চীনের সাম্রাজ্যিক উচ্চাকাঙ্ক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রহ্ম চেলানি
ব্রহ্ম চেলানি

চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের জমানার বৈশিষ্ট্য হলো উচ্চাভিলাষ। তিনি যে ‘চীনা স্বপ্নের’ কথা ভাবছেন, তার লক্ষ্য হচ্ছে ২০৪৯ সালের মধ্যে চীনকে বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত করা। অর্থাৎ, কমিউনিস্ট শাসনের ১০০ বছর পূর্তিতে। কিন্তু তিনি যত কিছু করছেন, তার সব হজম করার মতো সক্ষমতা সম্ভবত তাঁর নেই।

চীনা স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ (ওবিওআর) উদ্যোগ। এর মাধ্যমে চীন মধ্য এশিয়া ও ইউরোপের দেশগুলোকে নিজ কক্ষপথে আরও দৃঢ়ভাবে নিয়ে আসার জন্য সেখানে অবকাঠামো খাতে বিনিয়োগ করবে। ফলে সি যখন বলেন, এটি ‘শতাব্দীর সেরা প্রকল্প’, তখন সম্ভবত তা অতিরঞ্জন হয় না।

কথা হচ্ছে, মাত্রা ও পরিসরের পরিপ্রেক্ষিতে আধুনিক ইতিহাসে ওবিওআরের সমান্তরাল কিছু নেই। মার্শাল প্ল্যানের (যার মাধ্যমে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে বিধ্বস্ত ইউরোপীয় অর্থনীতিকে চাঙা করে) চেয়ে এটি ১২ গুণ বড়। এমনকি চীন যদি পুরো প্রকল্প বাস্তবায়ন করতে না পারে, তাহলেও এর দীর্ঘমেয়াদি ও তাৎপর্যপূর্ণ প্রভাব পরিলক্ষিত হবে।

অবশ্যই পশ্চিম প্রভাবিত আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি ওবিওআরই সির একমাত্র চ্যালেঞ্জ নয়। তিনি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক গঠনে নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে তিনি ব্রিকসের সঙ্গে সম্পর্কিত উদীয়মান দেশের জোটের সঙ্গে সম্পর্কিত দুটি প্রতিষ্ঠানকে চীনের অনুকূলে নিয়ে এসেছেন (সাংহাইভিত্তিক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও ১০ হাজার কোটি ডলারের কনটিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট)। আবার তিনি দক্ষিণ চীন সাগরে চীনের দাবির সপক্ষে আগ্রাসী অবস্থান নিয়েছেন। প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলেও তিনি চীনা শক্তির মহড়া দিচ্ছেন।

কিন্তু ওবিওআর চীনের উচ্চাভিলাষকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে। এর সঙ্গে সি চীনা কোম্পানির জন্য নতুন বাজার খুলে বিশ্বায়নকে চীনের পক্ষে আনার চেষ্টা করছেন, দেশের ভেতরে অতি উৎপাদনের কারণে যাদের প্রবৃদ্ধির চাকা শ্লথ হয়ে গেছে।

ওবিওআর সম্মেলন হয়ে গেল। সেখানে ১০০ জন আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানের মধ্যে ২৯ জন উপস্থিত ছিলেন। ফলে সি নিজের লক্ষ্যপানে ধাবিত হওয়ার জন্য শক্ত অবস্থানে আছেন। কিন্তু এর আগে তাঁকে মাও সে তুংয়ের পর সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে উঠতে হবে। ২০১২ সালে ক্ষমতায় আসার পর সি ক্রমেই নিজের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন। তিনি সেন্সরশিপের বাঁধন শক্ত করেছেন। দুর্নীতিবিরোধী তদন্ত দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করেছেন। গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টি তাঁকে ‘মূল নেতা’ হিসেবে আখ্যা দিয়েছে।

তা সত্ত্বেও সি অনেক বড় লক্ষ্য ঠিক করেছেন। তিনি আধুনিক চীনের সবচেয়ে রূপান্তরশীল নেতা হয়ে উঠতে চান। ঠিক যেমন মাও পুনঃএকীভূত ও স্বাধীন চীন গঠনে সহায়তা করেছিলেন এবং দেং জিয়াওপিং চীনের ‘সংস্কার ও বাজার খুলে দিয়েছিলেন’, তেমনি সি চীনকে বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক ব্যবস্থার মূল খেলোয়াড়ে পরিণত করতে চান।

তাই সংযোগের মন্ত্র জপে যেসব দেশের অবকাঠামো খাতে বিনিয়োগের প্রয়োজন আছে, চীন সেসব দেশের সামনে স্বল্প সুদের মুলা ঝুলিয়ে রাখছে। এর মাধ্যমে তারা ওই দেশগুলোকে তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায়। চীন ৪২ কোটি ডলারে গ্রিক বন্দর পিরাউস কিনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এ ছাড়া পাকিস্তানসহ অন্যান্য জায়গায় বাণিজ্যিক উদ্দেশ্যে যেসব বন্দর কিনেছিল, সেগুলো এখন সামরিক মাত্রা পেয়েছে।

এই উচ্চাভিলাষ হয়তো এই বিপদের ব্যাপারে তাঁর চোখ অন্ধ করে দিচ্ছে। চীন প্রকল্প ও ঋণের ব্যাপারে সরাসরি সরকারের সঙ্গে আলোচনা করতে চায়, তা সত্ত্বেও ঋণদাতা ও গ্রহীতাদের ঝুঁকি বাড়ছে। স্বল্প সুদে ঋণ দিয়ে চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলো প্রচুর পরিমাণে বিদেশি চুক্তি বগলদাবা করতে পারে, কিন্তু নতুন সম্পদ-মানের ঝুঁকি নিয়ে চীনা ব্যাংকিং-ব্যবস্থার চ্যালেঞ্জ বেড়ে যাবে।

চীনের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অকার্যকর ঋণের প্রভাব চীনের অর্থনৈতিক সম্ভাবনা মেঘাচ্ছন্ন করে দিতে পারে। ২০১৪ সালে দেশটির রিজার্ভ ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল, কিন্তু এরপর তার এক-চতুর্থাংশ কমে গেছে। রেটিং এজেন্সি ফিচ বলেছে, ওবিওআরের অনেক প্রকল্পই দুর্বল দেশে বাস্তবায়িত হবে, যাদের ক্রেডিট রেটিং সন্দেহজনক। তারা বলছে, এই প্রকল্পগুলোর বেশ কিছু বাস্তবায়ন ঝুঁকিপূর্ণ এবং সেগুলো অলাভজনক হতে পারে।

অন্যদিকে সির মনোভাবের কারণে চীনের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না। ওবিওআর প্রকল্পে স্বচ্ছতার ঘাটতি আছে। টেকসই সমাজ ও পরিবেশের প্রতি এর অঙ্গীকার নেই। ক্রমেই বেশি বেশি মানুষ ভাবতে শুরু করেছে, চীনা স্বার্থরক্ষায় এসব করা হচ্ছে। তাতে অন্যদের ক্ষতি হলে কিছু এসে-যায় না। এক অর্থে ওবিওআর নতুন ঔপনিবেশিক যুগের সূচনা করতে যাচ্ছে। এদের ২১ শতকের ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে আখ্যা দেওয়া যায়, যার মাধ্যমে পূর্বাঞ্চলে ব্রিটিশ উপনিবেশের ভিত্তি রচিত হয়। কিন্তু চীন যদি সাম্রাজ্য নির্মাণ করে, তাহলে সে ইতিমধ্যে ইতিহাসবিদ পল কেনেডি কথিত ‘ইমপেরিয়াল ওভারস্ট্রেচ’-এর খপ্পরে পড়েছে।

আর দেশগুলোকে তো পেছনে ঠেলে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা চীনের ঋণ দাসত্বের কবলে পড়লেও সম্প্রতি তারা একটি চীনা ডুবোজাহাজকে তাদেরই মালিকানাধীন কলম্বো টার্মিনালে নোঙর করতে দেয়নি। আর ১৫ হাজার একরের শিল্পাঞ্চলের বিরুদ্ধে যে জনবিক্ষোভ তৈরি হয়েছে, তাতে তার ক্ষতির মুখে থাকা হাম্বানটোটা বন্দরের ৮০ শতাংশ শেয়ার কেনা স্থগিত হয়ে গেছে।

চীনা সরকারের উপদেষ্টা সি ইনহোং চীনের এই কৌশলগত অত্যধিক উচ্চাকাঙ্ক্ষার ঝুঁকির ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আর তিনি ইতিমধ্যে সঠিক প্রমাণিত হয়েছেন। তিনি বলেছেন, সি চিন পিং আগ্রাসী পররাষ্ট্রনীতিতে এতটাই আটকে গেছেন যে তিনি এটা বুঝতে পারছেন না, বলপ্রয়োগ নেতৃত্বের বিকল্প হতে পারে না। ফলে তিনি এমন এক সময়ে চীনের সম্পদ নিয়ে বেশি টানাটানি শুরু করেছেন, যখন দেশটির অর্থনীতি ইতিমধ্যে ধুঁকতে শুরু করেছে। আর কর্মক্ষম জনসংখ্যা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদি স্থবিরতার আশঙ্কা আছে।

চীনা প্রবাদ আছে এ রকম: ‘উচ্চাকাঙ্ক্ষার পালে হাওয়া দেওয়া মানে হাতে বাঘ নিয়ে ঘোরা।’ সি যত বেশি ওবিওআর নিয়ে এগোবেন, ততই এটা তাঁকে কামড়াবে।

অনুবাদ: প্রতীক বর্ধন, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।

ব্রহ্ম চেলানি: নয়াদিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চের স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক।