রাজনীতি মানেই বদল, পরিবর্তন। দেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি—সবই বদলায়। বদলায় কূটনৈতিক সম্পর্ক, সম্পর্কের হিসাব-নিকাশ ও বাস্তবতা। তবে এসব পরিবর্তনে আগে যতটা সময় লাগত, এখন আর সেই অবস্থা নেই, এখন গতির যুগ। ভারত-মার্কিন সম্পর্কে পরিবর্তনের ধারা খুব আগে শুরু হয়েছে এমন বলা যাবে না। কিন্তু এরই মধ্যে গত সোমবার দেশ দুটি সামরিক সহযোগিতার ক্ষেত্রে যে চুক্তি সই করল, তা একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছে।
যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদির ভিসা প্রত্যাখ্যান করেছিল তা খুব বেশি দিন আগের ঘটনা নয়। মাত্র ১১ বছর আগে, ২০০৫ সালে। আর ২০১৪ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর বছর দুয়েকের মধ্যে সেই মোদিই যুক্তরাষ্ট্র সফর করেছেন চারবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তাঁর এ পর্যন্ত দেখা হয়েছে সাতবার। মোদির সময়ে দুই দেশের সম্পর্কের গতিটা বলা যায় ঝড়ের মতোই এগিয়েছে। ভারত-মার্কিন সম্পর্কের এক নতুন পর্যায় বা সামরিক সহযোগিতার এই মাইলফলক চুক্তি এলইএমওএর (লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব অ্যাগ্রিমেন্ট) কৃতিত্ব তাই মোদি ও তাঁর সরকারেরই।
এই চুক্তির ফলে এখন ভারত ও যুক্তরাষ্ট্র নানা প্রয়োজনে একে অন্যের ঘাঁটি ব্যবহার করতে পারবে। তা সামরিক ও মানবিক যেকোনো প্রয়োজনেই হোক না কেন। চুক্তি স্বাক্ষরের পর দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা যা বলেছেন তাতে বোঝা যায়, দুই দেশের সেনাবাহিনী রসদ ও সরঞ্জাম জোগানের ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করবে, যৌথ মহড়া, অভিযানসহ নানা কর্মকাণ্ড চলবে, বিশেষ করে ভারত-মার্কিন নৌসেনারা পরস্পরকে আরও সহজ উপায়ে সহযোগিতা করতে পারবে। এই চুক্তির পর ভারতের একটি পত্রিকা লিখেছে, এখন সামনের দিনগুলোতে ভারতের কোনো বিমান ঘাঁটিতে আমেরিকান এফ–২২ বিমান নামা অথবা ভারতীয় বিমানবাহিনীর কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারের সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া অথবা জাপানের ওকিনাওয়ায় নামতে বা সেখান থেকে উড়তে দেখার দৃশ্যগুলো স্বাভাবিক বলে মনে হবে।
কোনো পরাশক্তির সঙ্গে এর কাছাকাছি মাত্রার সামরিক সহযোগিতার চুক্তি ভারত এর আগে একবারই করেছিল, সেটা ১৯৭১ সালে এবং দেশটি ছিল সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর আগস্ট মাসে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভারত ‘শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতা’র এই চুক্তিটি করেছিল। ওই চুক্তিটি পরিষ্কারভাবেই একটি কৌশলগত সামরিক সহযোগিতা চুক্তি ছিল। এবং সেখানে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সীমিত সহযোগিতার কথা বলা হয়েছিল। আর এখন ভারত সামরিক চুক্তি করল সোভিয়েত ইউনিয়নের সেই সময়ের বিরোধী শক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে। সেই চুক্তির চেয়ে এটা অনেক ধাপ এগিয়ে। সামরিক প্রয়োজনে দুই দেশের সেনাবাহিনীকে দুই দেশের ঘাঁটি ব্যবহারের পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে।
আমাদের মনে আছে, ২০০৩ সালেও ইরাক আক্রমণের সময় যুক্তরাষ্ট্র ভারতের সামরিক সহযোগিতা চেয়েছিল। বিজেপি সরকারই তখন ক্ষমতায়, আর প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি। যুক্তরাষ্ট্র চেয়েছিল সেই অভিযানে ভারত তাদের সেনা ব্রিগেড পাঠাক। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের পক্ষে তখন সরকারের অনেকে থাকলেও বাজপেয়ি এর বিরুদ্ধে অবস্থান নেন। শুধু জাতিসংঘের অধীনেই আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী কাজ করবে, সেটাই ছিল সেই পর্যন্ত ভারতের নীতি।
