চীনের সাফল্যের সূর্য কি শিখর পেরিয়ে পড়তির দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

তিন দশকের বেশি সময় ধরে বিশ্ব অর্থনীতিকে নিরবচ্ছিন্নভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকা ও পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে সংজ্ঞায়িত করা হচ্ছে। এই সময়টাতে রাজনৈতিক বিবাদ কিংবা স্থানীয় যুদ্ধ কোনোটাই বিশ্বায়নের ট্রেনের গতিকে ধীর করতে পারেনি। এই সময়টাতে বাজার বাজারের জায়গাতেই ছিল, ব্যবসা ব্যবসার জায়গাতেই ছিল এবং বহুজাতিক সংস্থাগুলো আরও বহুজাতিক হয়েছে। কিন্তু এখন আর সে অবস্থা নেই। চীন এবং পশ্চিমের মধ্যে কৌশলগত প্রতিযোগিতার এই নতুন যুগে ডিজইন্টিগ্রেটেড বা বিচ্ছিন্ন হওয়াটাই এখনকার চলতি হাওয়া হয়ে দাঁড়িয়েছে। এই প্রবণতা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে, ব্যবসায়িক খরচ বাড়াবে (সাপ্লাই-চেইন পুনর্গঠনের কারণে) এবং সবার জন্য ব্যয়ভার বাড়াবে। তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে যে দেশটি, তার নাম চীন।

এটি নিশ্চিত যে বিশ্বায়ন না হলে চীন আজ যেখানে আছে, সেখানে আসতে পারত না। আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং পুঁজি-বাজারে প্রবেশাধিকারের বদৌলতেই চীন আজকের এই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। চীনের অর্থনৈতিক শক্তির বিস্তার দেশটিকে ক্রমবর্ধমানভাবে বিদেশে শক্তি প্রদর্শনে সক্ষম করেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বায়নকে সুদৃঢ় রাখে যে উন্মুক্ততা, সেটিই হুমকির মুখে পড়ে গেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থব্যবস্থা ক্রমবর্ধমানভাবে ‘জাতীয় নিরাপত্তা’র আলোকে বিবেচনা করা হচ্ছে। রপ্তানি নিয়ন্ত্রণ, কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করা এবং অত্যাধুনিক প্রযুক্তি খাতের মতো সংবেদনশীল বাজারগুলোতে প্রবেশসংক্রান্ত বিধিনিষেধ আরোপ ক্রমে সাধারণ বিষয় হয়ে উঠেছে।

প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা ও শুল্কের বাইরে চীন উচ্চ সুরক্ষাবাদী শিল্পনীতির মাধ্যমে উন্নত প্রযুক্তি এবং বিজ্ঞানে স্বনির্ভর হওয়ার জন্য তার চেষ্টাকে ত্বরান্বিত করছে। চীনের লক্ষ্য, তার অর্থনীতিকে ‘নিষেধাজ্ঞা প্রতিরোধক’ প্রমাণ করা; বিশেষ করে এর সরবরাহ শৃঙ্খলকে ‘ডি-আমেরিকানাইজ’ করা।

চীন-আমেরিকান প্রতিদ্বন্দ্বিতা এই পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে আমদানি, রপ্তানি এবং বিনিয়োগের ওপর বিধিনিষেধসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র তার কথিত ‘এনটিটি লিস্টে’ কয়েক ডজন চীনা কোম্পানির নাম যুক্ত করেছে। এই কোম্পানিগুলোকে নিশানা করেই তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নানা ধরনের বিধিনিষেধ আরোপ করছে। অন্যান্য দেশও চীনা বিনিয়োগের বিষয়ে যাচাই-বাছাই বাড়িয়েছে এবং চীনের সঙ্গে নির্দিষ্ট কিছু ধরনের বাণিজ্যিক বিনিময় সীমাবদ্ধ করেছে। জিনজিয়াং এবং হংকং-এ চীনের মানবাধিকার লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

