আমরা যখন ক্রমশ কীটস্য কীটে পরিণত হচ্ছি আর নিত্যনতুন খোলসে ঢুকে দিব্যি দানাপানিতে দিন গুজরানের তালে তন্ময় হচ্ছি, তখন আমাদের সদা শান্ত মেয়েশিশুরা প্রতিবাদ করছে। হাতের কাছে যতটুকু যা আছে, তা-ই তারা ব্যবহার করছে। মেহেরপুরের প্রাথমিক বিদ্যালয়ের ছয় ছাত্রী অবশেষে তদন্ত কমিটির সামনে বলে দিয়েছে কেন তারা স্কুলে যেতে ভয় পায়। চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছয় ছাত্রী মুখ খুলেছে; নির্দ্বিধায় নিঃসংকোচে বলেছে প্রধান শিক্ষক কীভাবে তাদের যৌন হেনস্তা করেন।
তাদের প্রথম প্রতিবাদ ছিল দল বেঁধে স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া, তারপর তারা বিস্তারিত জানায় তদন্ত কমিটিকে। প্রধান শিক্ষক এখন অবশ্য ষড়যন্ত্রের কথা বলছেন। এর আগেও শিশুরা মুখ খুলেছে, প্রতিবাদ করেছে, কিন্তু বড়রা আপস করেছেন। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে পঞ্চগড়ের বোদায় খারিজা ঝলই ভক্তরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে ছাত্রীরা মুখ খুললে স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষকের হস্তক্ষেপে দেড় লাখ টাকা জরিমানায় আপস করা হয়। অভিযুক্ত শিক্ষক আরও নারী নির্যাতনের অভিযোগ মাথায় নিয়ে পার পেয়ে যান।
২০১৬ সালের জুলাই মাসে বরিশালের মুলাদী বাটামারা ইউনিয়নের সেলিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষককে দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে বরখাস্ত করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তার পরের ঘটনা আর গণমাধ্যমে আসেনি। অন্তঃসত্ত্বা হয়ে যাওয়া সেই ছাত্রীও কি আপসের ফাঁদে আটকে গেছে?
শুধু যে মেয়েশিশুরা বিদ্যাপীঠে যৌন নির্যাতনের শিকার হচ্ছে তা নয়; গত নভেম্বরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ধাওয়া গ্রামে অবস্থিত এক ধর্মীয় বিদ্যালয়ের ছাত্রাবাসে গভীর রাতে নয় বছরের এক ছাত্রকে বলাৎকার করলে অন্য ছাত্ররা প্রতিবাদী হয়ে ওঠে। গ্রামবাসী স্থাপনাটি ঘেরাও করে। স্থাপনার তত্ত্বাবধায়ক বা সুপারের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। এটাও একধরনের আপস। যৌন নির্যাতনের ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর তাদের মেরে ফেলার ঘটনা এই ঢাকা শহরের কাছেই একাধিকবার ঘটেছে।
পপুলেশন কাউন্সিলের এক গবেষণায় (২০১৮) দেখা গেছে, বাংলাদেশের ৭৬ শতাংশ কিশোরী শিক্ষাপ্রতিষ্ঠানে ও শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে শিক্ষকদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। গত ৭ মার্চের ঘটনা সবার জানা। মেয়েদের ওপর যৌন নির্যাতন এখন আর বিদ্যালয় বা কোচিং সেন্টার বা গৃহের চৌহদ্দির মধ্যে বাঁধা নেই। দিনের আলোয় প্রকাশ্য জায়গায় দলবদ্ধভাবে সবার সামনে বর্বরতা চলছে। ওই দিনের মাত্র তিন-চারটি ঘটনা নিয়ে ভুক্তভোগীরা ফেসবুকে তাঁদের ঘটনার কথা, হতাশার কথা বলেছিলেন। দোষী ব্যক্তিদের ধরার আশ্বাস মিলেছিল। কিন্তু ওই পর্যন্তই।
কয়েক দিন আগে আরেক ছাত্রী মুখ খুলেছে ফেসবুকে—মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় থাকা কাতারে কাতারে অফিস অথবা গৃহগামী যাত্রীর সামনে কতিপয় বর্বর তার গায়ে হাত দেয়, গাল টিপে ধরে। মেয়েটি চিৎকার করলেও কেউ তার পক্ষে এগিয়ে আসেনি, কথা বলেনি, প্রশ্ন করেনি। মেয়েটিই বা কী বলবে, সে যা বলার তার ফেসবুক অডিওতে বলেছে, বলেছে আমাদের বন্ধু আকাশের কবিতায় (আকাশ চক্রবর্তী)। সে কি কবিতা বা গানটি আগে শুনেছিল?
...জন্মের আগে মৃত্যু দিয়েছে, জন্মের পরে ভয়
সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়
যদি ভুলচুক হয়, কোনোভাবে অসাবধানের রাশ
দুই বছরেই ধর্ষিতা তুই! তোরই কিন্তু দোষ।
সম্ভব হলে সূর্যের আলো মাখিস না চোখে মুখে,
না হলেও খুব চুপি চুপি মাখ পাছে দেখে ফেলে
এরপরও খোলা রাস্তায় ওরা খেয়ে ফেলে গেলে তোকে
প্রশাসন শুধু হাততালি দিয়ে বেশ্যা বলবে তোকে।
চিৎকার কর মেয়ে, দেখি কত দূর গলা যায়
আমাদের শুধু ধ্বজা ভাঙা বখে এগিয়ে চলার দায়...
আমাদের প্রশাসনেরই কে যেন পয়লা বৈশাখের নারী নির্যাতনের ঘটনাকে তরুণদের ‘দুষ্টুমি’ বলেছিল! এটা কি হাততালি নয়?
লজ্জা লজ্জা লজ্জা! কীটের মতো বেঁচে থাকার লজ্জা।
পুনশ্চ, এর মধ্যেই ধামরাইয়ে রাতের বাসে ঘরে ফেরা নারীর ওপর পাশবিক নির্যাতনের বিভীষিকাময় খবর আবার সংবাদ শিরোনাম হয়েছে, এবার মেয়েটি চিৎকার করে পুলিশের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়, পুলিশ এগিয়ে আসে (তাদের ধন্যবাদ)। এ চিৎকার শুধু আওয়াজ নয়, প্রতিবাদের ভাষাও, মেয়ে নয় বরং মানুষ হিসেবে বাঁচার অধিকার আদায়ের ভাষা। ইডেনের ছাত্রীরা চাঁদনিচক মার্কেটে হেনস্তার শিকার হয়ে আবার ফিরে গেছেন পুলিশ নিয়ে, চিনিয়ে দিয়েছেন অপরাধীদের, কোনো আপসরফায় যাননি তাঁরা। ঘুরে দাঁড়ানোর এসব চেষ্টা আরও বেগবান হোক, যুদ্ধটা আমাদের সবার।
গওহার নঈম ওয়ারা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক