
চার মাস আগে এক রোববারে একটি নৌযান বিনা নোটিশে কলম্বো পোতাশ্রয়ে ঢুকে পড়ে। এটি ছিল চীনা সাবমেরিন গ্রেট ওয়াল নম্বর ৩২৯। এটা টর্পেডো ও ক্রুজ মিসাইল বহনে সক্ষম। এতে ৩৬০ পাউন্ড ওজনের ওয়ারহেডও ছিল।
শ্রীলঙ্কার সে সময়ের প্রতিরক্ষামন্ত্রী এটা ‘পরিচালনাগত শুভকামনার’ সফর বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু এর প্রভাব সুদূর নয়াদিল্লিতেও অনুভূত হয়। তারা উদ্বেগ প্রকাশ করে। চীন ভারতের পেছনের উঠানে পৌঁছে গেছে, আর সেটা ঘটেছে শ্রীলঙ্কার তখনকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের আশীর্বাদে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কাকে নিয়ে চীনের যত দীর্ঘমেয়াদি পরিকল্পনাই থাকুক না কেন, সেই স্বপ্ন তাদের উবে গেছে। কারণ, গত বৃহস্পতিবারের নির্বাচনে আকস্মিকভাবেই মাহিন্দা রাজাপক্ষে পরাজিত হয়েছেন।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স স্টাডিজ সেন্টারের অতিথি অধ্যাপক ডেভিড ব্রিউস্টার বলেন, যে সরকার ক্ষমতা কুক্ষিগত করে, তাদের সঙ্গে কাজ করতে গেলে এ মূল্য দিতে হয়। ‘আপনি ভাবলেন, শুধু একজনের সঙ্গে কাজ করলেই হলো। আর তারপর যদি তাঁকে হারান, তাহলে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।’
কয়েক বছর ধরেই চীনের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক গড়ে উঠেছে। যখন পশ্চিম রাজাপক্ষেকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে, তখন চীন তাঁকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিয়ে পাশে দাঁড়িয়েছে। সেই ঋণের টাকায় নতুন নতুন বন্দর ও সড়ক হয়েছে। সাম্প্রতিক সময়ে সেই সম্পর্ক আরও জোরদার হয়। ফলে প্রতিবেশী দেশ ভারত উদ্বেগ প্রকাশ করে। রাজাপক্ষে ঐতিহ্য ভেঙে শ্রীলঙ্কার মাটিতে চীনা সামরিক কার্যক্রম পরিচালনা করতে দিতে একরকম প্রস্তুত ছিলেন।
কলম্বোর সমুদ্রতীরবর্তী অংশে গেলে চকচকে আধুনিক ক্রেনের দেখা মিলবে। সেখানে সেপ্টেম্বর মাসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেড় বিলিয়ন মার্কিন ডলারের ‘বন্দরনগর’ নির্মাণের উদ্বোধন করেছেন। এর মধ্যে আছে মল, হোটেল ও মেরিন। এর বাইরে আরও কিছু প্রকল্পে চীনা বিনিয়োগ রয়েছে, যার পরিমাণ চার বিলিয়ন ডলার। ফলে বিপুলসংখ্যক চীনা নির্মাণকর্মী শ্রীলঙ্কায় কাজ করছেন। স্থানীয় একটি পত্রিকার সংবাদ অনুসারে, স্থানীয় শ্রীলঙ্কান নাগরিকেরা দোভাষী হিসেবে কাজ পাওয়ার জন্য ম্যান্ডারিন ভাষা শেখা শুরু করেছেন।
