চীনের চোখে ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেফরি এন ওয়াসারস্ট্রম
জেফরি এন ওয়াসারস্ট্রম

ডোনাল্ড ট্রাম্প যখন নভেম্বরে মার্কিন নির্বাচনে জেতেন, তখন তাঁর অনেক চীনা ভক্ত ছিল। কিন্তু তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের মতো বিতর্কিত বিষয়ে মন্তব্য করায়, কখনো কখনো টুইটারে—চীনে তাঁর জনপ্রিয়তা কমেছে। তবে চীনে মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমার ঘটনা এটাই কিন্তু প্রথম নয়।
ট্রাম্পের প্রতি চীনাদের এই মনোভাব পরিবর্তনের ব্যাপারটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের কথা স্মরণ করিয়ে দেয়। আজ থেকে এক শতাব্দী কাল আগে তিনি যখন প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন, তখনো একই ব্যাপার ঘটেছিল। সে সময় বহু চীনা বুদ্ধিজীবী এমনকি তরুণ মাও সে তুং পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানী ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট উড্রো উইলসনের প্রশংসা করেছিলেন। এরপর ১৯১৯ সালে উইলসন ভার্সাই চুক্তির প্রতি সমর্থন জানান, যার মাধ্যমে শ্যাংডন প্রদেশের সাবেক জার্মাননিয়ন্ত্রিত ভূমি জাপানের নিয়ন্ত্রণে চলে যায়, তখন উইলসন চীনে দ্রুত জনপ্রিয়তা হারান।
এ দুই ক্ষেত্রেই কিন্তু মতি পরিবর্তনের মধ্যে মিল আছে, কিন্তু তার কারণগুলো একেবারেই ভিন্ন। এক শতককাল আগে চীন প্রথমে উইলসনকে সমর্থন জানিয়েছিল। এরপর চীনারা তাঁকে অপছন্দ করেছে, যার কারণ ছিল তাঁর নিজের দুর্বলতা। আর আজ চীনের সবলতাই ঠিক করে দিচ্ছে, তারা মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে কী ধারণা পোষণ করবে।
১৯১৬ সালে উইলসন যখন দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন চীনের অবস্থা ছিল খুবই খারাপ। ১৯১২ সালে প্রতিষ্ঠিত চীনা প্রজাতন্ত্র আপাতভাবে একক ও অবিভক্ত থাকলেও প্রকৃতপক্ষে এটি ভঙ্গুর ছিল। একদিকে সামরিক পান্ডারা দেশটির বিভিন্ন অঞ্চল নিয়ন্ত্রণ করত, অন্যদিকে বিদেশি শক্তিগুলো ঘুষ দিয়ে ও বল প্রয়োগ করে চীনের বিপুল পরিমাণ ভূমি করতলগত করেছিল। ফলে চীনা বুদ্ধিজীবীরা মনে করেছিলেন, উইলসন যুদ্ধবাজ ঠগদের চেয়ে কেতাবি অর্থেও আলাদা।
কিন্তু চীনে উইলসনের আবেদন এত গভীর ছিল যে তা মানুষের দৃষ্টিসীমার বাইরে ছিল। ১৯১৮ সালে উইলসন যখন ‘জাতির আত্মনিয়ন্ত্রণের’ আহ্বান জানিয়ে কংগ্রেসে বক্তৃতা দেন, তখন তাঁর জনপ্রিয়তা শুধু চীনে নয়, সব জায়গাতেই ব্যাপক বেড়ে যায়। তবে উইলসন যুক্তরাষ্ট্রে জিম ক্রো (কালোবিরোধী আইন) ও হাইতি দখলকে সমর্থন করা সত্ত্বেও সাম্রাজ্যবাদের হামলায় ক্ষতবিক্ষত দেশের বুদ্ধিজীবীরা তাঁর ঘোষণাকে হৃদয়ে স্থান দিয়েছিলেন। তাঁরা উইলসনকে নিপীড়িত মানুষের রক্ষাকর্তা ও সমর্থক মনে করেছিলেন।
বিশেষ করে চীনা দেশপ্রেমিকেরা ভেবেছিলেন, উইলসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এশিয়ায় আরও ভালোভাবে প্রযুক্ত হবে। তারা এমনভাবে তা করবে, যাতে চীন সাম্রাজ্যবাদী জাপানের হাত থেকে সুরক্ষিত থাকবে। ফলে তাঁরা যখন দেখলেন, উইলসন ভার্সাই চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন, তখন তাঁরা সেটাকে গভীর বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য করেন।
