চীন ক্ষতিগ্রস্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনঝিন পেই
মিনঝিন পেই

চীনের সরকারি গণমাধ্যমগুলোর হাতে সুযোগ এসেছে, তারা বলে বেড়াচ্ছে—পশ্চিমা গণতন্ত্র অকার্যকর হয়ে গেছে। হ্যাঁ, তাদের হাতে অনেক প্রমাণ আছে: ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়া এবং কয়েক দিন পরপর ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা। কিন্তু সত্যটি হচ্ছে, পশ্চিমের কিছু হারানো মানেই চীনের পাওয়া নয়।|
তাদের আশার জায়গাটা হচ্ছে, সারা পৃথিবীতেই গণতান্ত্রিক দেশগুলোর পর্যুদস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে চীনা কমিউনিস্ট পার্টির বিশ্বাসযোগ্যতা বাড়তে পারে। আর হ্যাঁ, চীনা কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক মুখপত্র পিপলস ডেইলিতে যে মন্তব্য কলাম ছাপা হয়েছে, তাতে দেখানো হয়েছে, ব্রেক্সিট আসলে পশ্চিমা গণতন্ত্রের মৌলিক ভুলের ফসল। সেই একই পত্রিকায় এটাও বলা হয়েছে, ট্রাম্পের উত্থান থেকে বোঝা যায় যে মার্কিন ব্যবস্থায় রাজনৈতিক নেতারা বর্ণবাদী উত্তেজনাসহ অসহিষ্ণুতার মতো ‘জটিল সামাজিক সমস্যা’ আমলে নিতে পারেন না, তাঁরা অসহায়।
|
পিপলস ডেইলির সঙ্গে সম্পর্কিত অতি জাতীয়তাবাদী ট্যাবলয়েড দ্য গ্লোবাল টাইমস-এ আপাতদৃষ্টিতে বলা হয়েছে, পশ্চিমে যে সম্প্রতি সন্ত্রাসী হামলা হচ্ছে, সেগুলো আসলে গণতন্ত্রের ধসে পড়ার ইঙ্গিত। ট্যাবলয়েডে যেন সুর করে করে বলা হয়েছে, পাশ্চাত্য হয়তো কিছু রহস্যজনক ও অচিন্তনীয় ‘পরিবর্তনের’ সম্মুখীন হয়েছে।

কথা হচ্ছে, সিসিপির সঙ্গে পশ্চিমের যে বৈরিতা এবং সে যেভাবে অন্যকে হটিয়ে ভূরাজনীতিতে সুবিধা করতে চায়, সেই পরিপ্রেক্ষিতে তার এ রকম সংকীর্ণ আত্মতৃপ্তিতে ভোগার মধ্যে বিস্ময়ের কিছু নেই। তারা এটা করেছে। গণতান্ত্রিক দেশগুলোতে কোনো সমস্যা সৃষ্টি হলে তারা সেটাকে নিজেদের শাসনব্যবস্থার বৈধতা হিসেবে দেখানোর চেষ্টা করেছে। পশ্চিমে গণতন্ত্র তেমন একটা কাজ করে না—এই যুক্তি দিয়ে পার্টি বলে, এই ব্যবস্থা চীনে প্রবর্তন করা হলে তা বিপর্যয় বয়ে আনবে। এ ছাড়া চীনা সরকার যত দিন মানুষকে উচ্চমানের জীবনযাপনের সুযোগ দিচ্ছে, কর্তৃপক্ষ মনে করে, তত দিন বিকল্প চিন্তার তো দরকার নেই। তবে কয়েক দশক ধরে তারা মানুষকে উন্নত জীবন দিতে পেরেছে।

কিন্তু ব্যাপারটা তো এ রকম নয় যে, গণতান্ত্রিক ব্যবস্থায় একটু আঁচড় লাগলেই একনায়কতন্ত্র তার চেয়ে শ্রেয়।এর বিপরীতে একনায়কতন্ত্র ঐতিহাসিকভাবে ব্যর্থ হয়েছে, তা সে পশ্চিমা গণতন্ত্রের কপালে যা-ই জুটুক না কেন।

