
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক ভারত সফরের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, এশিয়ার অন্য বড় শক্তিগুলোর ব্যাপারে চীনের অবস্থানে পরিবর্তন আসছে। চীন-ভারত সম্পর্কে এই সূক্ষ্ম পরিবর্তন আগামী দশকে দুনিয়ার ক্ষমতা সম্পর্কে ব্যাপক পরিবর্তন বয়ে আনতে পারে।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীন নতুন এক মহা কৌশল নিতে যাচ্ছে, যেটাকে বলা যায় ‘দ্বৈত পুনঃভারসাম্যের’ নীতি। একদিকে তারা নিজেদের অর্থনৈতিক অগ্রগতির ধারা ফিরিয়ে আনতে দেশের অভ্যন্তরে সাহসী সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে আর অন্যদিকে তারা দেশটির বৈশ্বিক অবস্থান ও কূটনীতি খুঁটিয়ে খুঁটিয়ে পুনর্বিচার করছে, নিজেদের আশপাশের অঞ্চলে ঝুঁকির উৎস খুঁজছে। কেন্দ্রীয় এশিয়াবিষয়ক সিল্ক রোড ইকোনমিক বেল্ট ও ভারত মহাসাগরের জাহাজ চলাচলের রুটের পার্শ্ববর্তী দেশগুলো ভিত্তিক টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি মেরিটাইম সিল্ক রোড—এ দুটি বিষয় এখন চীনের পররাষ্ট্রনীতির প্রধান চালিকাশক্তি। চীনের সফলতা নির্ভর করবে অন্যান্য বড় শক্তির সহায়তার ওপর, কেন্দ্রীয় এশিয়ায় রাশিয়া ও দক্ষিণ এশিয়ায় ভারত।
চীন জানে, এ শতাব্দীর শুরু থেকে বিশ্বপরিসরে ভারতের প্রভাব-প্রতিপত্তি বাড়ছে। ভারত তার নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে অর্ধদশকের অর্থনৈতিক অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে। মোদি দেশের বিত্তহীন জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ঘটাতে চান, একই সঙ্গে বিশ্বপরিসরে ভারতের অবস্থান সংহত করতে চান। চীনা নীতির কৌশল হওয়া উচিত, মোদির উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে চীনের কৌশলগত লক্ষ্যের সমন্বয় ঘটানো।
মোদি ক্ষমতায় আসার পর থেকেই ভারত জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে। চীনের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রভাব কিছুটা হলেও খাটো করার অভিপ্রায়ে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ভারতকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের গণতান্ত্রিক দেশগুলোর বহুপক্ষীয় জোটে নিয়ে আসার। হ্যাঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতকে সঙ্গে নিয়ে একটি ‘গণতান্ত্রিক নিরাপত্তাবলয়’ তৈরি করার চেষ্টা করছেন।
সেপ্টেম্বরের শুরুতে মোদির জাপান সফরের সময় আবে আগামী পাঁচ বছরে ভারতের অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ, বেসামরিক পরমাণু কর্মসূচির আলোচনা জোরদার ও দ্বিপক্ষীয় সমুদ্রনিরাপত্তা সহযোগিতা জোরদার করার প্রস্তাব দিয়েছেন। উভয় দেশই ‘স্পেশাল স্ট্র্যাটেজিক অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ’ গড়ে তুলতে রাজি হয়েছে। ফলে এখন ভারত ও জাপানের গভীরতর সম্পর্ক হবে আর চীন তা তাকিয়ে তাকিয়ে দেখবে ও ভাববে।
এদিকে বিল ক্লিনটনের সময় ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কে কিছু সাময়িক বিবেচনা থাকলেও যুক্তরাষ্ট্র ভারতকে নিজেদের ‘সহজাত মিত্র’ হিসেবেই বিবেচনা করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল সাম্প্রতিক সময়ে ভারত সফরে গিয়ে মোদির সঙ্গে দেনদরবার করে যুক্তরাষ্ট্র-ভারত আরও উন্নত অর্থনৈতিক ও কৌশলগত বন্ধনের প্রতিশ্রুতি দিয়েছেন। গত তিন মাসে ভারতে অস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্র রাশিয়াকে ছাড়িয়ে গেছে। মোদি সরকারের লক্ষ্য হচ্ছে, বিভিন্ন উৎস থেকে অস্ত্র সংগ্রহ করা এবং অস্ত্র উৎপাদনে স্বনির্ভর হওয়া।
