চীন-রাশিয়া ঠেকাতে জাপান-ফ্রান্স মৈত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্স ও জাপানের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীরা কৌশলগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ৬ জানুয়ারি প্যারিসে বৈঠক করেছেন। এ নিয়ে তৃতীয়বার দুই দেশের চার মন্ত্রী বৈঠকে মিলিত হলেন। এই বৈঠকে তাঁরা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ব্যাপারে অগ্রসর হতে সম্মত হয়েছেন (সাগরের মাইন দূর করার লক্ষ্যে পানির নিচে কার্যক্ষম ড্রোন)। আকসা (অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট) চুক্তি স্বাক্ষর নিয়েও আলোচনা শুরু হয়েছে, যার মাধ্যমে দুই দেশ প্রতিরক্ষা উপাদান ও সেবা বিনিময় করতে পারবে। এতে শান্তিরক্ষা, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতার পরিসর বাড়বে।

এতে জাপানের নতুন এক আদর্শের সন্ধান পাওয়া যায়: সামরিক ক্ষেত্রে সমমনা দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানো। কারণ, টোকিওর আঞ্চলিক পরিবেশ খুবই অনিরাপদ ও টালমাটাল হয়ে যাচ্ছে। এ ছাড়া ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলো যদি এমন একটি দেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায়, যাকে তারা নিরাপত্তার ব্যাপারে সক্রিয় খেলোয়াড় মনে করে, তাহলে একটি সংহত ঐক্য গড়ে তুলতে ধারণা ও প্রত্যাশার পার্থক্য ঘোচাতে আরও আলোচনার প্রয়োজন আছে।

জাপান ও ফ্রান্সের ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হলেও তাদের অভিন্ন স্বার্থের সংখ্যা যথেষ্টই বলা যায়, যার শুরু হয় উদার মূল্যবোধের প্রতি আনুগত্যের মধ্য দিয়ে। এর সঙ্গে আরও আছে আইনের শাসন রক্ষা, আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ (পূর্বাঞ্চল ও দক্ষিণ চীন সাগরে চীন ও ইউরোপে রাশিয়া), পারমাণবিক অস্ত্রের বিস্তার, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, জলদস্যুতাসহ অন্যান্য। তবে দুটি দেশেরই নিজস্ব অ্যাজেন্ডা রয়েছে।

জাপানের প্রধান লক্ষ্য হচ্ছে এটা নিশ্চিত করা যে ফ্রান্সসহ অন্যান্য ইউরোপীয় দেশ পূর্ব এশিয়ায় চীনের সামুদ্রিক বিস্তারে সৃষ্ট চ্যালেঞ্জসংক্রান্ত তার বিশ্লেষণ যেন অনুমোদন করে। চীন যে তার আশপাশের অঞ্চলসহ বিশ্বব্যবস্থাকে বদলে দিতে চাইছে, সেটা মোকাবিলায় টোকিও রাজনৈতিক সমর্থন চাইছে। প্যারিস সাধারণত টোকিওর লাইন অনুসরণ করে। এক যৌথ বিবৃতিতে তারা ‘এক পাক্ষিক কাজের সমালোচনা করেছে, যার কারণে উত্তেজনা বেড়ে যায়, যেমন দক্ষিণ চীন সাগরে ভূমি দাবি করা বা সেখানে পর্যবেক্ষণ-ফাঁড়ি নির্মাণ করা।’ এ কথা আর বলার অপেক্ষা রাখে না, জাপান চায়, ফ্রান্স পূর্ব এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াক, যারা প্রশান্ত মহাসাগরে আগে থেকেই সেনা মোতায়েন করে রেখেছে।

অন্যদিকে ফ্রান্সের এশীয় নীতি বহুকাল ধরে বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক দ্বারা নির্ধারিত হচ্ছে। এ অবস্থায় প্যারিস এই অঞ্চলে দায়িত্বশীল অংশীজন হতে চায়। ফ্রাঁসোয়া ওলাঁদের জমানায় ফ্রান্স এশিয়াবিষয়ক নীতি বহুকেন্দ্রিক করে দিয়েছে, যে লক্ষ্যে তারা জাপান, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে অংশীদারি গড়ে তুলেছে। এই নতুন মনোভাবের পেছনে এক অধিকতর প্রায়োগিক লক্ষ্য রয়েছে। বিষয়টা হচ্ছে, ফ্রান্স যেহেতু এশিয়ার সবচেয়ে বড় প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী, তাই সে এশীয় দেশগুলোর নিরাপত্তার ব্যাপারে নিস্পৃহ থাকতে পারে না। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দেশটিকে শান্তিকামী ধারা থেকে বের করে আনার যে কাজ শুরু করেছেন, তাতে ফ্রান্সের নিরাপত্তা বাহিনী বুঝতে পেরেছে, জাপান শিগগিরই তাদের এক স্বাভাবিক প্রতিরক্ষা মিত্র হতে যাচ্ছে। যারা পূর্ব এশিয়ার বাইরেও নিরাপত্তা সহযোগিতা ও সমন্বয়কে নিয়ে যেতে চায়।