১৯৭০-এর দশকে যখন তথাকথিত তৃতীয় পর্বের গণতন্ত্রায়ণ হলো, তখন পশ্চিমা গণতন্ত্র একদিকে স্থবিরতায় আক্রান্ত ছিল, অন্যদিকে সে ভিয়েতনাম যুদ্ধজনিত স্নায়ুবৈকল্যে ভুগছিল। এরপর সোভিয়েত ইউনিয়নের পতন ও ১৯৮০-এর দশকে পশ্চিমা গণতন্ত্রের পুনরুজ্জীবনও একই সঙ্গে হলো। আবার ২০১১ সালে যখন আরবে বসন্তের জোয়ার সৃষ্টি হলো, তখন সে ২০০৮ সালের আর্থিক সংকট মোকাবিলায় প্রাণপণ সংগ্রাম করে যাচ্ছে।

এসব বলার কারণ হলো, চীনা একনায়কদের এটা বোঝানো যে ব্রেক্সিট নিয়ে তাদের বেশি মাতামাতি করার কিছু নেই। যদিও গণতান্ত্রিক ব্যবস্থার অকার্যকরতার কারণে একনায়কতন্ত্রে থাকা মানুষদের মনে গণতন্ত্র সম্পর্কে নেতিবাচক ধারণা জন্মাতে পারে, তবে খুব সম্ভবত তা ক্ষণস্থায়ী হবে। যত দিন একনায়কতন্ত্র নিজের জনগণকে ভুলভাবে সামাল দেবে এবং তাদের জীবনমান উন্নত করতে পারবে না, তত দিন তাদের বৈধতা চ্যালেঞ্জের মুখেই পড়বে।

অবশ্যই, চীন কোনো সাধারণ একনায়কতান্ত্রিক দেশ নয়। তবে তার বিশেষত্ব হচ্ছে, সে যেমন একদিকে একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা টিকিয়ে রাখছে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকাও সচল রাখছে। কিন্তু তা সত্ত্বেও সে যে সংকীর্ণ আত্মতৃপ্তিতে ভোগে, তা যৌক্তিক নয়। সর্বোপরি, চীনের অর্থনৈতিক সফলতার অন্যতম কারণ হচ্ছে তার বৈশ্বিক অর্থনীতির সঙ্গে একীভূত হওয়া, যারা তার ৬০ শতাংশ রপ্তানি পণ্যের ক্রেতা।

অন্য কথায়, পশ্চিমা গণতন্ত্রের সফলতাই তাকে বেশি বৈধতা দেয়, ব্যর্থতার চেয়ে। কোনো ভালো ব্যবসায়ীই চাইবেন না যে তাঁর ক্রেতা দেউলিয়া হয়ে যাক। ফলে চীন যে তার সবচেয়ে বড় ক্রেতার দুরবস্থায় খুশি হচ্ছে, সেটা আসলে ঠিক নয়।

যেসব কারণে পশ্চিমা গণতন্ত্র চ্যালেঞ্জের মুখে পড়ছে, চীনের বেলায় সেগুলোর বরং বেশি তাৎপর্য রয়েছে। ব্রেক্সিট ও ট্রাম্পের সমর্থনের ভিত্তি হচ্ছে বিশ্বায়নের বিরোধিতা। কথা হচ্ছে, ব্রেক্সিট ও মার্কিন নির্বাচনে যা-ই হোক না কেন, এখন থেকে পশ্চিমা গণতান্ত্রিক দেশের সরকারগুলোর তাদের জনগণের ক্ষোভ-বিক্ষোভ আমলে নিতে হবে। অর্থাৎ তাদের কিছু মাত্রায় হলেও স্থানীয় অর্থনীতিকে সুরক্ষিত করতে হবে।

বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক হিসেবে চীনও এসব প্রচেষ্টার ক্ষতিকর প্রভাব এড়িয়ে যেতে পারবে না। সেটা হলে চীনা কমিউনিস্ট পার্টির বৈধতা আরও চ্যালেঞ্জের মুখে পড়বে, অর্থনৈতিক স্থবিরতার কারণে যেটা ইতিমধ্যে চ্যালেঞ্জের মুখে পড়েছে। কথা হচ্ছে, সংকীর্ণমনা আত্মতৃপ্তিতে না ভুগে চীনা নেতাদের উচিত হবে—উদ্বেগ নিয়ে পশ্চিমা গণতন্ত্রের গতি-প্রকৃতি পর্যবেক্ষণ করা আর সামনের কঠিন দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়া।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

মিনঝিন পেই: ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজের রাজনীতি বিভাগের অধ্যাপক।