চীনের ভীতির শাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাও সে-তুংয়ের জামানার পর চীনে আবারও ভীতির রাজত্ব কায়েম হয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) ভেতরের মহল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের লেকচার হল ও এক্সিকিউটিভ স্যুইট—সবখানেই এখন কঠোর নালিশ ও শাস্তির ভয় জেঁকে বসেছে। সে কারণে চীনের রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও ব্যবসায়ী অভিজাত মানুষেরা থমকে যাচ্ছেন।
সর্বত্র ব্যাপক ভীতির ব্যাপারটা সহজেই বোঝা যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ২০১২ সালের ডিসেম্বর মাসে নির্দয়ভাবে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন। তারপর থেকে প্রতিদিনই সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করা রীতিতে পরিণত হয়েছে,
যার কারণে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সহকর্মী ও বন্ধুরাও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছেন।
তা আপনি যতই বড় হোন না কেন, জ্যেষ্ঠতা আপনাকে বাঁচাতে পারবে না। কারণ, এ পর্যন্ত যে ১৪৬ জন ‘বাঘের’ (মন্ত্রী বা প্রাদেশিক গভর্নর) পতন হয়েছে, তাঁরা সেটা বুঝতে পেরেছেন, এমনকি তাঁদের কোনো সতর্কবার্তা না দিয়েই ধরা হয়েছে। এই মানুষদের হঠাৎ পতনের ব্যাপারটি বোঝানোর জন্য চীনা ভাষায় আরেকটি শব্দ যোগ হয়েছে: মিয়াওশা বা ‘তাৎক্ষণিক হত্যা’।
কিন্তু নিচের স্তরের কর্মকর্তাদের মধ্যে এই ভীতির ব্যাপারটা আরও জেঁকে বসেছে; খবর এসেছে, এই স্তরের কর্মীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। গত বছর গণমাধ্যম এ রকম ২৮টি আত্মহত্যার খবর নিশ্চিত করেছে, যদিও প্রকৃত সংখ্যাটা এর চেয়ে আরও বেশিই হওয়ার কথা। এই প্রবণতা দেখে কমিউনিস্ট পার্টির নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তাঁরা এখন পার্টির স্থানীয় শাখাগুলোকে এ-বিষয়ক তথ্য সংগ্রহ করার দায়িত্ব দিয়েছেন, অর্থাৎ দুর্নীতিবিরোধী অভিযান শুরু হওয়ার পর কতজন সরকারি কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
শুধু অপরাধীরাই সব সময় ভয়ের মধ্যে থাকে না, চীনা আমলাতন্ত্র এখন দৈনন্দিন কাজ করতেও ভয় পাচ্ছে, ভয়ে পঙ্গু হয়ে যাচ্ছে। আমলাদের বাইরে একাডেমিশিয়ান, মানবাধিকার আইনজীবী, ব্লগার ও ব্যবসায়ী নেতারাও ভুগছেন। সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে চর নিয়োগ দিয়েছে, যে অধ্যাপকেরা উদার মতবাদের পক্ষে কথা বলেন, এরা তাঁদের খবর সরকারের কাছে পৌঁছে দেয়, আর সরকার ওই শিক্ষকদের ভৎ৴সনা করে। কয়েকজন উদার ও স্পষ্টভাষী শিক্ষক ইতিমধ্যে চাকরি হারিয়েছেন। হাজার হাজার মানবাধিকার আইনজীবীকে হেনস্তা ও গ্রেপ্তার করা হয়েছে।
অনেক ব্যবসায়ীই কিছুদিনের জন্য নিখোঁজ হয়ে যাচ্ছেন, সম্ভবত দুর্নীতিবিরোধী তদন্তকারীরা তাঁদের ধরে নিয়ে যাচ্ছে। তাঁদের মধ্যে সবচেয়ে উচ্চ স্তরের মানুষ হচ্ছেন ব্যবসায়ী টাইকুন গুও গুয়াংচ্যাং, যিনি চীনের ১৭তম ধনী ব্যক্তি, যাঁর সম্পদের পরিমাণ সাত বিলিয়ন ডলারের বেশি। গত ডিসেম্বর মাসে ‘বিচার বিভাগীয় তদন্তে সহায়তার জন্য’ গুওকে গ্রেপ্তার করা হয়, তার কয়েক দিন পর নিজের কোম্পানির এজিএমে হাজির হন তিনি। এর জন্য সরকার কোনো ব্যাখ্যাও দেয়নি।

>চীনে ভীতিভিত্তিক শাসনব্যবস্থার পুনঃপ্রবর্তনের পালে হাওয়া না দিয়ে পশ্চিমা নেতাদের উচিত হবে চীনকে এই কৌশল সম্পর্কে নতুন করে চিন্তা করতে বাধ্য করা