কিন্তু এসব চীনা বিনিয়োগ সেখানে নানা বিরক্তিও সৃষ্টি করে। সেপ্টেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শ্রীলঙ্কা সফরের আগে কলম্বোভিত্তিক দ্য সানডে টাইমস লেখে, যে গতি ও গোপনীয়তার সঙ্গে চীনাদের নির্মাণকাজ চলছে, তাতে তা ‘খুব নরমভাবে বললে, শ্রীলঙ্কা যে চীনের পকেটে চলে গেছে—এ ভীতি ও আশঙ্কার পালে হাওয়া দেয়।’ ভোটাররা অভিযোগ করেছেন, চীনা নির্মাণ প্রকল্পগুলো বিশালাকার হলেও সেখানে মূলত চীনা শ্রমিকেরাই কাজ করছেন। আর বিরোধী নেতারা অভিযোগ করেছেন, চীনের কাছে তাঁদের ঋণের বোঝা ক্রমে বাড়ছেই।
মাইথ্রিপালা সিরিসেনা নির্বাচনী প্রচারণায় বলেছেন, রাজাপক্ষের রাজনীতি আরও ছয় বছর চললে শ্রীলঙ্কা ‘একটি উপনিবেশে পরিণত হবে, আর আমরা হব ক্রীতদাস।’
তিনি তাঁর নির্বাচনী ইশতেহারে বলেছেন, ‘যে ভূমি একসময় সাদারা সামরিক শক্তিতে দখল করে নিয়েছিল, আজ অন্য বিদেশিরা তা কিছু ব্যক্তিকে ঘুষ দিয়ে দখল করে নিচ্ছে।’
গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া রনিল বিক্রমাসিংহে গত মাসে বলেছিলেন, তিনি পরিকল্পনাধীন দেড় বিলিয়ন ডলারের বন্দরনগরের প্রকল্প বাতিল করবেন। ইউনাইটেড ন্যাশনাল পার্টির অর্থনীতিবিষয়ক মুখপাত্র হার্শা ডি সিলভা বলেন, নতুন সরকার ‘অনিয়মের’ অভিযোগে সব বড় অবকাঠামোবিষয়ক প্রকল্প পুনর্বিবেচনা করবে। তিনি আরও বলেন, ‘এর মানে এই নয় যে “চীনের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ বা কোনো তিক্ত অনুভূতি রয়েছে”।
‘চীনকে আমরা ভালো বন্ধুই মনে করি। এই প্রকল্পগুলোর বেশির ভাগই চীনা, এই ব্যাপারটা দৈবাৎ। ভারত ও চীনের সঙ্গে আমরা ভারসাম্যমূলক সম্পর্ক তৈরি করব। কিন্তু রাজাপক্ষের সরকার চীনের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা তৈরি করে ভারতকে শত্রু বানিয়ে ফেলেছিল।’
আসলে রাজাপক্ষের এরূপ চীনঘেঁষা নীতির কিছু কারণও আছে। দেশটির প্রথাগত দাতা, যেমন যুক্তরাষ্ট্র ও কানাডা তামিলবিরোধী যুদ্ধে ভূমিকার কারণে সরকারের ব্যাপক সমালোচনা করে সহায়তার পরিমাণ কমিয়ে দেয়। পশ্চিম মুখ ফিরিয়ে নিলে সে জায়গায় আসে চীন। তার যেমন টাকাও আছে, তেমনি মানবাধিকার নিয়েও তার কোনো মাথাব্যথা নেই।
ভারত মহাসাগরে তার আরও বৃহত্তর ভূমিকা পালনের খায়েশ ছিল। শি জিনপিংয়ের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রকল্পে শ্রীলঙ্কা খুবই গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। তিনি বাণিজ্যের জন্য একটি সমুদ্রপথ তৈরি করে চীনের সঙ্গে ইউরোপকে যুক্ত করতে চান, এর নাম ‘সিল্ক রোড’। ৪০ বিলিয়ন ডলারের এ প্রকল্প নিয়ে ভারতের এন্তার ভয়। ভারত ভাবছে, এতে তারা ঘেরাও হয়ে পড়বে। ফলে এ এলাকায় তার আধিপত্য হুমকির মুখে পড়বে আর শেষমেশ চীনারা হয়তো সেখানে সামরিক স্থাপনা নির্মাণ করবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীলঙ্কার নির্বাচনের ফল নিয়ে ব্যাপক উৎসাহ দেখিয়েছেন। এমনকি ভোট গণনা শেষ হওয়ার আগেই তিনি সিরিসেনাকে অভিনন্দন জানিয়েছেন। তবে চীনা বিশ্লেষকেরা এটা আশা করেননি।
সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিসের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ ওয়াং দেহুয়া বলেন, ‘অনেক রাজনীতিকই ভোটের আগে এক কথা বলেন, আর ভোটের পরে করেন আরেক।’ বন্দরনগর প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এটা শ্রীলঙ্কার জন্যও লাভজনক। ফলে তারা কেন এটা বাতিল করবে। এটা বাতিল হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই আমি মনে করি।’
ব্রাসেলস ইনস্টিটিউট অব কনটেম্পোরারি চায়না স্টাডিসের গবেষণাপ্রধান জোনাথন হোলস্ল্যাগ বলেছেন, বস্তুত চীন যেসব দেশে ব্যাপক বিনিয়োগ করেছে, সেখানেই এরূপ ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। আর তারা সফলভাবে তা মোকাবিলাও করেছে। তিনি আফ্রিকার পাঁচটি দেশে সংঘটিত ক্যু-বিষয়ক চীনের অবস্থান নিয়েও কাজ করেছেন।
সাধারণত চীন এসব রাজনৈতিক পরিবর্তনের ব্যাপারে প্রথম কয়েক মাস মুখ বন্ধ রাখে। এরপর নতুন নেতৃত্বকে যৌথ উদ্যোগের প্রস্তাব দেয়। এটা সব সময়ই কাজে দেয়। এমনকি বিরোধী নেতারা রূঢ়ভাবে চীনের সমালোচনা করলে তারাও বশে এসেছে। এটা চীনের বৈশিষ্ট্যসূচক ব্যাপারে দাঁড়িয়ে গেছে।
জোনাথন হোলস্ল্যাগ আরও বলেন, ‘তারা সবাই একভাবে না একভাবে চীনের দ্বারস্থ হয়। কারণ, অবকাঠামোগত উন্নয়নে অর্থায়ন ও সরকারি ব্যয় মেটাতে চীনই সব সময় সাহায্য করতে প্রস্তুত। শ্রীলঙ্কার ক্ষেত্রে এটা ঘটতে যাচ্ছে বলে মনে হয়।’
তবে এশিয়াজুড়েই চীনের ঋণ নিয়ে অস্বস্তি আরও বাড়বে, জোনাথন হোলস্ল্যাগ বলেন। কারণ, মানুষ ‘প্রকৃত সহায়তা ও ঋণের মধ্যে পার্থক্য করছে’।
শ্রীলঙ্কায় নতুন সরকার শপথ নেওয়ার পর অনেক দেশই শ্রীলঙ্কার সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করবে। যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডেভিড ব্রিউস্টার বলেছেন, রাজাপক্ষে জিতে গেলে যুক্তরাষ্ট্র সেখানে ব্রাত্যই থেকে যেত, অন্তত আরও কয়েক বছরের জন্য। তিনি আরও বলেন, এবার যুক্তরাষ্ট্রের নিজের বিনিয়োগের পরিকল্পনা নিয়ে প্রস্তুত থাকা উচিত।
ডেভিড ব্রিউস্টার বলেন, টাকাই কথা বলে। চীনা টাকার ক্ষমতা খাটো করে দেখা হয়েছে; তারা কত দিতে চায় সেটাও। তিনি এসব দেশে কৌশল নিয়ে কাজ করেন—এমন অনেক লোকের সঙ্গেই কথা বলেছেন। তাঁদের কাছে যুক্তরাষ্ট্র কিছুই না।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; দ্য নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া
এলেন ব্যারি: দ্য নিউইয়র্ক টাইমসের মস্কো ব্যুরোপ্রধান।