
চীন ইতিমধ্যে দুনিয়ার সবচেয়ে বড় রপ্তানিকারক, উৎপাদক ও আন্তর্জাতিক-রিজার্ভ-সম্পদ-ধারকে পরিণত হয়েছে। এ বছরই সে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে দুনিয়ার সবচেয়ে বড় অর্থনীতি হয়ে উঠবে (ক্রয়ক্ষমতার বিবেচনায়)। ফলে চীন এখন তার ক্রমবর্ধমান প্রভাব কাজে লাগিয়ে বৈশ্বিক অর্থনৈতিক নিয়ন্ত্রণও হাতে নেওয়ার চেষ্টা করছে। চীন এখন আর দেংয়ের সাদামাটা জীবনযাপনের নীতিতে নেই।
জি-২০, আইএমএফ, বিশ্বব্যাংক ও ডব্লিউটিও প্রভৃতি আন্তর্জাতিক অর্থ সংস্থায় বছরের পর বছর ধরে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পরও চীন এখন সংশোধনবাদী চেহারা লাভ করেছে, যারা একটি নতুন বিশ্বব্যবস্থা নির্মাণ করতে চায়। গত মাসে চীনসহ আরও ২০টি এশীয় রাষ্ট্র একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। এটি বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতি প্রথম প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ, যার প্রস্তাব পেড়েছে চীন।
এক অর্থে এই পালাবদল কোনো বিস্ময়কর ব্যাপার নয়। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ দুর্বলতা এবং বিশেষ করে এগুলোর পরিচালনা কাঠামোর ভঙ্গুর দশা নিয়ে ব্যাপক বিতর্ক হওয়ার পরিপ্রেক্ষিতে চীনের এই উদ্যোগ একটি স্বাভাবিক ব্যাপার। আর ওই প্রতিষ্ঠানগুলোতে চীনের ভূমিকা তার অর্থনীতির আকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এটাও একটা কারণ। আইএমএফে চীনের ভোট প্রদানের ভাগ ৩ দশমিক ৮ শতাংশ, এডিবিতে ৫ দশমিক ৫ শতাংশ। আর মার্কিন যুক্তরাষ্ট্রের এ ভাগের পরিমাণ যথাক্রমে ১৬ দশমিক ৮ শতাংশ ও ১২ দশমিক ৮ শতাংশ, আর জাপানের পরিমাণ যথাক্রমে ৬ দশমিক ২ শতাংশ ও ১২ দশমিক ৮ শতাংশ।
তদুপরি, এসব প্রতিষ্ঠানের মাতবরি উন্নত অর্থনীতির দেশগুলোর হাতেই রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাংক ও আইএমএফ প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকেই বিশ্বব্যাংক নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র আর আইএমএফ নিয়ন্ত্রণ করছে ইউরোপ। অন্যদিকে ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এডিবির সভাপতির পদ অলংকৃত করছেন জাপানিরা। আর চীনের মতো উদীয়মান শক্তিগুলো এসব প্রতিষ্ঠানে তাদের অবদানের পরিমাণ বাড়াতে গেলেও বাধার সম্মুখীন হয়, ফলে তাদের মর্যাদাও বাড়ে না। আর সংস্কার নিয়ে বহু কথা হলেও তা বাস্তবায়নে অনেক সময় লেগেছে। যেমন জি-২০ নেতারা ২০১০ সালে আইএমএফ কোটা ও গভর্ন্যান্স রিফর্ম বিষয়ে একমত হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।
এ পরিপ্রেক্ষিতে হতাশ হয়ে চীন এই এআইআইবি গঠনের উদ্যোগ নেয়, এর ৫০ শতাংশ শেয়ার তার হাতেই। ব্যাংকটির প্রথম প্রেসিডেন্ট হবেন একজন চীনা নাগরিক, আর এর প্রধান কার্যালয় হবে বেইজিংয়ে।
চীনের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে এআইআইবি যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে। এশিয়ার অনেক উন্নয়নশীল দেশেই অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হয়নি, ফলে তাদের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য অবকাঠামো খাতে বিনিয়োগ দরকার।