বস্তুত, উভয় দেশই এই সম্ভাবনা দেখছে যে ভারত মহাসাগর ও আফ্রিকা পর্যন্ত তারা এই নিরাপত্তা সহযোগিতা বিস্তৃত করতে পারবে। ২০১৫ সালে আফ্রিকার জন্য যৌথ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তাতে সীমিত পরিসরে নিরাপত্তা সহযোগিতার সুযোগ সৃষ্টি হয়েছে, যেমন শান্তিরক্ষা স্কুলের জন্য যৌথ তহবিল গঠন। আফ্রিকায় প্যারিসের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর মাধ্যমে টোকিও আফ্রিকার নিরাপত্তা পরিবেশ সম্পর্কে ফ্রান্সের মূল্যবান জ্ঞানভান্ডার থেকে উপকৃত হতে পারে; বিশেষ করে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে। এর বিনিময়ে ফ্রান্সও লাভবান হতে পারে যদি জাপান সাহেল ও পশ্চিম আফ্রিকার নিরাপত্তাবিষয়ক তৎপরতার জন্য তহবিল গঠনে টাকা দেয়।  

নিরাপত্তা সম্পর্ক জোরদার হওয়ার ইতিবাচক পরিবেশ রয়েছে। কিন্তু আরও সংহত একটি সম্পর্ক স্থাপন করতে হলে আরও কিছু চ্যালেঞ্জ জয় করতে হবে। এর মধ্যে কিছু আছে হুমকি-সম্পর্কিত ধারণাগত পার্থক্য। ফ্রান্স যখন ২০১৫ সালে অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে চীনা পৃষ্ঠপোষকতায় গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকে যোগ দেয়, তখন জাপান ধাক্কা খেয়েছিল। শেষমেশ রাশিয়া কোন ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করছে, তা নিয়েও টোকিও ও প্যারিসের মধ্যে মতভিন্নতা হতে পারে। কারণ, রাশিয়া ক্রিমিয়া অধিগ্রহণ করা সত্ত্বেও জাপান রাশিয়ার বন্ধুত্ব লাভের চেষ্টা করছে।

এ ছাড়া জাপান খুব অধৈর্য হয়ে চাইছে, পূর্ব এশিয়ায় ফ্রান্সের সামরিক উপস্থিতি বাড়ুক, এ লক্ষ্যে তারা সুনির্দিষ্ট পদক্ষেপ নিক। ওদিকে প্যারিস মনে করছে, টোকিও যে আফ্রিকায় টাকা দেওয়ার কূটনীতি থেকে সরে এসে আফ্রিকার নিরাপত্তাব্যবস্থায় দৃষ্টিগ্রাহ্য অবদান রাখবে বলে অঙ্গীকার করেছে, তার ইমান খুব শক্ত নয়। শেষতক, জাপান ফ্রান্সের কাছ থেকে কী পরিমাণ প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে, তা নিয়েও প্যারিস সংশয়ী। কারণ, জাপান মূলত যুক্তরাষ্ট্রের কাছ থেকেই নিরাপত্তা প্রতিরক্ষা সরঞ্জাম কিনে থাকে।

অন্যদিকে এই দুই দেশই এক অপ্রত্যাশিত ও অতিরিক্ত চ্যালে​েঞ্জর সম্মুখীন হয়েছে সেটা হলো, ট্রাম্প প্রশাসনের জামানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা। জাপানের কাছে ইউরোপীয় দেশের সঙ্গে সম্পর্ক নবায়ন করাটা যেমন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মৈত্রী বজায় রাখা, তেমনি যুক্তরাষ্ট্র পিছুটান দিলে তার প্রতিস্থাপন নিশ্চিত করা। এ অবস্থায় তাদের আলোচনা করা উচিত।

এসব চ্যালেঞ্জ সত্ত্বেও ফ্রাঙ্কো-জাপান সম্পর্কে বড় কোনো সংঘর্ষের সুযোগ নেই। ভবিষ্যতের দিকে তাকিয়ে এই সর্বশেষ চার মন্ত্রীর বৈঠকে দীর্ঘমেয়াদি নিরাপত্তা সম্পর্কের উচ্চাভিলাষ প্রকাশিত হয়েছে, যার ক্ষেত্র হচ্ছে, মহাশূন্যভিত্তিক সাগরের ওপর নজরদারি ও সাইবার স্পেস। আর তাই কৌশলগত অংশীদারি আরও সংহতই হবে, ধীরে হলেও নিশ্চিতভাবে তা বাড়বে। কিন্তু দিন শেষে উদার মূল্যবোধ রক্ষা করতে শক্তিশালী সহযোগিতা গড়ে তুলতে হলে জাপান ও ফ্রান্স উভয় দেশকেই গণতন্ত্রের বিদ্যমান সংকটে নজর দিতে হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত্তি পুনরুদ্ধার করতে পথ খুঁজতে হবে।

অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ডিপ্লোম্যাট থেকে নেওয়া।

সেলিন পাজন: ফ্রান্সের ইনস্টিটিউট ফ্রান্সিস দেস রিলেশন্স ইন্টারন্যাশনেলস-এর সেন্টার ফর এশিয়ান স্টাডিসের গবেষণা ফেলো।