চীন-মার্কিন উত্তেজনা হ্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন দক্ষিণ চীন সাগরে আইনের শাসন ও স্থিতিশীলতা রক্ষার জন্য দৃঢ়প্রত্যয় ঘোষণা করেছে। হেগের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এ ব্যাপারে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ায় চীন সুনির্দিষ্টভাবে তা প্রত্যাখ্যান করেছে। ফলে এখন প্রশ্ন উঠেছে: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চীনকে আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলানোর ক্ষেত্রে কী করতে পারে।
২০১০ সালে ভিয়েতনাম সফরে গিয়ে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনই প্রথম মার্কিন কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন, দক্ষিণ চীন সাগরে নৌচালনা ও আন্তর্জাতিক রীতিনীতি মেনে চলা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের ব্যাপার। ওবামা নিজেও বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় শান্তিকামী রাষ্ট্র ছিল, ভবিষ্যতেও থাকবে।’
তাঁদের এসব মন্তব্যে বেশ শোরগোল সৃষ্টি হলেও দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার সামর্থ্য ও আগ্রহ নিয়ে অনেক সন্দেহ রয়েছে। কথা হচ্ছে, ওয়াশিংটনের হাতে তেমন কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত একপক্ষীয় উদ্যোগ হিসেবে তারা দক্ষিণ চীন সাগরে বিমানবাহী ও বিমানবিধ্বংসী জাহাজ ভাসানো ছাড়া আর কিছু করতে পারেনি।
কূটনীতিতে অগ্রগতির আরও অনেক সুযোগ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক হয়। যেমন—বার্ষিক কৌশলগত ও অর্থনৈতিক আলোচনা। এতে দুই দেশের কূটনৈতিক, প্রতিরক্ষা ও বাণিজ্য কর্মকর্তারা সরাসরি ও খোলামেলা কথা বলতে পারেন।
ওবামা ও তাঁর মন্ত্রীরা নিশ্চয়ই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে ও সরাসরি কথা বলেছেন। আগামী মাসে চীনে জি-২০-এর সম্মেলন হতে যাচ্ছে। সেখানেও দেশ দুটি সরাসরি আলাদাভাবে কথা বলতে পারবে। এটাও ধরে নেওয়া যায় যে রুদ্ধদ্বারের ভেতরে খুব কঠোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যাতে উত্তেজনা প্রশমন করা যায়। তবে যা আলোচনা হচ্ছে, তা নিশ্চয়ই মানুষকে জানানো হবে না।
যুক্তরাষ্ট্র যদি অত হাঁকডাক না করে নীরবে দক্ষিণ চীন সাগরে নৌচালনা করে, তাহলে চীন জবাব দেওয়ার নানা সুযোগ পাবে। এতে চীনের নেতারা মুখ রক্ষার সুযোগ পাবেন, তাঁদের পিঠ দেয়ালে ঠেকে যাবে না। তবে জাতীয়তাবাদী জোশ দেখানোর জন্য চীনের ওপর অনেক চাপ রয়েছে। চীনারা মার্কিনদের এই অবস্থানকে পশ্চিমা আগ্রাসন হিসেবে দেখে থাকে। ফলে ওয়াশিংটন চীনের পেছন বাড়িতে বিমানবাহী জাহাজ ভাসিয়ে চীনাদের মনের আগুনে ঘি ঢেলে দিয়েছে।
তবে অন্য ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্র যে পারস্পরিক সহযোগিতা করে যাচ্ছে, তাতে আশার আলো দেখা যাচ্ছে। মার্কিন সরকারের উচিত, নব উদ্যমে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তিটি বাস্তবায়ন করা, যেটা এখন স্থগিত হয়ে আছে। অন্যদিকে তারা বাণিজ্য ও জলবায়ুর মতো আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে সক্ষমতা ও সামর্থ্যের স্বাক্ষর রেখেছে। এতে শুধু তাদেরই নয়, সারা পৃথিবীরই উপকার হবে। এসব চুক্তি করে চীন পৃথিবীকে এ বার্তা দিতে পারে, পরাশক্তি হিসেবে তারা দায়িত্বশীল। যুক্তরাষ্ট্রের সেই চেষ্টা করা উচিত।