কিন্তু কথা হচ্ছে, আজকের ২০১৭ সালের চীন ১৯১৬ সালের চীনের চেয়ে অকল্পনীয়ভাবে আলাদা। বৈশ্বিক অর্থনৈতিক ঊর্ধ্বক্রমে অনেক উন্নত দেশকেও সে পেরিয়ে গেছে। দেশটি শক্তিশালী ও কেন্দ্রীভূত নেতৃত্বের অধীনে একত্র আছে। চীন অনেক বড় দেশ। কিং সাম্রাজ্যের অধীনে যত ভূমি ছিল, তার প্রায় পুরোটা নিয়েই দেশটি গঠিত হয়েছে। তবে বিরল ব্যতিক্রম হচ্ছে তাইওয়ান। কিন্তু ‘এক চীনের’ কূটনৈতিক কল্পকাহিনি যাঁরা বিশ্বাস করেন, তাঁদের মনে এই অলীক কল্পনা আছে যে কোনো না কোনোভাবে এই গণতান্ত্রিক দ্বীপটি কর্তৃত্ববাদী মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হবে।
সংক্ষেপে বললে, চীনের আর এখন মার্কিন সুরক্ষার প্রয়োজন নেই। এর বদলে তারা এমন এক মার্কিন প্রেসিডেন্টকে চায়, যিনি অভ্যন্তরীণ বিষয় নিয়েই বেশি ব্যস্ত থাকবেন, চীনের উত্থান প্রতিহত করতে অতটা ব্যতিব্যস্ত থাকবেন না, বারাক ওবামা যেমন ছিলেন। সে ক্ষেত্রে চীন নিজের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এশিয়ার ক্ষমতা সম্পর্কে নতুন ভারসাম্য আনতে পারবে, মার্কিন হস্তক্ষেপ সম্পর্কে উদ্বিগ্ন না হয়েই।
নির্বাচনের আগে ট্রাম্প চীনের বিরুদ্ধে উদ্ভট অভিযোগ এনেছেন, যেগুলো ছিল মূলত বাণিজ্যের মতো অর্থনৈতিক বিষয়-সম্পর্কিত। কিন্তু পররাষ্ট্রনীতি বিষয়ে তাঁর যে আপাত অনাগ্রহ, তা চীনা নেতাদের কাছে খুবই আকর্ষণীয়। মনে হয়েছে, তিনি হিলারি ক্লিনটনের তুলনায় চীন নিয়ে কম ঘাঁটাঘাঁটি করবেন, তাকে একা থাকতে দেবেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, পূর্বসূরিদের মতো তিনি এশিয়ার ঐতিহ্যবাহী মিত্র, যেমন দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতি বেশি মনোযোগ দেবেন না, যে কথাটা চীনা নেতাদের কাছে সংগীতের মতো মনে হয়েছে। ন্যাটো সম্পর্কেও তিনি একই কথা বলেছেন, যে কথাটা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছেও সংগীতের মতো মনে হয়েছে।
উইলসনের মতো ট্রাম্পও কিছু ভক্ত জুটিয়েছেন, যার একমাত্র কারণ হচ্ছে তাঁর অরাজনীতিকসুলভ আচরণ। হ্যাঁ, এটা ঠিক,
ট্রাম্প গ্রন্থকীট নন। কিন্তু অনেক মানুষই এটা পছন্দ করেছেন এই ভেবে যে মনে যা আসে তিনি তা বলে ফেলেন। তিনি ‘সোজাসুজি’
কথা বলেন, যেটা ঠিক পরিশীলিত রাজনীতিকদের মতো নয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কথাই বলা যায়, যিনি প্রতিটি কথাই মেপে মেপে বলেন।
এটা কল্পনা করা কঠিন যে মার্কিন-চীন সম্পর্কের বিশেষ বৈপরীত্যগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেখানে ট্রাম্পের ক্যাটক্যাটে পেন্ট হাউস ও প্রাচুর্যপূর্ণ মার-আ-লাগো পার্টির ছবিগুলো গণপরিসরে ছড়িয়ে পড়ছে। ট্রাম্পের যোগাযোগের ধরন বেশ দৃষ্টি আকর্ষক, বিশেষ করে সি চিন পিংয়ের তুলনায়। ফলে কেউ যখন আবেগী বিষয়ে ট্রাম্পের চাঁছাছোলা মন্তব্যের শিকার হন, তখন তার আবেদন অতটা থাকে না। ঠিক যেমন দুর্বল চীন উইলসনের সুরক্ষার ওপর নির্ভর করতে পারত না, তেমনি শক্তিশালী চীন ট্রাম্পের ওপর এই ভরসা করতে পারে না যে তিনি চীনের পথ থেকে সরে দাঁড়াবেন। অন্তত কিছু গুঁতো না মেরে ট্রাম্প পথ ছেড়ে দেবেন, এমনটা ভাবা যায় না।
অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
জেফরি এন ওয়াসারস্ট্রম: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক।