
সাম্প্রতিক মাসগুলোতে ভারত-চীন সম্পর্কটা উষ্ণ যাচ্ছে না। কিন্তু অতি সম্প্রতি সম্পর্কটা হিমশীতল হয়ে পড়েছে। কারণ, তিব্বতি নেতা দালাই লামা সম্প্রতি অরুণাচল প্রদেশ সফর করেছেন, যেটি চীন নিজের বলে দাবি করে। এতে চীন ব্যাপক ক্ষিপ্ত হয়। ৮ এপ্রিল চীন সরকারের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও দালাই লামা সীমান্ত শহর তাওয়াঙের এক ঐতিহাসিক আশ্রমে দূরদূরান্ত থেকে আসা ভক্তদের উদ্দেশে ভাষণ দেন। এই শহরে আজ থেকে তিন শতাব্দী আগে ষষ্ঠ দালাই লামা জন্মগ্রহণ করেন।
দালাই লামা ও অরুণাচল প্রদেশের ব্যাপারেভারত ও চীনের দৃষ্টিভঙ্গি ভিন্ন। ভারতের চোখে দালাই লামা বৌদ্ধ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা। ফলে তাওয়াঙের বৌদ্ধ সম্প্রদায়কে বাণী দেওয়ার অধিকার তাঁর আছে। আর অরুণাচল প্রদেশ যেহেতু ভারতীয় ইউনিয়নের রাজ্য, তাই সেখানে কী হবে না হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এককভাবে ভারতের।
তবে চীনের দৃষ্টিতে অরুণাচল প্রদেশ শুধু ভারতের একার নয়। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে অরুণাচল প্রদেশ ভারতের অন্তর্গত, তবে সেটা ১৯১১ সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের আঁকা ম্যাকমোহন লাইনের বদৌলতে। চীন এটা মেনে নেয়নি (যদিও একই রেখা বরাবর চীন মিয়ানমারের সঙ্গে সীমান্ত সমঝোতা করেছে)। চীনা সরকার অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত নামে অভিহিত করে।
চীন বলে, দালাই লামা আধ্যাত্মিক নেতা নন, তিনি রাজনৈতিক নেতা। তিব্বতের স্বায়ত্তশাসনের প্রতি দালাই লামার সমর্থন থাকায় সংবেদনশীল সীমান্ত এলাকায় তাঁর সফরকে ইচ্ছাকৃতভাবে উসকানি বলা যায়।
চীনা ভাষ্যকারেরা বলছেন, দালাই লামাকে অরুণাচল প্রদেশ সফরের অনুমতি দেওয়ায় দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি হতে পারে। ওদিকে চীন ভারতীয় রাষ্ট্রদূত বিজয় গোখালেকে ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।
ভারত সমঝোতামূলক মনোভাব গ্রহণ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের রাগ প্রশমনের চেষ্টা করেছে এই বলে যে, ‘দালাই লামার ধর্মীয় ও আধ্যাত্মিক তৎপরতাকে অতিরিক্ত রং দেওয়া উচিত নয়।’
অন্যদিকে চীনের ক্রমবর্ধমান তর্জন-গর্জনের পরিপ্রেক্ষিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ‘এক চীন’ নীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চীনা সরকারের সঙ্গে পীড়াপীড়ি করছে, যাতে এ নিয়ে ‘কৃত্রিম বিতর্ক’ তোলা না হয়।
কিন্তু চীনের রাগ পড়েনি; বরং দেখা গেল, দালাই লামা যখন অরুণাচল প্রদেশে পৌঁছালেন, তখন চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হলো, ‘চীন হয়তো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।’ চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলির ইংরেজি ট্যাবলয়েড গ্লোবাল টাইমস যুদ্ধংদেহী সুরে কথা বলছে। তারা বলেছে, চীনের জিডিপি ভারতের কয়েক গুণ, অন্যদিকে ভারত মহাসাগরে পৌঁছার সক্ষমতা তার সেনাবাহিনীর আছে। এই অবস্থায় চীন ভারতের সঙ্গে ভূরাজনৈতিক খেলা খেলতে শুরু করলে কে জিতবে?