কথা হচ্ছে, নিরাপত্তার মতো গুরুতর বিষয়ে পারস্পরিক সহযোগিতা অনেক কঠিন হলেও বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও শিক্ষা বিনিময়ের সুযোগ আছে। চীন খুবই বাস্তবমুখী একটি দেশ। চীনা নেতারা ঐতিহাসিকভাবেই জাতীয় স্বার্থের জন্য সংবেদনশীল বিষয়গুলো এড়িয়ে অন্য ক্ষেত্রে ঠান্ডা মাথায় অধিকতর বাস্তবমুখী সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন। তবে চীন জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে হঠকারী আচরণ করতে পারে, যেটা তারা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের সঙ্গে করবে না। বেইজিং এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেয়, কারণ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
বাস্তুতন্ত্র ও মৎস্য সম্পদ রক্ষার মতো বিষয়েও তারা একত্রে কাজ করতে পারে, এর সঙ্গে খনিজ, তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্যও তারা একত্রে কাজ করতে পারে, যদিও এ বিষয়গুলো প্রায়ই উপেক্ষা করা হয়। এ ছাড়া যৌথভাবে কাজ করার জন্য আরও অনেক ক্ষেত্র রয়েছে।
ওদিকে মার্কিন কূটনীতি প্রায়ই চীনা জাতীয়তাবাদের ওপর গভীর প্রভাব ফেলে, যার চাপ চীনা কমিউনিস্ট পার্টিকেও (সিসিপি) ভোগ করতে হয়। এতে তো পরিস্থিতির উন্নতি হয়-ই না, উপরন্তু সিসিপি মার্কিন স্বার্থের পরিপন্থী কাজ করতে বাধ্য হয়। চীন গণতান্ত্রিক দেশ না হলেও দেশটির নেতারা প্রায়ই জনমতের চাপে কাজ করতে বাধ্য হন। চীনা নাগরিকেরা মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উত্থান ঠেকাতে চায়। এমনকি হেগের ট্রাইব্যুনালে জাপানি বিচারকের অংশগ্রহণের বিষয়টিকে তাঁরা দক্ষিণ চীন সাগরে মার্কিন ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করেন।
এ ছাড়া মার্কিন প্যাসিফিক কমান্ডার হ্যারি হ্যারিস যতবার চীনের ‘গ্রেট ওয়াল অব স্যান্ড’ ও তার সামরিক আকাঙ্ক্ষার সমালোচনা করেন, ততবারই চীনারা ধরে নেয়, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ চায়। সবচেয়ে ভালো হয়, যদি চীনা নেতাদের ব্যক্তিগতভাবে এসব জানানো হয়। এতে যোগাযোগের আরও দরজা খুলে যাবে, যার ফলে চীনা জাতীয়তাবাদও থিতিয়ে আসবে, যেটা আসলে কার্যকর কূটনীতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তবে সর্বোচ্চ পর্যায়ের নেতারা যদি একত্রে বসে আলোচনা করেন, তাহলে সেটাই সবচেয়ে ভালো হয়। উত্তেজনা প্রশমনে এর চেয়ে ভালো পন্থা আর হয় না।
শেষমেশ, উভয় দেশের মানুষের মধ্যে যদি যোগাযোগ ও বন্ধন (চীনা ছাত্ররা যুক্তরাষ্ট্রে পড়বেন ও জানবেন, মার্কিন ছাত্ররা চীনা পরিবারের সঙ্গে থাকবেন, তাদের জানবেন) গড়ে ওঠে, তাহলে সেটা বৈরিতা দূরীকরণে খুবই কার্যকর হবে, যা দীর্ঘ মেয়াদে বন্ধুত্ব ও বোঝাপড়া তৈরি করতে কাজে লাগবে।
অনুবাদ: প্রতীক বর্ধন, জাপান টাইমস থেকে নেওয়া।
হান্টার মার্সটন: দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতি বিশ্লেষক।