এশিয়ার ভবিষ্যৎ অমোচনীয়ভাবে হিমালয়ের সঙ্গে জড়িয়ে আছে, যা কিনা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতমালা এবং এ মহাদেশের পানির অন্যতম প্রধান উৎস। এশিয়ার প্রায় সব নদীর পানির উৎস হচ্ছে এই হিমালয়। তবে বেশ কিছু হঠকারীমূলক ও অপরিণামদর্শী প্রকল্প এ অঞ্চলের ভঙ্গুর প্রতিবেশব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে, যা এশিয়ার তো বটেই, অন্যান্য অনেক অঞ্চলের নিরাপত্তাকে ব্যাপক হুমকির মুখে ফেলছে।
হিমালয় পর্বতমালা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত তৃণভূমি থেকে শুরু করে গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি পশুচারণ ভূমির পরিবেশ ও প্রতিবেশগত ভারসাম্য বজায় রাখে। এই পর্বতমালা মিয়ানমার থেকে মধ্য এশিয়ার হিন্দু-কুশ পর্যন্ত বিস্তৃত এলাকায় পানিচক্র, আবহাওয়া ও জলবায়ুর ধরন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ১৮ হাজার উচ্চতার হিমবাহগুলো প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি সংরক্ষণ করে এবং অ্যান্টার্কটিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তাপ হ্রাসকারী হিসেবে বিশ্বব্যাপী জলবায়ুকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। গ্রীষ্মকালে, হিমালয় পর্বতমালা তাপের অন্যতম একটি উৎসে পরিণত হয়, যা মহাসাগর থেকে এশিয়ার উপকূলীয় অঞ্চলে মৌসুমি বায়ুপ্রবাহে সাহায্য করে।
তবে মানুষের কিছু কর্মকাণ্ডের কারণে হিমালয় আর আগের মতো থাকছে না। বড় আকারের বাঁধ নির্মাণ থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদের লাগামহীন অপব্যবহার স্পষ্টভাবেই হিমালয় ও এর সংলগ্ন এলাকার প্রতিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার জন্য দায়ী। এতে এশিয়ার অন্যান্য দেশের যত ক্ষতি হয়েছে, তা কোনোটাই চীনের মতো নয়।
এশিয়ার দুই বৃহৎ শক্তি চীন ও ভারতের কিছু অপরিণামদর্শী প্রকল্প মূলত এ জন্য দায়ী। দেশ দুটির পানি দখলের প্রতিযোগিতার কারণে এখন হিমালয় পর্বতমালা আর আগের মতো থাকছে না। এ লক্ষ্যে অবাধে বাঁধ নির্মাণের প্রতিযোগিতা চলছে দেশ দুটির মধ্যে। ফলে হিমালয় থেকে সৃষ্টি হয়েছে—এমন পাঁচটি নদী—ইয়াংজি, সিন্ধু, মেকং, সালবিন ও গঙ্গা এখন বিশ্বের ১০টি বিপন্ন নদীর তালিকায় স্থান করে নিয়েছে।
চীনের সরকার তিব্বত অঞ্চলেই একের পর এক জলবিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন করে যাচ্ছে৷ ২০২০ সালে আরও বড় আকারের বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা৷ জীবাশ্মভিত্তিক জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চীন কয়েক দশক ধরে জলবিদ্যুতের ওপর বিশেষ জোর দিয়ে আসছে৷ ভারতও ব্রহ্মপুত্র নদে বেশ কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে৷
অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের ফলে চীনের এক-পঞ্চমাংশ নদীতে পানির প্রবাহ কমে গেছে। অনেক নদীর পানি শুকিয়ে ছোট জলাশয়ে পরিণত হয়েছে। ৩৫০টি বড় হ্রদ একেবারে হারিয়ে গেছে। এর ক্ষতিকর প্রভাব চীনের সীমান্ত ছাড়িয়ে অন্যান্য অঞ্চলেও পড়ছে। চীনের এসব প্রকল্পে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা এর আশু সমাধান চায়।
চীন তিব্বতের পার্বত্য অঞ্চলের বায়ুমণ্ডলীয় বাষ্পের দিক পরিবর্তন করে শুষ্ক উত্তরাঞ্চলের পানি সমস্যা মোকাবিলার পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনার ফলে অন্যান্য অঞ্চলের আর্দ্রতা ঝুঁকির মুখে পড়তে পারে, বিশেষ করে এশিয়ার মৌসুমি বায়ুর ওপর এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। আর দুঃখের বিষয় হচ্ছে, এসব প্রকল্প হচ্ছে চীনের সামরিক বাহিনীর আবহাওয়া পরিবর্তন কর্মসূচির অংশবিশেষ।
চীন তিব্বতের নদীগুলোতে বাঁধ তৈরি বা জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করেই ক্ষান্ত হয়নি, তারা এ অঞ্চলের খনিজ সম্পদের ওপরও হস্তক্ষেপ করেছে। তারা তিব্বতের খনিজ সম্পদ আহরণ করে তা বিক্রি করছে। এদিকে চীনের বোতলজাত পানিশিল্প হিমালয়ের ওপর নির্ভরশীল। তাই তারা পানির উৎসকে নিয়ন্ত্রণ করতে চাইছে। কিন্তু এর ফলাফল যে কখনোই শুভ হবে না, তা হয়তো তারা বুঝতে পারছে না। স্বাভাবিকভাবেই এটা এ অঞ্চলের প্রতিবেশব্যবস্থার ক্ষতি করবে এবং জীববৈচিত্র্যকে ধ্বংস করবে।
বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী হিমালয়জুড়ে ব্যাপক হারে বনাঞ্চল ধ্বংসের ফলে উঁচু ভূমিগুলোতে অনেক প্রজাতির প্রাণীর বিলুপ্ত ঘটছে। তিব্বতের মালভূমি এখন বিশ্বব্যাপী গড় তাপমাত্রার চেয়ে তিন গুণ বেশি উষ্ণ। এর পরিবেশগত প্রভাব এশিয়া ছাড়িয়ে অন্যান্য স্থানেও পড়ছে।
হিমালয়ের উঁচু ভূমিগুলো, বিশেষ করে তিব্বত উত্তর গোলার্ধের বায়ুমণ্ডলীয় সার্কুলেশন সিস্টেমকে প্রভাবিত করে, যা উষ্ণ বায়ুকে বিষুবরেখা থেকে উত্তর ও দক্ষিণ মেরুতে অগ্রসর হতে সাহায্য করে। এর মধ্য দিয়ে বিভিন্ন জলবায়ু অঞ্চলও স্থিতিশীল থাকে। অন্য কথায় হিমালয়ের প্রতিবেশব্যবস্থার ক্ষতি ইউরোপ ও উত্তর আমেরিকার জলবায়ুর ধরনের ওপরও প্রভাব বিস্তার করে।
দিনে দিনে হিমালয় পর্বতমালার প্রতিবেশগত ভারসাম্য যেভাবে নষ্ট হচ্ছে, তাকে জরুরি ভিত্তিতে থামানো দরকার এবং এটা একমাত্র সম্ভব হিমালয় অববাহিকায় অবস্থিত সব দেশের সহযোগিতার মধ্য দিয়ে। সহযোগিতা দরকার চীন থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর। এই সহযোগিতা যাতে তারা করে, সে জন্য গোটা আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিবেশ ক্ষতিকারক প্রকল্প থেকে সরে আসার জন্য চীনের ওপর চাপ প্রয়োগ করতে হবে। চীনই এখন সবচেয়ে বড় ঝুঁকির উৎস।
ইংরেজি থেকে অনূদিত। স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
ব্রহ্ম চেলানি: নয়াদিল্লিভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চের স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক