চীন কিছু করছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার উত্তর কোরিয়া এক আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটাল। বিশেষজ্ঞদের মতে, এটা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্টরা অনেক দিন আগেই বলেছেন, যুক্তরাষ্ট্র এটা সহ্য করতে পারে না। ২৪ দিনের মধ্যে দেশটি এ নিয়ে দ্বিতীয়বারের মতো আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটাল। কিন্তু এটা নিশ্চিত নয়, তারা যুক্তরাষ্ট্রের মানচিত্রের নিচের দিকের ৪৮টি রাজ্যে পারমাণবিক বোমার আঘাত হানার মতো প্রাযুক্তিক উৎকর্ষ অর্জন করতে পেরেছে কি না। কিন্তু যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি সতর্ক করে দিয়েছে, উত্তর কোরিয়া সম্ভবত এক বছরের মধ্যে এটা করতে সক্ষম হবে। শুক্রবারের এই পরীক্ষায় বোঝা গেল, উত্তর কোরিয়া দ্রুতগতিতে সে লক্ষ্যে এগোচ্ছে।

শুক্রবারের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি ৪৭ মিনিট বাতাসে ভেসে ছিল। এটি খাড়াভাবে মহাশূন্যের দিকে ২ হাজার ৩০০ মাইল উঠে গিয়েছিল। আর এটা যদি শূন্যে না মেরে ভূমি লক্ষ্য করে মারা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ শহর ঝুঁকির মুখে পড়তে পারে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক কিম ডং-ইয়ুবও বলেছেন, এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। তবে পেন্টাগন দ্রুতই ঘোষণা দেয়, ‘নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড)’ এটা নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়ার উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র উত্তর আমেরিকার জন্য ঝুঁকির কারণ নয়। এই বিবৃতির সত্যতা থাকলেও ঘটনাটির সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব অগ্রাহ্য করা হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা শনিবার জানিয়েছে, কিম জং উন এই ‘পরীক্ষামূলক উৎক্ষেপণ’কে যুক্তরাষ্ট্রের জন্য ‘কঠোর হুঁশিয়ারি’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি গর্বভরে বলে দিয়েছেন, উত্তর কোরিয়া এখন যেকোনো জায়গা থেকে যেকোনো সময় এই আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম এবং পুরো যুক্তরাষ্ট্রই তাদের আয়ত্তের মধ্যে।

এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বহুদূর গেছে। ইন্টারনেট হামলা করে তারা উত্তর কোরিয়ার পরীক্ষামূলক উৎক্ষেপণ নস্যাৎ করার চেষ্টা করেছে এবং তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির গতি হ্রাসের চেষ্টা করেছে। এই পরীক্ষার কয়েক ঘণ্টা আগে কংগ্রেস উত্তর কোরিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞার অনুমতি দেয়। তবে কিছু কৌশলগত সফলতা পেলেও যুক্তরাষ্ট্র এই অস্ত্র কর্মসূচি থামাতে পারেনি। কিম জং উন তো যুক্তরাষ্ট্রকে এটা দেখাতে মরিয়া যে তিনি লক্ষ্যচ্যুত হবেন না। সে কারণে তিনি এই পরীক্ষার গতি বাড়িয়ে দিয়েছেন। শনিবার কিম বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের হুমকি দেওয়ার অর্থ হলো ‘শুধু আমাদের সংকল্প সংহত করা এবং পারমাণবিক অস্ত্র ধারণের যৌক্তিকতা প্রতিপন্ন করা।’

এ ঘটনার পর অতীতের রীতির ছেদ ঘটিয়ে হোয়াইট হাউস প্রেসিডেন্টের নামে এক বিবৃতি প্রকাশ করেছে। ট্রাম্প এতে বলেছেন, ‘এই অস্ত্র ও পরীক্ষা পৃথিবীকে হুমকির মুখে ফেলেছে। এতে উত্তর কোরিয়া আরও বিচ্ছিন্ন হবে এবং তার অর্থনীতি দুর্বল ও মানুষ বঞ্চিত হবে। যুক্তরাষ্ট্র তার ভূমি এবং এই অঞ্চলের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেবে।’

