
চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম কংগ্রেস উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে ১০ দিন কাটিয়ে দেশে ফিরে এলাম। চীন যদিও এশিয়ারই একটি দেশ এবং আমাদের দেশ থেকে বেশি দূরে নয়, বরং মনে হয়, হিমালয়ের ওপারে উঁকি দিলেই তাকে দেখা যাবে, তবু চীন আমার কাছে অপরিচিত। ও দেশের মানুষের ভাষা জানি না, ওদের সাহিত্য পড়িনি, সংগীত শুনিনি, চলচ্চিত্রও দুই-একটার বেশি দেখা হয়নি। ছাত্রজীবনে বামপন্থী রাজনীতির সংস্পর্শে গিয়েছিলাম, কিন্তু বামপন্থার চীনা অংশের বিপরীত মেরুতে ছিল আমার অবস্থান: ১৯৮৭ সালে আমি পড়াশোনা করতে গিয়েছিলাম সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে। অবশ্য বামপন্থার মস্কো-চীন ভেদাভেদ তত দিনে প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে। সমাজতন্ত্রের চীনা পথ মস্কোপন্থীদের কাছে আর সমাজতান্ত্রিক পথ বলে গণ্যই থাকেনি। আর সোভিয়েত সমাজতান্ত্রিক ব্যবস্থা আমার চোখের সামনেই ভেঙে পড়েছে।
বেইজিংয়ে চীনা কমিউনিস্টদের বেশ কয়েকটি বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়েছে। কংগ্রেস উপলক্ষে তৈরি কিছু দলিলপত্র, কংগ্রেসে গৃহীত বিভিন্ন প্রস্তাবের ইংরেজি ভাষ্য নাড়াচাড়া করেছি। কয়েকটি সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর শুনেছি, ইংরেজি ভাষায় প্রকাশিত কিছু পত্রপত্রিকা পড়েছি এবং ইংরেজিতে কথা বলেন এমন কিছু চীনা সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়েছি। দুটো কথা আমার কানে বেশ বেজেছে। একটা হলো ‘সোশ্যালিজম উইথ চায়নিজ ক্যারেক্টারিস্টিকস’ বা চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র, আর অন্যটা হলো ‘প্রিন্সিপাল কন্ট্রাডিকশন’ বা প্রধান দ্বন্দ্ব। প্রথম কথাটা চীনে একটা আপ্তবাক্যের মতো প্রচলিত। সে দেশে শুধু ‘সমাজতন্ত্র’ কেউই বলে না; তার সঙ্গে অবশ্যই ‘উইথ চায়নিজ ক্যারেক্টারিস্টিকস’ কথাটা জুড়ে দেয়। দ্বিতীয় কথাটা, অর্থাৎ প্রিন্সিপাল কন্ট্রাডিকশন বা প্রধান দ্বন্দ্ব মার্ক্সবাদী তত্ত্বালোচনায় বহুকাল ধরে প্রচুর ব্যবহৃত হয়। ছাত্রজীবনে আমরা প্রধান দ্বন্দ্ব আর অপ্রধান দ্বন্দ্ব নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক করতাম।
অর্থাৎ দুটো কথার কোনোটাই আমার অপরিচিত নয়, কিন্তু তা সত্ত্বেও এই দুটো কথা নিয়ে আমার মনে প্রশ্ন জেগেছে। প্রথমত, বুঝতে চেয়েছি ‘চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র’ বলতে কী বোঝানো হচ্ছে। সোভিয়েত সমাজতন্ত্রে সব সম্পদের মালিক ছিল রাষ্ট্র, ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু ছিল না। রাষ্ট্র সব নাগরিকের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের দায়িত্ব নিয়েছিল, প্রত্যেক পূর্ণবয়স্ক নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। ব্যক্তিগত মালিকানার দোকানপাট, এমনকি চুল কাটার সেলুন পর্যন্ত ছিল না। কিন্তু চীনে প্রাইভেট সেক্টর বা ব্যক্তিমালিকানাধীন খাত বিশাল, সে দেশের অর্থনৈতিক অগ্রগতির প্রধান অবদান ব্যক্তি খাতের। ১৯৭৮ সালে চীনা কমিউনিস্ট পার্টি অর্থনৈতিক সংস্কার কর্মসূচি হাতে নেয়, ১৯৮১ সাল থেকে বাজার অর্থনীতি চালু করে। বাজার অর্থনীতিকে তারা বলে ‘ম্যাজিক বুলেট’; তার ফলে অভূতপূর্ব দ্রুতগতিতে চীনের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। টানা তিন দশক ধরে সে দেশে ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি ঘটতে থাকে; চীন হয়ে ওঠে পৃথিবীর ‘ফ্যাক্টরি ফ্লোর’। দেশটি আজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ।
কিন্তু এটা কি সমাজতন্ত্র? পুঁজিতান্ত্রিক উৎপাদন ও বণ্টন ব্যবস্থার সঙ্গে এর পার্থক্য কোথায়? বেইজিংয়ে যে পাঁচ তারা হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, আমি জানার চেষ্টা করেছিলাম তার মালিক কে। এক চীনা সাংবাদিক আমাকে নিশ্চিত করেছেন, ওটার মালিক রাষ্ট্র বা চীনের কমিউনিস্ট পার্টি নয়, বরং কয়েকজন মানুষের একটা গ্রুপ। সেই গ্রুপে কমিউনিস্ট পার্টির কোনো নেতা থেকে থাকতে পারেন কি না, আমার এই প্রশ্নের উত্তরে তিনি হেসে বলেন, ‘পারেন।’
অন্যদিকে চীনে এখনো সাড়ে ৫ কোটির বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে মানবেতর জীবনযাপন করে। তাদের মাথাপিছু দৈনিক ভোগের পরিমাণ ১ মার্কিন ডলারের কম। আর হিউরান রিসার্চ ইনস্টিটিউটের জরিপে বলা হচ্ছে, চীনে সবচেয়ে ধনী তিন ব্যক্তির প্রত্যেকে ৩ হাজার কোটি মার্কিন ডলারের সম্পদের মালিক। চীনে অঞ্চলভেদে উন্নয়নের ফারাকও বিস্তর। যেমন পাহাড়-পর্বতময় গুইঝু প্রদেশের মানুষের গড় বার্ষিক আয় সাংহাই এলাকার মানুষের গড় আয়ের তিন ভাগের এক ভাগ থেকেও কম।
‘চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্র’ বলতে আপাতত এটুকুই বোঝা গেল। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিং, যিনি চীনের প্রেসিডেন্টও বটেন, তিনি অবশ্য দারিদ্র্যের বিষয়টা লুকোবার চেষ্টা করেন না। বরং দারিদ্র্য কমানোর জন্য যে বেশ তৎপর হয়েছেন, তা বেশ গুরুত্বের সঙ্গেই তুলে ধরেন। কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে সাড়ে তিন ঘণ্টা ধরে তিনি যে প্রতিবেদন পাঠ করে শোনান, সেখানে উল্লেখ করেছেন, গত পাঁচ বছরে চীনে ৬ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠে এসেছে। ২০১২ সালে চীনে দারিদ্র্যের হার ছিল ১০ শতাংশ, এখন তা কমে নেমেছে ৪ শতাংশে। দারিদ্র্য বিমোচনের এই তৎপরতা অব্যাহত থাকবে এবং ২০২০ সালের মধ্যে চীনে আর কোনো মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকবে না। তিনি চীনকে আগামী তিন বছরের মধ্যে সব দিক থেকে একটি ‘মডারেটলি প্রসপারাস কান্ট্রি’ বা মাঝারি মানের সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চান।
চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার এক বিশ্লেষক লিখেছেন, ‘সি চিন পিং বলেন, চীন দীর্ঘ সময় ধরে সমাজতন্ত্রের প্রাথমিক ধাপেই রয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গনে চীন যে উন্নয়নশীল দেশ বলে পরিচিত, তার সেই পরিচয়ে কোনো পরিবর্তন ঘটেনি।’ অর্থাৎ পুঁজিতান্ত্রিক উৎপাদনব্যবস্থায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের যে পথ চীন অনুসরণ করে চলেছে, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি স্টেজ অব সোশ্যালিজম বা সমাজতন্ত্রের প্রাথমিক ধাপ। এই ধাপে চীন আরও দীর্ঘ সময় ধরে রয়ে যাবে। তাহলে ‘সি চিন পিং চিন্তাধারা’য় যে দুই ধাপের উন্নয়নকৌশল ঘোষণা করা হয়েছে, তার কী হবে?