সেই গ্লোবাল টাইমস-এর সম্পাদকীয়তে জোর দিয়ে বলা হয়েছে, অরুণাচল প্রদেশে দালাই লামার সফর তাঁর আগের ছয়টি সফর থেকে ভিন্ন। কারণ, এবার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু দালাই লামার সঙ্গে ছিলেন। গণতান্ত্রিক দেশে ধর্মীয় নেতাদের নিয়ে এ রকম অনুষ্ঠান সাধারণ ব্যাপার। আর রাজনৈতিক নেতারা এসব অনুষ্ঠানে অংশ নিয়ে যে দৃষ্টি আকর্ষণ করেন, সেটা তাঁরা উপভোগ করেন।
কিন্তু চীন রিজিজুর উপস্থিতিকে রাজনৈতিক আখ্যা দিয়েছে। চীন বলছে, ভারত এই সফরকে ‘কূটনৈতিক অস্ত্র হিসেবে ব৵বহার করে চীনকে চাপ দিতে চায়।’ গ্লোবাল টাইমস যে মূল বিষয়টিতে জোর দিয়েছে সেটা হলো, ‘দালাই লামা চীনের কূটনীতিতে খুবই রাজনৈতিক ব্যক্তিত্ব।’ ব্যাপারটা এত গুরুতর যে এ ব্যাপারে ভারতের মনোভাব চীনের সঙ্গে তাঁর সম্পর্ককে প্রভাবিত করে।
তবে নিশ্চিতভাবে চীনকে এটা স্বীকার করতে হবে, ভারত সরকার যে তার সংবেদনশীলতাকে আমলে নেবে তার কিন্তু তেমন কারণ নেই। বস্তুত মোদির প্রসারিত হাতকে তারা একাধিকবার অসম্মান করেছে।
উদাহরণস্বরূপ বলা যায়, ২০১৪ সালে মোদি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে নিজের শহর আহমেদাবাদে শুধু স্বাগতই জানাননি, একই সফরে তিনি ভারতের সংবেদনশীল খাতে চীনের বিনিয়োগের বাধাও তুলে নিয়েছেন, যেমন বন্দর ও টেলিকম খাত। এ ছাড়া চীনা সেনারা
জম্মু ও কাশ্মীরের বিতর্কিত লাদাখ সীমান্ত দিয়ে ঢুকে এত বাড়াবাড়ি করে ফেলছে যে ভারতের সার্বভৌম ভূমিতে তাঁবু গেড়ে বসে।
ওই ক্ষণস্থায়ী সংকটের পর চীন নীতিগত পর্যায়ে এত পরিবর্তন আনল যে মনে হয়, ভারতের সংবেদনশীলতাকে তেমন একটা পাত্তা দেয় না চীন। ভারত নিউক্লিয়ার সাপ্লাইয়ার্স গ্রুপের সদস্য হতে চাইলে চীন তার বিরোধিতা করে। এমনকি ভারত যখন পাকিস্তানভিত্তিক জয়শ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কালো তালিকাভুক্ত করার অনুরোধ করে, তখন চীন এরও বিরোধিতা করে। যদিও পরিষদের অন্য ১৪ সদস্যদেশ এর প্রতি সমর্থন জানিয়েছিল।
চীন একই সঙ্গে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতর দিয়ে ‘চায়না-পাকিস্তান ইকোনমিক করিডর’ নির্মাণ করে। চীন নিজেই স্বীকার করে, এই অঞ্চলটা বিতর্কিত। তা সত্ত্বেও ভারত যখন সার্বভৌমত্ব লঙ্ঘনের আপত্তি তুলল, তারা সেটা পাত্তা দিল না।
এই পরিপ্রেক্ষিতে চীনের এই আশা করাটা একটু বেশি বেশি হয়ে যায় যে ভারত তার সংবেদনশীলতার প্রতি শ্রদ্ধা জানাবে। চীনের ঔদ্ধত্য নতুন কিছু নয়। বস্তুত দালাই লামার সফরের যে প্রতিক্রিয়া তারা দেখাল, সেটা দক্ষিণ চীন সাগরে তার আচরণের পরিপ্রেক্ষিতে সত্যিই দেখার মতো। আবার সে চায় দক্ষিণ চীন সাগরে তার রচিত ‘নাইন ড্যাশ লাইনের’ ভিত্তিতে সার্বভৌমত্ব নির্ধারিত হবে।
এই দাবি করা মানে চীন প্রত্যাশা করে, সব দেশই এই লাইনের আওতায় আসুক। দুতার্তের নেতৃত্বে ফিলিপাইন যেমনটা করেছে। আর যে দেশগুলো এটা মানবে না, চীন তাদের ওপর চাপ বাড়িয়ে দেবে। যেমন জাপান ও ভিয়েতনামের ক্ষেত্রে তারা যেটা করেছে।
কিন্তু ভারত চীনের অন্যান্য প্রতিবেশীর তুলনায় বড়। অন্যদের তুলনায় সে কঠোর। চীনা নেতাদের উচিত হবে আবেগ দূরে ঠেলে সেটা অতীতে পরিণত করা। তাঁরা যদি সেটা না করে হুমকি-ধমকি দিয়েই যান, তাহলে তাঁরা হয়তো দেখবেন, ভারতের হাতেও কার্ড আছে।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
শশী থারুর: ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী।