চীনের প্রভাব কাটাতেই প্রতিরক্ষা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ থেকে ১০ এপ্রিল ভারত সফর করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে সেখানকার পত্রপত্রিকায় বিভিন্ন লেখা ছাপা হচ্ছে। চণ্ডীগড়ের দ্য ট্রিবিউন এবং কলকাতার দ্য টেলিগ্রাফ–এ প্রকাশিত দুটি নিবন্ধ প্রথম আলোর পাঠকদের জন্য অনুবাদ করে ছাপানো হলো।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত ঢাকায় যাবেন। তাঁর সফরের লক্ষ্য হচ্ছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির ব্যাপারটা নিশ্চিত করা। আশা করা হচ্ছে, হাসিনার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হবে।

৩০ মার্চ রাওয়াত ঢাকা সফরে যাবেন। তিনি এমন এক সময়ে ঢাকা সফরে যাচ্ছেন, যখন ভারত বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন। গত নভেম্বর মাসে বাংলাদেশ চীনের কাছ থেকে দুটি সাবমেরিন কিনেছে। হাসিনার সফরের সময় যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের মাধ্যমে এসব শঙ্কা দূর করার লক্ষ্যে এই বড় চুক্তি স্বাক্ষরিত হবে। এর মাধ্যমে দুই দেশের যে যৌথ সামরিক মহড়া হয়ে থাকে, সেটাকে কূটনৈতিক অঙ্গীকারে রূপান্তরিত করা হবে। এই চুক্তির মাধ্যমে সন্ত্রাসবাদ প্রতিরোধে দুই দেশের মধ্যকার সহযোগিতা সহজতর হতে পারে। ভারত বাংলাদেশের সঙ্গে যে বৃহত্তর কৌশলগত সহযোগিতা গড়ে তুলতে চাইছে, এটা তারই অংশ। ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তারা দ্য টেলিগ্রাফকে বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা ও সংবেদনশীল প্রযুক্তিবিষয়ক সহযোগিতা নিয়মিত নয়, বিক্ষিপ্তভাবে তাদের মধ্যে এই সহযোগিতা হয়ে থাকে।

এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্যাটেলাইট-বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশ নরেন্দ্র মোদির দক্ষিণ এশিয়া-বিষয়ক স্যাটেলাইট পরিকল্পনার সঙ্গে যুক্ত হলো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এটি উৎক্ষেপণ করবে। ধরে নেওয়া হয়, এতে একাধিক ট্রান্সপন্ডার থাকবে, যার মাধ্যমে সদস্যদেশগুলো ভূমির সম্পদ চিহ্নিত, আবহাওয়ার পূর্বাভাস, টেলিমেডিসিন ও জরুরি যোগাযোগ করতে পারবে।

এই স্যাটেলাইট প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘এটা ভারতীয় প্রধানমন্ত্রীর “প্রতিবেশীই প্রথম” নীতির অংশ। ভারতের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্ক অর্থবহ হবে। আঞ্চলিক সমন্বয়ের যে কথা ভারত বলে থাকে, এর মাধ্যমে তা দ্রুততর হবে।’ তিনি আরও বলেন, দুই দেশের মধ্যকার উচ্চ প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে এটা নতুন যুগ সৃষ্টি করবে।

ভারতের জন্য এই প্রতিরক্ষা চুক্তি ও দক্ষিণ এশিয়া স্যাটেলাইট প্রকল্পে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্ত একটি অর্জনই বটে। কারণ, হাসিনার সফরের সময় এগুলো স্বাক্ষরিত হবে, এমন সম্ভাবনা ছিল না। ২০০২ সালে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। দেশটির সামরিক যন্ত্রাংশের বেশির ভাগই চীনা। এত দিন মাথা না ঘামালেও ভারত সম্প্রতি আশপাশে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে। ঠিক যে সময় দক্ষিণ চীন সাগরের ব্যাপারে চীন দৃঢ়প্রত্যয়ী হয়ে উঠেছে।

চীনের সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে বাংলাদেশের উভয় দলের সম্মতি থাকলেও ভারতের বেলায় ব্যাপারটি তেমন নয়। সব সময়ই দেখা গেছে, এই সম্পর্কটা ঝোড়ো বাতাসে দোল খেয়েছে। কোন দল ক্ষমতায় আছে তার ওপরই এটা নির্ভর করেছে। শেখ হাসিনার আওয়ামী লীগ সব সময় ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছে। অন্যদিকে নয়াদিল্লির অভিজ্ঞতা হচ্ছে, হাসিনার প্রতিপক্ষ বেগম খালেদা জিয়া সময় সময় ভারতের সঙ্গে বৈরী আচরণ করেছেন।

ব্যাপারটা হয়েছে কী, ২০১৮ সালের শেষ দিকে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগকে যেন বেশি ভারত-ঘেঁষা মনে না হয়, সে রকম চাপ আছে। সম্ভবত সে কারণে শেখ হাসিনার সরকার প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে আলোচনার সিদ্ধান্ত নিলেও সে জায়গা থেকে সরে আসছে। আর সমরাস্ত্র উৎপাদনে চীন সম্প্রতি ভারতের চেয়ে ভালো করছে।

বাংলাদেশ যদি যোগ না দিত, তাহলে সাউথ এশিয়া স্যাটেলাইট প্রকল্পও ভেস্তে যেত, যদিও সম্প্রতি সে রকম মনে হচ্ছিল। প্রাথমিকভাবে এর নামকরণ করা হয়েছিল সার্ক স্যাটেলাইট, কিন্তু পাকিস্তান এতে যোগ না দেওয়ায় প্রকল্পের নাম পরবর্তীকালে বদলে যায়। আফগানিস্তানও এই ভারতীয় প্রকল্পে যোগ দিতে মৌন সম্মতি জানিয়েছিল। স্যাটেলাইট–সেবা পেতে তারা ইতিমধ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কথা বলছিল। বাংলাদেশ বঙ্গবন্ধু-১ নামে তার প্রথম স্যাটেলাইট ছাড়ার পরিকল্পনা করছে। ফলে দেশটি বলেছিল, তারা একই সঙ্গে একাধিক প্রকল্পে যোগ দেবে না।

অনুবাদ: প্রতীক বর্ধন। দ্য টেলিগ্রাফ থেকে নেওয়া।

চারু সুদন কস্তুরি: দ্য টেলিগ্রাফ–এর সহকারী সম্পাদক।