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের এই যে এত পরিবর্তন, এর মূল কারণ হচ্ছে চীন। আরও সুনির্দিষ্টভাবে বললে এ অঞ্চলের সমুদ্রে নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠায় চীনের মরিয়া অবস্থান। এই অঞ্চল, বিশেষ করে দক্ষিণ এশিয়া দিয়েই চীনের ৮০ শতাংশ তেল আমদানি হয়। ফলে সমুদ্র এবং এর ওপর নিয়ন্ত্রণের বিষয়টি চীনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা দেশটি ভালোভাবেই আমলে নিয়েছে।
১৯ শতকের মার্কিন নৌকৌশলবিদ আলফ্রেড থায়ার মাহান সমুদ্রবাণিজ্য, নৌপথ, নৌশক্তি, এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ—এসব নিয়ে বেশ কিছু প্রবন্ধ লিখেছেন। আগের এক লেখায় তাঁকে উদ্ধৃত করেছিলাম। (ভূরাজনীতির কবলে বঙ্গোপসাগর, ৪ ফেব্রুয়ারি, ২০১৬) মাহানের সেই প্রবন্ধগুলোর সংকলন নিয়ে প্রকাশিত বইটির নাম দ্য ইন্টারেস্ট অব আমেরিকা ইন সি পাওয়ার (১৮৯৭)। শত বছরের বেশি পুরোনো সেই বইটিতে তিনি যে ভবিষ্যদ্বাণী করেছেন তা সত্যিই বিস্ময়কর। তিনি তখন লিখেছেন, সমুদ্র যার নিয়ন্ত্রণে থাকবে, তার পক্ষে পৃথিবীকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি যুক্তি দিয়ে বলেছেন, স্থলভূমিতে যতই সম্পদ থাকুক না কেন, সমুদ্রপথে সম্পদ বিনিময় বা বাণিজ্য যত সহজ, অন্য কোনো পথে অত সহজ নয়। তাঁর সিদ্ধান্ত হচ্ছে, কোনো দেশের যদি দুনিয়ায় বড় শক্তি হওয়ার বাসনা থাকে, তবে সেই দেশটিকে আশপাশের জলসীমায় নিয়ন্ত্রণ কায়েম করতে হবে।
বর্তমান দুনিয়ার একক পরাশক্তি হিসেবে নৌশক্তিতে যুক্তরাষ্ট্রের অবস্থান এক নম্বরে। বলা যায়, দুনিয়াজুড়েই সমুদ্রে সে তার কর্তৃত্ব জোরদার করেছে। নৌশক্তিতে এর পরেই রয়েছে চীন। মার্কিন নৌকৌশলবিদের তত্ত্বকেই চীন চূড়ান্ত বলে মানছে কি না, কে জানে। কিন্তু আশপাশের জলসীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে চীন যে মাত্রায় মরিয়া হয়ে উঠেছে, তাতে এটা মনে হওয়া স্বাভাবিক যে আলফ্রেড মাহানের তত্ত্বই যেন তাদের মাথার মধ্যে রয়েছে। এটা এখন পরিষ্কার যে চীনের এই অবস্থানই ভারত ও যুক্তরাষ্ট্রকে এ ধরনের একটি সামরিক সহযোগিতা চুক্তির দিকে নিয়ে গেছে। এ অঞ্চলে সমুদ্রের ওপর কতৃত্বটা ভারত-যুক্তরাষ্ট্র মিলেমিশেই এখন করতে চায়।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই এলইএমওএ আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের দীর্ঘদিনের অবস্থান থেকে এটা একটা বড় পরিবর্তন। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘদিন ধরেই এর বিরোধিতা রয়েছে। ভারতের অনেক নিরাপত্তা বিশ্লেষক ও আগের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের লোকজন যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের চুক্তির বিরোধী। তাঁদের যুক্তি হচ্ছে, আনুষ্ঠানিক চুক্তির ফলে ভারতকে যুক্তরাষ্ট্রের অনেক বিরোধের সঙ্গী হতে হবে। এই চুক্তি রাশিয়া, চীন ও মধ্যপ্রাচ্যের কিছু বন্ধুদেশকে ক্ষুব্ধ করতে পারে। কংগ্রেস সরকারের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা দীর্ঘদিন এ ধরনের চুক্তি থেকে বিরত থেকেছি, কারণ আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে এক হয়ে অন্য কারও শত্রু হতে চাইনি, বিশেষ করে চীনের।’ তবে মোদি এসবের ধার ধারেন বলে মনে হয় না, তিনি বরং যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক জোরালো করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন।
ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে এ পর্যায়ে যেতে পারে, তা অবশ্য অনুমান করা যাচ্ছিল। এ বছরের শুরুতে জ্যেষ্ঠ আমেরিকান সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল হ্যারি হ্যারিস নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে বলেছিলেন, শিগগিরই দুই দেশের নৌযান ‘ইন্দো-এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একসঙ্গে ঘুরে বেড়াবে এবং এমন দৃশ্য স্বাভাবিক হয়ে যাবে। এ অঞ্চলে চীন যেভাবে তার সামরিক শক্তি বিশেষ করে নৌশক্তি ও আধিপত্য বাড়াচ্ছে, তার জবাবেই এই বক্তব্য দিয়েছিলেন মার্কিন অ্যাডমিরাল। এশিয়ায় ভারত নিরাপত্তার দায়িত্ব নিক এবং যুক্তরাষ্ট্র তাকে সহযোগিতা দেবে—এই প্রত্যাশাই আসলে ফুটে উঠেছিল তার বক্তব্যে। (সূত্র ওয়াশিংটন পোস্ট, আগস্ট ৩০, ২০১৬)