তবে চীনে এই ভীতিকর শাসনব্যবস্থা ফেরত আসার সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে, বিদেশিরাও এ কারণে ভুক্তভোগী হচ্ছেন। শুধু পশ্চিমা সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিদেশি নির্বাহীরাই ভয়ের মধ্যে নেই, হংকংয়ের বই প্রকাশক, নির্বাহী ও সম্পাদকেরাও ভয়ের মধ্যে আছেন। হংকং আর চীন ‘এক দেশ, দুই নীতির’ ভিত্তিতে সম্পর্কিত, ফলে তাদের চীনা-ব্যবস্থার বাইরেই রাখা উচিত।
২০১৩ সালে মহিরুহ ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের (জিএসকে) এক ব্রিটিশ কর্মীকে আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, পরবর্তী বছর তাঁর স্ত্রী ও ব্যবসায়িক অংশীদারকেও একই অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়, যদিও অভিযোগের ভিত্তি অতটা শক্তিশালী নয়। গত ডিসেম্বরে এক ফরাসি সাংবাদিককে বহিষ্কার করা হয়েছে, তাঁর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি উইঘুরদের প্রতি সরকারের আচরণ নিয়ে নিবন্ধ লিখেছিলেন। পরবর্তী মাসে একজন সুইডিশ এনজিও কর্মকর্তাকে ‘রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার’ অভিযোগে বহিষ্কার করা হয়।
বড় বড় করপোরেশনকে চীন একসময় ডেকে আনত, সেই করপোরেশনগুলো এখন পুলিশের রেইড ও অ্যান্ট্রি ট্রাস্ট তদন্তের ভয়ে থাকে। ২০১৪ সালে জিএসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ৫০০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে, এযাবৎকাল
চীন করপোরেটদের কাছ থেকে যত জরিমানা আদায় করেছে, এটি তার মধ্যে অন্যতম বড় অঙ্কের জরিমানা। এদিকে শি জিনপিংয়ের সরকার মার্কিন চিপ নির্মাতা কুয়ালকমকে গত বছর ‘একচেটিয়া’ ব্যবসা করার অভিযোগে ১ বিলিয়ন ডলার জরিমানা করেছে।
শান্তি বিঘ্নিত হওয়ার মতো আরও খবর আছে; মাইটি কারেন্ট নামের বিশাল এক প্রকাশনা সংস্থার পাঁচজন প্রকাশক ও কয়েকজন সম্পাদক সম্প্রতি উধাও হয়ে গেছেন। এই প্রকাশনা সংস্থাটি চীনাদের নেতাদের ব্যাপারে চমকপ্রদ খবর ছাপানোর ক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞান অর্জন করেছে। এঁদের মধ্যে দুজনকে পরিষ্কারভাবেই অপহরণ করে চীনে নিয়ে যাওয়া হয়েছে। একজন ছিলেন সুইডিশ নাগরিক, তাঁকে জোর করে চীনা টেলিভিশনে হাজির করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, নিজ ইচ্ছায় তিনি থাইল্যান্ড থেকে চীনে এসেছেন, যদিও তার বলার ধরনটি দুর্বোধ্য ছিল। তিনি মানুষকে অনুরোধ করেছেন, কেউ যেন তাঁকে সাহায্য না করে।
১৯৭৬ সালে সাংস্কৃতিক বিপ্লব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভীতিভিত্তিক শাসন শেষ হয়ে যায়নি, যদিও অনেকেই হয়তো তা মনে করেছিলেন। এটা বিস্ময়কর নয়। চীনের অর্থনীতি ফুলে–ফেঁপে উঠেছে ও আধুনিক হয়েছে সবই ঠিক, কিন্তু দেশটি তার মৌলিক রাজনৈতিক মূল্যবোধগুলো ধরে রেখেছে: যেখানে কোনো আইনের শাসন নেই, সব জায়গায় চরের উপস্থিতি, ব্যাপক সেন্সরশিপ, ব্যক্তি অধিকারের দুর্বল সুরক্ষা। মাওয়ের জামানার এসব প্রাচীন হাতিয়ারের সমালোচনা কখনোই করা হয়নি, বরং সময়-সুযোগমতো এগুলোর এস্তেমাল করা হয়েছে, ঠিক এখন যেমনটা হচ্ছে।
এসব কারণে পশ্চিমে সতর্কসংকেত বেজে ওঠা উচিত। চীনে ভীতিভিত্তিক শাসনব্যবস্থার পুনঃপ্রবর্তনের পালে হাওয়া না দিয়ে পশ্চিমা নেতাদের উচিত হবে চীনকে এই কৌশল সম্পর্কে নতুন করে চিন্তা করতে বাধ্য করা। চীনের আন্তর্জাতিক প্রভাব দিনকে দিন বাড়ছে, ফলে এশিয়া ও পৃথিবীর ওপর চীনের এই সমগ্রতাবাদী ভীতি তৈরির কৌশলের সুদূরপ্রসারী প্রভাব পড়বে, যেটা অত্যন্ত উদ্বেগের কারণ হবে বলেই ধারণা করা যায়।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
অনুবাদ: প্রতীক বর্ধন
মিনঝিন পেই: ক্লেয়ারমন্ট ম্যাককেনা কলেজের সরকার বিভাগের অধ্যাপক।