সি চিন পিং বলছেন, ২০২০ সালের মধ্যে তাঁর দেশ মাঝারি পর্যায়ের সমৃদ্ধ দেশ হয়ে উঠবে। তারপর উন্নয়ন ঘটানো হবে দুই ধাপে: ২০২০ থেকে ২০৩৫ সালের মধ্যে ‘চীনা বৈশিষ্ট্যযুক্ত সমাজতন্ত্রের’ আধুনিকায়ন ঘটানো হবে। বিজ্ঞান-প্রযুক্তির সমস্ত সম্ভাবনা কাজে লাগিয়ে আধুনিকায়নের এই প্রক্রিয়ায় বৈষয়িক সম্পদের এমন বৃদ্ধি ঘটবে যে চীন আর সমৃদ্ধির মাঝারি পর্যায়ে থাকবে না, পরিপূর্ণ সমৃদ্ধি অর্জন করবে। তারপর ২০৩৫ থেকে ২০৫০ সালের মধ্যে চীন হয়ে উঠবে একটা ‘গ্রেট মডার্ন সোশ্যালিস্ট কান্ট্রি’ বা মহান আধুনিক সমাজতান্ত্রিক দেশ। সমাজতন্ত্র শব্দটার সঙ্গে তখন আর ‘চীনা বৈশিষ্ট্যযুক্ত’ কথাটা জুড়তে হবে না, সাধারণ অর্থে সমাজতন্ত্র বলতে যা বোঝায়, চীন সেই ব্যবস্থায় পৌঁছে যাবে।
এ রকম স্বপ্ন পূরণের জন্য সময়সীমা বেঁধে দেওয়া উচ্চাভিলাষী বলেই মনে হয়। বিশেষত এই পর্যায়ে, যখন চীনা সমাজতন্ত্র তার প্রাথমিক ধাপই অতিক্রম করতে পারেনি বলে বলা হচ্ছে। কিন্তু রাষ্ট্রনেতাদের উচ্চাভিলাষ থাকে, সময় ধরেই তাঁর কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। সেই কাজ করতে গিয়ে তাঁদের কী ধরনের বাধা বা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, সে সম্পর্কেও তাঁদের ধারণা রাখতে হয়। কিন্তু অনেকেই এ বিষয়ে সচেতন হন না। সি চিন পিং এই ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি চীনা সমাজতন্ত্রের সামনে এই সময়ের চ্যালেঞ্জ শনাক্ত করতে পেরেছেন বলে তিনি মনে করছেন। কংগ্রেসের প্রথম দিনেই তিনি সে কথা বলেছেন: চীনা সমাজতন্ত্র এক নতুন যুগে প্রবেশ করেছে; এই যুগে তার প্রিন্সিপাল কন্ট্রাডিকশন বা প্রধান দ্বন্দ্ব হলো ‘ভারসাম্যহীন ও অপর্যাপ্ত উন্নয়ন এবং আরও ভালোভাবে জীবনযাপনের জন্য জনগণের ক্রমবর্ধমান চাহিদার দ্বন্দ্ব’।
এতকাল চীনে যে উন্নয়ন হয়েছে, সি চিন পিংয়ের ভাষায় তা আনব্যালান্সড বা ভারসাম্যহীন এবং ইনঅ্যাডুকোয়েট বা অপর্যাপ্ত। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব অগ্রাহ্য হয়েছে, পানি ও বাতাস বিষাক্ত হয়েছে। নির্মল বায়ু আর নীল আকাশ আজ চীনের শিল্পোন্নত অঞ্চলগুলো থেকে হারিয়ে গেছে। দূষিত বস্তুকণামিশ্রিত একধরনের ধোঁয়াশা (স্মগ) রাজধানী বেইজিংসহ শিল্পাঞ্চলগুলোকে গ্রাস করে ফেলেছে। বেইজিংয়ে ইলেকট্রিক ফিল্টারযুক্ত মাস্ক বিক্রি হচ্ছে, যার একটার দাম ৬০ মার্কিন ডলার। কোথাও কোথাও সাইনবোর্ড লাগানো আছে: ‘আপনার স্বাস্থ্যরক্ষার জন্য ধোঁয়াশার দিনগুলোতে মুখে মাস্ক পরুন।’