ট্রাম্প চীনের সহায়তা নিয়ে উত্তর কোরিয়ার এই উসকানি বন্ধের আশা করেছিলেন। তিনি ভেবেছিলেন, কিমকে চাপে রাখার লক্ষ্যে সি চিন পিংয়ের সঙ্গে তাঁর মতৈক্য হয়েছে। কিন্তু গত দুই মাসে এটা পরিষ্কার যে ট্রাম্প পূর্বসূরিদের মতো আবিষ্কার করেছেন, চীনারা উত্তর কোরিয়ার সরকার যাতে ভেঙে না পড়ে, সে ব্যাপারেই বেশি তৎপর। বাণিজ্য ও জ্বালানি নিষেধাজ্ঞা দিয়ে উত্তর কোরিয়াকে বাগে আনার চেয়ে তারা তাকে রক্ষা করতেই বেশি আগ্রহী।

শনিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করলেও অন্যান্য দেশের উদ্দেশে তারা বলেছে, তাদের এমন কিছু করা উচিত হবে না, যাতে ইটের বদলে পাটকেল মারার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শি ইনহং বলেছেন, চীনা সরকার এই পরীক্ষামূলক উৎক্ষেপণকে তার এ দৃষ্টিভঙ্গির সত্যতা হিসেবে জাহির করবে যে উত্তর কোরিয়ার ব্যাপারে ট্রাম্পের নীতি ব্যর্থ হচ্ছে। কিন্তু চীনও কিমের আচরণে পরিবর্তন আনতে পারেনি।

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জে-ইন জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। অন্যদিকে তিনি ক্ষমতা প্রদর্শনের জন্য সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে বলেছেন। ৪ জুলাই উত্তর কোরিয়া প্রথম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পরও তারা যৌথ পরীক্ষা চালিয়েছিল।

উত্তর কোরিয়ার এই ক্রমবর্ধমান হুমকির কারণে মুন যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র স্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হন, যদিও প্রাথমিকভাবে তিনি এটি স্থাপনে উৎসাহী ছিলেন না। শনিবারের বিবৃতিতে তিনি সামরিক বাহিনীকে বলেছেন, তারা যেন এটা চালিয়ে যায়। উত্তর কোরিয়ার সমাজ আবদ্ধ। দেশটির সরকারের গোপনীয়তার কারণে এটা বলা কঠিন হয়ে যায় যে তারা প্রকৃতপক্ষে এই কর্মসূচি নিয়ে কত দূর অগ্রসর হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, উত্তর কোরিয়া এখনো এই ক্ষেপণাস্ত্রে পারমাণবিক যুদ্ধাস্ত্র লাগানোর সক্ষমতা অর্জন করেনি।

যাহোক, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, ৪ জুলাইয়ের পরীক্ষার পর থেকে এখন পর্যন্ত এটা বলা মুশকিল যে উত্তর কোরিয়া এখন পর্যন্ত দীর্ঘমেয়াদি ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আয়ত্ত করতে পেরেছে কি না। বিশেষ করে যাকে বলে রি-এন্ট্রি, সেটি তারা আয়ত্ত করতে পেরেছে কি না। তবে দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ৪ জুলাইয়ের চেয়ে এবারের ক্ষেপণাস্ত্র উন্নত প্রযুক্তির। এখন প্রাযুক্তিক দিক নিয়ে অনেক আলোচনা হতে পারে, কিন্তু এতে যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল, সেটা তো অস্বীকার করার জো নেই।

অনুবাদ: প্রতীক বর্ধন, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।

ডেভিড ই স্যাঙ্গার: নিউইয়র্ক টাইমস-এর নিরাপত্তাবিষয়ক প্রতিনিধি।

চোয়ে স্যাঙ-হুন: নিউইয়র্ক টাইমস-এর কোরিয়া প্রতিনিধি।

উইলিয়াম জে ব্রড: নিউইয়র্ক টাইমস-এর জ্যেষ্ঠ লেখক।