চীনের হস্তক্ষেপই কার্যকর হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিল এমট
বিল এমট

অধিকাংশ পণ্ডিত ব্যক্তিই এ ব্যাপারে একমত যে উত্তর কোরিয়ার পারমাণবিক যুদ্ধের দামামা বাজানোর পরিপ্রেক্ষিতে আক্রমণাত্মক কূটনীতি এবং দৃঢ়ভাবে সামাল দেওয়ার নীতির সমন্বয়ই সবচেয়ে কম খারাপ মনোভঙ্গি হতে পারে। খুব কম মানুষই এটা স্বীকার করেছে যে সামরিক পদক্ষেপের মধ্যে সবচেয়ে কম খারাপ ব্যাপার হতে পারে চীনা হস্তক্ষেপ। অথবা চীন সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে উত্তর কোরিয়ার 

সরকার পরিবর্তন করে দিক। ট্রাম্প জোর দিয়ে বলছেন, চীন তার এই বিপজ্জনক প্রতিবেশীর দায়িত্ব নিক।

অধিকাংশ মানুষ মনে করেন, এর ফলে পূর্ব এশিয়ার কৌশলগত ভারসাম্য চীনের দিকে দারুণভাবে ঝুঁকে পড়বে। বস্তুত, এর সম্ভাবনা আছে বলেই ব্যাপারটা গুরুত্বের সঙ্গে নিতে হবে। চীনের পরিকল্পনাকারীদেরও এটা গুরুত্বের সঙ্গে নিতে হবে। ট্রাম্পের ভাষায়, এটা হবে ‘চীন প্রথম’ নীতি, যেটা ‘চীনকে আবারও মহান বানানোর’ ক্ষেত্রে সহায়তা করবে।

চীন বা যে–ই উত্তর কোরিয়ায় সামরিক হস্তক্ষেপ করুক না কেন, তাতে ব্যাপক ঝুঁকি থাকবে। কিন্তু সেগুলোতে সফল হওয়ার আগে ভাবুন, সফল চীনা হস্তক্ষেপ থেকে কী অর্জিত হবে। প্রথমত, এর মাধ্যমে উত্তর কোরিয়া এমন জায়গায় যাবে, কোরীয় যুদ্ধোত্তরকালে তাকে যেখানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে: চীনা পারমাণবিক ছাতার নিচে যাওয়া, যার নিরাপত্তাজনিত নিশ্চয়তার কারণে তারা
উপকৃত হবে।

মাও সে তুং বলতেন, চীন ও উত্তর কোরিয়া যেন ‘দাঁত ও ঠোঁটের মতো’ কাছাকাছি। এই তুলনাটা যথাযথ, কারণ কোরীয় যুদ্ধে চীনা সেনারাই যুক্তরাষ্ট্রকে জয়ী হতে দেয়নি। কিন্তু এরপর যেহেতু জাপান ও দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে থেকেছে, সেহেতু চীন ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র থেকে অনেক দূরে চলে গেছে।

এই প্রতিবেশী ও সম্ভাব্য মিত্রের ওপর চীনের তেমন নিয়ন্ত্রণ নেই। সম্ভবত সেখানে যা চলছে, সে বিষয়েও তার জ্ঞান স্বল্প। তবে এটা সত্য, চীন চাইলে উত্তর কোরিয়াকে আরও টাইট দিতে পারে এবং তার সঙ্গে বাণিজ্যও কমাতে পারে। অন্যদিকে তারা দেশটিতে জ্বালানি সরবরাহ কমিয়ে দিতে পারে। কিন্তু এতে হয়তো বড়জোর কিম জং–উনকে রাশিয়ার দিকে ঠেলে দেওয়া হবে, তার বেশি কিছু নয়।

সাধারণভাবে যা ধরে নেওয়া হয়, উত্তর কোরিয়া যদি পারমাণবিক কর্মসূচি হ্রাসের বিনিময়ে বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা চায়, তাহলে চীনই তাকে সেটা দিতে পারে। মার্কিন অঙ্গীকার তাদের রাষ্ট্রপতির মেয়াদের বেশি স্থায়িত্ব পাবে না, যদি তত দিন তা টেকে।

তাই চীন যদি হামলার হুমকির সঙ্গে নিরাপত্তা ও পারমাণবিক সুরক্ষার নিশ্চিয়তা দেয়, তাহলে তার পক্ষে কোরিয়ান পিপলস আর্মির বড় অংশের সমর্থন পাওয়া সম্ভব।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার পারমাণবিক বিনিময় কর্মসূচি যেখানে বিপর্যয়কর হবে, সেখানে চীনের কাছে আত্মসমর্পণ তাকে অস্তিত্বের নিশ্চয়তা দেবে। সম্ভবত তারা স্বনিয়ন্ত্রণের অধিকারও পাবে। কিমের ঘনিষ্ঠতম মিত্ররা বাদে এই বিকল্প কারও কাছেই কঠিন
হবে না।

চীনের সামরিক হস্তক্ষেপ সফল হলে তারা কৌশলগতভাবে শুধু কোরীয় উপদ্বীপের ঘটনাবলির ওপর নিয়ন্ত্রণই পাবে না, বরং তারা সম্ভাব্য বিপর্যয়কর যুদ্ধ এড়ানোর জন্য আঞ্চলিক শক্তিগুলোর কৃতজ্ঞতাও পাবে।

আর কোনোভাবে এশিয়ায় চীনা নেতৃত্বকে এতটা বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন করা যাবে না, বিশেষ করে দুর্বল পরিকল্পনার মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের মাধ্যমে তো নয়ই। হার্ভার্ডের অধ্যাপক জোসেফ এস নাইয়ের কথা ধার করে বলতে হয়, চীন সফলভাবে সামরিক শক্তি ব্যবহার করতে পারলে কূটনৈতিক শক্তি ব্যবহারের ব্যাপক সুযোগ পাবে।

এখন এক দামি প্রশ্নে আসা যাক: এতে কি কাজ হবে? আমরা নিশ্চিতভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারব না, যেকোনো সামরিক হস্তক্ষেপেরই ব্যাপক ঝুঁকি আছে। চীনা সামরিক বাহিনী এখন সমরাস্ত্রে বলীয়ান, কিন্তু তাদের যুদ্ধক্ষেত্রের তেমন অভিজ্ঞতা নেই। তাদের ছোট প্রতিপক্ষ যদি স্রেফ চীনা শর্ত না মানে এবং আত্মসমর্পণ না করে, তাহলে এরা পারমাণবিক ও গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে বসতে পারে।

আমরা প্রায় নিশ্চয়তা দিয়ে যেটা বলতে পারি সেটা হলো, মার্কিন অভিযানের চেয়ে চীন আকাশ ও স্থল অভিযান চালালে কিম হয়তো সিউল আক্রমণের দিকে যাবেন না। ব্যাপারটা হলো, নিরবচ্ছিন্ন নিরাপত্তার অঙ্গীকার দিয়ে চীনারা যদি উত্তর কোরিয়ায় আগ্রাসন চালায়, তাহলে উত্তর কোরিয়া দক্ষিণের ভাইদের কচুকাটা করবে কেন?

এ ছাড়া কিমের জমানার পারমাণবিক প্রতিরোধের ব্যাপারটা যদি অবধারিতভাবে ধরে নেওয়া হয়, তাহলে তারা সেটা চীনের দিকে তাক করবে এমন আশঙ্কা কম। আবার চীনারা যদি হস্তক্ষেপের ব্যাপারটা গুরুত্বের সঙ্গে নেয়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা ও ক্ষেপণাস্ত্র সহযোগিতার ব্যাপারটা খতিয়ে দেখতে পারে। বিদ্যমান ঝুঁকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পক্ষে এটা অস্বীকার করা কঠিন।

এই পরিস্থিতি কখনো না–ও আসতে পারে। কিন্তু এর সম্ভাবনা গুরুত্বের সঙ্গে নেওয়াটা খুবই যৌক্তিক। সর্বোপরি, এটা এই অঞ্চলে চীনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমকক্ষতা অর্জনের সেরা সুযোগ, যার মাধ্যমে অস্থিতিশীলতার সুযোগ পরিহার করা সম্ভব, যা তাদের উভয়ের জন্যই হুমকিস্বরূপ।

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন।

বিল এমট: দ্য ইকোনমিস্টের সাবেক সম্পাদক।