প্রাকৃতিক পরিবেশের বিরাট ক্ষতির বিনিময়ে যে উন্নয়ন সাধিত হয়েছে, সি চিন পিং মনে করছেন, সেটা পর্যাপ্ত নয়। কারণ, মানুষের আরও ভালো জীবনযাপনের চাহিদা বেড়ে চলেছে। কিন্তু ‘বেটার লাইফ’ ধারণাটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। যে মানুষের দৈনিক ভোগের পরিমাণ ১ মার্কিন ডলারের কম, তাঁর বেটার লাইফের স্বপ্ন সেই মানুষের বেটার লাইফের ধারণা থেকে হাজার যোজন দূরের বিষয়, যিনি অক্সফোর্ড-কেমব্রিজে পড়াশোনা করতে যেতে চান, কিংবা ছুটি কাটাতে যেতে চান ক্যালিফোর্নিয়ায়, কিংবা সিডনিতে একটি বাড়ি কিনতে চান। সাংহাইতে কর্মসূত্রে বসবাস করেন, এমন এক জাপানি সাংবাদিক কথা প্রসঙ্গে আমাকে বললেন, ধনী চীনাদের অনেকেই আমেরিকা, কানাডা কিংবা অস্ট্রেলিয়ার পাসপোর্ট পেতে চান।
মাত্রাগত তারতম্য যা-ই হোক, আরও ভালো জীবনযাপন বা বেটার লাইফের মূল কথা হলো আরও বৈষয়িক স্বাচ্ছন্দ্য। অনুন্নত বা প্রাথমিক পর্যায়ের সমাজতন্ত্রের সঙ্গে জনগণের এই স্বাচ্ছন্দ্যের ক্রমবর্ধমান চাহিদার দ্বন্দ্বই চীনা সমাজতন্ত্রের নতুন যুগের প্রধান দ্বন্দ্ব বলে সি চিন পিং শনাক্ত করেছেন। এবং শুধু এ-ই নয়, সি চিন পিং আরও বলছেন, বৈষয়িক ও সাংস্কৃতিক সমৃদ্ধির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আরও কতগুলো চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। যেমন গণতন্ত্র, আইনের শাসন, পক্ষপাতহীন বিচারব্যবস্থা, ন্যায়বিচার, নিরাপত্তা, উন্নত পরিবেশ ইত্যাদি।
প্রকৃতপক্ষে চীনা সমাজতন্ত্রের এই মুহূর্তের প্রধান দ্বন্দ্ব গোটা মানবজাতির ক্ষেত্রেই প্রযোজ্য। ‘আরও একটু ভালোভাবে বেঁচে থাকা’র আকাঙ্ক্ষা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশিসংখ্যক মানুষের আকাঙ্ক্ষা। প্রধানত এই আকাঙ্ক্ষা পূরণের চেষ্টাই দেশে দেশে চলে আসছে যুগ যুগ ধরে। যেসব দেশ এই পথে অনেক সাফল্য অর্জন করেছে, আর যারা মোটেও সফল হতে পারছে না, উভয় শ্রেণির দেশেই এই দৌড় অব্যাহত আছে। এই তাড়নার নাম ভোগবাদ। এটা গোটা মানবসভ্যতার সংকট, শুধু চীনের একার নয়। চীনে এখন ভাবা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে কীভাবে উন্নয়ন অব্যাহত রাখা যায়। তারা পরিবেশবান্ধব প্রযুক্তি ও কলকারখানা স্থাপনের ওপর অনেক বেশি জোর দিচ্ছে, প্রচুর বিনিয়োগ করছে।
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।
[email protected]