চীন হয়তো বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া শুরু করেনি, তবে মনে হচ্ছে তারা সেদিকে যাওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের নিন্দা করতে অস্বীকার করে চীনের নেতারা স্পষ্ট করেছেন, তাঁদের দৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিম বড় ধরনের পতনের ধারায় রয়েছে এবং বর্তমান বিশ্বব্যবস্থাকে তার চ্যালেঞ্জ করার এখনই মোক্ষম সময়। প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা ও শুল্কের বাইরে চীন উচ্চ সুরক্ষাবাদী শিল্পনীতির মাধ্যমে উন্নত প্রযুক্তি এবং বিজ্ঞানে স্বনির্ভর হওয়ার জন্য তার চেষ্টাকে ত্বরান্বিত করছে। চীনের লক্ষ্য, তার অর্থনীতিকে ‘নিষেধাজ্ঞা প্রতিরোধক’ প্রমাণ করা; বিশেষ করে এর সরবরাহ শৃঙ্খলকে ‘ডি-আমেরিকানাইজ’ করা।

এটি চীনের পক্ষে করা কতটা সম্ভব, তা সঠিকভাবে জানা আপাতত অসম্ভব। তবে স্বনির্ভরতা অর্জনের জন্য চীনের প্রচেষ্টা অবশ্যই সব ক্ষেত্রে সফল হবে না। যেমন গত ফেব্রুয়ারিতে দ্য ইকোনমিস্ট এক প্রতিবেদনে বলেছে, এমআরএনএ ভ্যাকসিন, অ্যাগ্রোকেমিক্যালস, কম্পিউটার অপারেটিং সিস্টেম এবং পেমেন্ট সিস্টেম-এর মতো যেসব খাতে সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খল দীর্ঘ ও জটিল, সেসব খাতে দেশটিকে সবচেয়ে বেশি লড়াই করতে হচ্ছে। সেমিকন্ডাক্টর খাতে কয়েক বিলিয়ন ডলারের সরকারি বিনিয়োগ সত্ত্বেও চীন বিদেশি সরবরাহকারীদের ওপর নির্ভরশীল রয়ে গেছে। বেইজিং একইভাবে মহাকাশ ও অটোমোবাইলে তার বিদেশিনির্ভরতা থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হয়েছে। মার্কিন ডলারভিত্তিক লেনদেনব্যবস্থার বিকল্প হিসেবে চীনা মুদ্রা রেনমিনবিভিত্তিক লেনদেনব্যবস্থার প্রচেষ্টা এখনো অন্যদের আস্থা অর্জন করতে পারেনি।

ফলে স্বনির্ভরতার জন্য চীন যে চেষ্টা চালাচ্ছে তা কেবল ব্যর্থই হতে পারে না; এটি উল্টো নিজেরই ক্ষতি করতে পারে। দ্য ইকোনমিস্ট–এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনা কোম্পানিগুলো যখন বিদেশি প্রতিযোগিতা থেকে সরে আসে এবং দক্ষতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তাদের সক্ষমতা কমে যায়। প্রতিকূল অর্থনৈতিক পরিণতি সত্ত্বেও আমাদের ভাবতে হবে, ভূরাজনীতি-চালিত এই বিচ্ছিন্নতার ধারা অব্যাহত থাকবে। চীন একটি বিকল্প আর্থিক কাঠামো তৈরি করার চেষ্টা করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার স্টক এক্সচেঞ্জ-এর তালিকা থেকে চীনা কোম্পানিগুলোকে বাদ দেবে। মার্কিন কংগ্রেস ইতিমধ্যে বেশ কয়েকটি সংবেদনশীল খাতে বিদেশে মার্কিন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সীমিত বা নিষিদ্ধ করার জন্য আইন প্রণয়নের কথা বিবেচনা করছে, যেমনটি চীন মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা বিনিয়োগের ক্ষেত্রে বিবেচনা করছে।

