এই সপ্তাহে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ করার কথা। তার আগে তিনি সি চিন পিংকে পরিষ্কার একটি বার্তা দিলেন। স্বভাবসুলভ বিধ্বংসী ঢঙে ট্রাম্প ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ‘উত্তর কোরিয়ার ব্যাপারে চীন হয় আমাদের সাহায্য করবে অথবা করবে না। আর বেইজিং যদি আমাদের সাহায্য না করার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা আমাদের কারও জন্যই ভালো হবে না।’
এটাই ট্রাম্পের আদর্শ রূপ। সাক্ষাতের আগে এ রকম আক্রমণাত্মক কথা বলে তিনি সি চিন পিংয়ের বিরুদ্ধে আগেই সুবিধাজনক অবস্থানে চলে গেলেন। আর আলোচনার আগে এ রকম অসংলগ্ন চরমপত্র পেয়ে সি চিন পিং যখন ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন, তখন তিনি কিছুটা অসুবিধাজনক জায়গাতেই থাকবেন।
নিশ্চিতভাবে কোনো কোনো জগতে এটি দারুণ কূটনৈতিক আঘাত হিসেবে আখ্যায়িত হবে। সেই পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতা ঘোষণা দিলেন, তিনি উত্তর কোরিয়ার বিরুদ্ধে একপক্ষীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। এই প্রক্রিয়ায় সেই সব চীনা ব্যাংক ও কোম্পানির ওপর গৌণ প্রকৃতির নিষেধাজ্ঞা জারি করা হতে পারে, যাদের ব্যাপারে সন্দেহ, তারা গোপনে উত্তর কোরিয়াকে সাহায্য করে।
একইভাবে সি চিন পিংয়ের সিদ্ধান্ত হলো, চীন যে নিজের সীমান্তের আশপাশে স্থিতিশীলতা রক্ষা করতে চায়, তার জন্য উত্তর কোরিয়ার ব্যাপারে ট্রাম্প-কথিত সহযোগিতার নীতি সবচেয়ে কার্যকর। ফলে বেইজিং হয়তো পিয়ংইয়ংয়ের ব্যাপারে ইতিহাসের সবচেয়ে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। সে কারণে উত্তর-পূর্ব এশিয়ার সব কটি দেশ হয়তো পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে একজোট হবে। এতে উত্তর কোরিয়া নতজানু হয়ে আলোচনার টেবিলে আসবে।
সম্ভবত এই পৃথিবীতে আমাদের বসবাস নয়। আর উত্তর কোরিয়া এমন কোনো সমস্যা নয়, যা মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে সমাধান করতে পারে, তা সে ডোনাল্ড ট্রাম্প যতই আশা করুন না কেন। এতে তাঁর আগ্রাসী বাগাড়ম্বর কিছুটা শূন্যগর্ভ মনে হতে পারে।
চীন মনে করবে, মার্কিন যুক্তরাষ্ট্র যে সতর্কবার্তা দিয়েছে, সেটা সে মানতে বাধ্য নয়। এর কারণটা বেশ সাদাসিধে, এটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। আর এ কথা না-ই বললাম যে তাঁর স্বচ্ছতার অভাব কোরীয় উপদ্বীপে ভীতি ছড়াবে।
তবে ট্রাম্প ঠিকই বুঝেছেন, উত্তর কোরিয়ার ব্যাপারে অগ্রসর হতে গেলে চীনের সহযোগিতা লাগবে। এ পর্যন্ত তিনি সঠিক লক্ষ্যই বেছে নিয়েছেন। এ ছাড়া উত্তর কোরিয়া তো একাই সমস্যা নয়, এটা অনেক বড় ভূকৌশলগত সমস্যার অংশ। ব্যাপারটা হচ্ছে কি, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ কিছু কূটনৈতিক অস্বস্তির ব্যাপার আছে, কোরিয়া থেকে তাইওয়ান হয়ে দক্ষিণ চীন সাগর পর্যন্ত এর বিস্তৃতি। চীন অন্য কোথাও কিছু না পেয়ে কোরীয় প্রশ্নে দ্বিপক্ষীয়ভাবে কিছু করবে না। অর্থাৎ ওয়াশিংটন যদি তাইওয়ানকে সমর্থন দেওয়া বন্ধ না করে বা ফিলিপাইনের পশ্চিমে সমুদ্রের নিয়ন্ত্রণ না ছাড়ে, তাহলে এমন কিছু হওয়ার সম্ভাবনা কম। আর ওয়াশিংটন যদি তা ছাড়ে, তাহলে সেটা ‘বড় ধরনের রফাই’ হবে, যার কারণে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়বে।
এ ধরনের কথাবার্তা শোনা দক্ষিণ কোরিয়ার জন্য বিলাসিতার শামিল, তার সে সুযোগ নেই। দেশটিতে আগামী মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ১০ বছর পর উদারনীতিকদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। সন্দেহ নেই, তারা যুক্তরাষ্ট্রে এমন একটি প্রশাসন চাইবে, যারা অনিবার্যভাবে পিয়ংইয়ংয়ের সঙ্গে যুক্ত হতে চাইবে না ঠিকই, কিন্তু সিউল যে পিয়ংইয়ংয়ের সঙ্গে অর্থহীন আলোচনা চালাচ্ছে, তাতে অন্তত নিজে থেকে বাদ সাধবে না। বরং সিউল এই ভেবে উদ্বিগ্ন হবে যে ওয়াশিংটন ও বেইজিং তাকে ডিঙিয়ে যেতে চাইবে। এতে অস্থিতিশীলতা সৃষ্টি হবে।
একই প্রকৃতির অস্তিত্ববাদী উৎকণ্ঠাবোধের কারণে হবে কি, উত্তর কোরিয়া আরও একবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাবে, অর্থাৎ ষষ্ঠ পারমাণবিক বোমার। তবে উত্তর কোরিয়া পরাশক্তিসমূহের গিরিখাতে ভালো খেলতে পারে।
তবে ট্রাম্প প্রশাসন যা-ই বলুক না কেন, উত্তর কোরিয়া সম্ভবত ষষ্ঠ পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাবেই। পারমাণবিক অস্ত্র ধ্বংসের পথ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সে কারণে কিমের সরকারকে শত্রু বানানো বা না বানানোয় কিছু এসে যায় না। কিন্তু লক্ষ্যটা পরিষ্কার থাকলে তা করা যেতেই পারে। এটা তো প্রথমবারের মতো হতে যাচ্ছে না। আর ট্রাম্পের সে রকম কিছু নেই।
অনুবাদ: প্রতীক বর্ধন, সিএনএন থেকে নেওয়া।
ক্রিস্টোফার গ্রিন: মার্কিন সাংবাদিক।