এ অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতায় ভারত ও যুক্তরাষ্ট্র দুই দেশই শেষ পর্যন্ত এটাকেই দস্তুর মেনেছে। পাকিস্তান ও আফগানিস্তান বিষয়ে হয়তো ভারত ও যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানের মধ্যে ফারাক রয়েছে। কিন্তু এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাস্তবতায় দুই দেশের স্বার্থের মধ্যে ঐক্য রয়েছে। ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্টের এক লেখায় নতুন দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি গবেষক ও কলাম লেখক সংকল্প গুরজার গত জুনে এক লেখায় লিখেছেন, ‘চীনের উত্থান ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিবর্তনশীল ভূরাজনীতিই এ দুটি দেশের কাছাকাছি আসার প্রধান কারণ। ওবামা এশিয়া বিষয়ে যে ‘পাইভট টু এশিয়া’ কৌশল নিয়েছেন, তার মাধ্যমে যুক্তরাষ্ট্র এখানকার বিকাশমান ভূরাজনীতিতে তার ভূমিকা বাড়াতে চায়। অন্যদিকে ভারত এ অঞ্চলের অন্যান্য রাষ্ট্রের সঙ্গেও নানাভাবে যুক্ত এবং একই সঙ্গে ভিয়েতনাম, সিঙ্গাপুর ও জাপানের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে।
গুরজার লিখেছেন, ‘চীনের আগ্রাসী মনোভাব এবং এই অঞ্চলে প্রভুত্ব করার চেষ্টার ব্যাপারে ভারত ও যুক্তরাষ্ট্র একইভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে এই অঞ্চলের উন্নয়নের গুরুত্ব কী, তা বোঝা যায় এ ঘটনা থেকে যে গত বছর দুটি দেশই ভারত মহাসাগর ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য যৌথ কৌশলগত লক্ষ্য ঘোষণা করে।’ এখন আমরা বলতে পারি যে এলইএমওএ চুক্তির মধ্য দিয়ে তা পূর্ণতা ও চূড়ান্ত রূপ পেল।
এই চুক্তির বিষয়ে ফোর্বস-এর সমরবিষয়ক লেখক চার্লস তিফিয়ের প্রতিক্রিয়া হচ্ছে, ‘যুক্তরাষ্ট্রের কাছে এটা এশিয়াকে ঘেরাও করার বড় পরিকল্পনার অংশ, যার লক্ষ্য চীনের উত্থান মোকাবিলা করা। শিগগিরই মার্কিন নৌবাহিনী তাদের নৌবহরের ৬০ ভাগ জাহাজ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করতে চায়। এ ক্ষেত্রে তাদের ইরাক ও আফগানিস্তানের মতো অবকাঠামো বানাতে হবে না, তারা ভারতের চমৎকার অবকাঠামোর সুযোগ পাবে, তাদের শুধু সেটা ব্যবহার করতে হবে।’ আসলে দক্ষিণ চীন সাগরে চীনের বিমান ঘাঁটিসহ কৃত্রিম দ্বীপ নির্মাণের সরাসরি প্রতিক্রিয়া হচ্ছে এই এলইএমওএ। তিনি বলেন, উগ্রপন্থী জিহাদিরাও ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন শত্রু, তাদের বিরুদ্ধে যুদ্ধ চালাতেও এটা দরকার।
এই যে ভারত-যুক্তরাষ্ট্র চুক্তি, যা মূলত চীনকে কেন্দ্র করেই করা বলে ধরে নেওয়া হচ্ছে, তাকে যেন পাত্তাই দিতে চাইছে না চীন। চুক্তির পর চীন তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছে, এটা একটি ‘স্বাভাবিক সহযোগিতা’। কূটনীতি এমনই, এর হিসাব-নিকাশটি একটু গভীরেই চাপা থাকে, ফলাফল টের পাওয়া যায় পরে। এখানে ‘অস্বাভাবিক’ বলে তেমন কিছু খুব একটা থাকে না। ভারত-যুক্তরাষ্ট্র চুক্তির পরদিনই টাইমস অব ইন্ডিয়া খবর দিয়েছে যে চীন থেকে আটটি ডুবোজাহাজ কিনছে পাকিস্তান। গ্রুপ ২০–এর সম্মেলনে যোগ দিতে এবং বিশ্ব জলবায়ু চুক্তির ঘোষণা দিতে আমেরিকার প্রেসিডেন্ট ওবামা এখন চীনে রয়েছেন, সেখানে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের মৈত্রী যখন সর্বোচ্চ পর্যায়ে, তখন আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন শি জিনপিং। আগস্টে বাংলাদেশ সফর করে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আর অক্টেবরে আসছেন চীনের প্রেসিডেন্ট। এ অঞ্চলের ভূরাজনীতি যে বেশ গতি পেয়েছে, তা মানতেই হচ্ছে।
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]