আরও পড়ুন

ডিসএনগেজমেন্ট বা বিচ্ছিন্নতার বিষয়টি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক জটিল খাত, যেমন ইন্টারনেট, সম্ভবত দুটি স্বতন্ত্র ব্লকে বিভক্ত হয়ে যাবে। প্রতিটি ব্লকের নিজস্ব নিয়ম এবং মান থাকবে। ডিজিটাল মান, ডেটা ম্যানেজমেন্ট, ব্যবহারের নিয়মকানুন আলাদা ধরনের হলে নেটওয়ার্ক সরঞ্জাম এবং টেলিযোগাযোগ পরিষেবাগুলোর মধ্যে বিভাজন বাড়বে। মার্কেট অ্যাকসেস বা বাজারে প্রবেশগম্যতার শর্ত, নতুন অনুমোদন এবং লাইসেন্সিংয়ের প্রয়োজনীয়তা আরও প্রসারিত হবে। এই পরিবর্তনগুলো এমন এক সময়ে আসবে, যখন চীন তার প্রতিকূল জনসংখ্যা, একটি দুর্বল সম্পদ বাজার, একটি অতি-বর্ধিত ব্যাংকিং খাত, স্থবির উৎপাদনশীলতা, রাজনীতি প্রভাবিত শাসন এবং দেশটির শূন্য-কোভিড নীতির পরিণতিসহ বেশ কয়েকটি গুরুতর চ্যালেঞ্জের সঙ্গে লড়াই করতে থাকবে।

চীনের অর্থনৈতিক ‘অলৌকিকত্ব’ তার শিখর পেরিয়ে গেছে বলে মনে হচ্ছে। আগামী বছরগুলোতে বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশে নেমে যেতে পারে। তার মানে ২০২০ এবং ২০৩৫ সালের মধ্যে মাথাপিছু আয় এবং জিডিপি দ্বিগুণ করার সরকারি লক্ষ্য বাস্তবায়িত হবে না। এই মন্দার সুদূরপ্রসারী পরিণতি থাকবে। প্রথমত, এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা কমে যাবে। যদি আগামী কয়েক বছরে রেনমিনবির মান ২০ থেকে ২৫ শতাংশ কমে যায়, তাহলে চীনের অর্থনীতি কখনোই আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারবে না।

অধিকন্তু পণ্যের দাম, বিশেষ করে যেগুলো চীনের আবাসন ও নির্মাণ খাতের চাবিকাঠি, সেগুলোর দরপতন হবে। অধিক আঞ্চলিক সাপ্লাই চেইনের উচ্চ খরচ মুদ্রাস্ফীতির চাপ তৈরি করবে। চীনে বিদেশি বিনিয়োগের প্রবাহ হ্রাস পাবে। একই সঙ্গে ক্রমবর্ধমানভাবে এশিয়ার অন্যান্য দেশ বা উদীয়মান বাজারে বিনিয়োগ বরাদ্দ বাড়বে। যদিও রেনমিনবি জাপানি ইয়েন, ব্রিটিশ পাউন্ড এবং কানাডীয় ডলারের সঙ্গে সমান মর্যাদা উপভোগ করবে, তবে এটি মার্কিন ডলারকে স্থানচ্যুত করার কাছাকাছি অবস্থানেও আসতে পারবে না।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীনের অব্যাহত সমৃদ্ধিকে সামনে তুলে ধরে তার সরকারের অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার বৈধতা দাবি করেছেন। কিন্তু সেই বৈধতা অর্জন ক্রমে কঠিন হয়ে উঠছে; আর বিশ্ব থেকে বিচ্ছিন্নতাই তার একটি প্রধান কারণ।

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: সারফুদ্দিন আহমেদ

● জর্জ ম্যাগনাস ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের চায়না সেন্টার এবং লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির একজন রিসার্চ অ্যাসোসিয়েট