চীনের কথায় চলছেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

সি চিন পিং এই সপ্তাহে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। তিনি বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যথেষ্ট বড়, এখানে উভয় দেশেরই জায়গা হবে। শুধু তা–ই নয়, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করার প্রস্তাব দিয়েছেন। ট্রাম্পও ভালো রাজনীতি করেছেন। তাঁর পরামর্শ হচ্ছে, চীন ও যুক্তরাষ্ট্র একত্রে পৃথিবীর ‘প্রায় সব’ সমস্যার সমাধান করতে পারে; সম্ভবত ‘সব’ সমস্যারই সমাধান করতে পারে। এটাই ছিল তাঁর বাণী। মূল ঘটনা হলো চীনের ক্রমবর্ধমান শক্তি। তারা ধীরস্থিরভাবে অগ্রসর হয়ে এই শতকের মাঝামাঝি
সময়ে পৃথিবীতে প্রভাব বিস্তার করতে চায়। আর যুক্তরাষ্ট্রের অসাবধানি বাকবিস্ফোরণে বোঝা যায়, এই অস্থির পরাশক্তি পশ্চাদপসরণ করছে।  

চীন এখন ব্যস্ত, তার হাতে রিজার্ভ আছে, আছে প্রবৃদ্ধি, যেটা দিয়ে সে পৃথিবীকে চালিত করতে চায়। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তার দীর্ঘ মেয়াদে কাজ করার গর্ব ও আত্মবিশ্বাস আছে। ‘যুক্তরাষ্ট্র প্রথম’—ট্রাম্পের এই কুৎসিত স্লোগানে ব্যয়সংকোচন নীতির আভাস পাওয়া যায়। এর বিপরীতে সি চিন পিংয়ের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ উদ্যোগ এক বড় অবকাঠামোগত প্রকল্প, যার মাধ্যমে তারা চীনা অর্থ ও প্রযুক্তি ব্যবহার করে পুরোনো সিল্ক রোডের সঙ্গে পুনঃযোগাযোগ স্থাপন এবং অন্য দেশগুলোকে চীনের সঙ্গে যুক্ত করতে চায়। পরিসর ও মূল্যমানের দিক দিয়ে এটি মার্শাল পরিকল্পনাকে পেছনে ফেলে দিয়েছে, যে পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ৭০ বছর আগে আত্মবিশ্বাসের সুদূরপ্রসারী প্রকাশ ঘটিয়েছিল।

১৯তম কংগ্রেসে সি চিন পিংয়ের বক্তৃতা চীনা কমিউনিস্ট পার্টির মোক্ষলাভের সমতুল্য। তিনি মাও সে–তুং ও দেঙ জিয়াও পিংয়ের কাতারে চলে এলেন। তাঁর চিন্তা এখন গোঁড়া মতবাদে পরিণত হয়েছে। তাঁর চীন এক ভিন্ন পর্যায়ে প্রবেশ করেছে। প্রথমে স্বাধীন ও ধনী হওয়ার পর দেশটি এখন ‘শক্তিশালী হচ্ছে’।

এখন কথা হচ্ছে, এই শক্তি কোন উদ্দেশ্যে ব্যবহৃত হবে? সি চিন পিং বলেছেন, ‘চীন অন্যান্য দেশ ও জাতিকে নতুন সুযোগ দিয়েছে, যারা নিজেদের স্বাধীনতা অক্ষুণ্ন রেখে উন্নয়ন ত্বরান্বিত করতে চায়।’ ব্যাপারটা হলো, এক নতুন যুগের সূচনা হয়েছে, ‘চীন যার কেন্দ্র হওয়ার দিকে এগোচ্ছে।’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদার রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে চীন বিকল্প, একদলীয় ও কর্তৃত্বপরায়ণ সরকারের মডেল হতে পারে। স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ অ্যাসোসিয়েট ইয়ুন সুন বলেছেন, চীন ‘এখন সক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আদর্শিক প্রতিযোগিতায় নেমেছে।’ তিনি আরও বলেন, সির বক্তৃতায় ‘এক চীনা প্রবাদের ঘোষণা দেওয়া হলো: আমরা এই খেলায় জিতেছি, আমরা এই খেলা জিতছি’।

এই মুহূর্তে তারা জিতছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থায় ফাটল ধরার পর চীন এই কৌশল অবলম্বন করল, যদিও তারা আগে নিজেদের ব্যবস্থাকে বৈশ্বিক নমুনা হিসেবে হাজির করার ব্যাপারে সোচ্চার ছিল না। এই মুহূর্তটি নিজেদের বিশ্বের কেন্দ্রে স্থাপনের ব্যাপারে কথা বলার জন্য আদর্শ। ট্রাম্পের মাথায় প্রকৃতপক্ষে কোনো বুদ্ধি নেই, তাঁর আছে তাড়না (যেমন সৌদি আরবের ব্যাপারে মারাত্মক প্রেম)।

এশিয়া সফরে ট্রাম্প ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গণতন্ত্রের ভিত্তিতে ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল’ গড়ে তোলার কথা বলেছেন। চীনকে মোকাবিলায় এটাই সঠিক কথা। চীনের বাইরের কোটি কোটি এশীয় নাগরিক সি চিন পিংয়ের চিন্তাধারা পাঠে নিজেদের বাধিত মনে করছে না। লেনিনবাদের চেয়ে উদারবাদের প্রতিই তাদের বেশি আকর্ষণ।

সি চিন পিং চিন্তাধারায় চীনা সামরিক বাহিনীকে ‘বিশ্বমানের শক্তি’ হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে, যারা ‘পার্টির নির্দেশ মানবে এবং যুদ্ধ করে জিততে পারবে’। এতে বোঝা যায়, চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্ব সমাজের ‘বৈশিষ্ট্য নির্ধারণ’ করছে। সে কারণে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় স্বাধীনতার প্রতি ট্রাম্পের অঙ্গীকার তাৎপর্যপূর্ণ। ট্রাম্প উদ্বৃত্ত পছন্দ করেন আর অপছন্দ করেন ঘাটতি। তবে ট্রাম্পের কৌশল শোরগোল তোলার বাইরে আর কিছু করতে পারে কি না, সেটা পরিষ্কার নয়; যেখানে এক পক্ষ ততটাই জিতবে, আরেক পক্ষ ঠিক যতটা হারাবে।

এশিয়ার দেশগুলো যেটা করতে চাইবে না তাহলো চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একজনকে বেছে নেওয়া। সিঙ্গাপুর থেকে মিয়ানমার পর্যন্ত সবাই জানে, চীনকে ভারসাম্যে আনতে পারে একমাত্র যুক্তরাষ্ট্র। চীন যদি অর্থ ও বিনিয়োগের সমার্থক হয়, তাহলে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও স্বাধীনতার সমার্থক। এখানকার আঞ্চলিক ব্যবস্থা চীন-মার্কিন সম্পর্কের ওপর নির্ভর করছে।

২০৩৫ ও ২০৫০ সালের চীনা লক্ষ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাপার দরকার, সেটা হলো আঞ্চলিক স্থিতিশীলতা। এটা সংবাদের শিরোনাম; ট্রাম্পের ষড়যন্ত্র নয়। দ্বিতীয় কোরীয় যুদ্ধ শুরু হলে তা পারমাণবিক যুদ্ধে রূপ নেবে, চীন যেটা মোটেই চায় না। এরপর যে ব্যাপারটা চীন চাইবে না তা হলো উত্তর কোরিয়ার জমানার অবসান এবং তার সীমান্তে মার্কিনঘেঁষা সংযুক্ত কোরিয়ার উপস্থিতি। প্রভাবশালী হওয়ার আকাঙ্ক্ষা বাস্তবায়নে চীনের স্থিতিশীলতা দরকার, অন্তত যত দিন তা অর্জিত না হয়। সে কারণে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনকে বশে রাখতে হবে। এই পরিপ্রেক্ষিতে চীনের কাজ হবে কিম জং–উনকে চাপ দেওয়া। তবে তার মানে এই নয় যে দেশটিকে বিপারমাণবিকীকরণ করতে হবে। তাকে যেটা করতে হবে তা হলো এটা নিশ্চিত করা যে, সে যেন যুক্তরাষ্ট্র ও জাপানকে আর উসকানি না দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিম জং–উন নিয়ন্ত্রণযোগ্য কি না।

আরেকটি প্রশ্ন হচ্ছে, ট্রাম্প নিজেই নিয়ন্ত্রণযোগ্য কি না। সি চিন পিং এক নির্ভরযোগ্য সঙ্গীর চিত্রকল্প হাজির করেছেন, যিনি এক উন্মুক্ত ও স্থিতিশীল বাণিজ্যব্যবস্থার সমর্থক। কিন্তু ট্রাম্প আবার সৌদি আরবের সঙ্গে গেলেন।

এই মুহূর্তে পিয়ংইয়ংয়ের সঙ্গে পারমাণবিক যুদ্ধের চেয়ে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে সৌদি-সমর্থিত যুদ্ধের সম্ভাবনাই বেশি। যখন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রথম নীতিতে চলেন এবং পরবর্তী সপ্তাহের বেশি কিংবা টাকার চেয়ে বেশি কিছু ভাবতে পারেন না, তখন এরকমটাই হয়। 

নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন

রজার কোহেন: নিউইয়র্ক টাইমস–এর পররাষ্ট্রবিষয়ক সম্পাদক।