মোদির ওয়াশিংটন সফরের সময় বারাক ওবামা ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে সব চেষ্টাই করবেন। যুক্তরাষ্ট্রের সাবেক আন্ডার সেক্রেটারি অব স্টেট নিকোলাস বার্নস বলেছেন, আগামী শতাব্দীতে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র হবে ভারত, ফলে এশিয়ায় শক্তির ভারসাম্যের খেলায় যুক্তরাষ্ট্রের তুরুপের তাস হবে দেশটি।
শি বিশ্বাস করেন, জাপানের চেয়ে মোদির চাহিদা তিনি ভালো বুঝতে পারবেন। কিন্তু ভারত চায় না এশিয়ার ভূরাজনীতির পুনর্বিন্যাসে তার অবস্থান পরিবর্তন হোক, চীনের উচিত হবে না ভারতের এই আকাঙ্ক্ষা খাটো করে দেখা।
শির ভারত সফরের সময় দেশ দুটি বাণিজ্য, অর্থ ও সংস্কৃতিবিষয়ক ১৫টি চুক্তি করেছে। শি ভারতের ক্ষয়িষ্ণু ও অতি ব্যবহারে জীর্ণ রেলওয়ের আধুনিকায়নে ২০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন।
একই সঙ্গে চীন গুজরাট ও মহারাষ্ট্রে দুটি শিল্পপার্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। চীনে আরও বেশি ভারতীয় পণ্য প্রবেশের সুযোগ দেবে তারা। এর মাধ্যমে দেশ দুটির বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে। ২০০১ সালে এই ঘাটতির পরিমাণ ছিল এক বিলিয়ন মার্কিন ডলার, আর আজ তা দাঁড়িয়েছে ৪০ বিলিয়ন ডলারে। মোদি ভারতের বাজারসংক্রান্ত সংস্কার কর্মসূচি পুনরায় চালু করতে আগ্রহী, দেশটির ব্যবসা পরিবেশ উন্নত করতে চান তিনি।
এর পাশাপাশি, চীন ভারতের সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক পরিসরে সহযোগিতা জোরদার করতে চায়। আশা করা যায়, ভারত শিগগিরই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্যপদ পেতে যাচ্ছে। ভারতের ‘কানেক্ট সেন্ট্রাল এশিয়া পলিসি’ ও উত্তর-দক্ষিণ ট্রানজিট করিডর প্রতিষ্ঠার চেষ্টায় কেন্দ্রীয় এশিয়ার দেশগুলো উপকৃত হবে, এ অঞ্চল চীনের মাথাব্যথার কারণ। কারণ, চীনের টালমাটাল প্রদেশ জিনজিয়াং এ অঞ্চলের নিকটবর্তী।
এদিকে আফগানিস্তানের প্রধান দাতা হচ্ছে ভারত ও চীন। ফলে সেখান থেকে ন্যাটো সেনা প্রত্যাহার হলে সেখানকার স্থিতিশীলতা আনয়নে দুই দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। ধর্মীয় চরমপন্থা ও সন্ত্রাসবাদ মোকাবিলায়ও দেশ দুটিকে একত্রে কাজ করতে হবে। তদুপরি, বৈশ্বিক আর্থিক খাতের নীতি পুনর্নির্ধারণে দেশ দুটির অভিন্ন স্বার্থ রয়েছে, বিশেষত ব্রিকসভুক্ত দেশগুলোর (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) সংহতি আরও জোরদার করার মাধ্যমে তারা এটা করতে পারে। আরেকটি ব্যাপার নিশ্চিত করতে হবে, জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে এমনভাবে মোকাবিলা করতে হবে, যাতে তা যেন উন্নয়নের রাশ টেনে না ধরে।
কিন্তু ১৯৬২ সালের যুদ্ধে চীনের কাছে পরাজিত হওয়ার তিক্ত স্মৃতি এখনো ভারতকে তাড়িয়ে বেড়াচ্ছে। বিভিন্ন সময়ই মোদি চীন-ভারত সীমান্তে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির বিষয়ে কথা তুলেছেন। ভারত যেমন চীন দ্বারা ঘেরাওয়ের ভীতিতে আছে, তেমনি একইভাবে চীনও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দ্বারা ঘেরাওয়ের ভয়ে আছে। সে কারণেই চীন ভারত ও পাকিস্তানের সঙ্গে ভিন্ন পথে সম্পর্কোন্নয়ন করতে চায় না, যুক্তরাষ্ট্র যেমন বুশের জামানায় করেছিল।
শির সফর থেকে বোঝা যায়, চীন ভারতের সঙ্গে দ্বৈরথ না বাড়িয়ে বরং তা প্রশমন করতে চায়। কিন্তু শির বিনিয়োগের প্রতিশ্রুতি সত্ত্বেও এশিয়ার এই দুই বড় শক্তি নিজেদের ভেদাভেদ ভুলতে পারবে এমনটা এখনো নিশ্চিত নয়, যে ভেদাভেদ তাদের সম্পর্কটিকে বহুদিন ধরেই ভারী করে রেখেছে। সর্বোপরি, দেশ দুটি বৈশ্বিক পরিসরে নিজেদের অবস্থান সংহত করার আকাঙ্ক্ষা লালন করে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন ; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
ঝাও মিনঘাও: চীনের পররাষ্ট্রনীতিবিষয়ক চারহার ইনস্টিটিউটের গবেষণা ফেলো।