে ঘটনা জানতে চেয়ে চিঠি দিয়েছেন। ২৪ ডিসেম্বর চিকিৎসক তাঁর অবস্থান বর্ণনা করে উত্তর দিয়েছেন। (দ্র. প্রথম আলো, ২৫ ডিসেম্বর, পৃ. ৩)। চিঠিতে চিকিৎসক দাবি করেছেন, তিনি কোনো ভুল করেননি। ওই হাসপাতালও একটি তদন্ত করেছে। ওই চিকিৎসক তিন পৃষ্ঠার জবানবন্দি দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এই সাংবাদিককে বলেছে, কোনো ভুল বা অবহেলা হয়নি।

এ বছর জানুয়ারিতে একজন প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে বিএমএ চট্টগ্রাম শাখার ডাকে চিকিৎসকেরা পেশাচর্চায় বিরত থাকেন। বিএমএ চট্টগ্রাম শাখার বক্তব্য ছিল, সংশ্লিষ্ট চিকিৎসকের ভুল বা অবহেলায় ওই প্রসূতির মৃত্যু হয়েছে কি না, তা চিকিৎসক ছাড়া অন্যরা বুঝবেন না। সুতরাং কোনো মামলা হলে তদন্ত–প্রক্রিয়ায় চিকিৎসকদের সম্পৃক্ত রাখতে হবে। দুটি ঘটনায় বিএমএর দুটি শাখার অবস্থান ভিন্ন মেরুতে।

চিকিৎসকের ভুলে বা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ মাঝেমধ্যে শোনা যায়। হাসপাতাল বা ক্লিনিক ভাঙচুরের খবর গণমাধ্যমে প্রচারিত হয়। প্রকৃত ঘটনা জানা যায় না। চিকিৎসকেরা বলেন, কোনো চিকিৎসক চান না যে তাঁর রোগী মারা যাক। তাঁরা আরও একটি কথা বলেন, তা হলো ভুল চিকিৎসা হয়েছে কী হয়নি, তা রোগীর জানার কথা নয়। রোগী তো রোগী, চিকিৎসার ঠিক-ভুল বোঝার জ্ঞান-বুদ্ধি রোগীর নেই।

এমন এক পরিবেশে বিএমএ মৌলভীবাজার শাখা ঢাকার হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে অভিযোগ তুলেছে। কারণ, রোগী নিজেই একজন চিকিৎসক। শুধু চিকিৎসক নন, চিঠিতে উল্লেখ আছে, তিনি স্বাচিপের নেতা ছিলেন। বিএমএ মহাসচিবের যে উদ্যোগ তা-ও মূলত একই কারণে। চিকিৎসকদের সংগঠন আপাতত এটা স্বীকার করল যে চিকিৎসকেরাও ভুল করেন, তাঁদের যথাযথ প্রস্তুতি থাকে না এবং প্রটোকল ছাড়াই রোগীর চিকিৎসা দেন। এ ক্ষেত্রে প্রকৃত ঘটনা যা-ই হোক না কেন।

পেশাচর্চার জন্য চিকিৎসককে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) নিবন্ধন করতে হয়। বিএমডিসির সর্বশেষ হিসাব বলছে, দেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ৮০ হাজার ২৮৫। বর্তমানে পেশাচর্চার সঙ্গে কত জন যুক্ত, সে হিসাব পাওয়া কঠিন। তবে রক্ষণশীল সংখ্যাটি হবে ৭০ হাজার। একজন চিকিৎসক দৈনিক গড়ে ২০ জন রোগীর চিকিৎসা দিলে সংখ্যাটি দাঁড়ায় ১৪ লাখ। এই ১৪ লাখ রোগীর চিকিৎসায় ভুল হতে পারে। ভুলের সংখ্যা কত, সে পরিসংখ্যান নেই। সহজে চোখে পড়ে এবং রোগীর পক্ষ ক্ষমতাধর হলে ভুল নিয়ে কথা ওঠে। ৭০ হাজার চিকিৎসকের সিংহভাগ সেটা মানতেই চান না। এ মাসে অনুষ্ঠিত অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ২৫তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সংগঠনের সাবেক সভাপতি বলেছিলেন, ১৬ শতাংশ দুর্ঘটনা হয় চিকিৎসক ও হাসপাতালের অন্যান্য কর্মচারীদের ভুলের কারণে। ১৪ শতাংশ ভুলের জন্য রোগী, চিকিৎসক ও কর্মচারী সমানভাবে দায়ী। এটা আন্তর্জাতিক পরিমণ্ডলের পরিসংখ্যান। দেশের অভিজ্ঞতা হচ্ছে, যেকোনো অনুসন্ধানে প্রথম বাধা হয়ে দাঁড়ান চিকিৎসকেরা।

বিএমএ মৌলভীবাজার শাখা অভিযোগ করেছে, ‘প্রটোকল’ অনুযায়ী রোগীর চিকিৎসা হয়নি। সহজ কথায়, পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে কোনো রোগ চিকিৎসার নির্দেশিকা হচ্ছে ‘ট্রিটমেন্ট প্রটোকল’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ রকম কিছু নির্দেশিকা আছে। কোনো কোনো রোগের আন্তর্জাতিক সংস্থাও সংশ্লিষ্ট রোগের প্রটোকল তৈরি করে। অনেক প্রতিষ্ঠান নিজেরাই প্রটোকল তৈরি করে। প্রটোকল অনুসরণ করলে ভুল কম হয়। বাংলাদেশে সরকারি-বেসরকারি কটি প্রতিষ্ঠান প্রটোকল অনুসরণ করে, অথবা কত জন চিকিৎসক প্রটোকল মানেন, এমন প্রশ্নের উত্তর ১৪ লাখ রোগীর (দৈনিক) জানা নেই। উত্তর প্রত্যেক চিকিৎসকেরই জানা।

মানুষের শরীর স্পর্শ করার এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে দেখার অধিকার সব পেশার মানুষের নেই। সেই বিরল অধিকার আছে চিকিৎসকদের। সেই অধিকার চর্চার সময় যেন স্খলন না ঘটে। তাই পেশাচর্চা শুরুর আগে ‘ওথ’ নিতে হয় বা ‘শপথ’ করতে হয়। কম পেশার মানুষকে এ ধরনের শপথ নিতে হয়। চিকিৎসকদের শপথ ‘হিপোক্রেটিক ওথ’ নামে সারা বিশ্বে পরিচিত। হিপোক্রাটকে পাশ্চাত্যের চিকিৎসাশাস্ত্রের জনক বলা হয়। যিশুখ্রিষ্টের জন্মেরও ৩০০ বছর আগে তিনি কিছু নীতি-নির্দেশনা চিকিৎসকদের জন্য ঠিক করে গিয়েছিলেন। তার পরিমার্জিত রূপ বাংলাদেশেও ব্যবহৃত হচ্ছে। চিকিৎসককে শপথ করে বলতে হয়, সবকিছুর ওপরে রোগীর স্বার্থ। রোগীরা জানেন না যে সেবা দেওয়ার আগে চিকিৎসক শপথ নিয়েছিলেন। নেতারা তো বটেই, সাধারণ চিকিৎসকেরা তা ভুলে গেছেন।

শিশির মোড়ল: সাংবাদিক।