এআইআইবি শুধু উন্নয়নশীল দেশগুলোতে সম্পদই পাঠাতে পারে না, নিজেদের প্রয়োজনের সঙ্গে মিল রেখে তারা সেটা করতে পারে। এআইআইবি চীনের দ্রুত বর্ধনশীল উন্নয়ন অর্থায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করবে, আর বহুপক্ষীয় কাঠামো থাকার কারণে এই ব্যাংকের পরিচালনা পদ্ধতি ও মান উভয়ই উন্নত হওয়ার কথা। তবে এআইআইবি হয়তো এশিয়ার অর্থনৈতিক পরিচালনা পদ্ধতির মানোন্নয়ন ঘটাতে পারবে না। কারণ, জাপান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশ এখনো এর সদস্য হয়নি, তাদের অর্থনীতিও খুব ছোট নয়।
যেমন, ভারতের সাবেক প্রতিমন্ত্রী শশী থারুর বলেছেন, চীন এআইআইবিকে দিয়ে নতুন সিল্ক রোড নির্মাণে অর্থায়ন করাবে। এটি স্থলপথ ও সমুদ্রপথের সমন্বয়ে গঠিত একটি পথ, যার মাধ্যমে এশিয়ার সঙ্গে ইউরোপকে সংযুক্ত করা হবে। এই প্রকল্পের কিছু আঞ্চলিক সুবিধাদি থাকলেও তা মূলত চীনের স্বার্থ সংরক্ষণ করবে। এই সিল্ক রোড একীভবন ও সংযুক্তির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে গতি সঞ্চার করবে। এর মাধ্যমে চীনের আন্তর্জাতিক প্রভাব বাড়বে, আর তার পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যকার দূরত্ব অনেকটা ঘুচবে। একই সঙ্গে তা ভূরাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে, চীনের সঙ্গে তার প্রতিবেশীদের ভূমিসংক্রান্ত বিরোধ বাড়িয়ে দিতে পারে।
অনেক উন্নয়ন বিশেষজ্ঞ আরও সাধারণভাবে তাঁদের আশঙ্কার কথা জানিয়েছেন: এআইআইবি আন্তর্জাতিক মান ও স্বচ্ছতা অনুযায়ী কাজ করতে পারবে কি না, নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পারবে কি না, দুর্নীতিবাজ ও অদক্ষ সরকারের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানাতে পারবে কি না এবং কার্যকর প্রক্রিয়া প্রণয়ন করতে পারবে কি না।
চীন এসব বিষয় আমলে নিয়ে জবাবও দিয়েছে। তারা বারবার জোর দিয়ে বলেছে, এআইআইবির কাজ হবে অন্যান্য অনুরূপ প্রতিষ্ঠানের কাজের সম্পূরণ ঘটানো, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা নয়। এআইআইবির উদ্বোধনের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা দিয়েছেন, ‘প্রতিষ্ঠানটির উচিত হবে বহুপক্ষীয় নিয়মনীতি ও কার্যপ্রণালি অনুসরণ করা এবং বিদ্যমান বহুপক্ষীয় উন্নয়ন প্রতিষ্ঠানের ভালো দিকগুলো থেকে শিক্ষা নেওয়া।’
শুধু বললেই হবে না, প্রেসিডেন্টের এরূপ বক্তব্য সমর্থনে চীনকে ন্যায়বিচার ও দক্ষ শাসনব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিশীল হতে হবে। বিশেষ করে তার এআইআইবির শেয়ারের পরিমাণ কমাতে হবে, প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টের পদ পালাক্রমিক করতে হবে, আর উন্নত এশীয় দেশগুলোকে সদস্য বানাতে হবে।
এআইআইবি গঠনের পদক্ষেপকে আমাদের স্বাগত জানাতে হবে। কিন্তু চীনের সঙ্গে তার প্রতিবেশী দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে অনাস্থা অনেক গভীর, তাদের মধ্যকার দ্বন্দ্বও বহুমুখী। ফলে এর সফলতা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দ্বন্দ্বের ক্ষেত্রগুলো হচ্ছে: নিরাপত্তা, পরিবেশ ও মানবাধিকার। ফলে এআইআইবির সফলতার জন্য চীনকে কিছু আপস করতে হবে। প্রতিষ্ঠানটিকে পরিপূর্ণভাবে কার্যক্ষম করতে এর বিকল্প নেই।
বৈশ্বিক ব্যবস্থায় চীনের প্রভাব বিস্তারের অ্যাপ্রোচে কিছুটা পরিবর্তন আসতে শুরু করেছে। সবাই আশা করছে, তা সঠিক পথে পারিচালিত হবে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
লি জং-ওহা: কোরিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক।