চীন-যুক্তরাষ্ট্রের শীতল যুদ্ধ কত দূর গড়াবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবস্থাদৃষ্টে মনে হয়, হংকংয়ের ওপর চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) যে নতুন নিরাপত্তা আইন আরোপ করেছে, তার সিদ্ধান্ত তারা আগেই নিয়ে রেখেছিল। ঐতিহাসিকভাবেই এটা প্রমাণিত, সব সময়ই উদীয়মান শক্তিগুলো একটি নির্দিষ্ট পর্যায়ের অর্থনৈতিক উন্নতি অর্জন করার পর তাদের ভূরাজনৈতিক প্রভাবের বলয় বাড়ানোর চেষ্টা করে। সুতরাং যে হংকংকে চীন নিজের অভিন্ন ভূখণ্ড মনে করে, তার ওপর ‘এক দেশ দুই পদ্ধতি’ নীতি সে আরোপ করতই। এটি আসলে শুধু সময়ের ব্যাপার ছিল।

গত ১২ বছরে যুক্তরাষ্ট্র যেভাবে সব দিক থেকে পিছিয়ে পড়েছে, তাতে চীনকে আধিপত্যের বলয় বাড়ানোয় উৎসাহ পেয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বিশ্ববাসীকে আশ্বস্ত করে আসছেন, প্রশান্ত মহাসাগর চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের স্বার্থ রক্ষা করার জন্য যথেষ্ট বিস্তৃত ও বিশাল, কিন্তু আসলে তিনি ও তাঁর অনুসৃত নীতি অন্য কথা বলছে। দক্ষিণ চীন সাগরে চীনের স্থায়ী সামরিক উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তিনি যে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ শুরু করেছেন, তা সমগ্র ইউরো-এশিয়ার ভূভাগে চীনের একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠা করবে। এখন তিনি হংকংয়ের নিঃশর্ত আনুগত্য নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছেন। বৈশ্বিক রাজনীতি থেকে ক্রমান্বয়ে আমেরিকাকে গুটিয়ে আনা ট্রাম্প প্রশাসনের চুপচাপ থাকার ওপর ভরসা করে চীন তাইওয়ানের স্বশাসনের দাবিকেও হুমকির মুখে ফেলবে বলে মনে হচ্ছে।

তবে যুক্তরাষ্ট্র সি চিন পিংয়ের এই আক্রমণাত্মক তৎপরতাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ হিস্যাধারী দেশ হিসেবে চীন আত্মপ্রকাশ করবে—দুই দশক ধরে এমন আশা করার পরও মার্কিন নীতিনির্ধারকেরা অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এমনটি আসলে ঘটবে না। ২০১৮ সালে সিপিসি চীনের প্রেসিডেন্টের দায়িত্বের মেয়াদ তুলে দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি পরিচালনায় যুক্ত নেতারা সি চিন পিংয়ের নেতৃত্বাধীন চীনের সঙ্গে পশ্চিমা বিশ্বের স্বাভাবিক লেনদেন বা ওঠাবসার সব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক আগেই বেড়েছিল। এর সঙ্গে করোনাভাইরাসের বিষয়টি জড়িয়েছে। কোভিড-১৯ ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনের ওপর আগের চেয়ে বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। গোটা এশিয়ার সামরিক কৌশল বিষয়ে এই ধারণা জন্মাচ্ছে যে নতুন যে শীতল যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তার মূল ‘রণক্ষেত্র’ হবে এশিয়া। সংঘাতের ধরন কেমন হবে, তা বুঝতে হলে বিশ্বের বাকি নেতাদের সঙ্গে এশীয় নেতাদেরও চীন-আমেরিকান প্রতিদ্বন্দ্বিতার তিনটি ভিন্ন কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত বিষয়ের ওপর দৃষ্টিপাত করতে হবে। সেগুলো হলো রাজনৈতিক-সামরিক, অর্থনৈতিক ও মতাদর্শিক। রাজনৈতিক-সামরিক ক্ষেত্রে চীন এশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে তাড়াতে চাইবে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন ও আসিয়ানভুক্ত দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সাহায্যের পথ বন্ধ করার চেষ্টা চালাবে। কিন্তু তার আগেই যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় জাপানের নেতৃত্বে এই অঞ্চলে একটি চীনবিরোধী জোট গড়ে উঠলে চীনের পক্ষে তা করা কঠিন হবে এবং এতে শীতল যুদ্ধ নতুন গতি পাবে।

অর্থনৈতিক ক্ষেত্রে এশিয়ার বহু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক আছে কিন্তু তারা চীনের কাছ থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়েছে। চীন যদি এসব দেশকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে বেরিয়ে আসতে চাপ দেয়, তাহলে নতুন ধরনের অস্থিরতা তৈরি হবে। মিত্রদের ধরে রাখতে হলে যুক্তরাষ্ট্রকে নতুন করে অর্থ ঢালতে হবে। 

সর্বশেষ দিকটি মতাদর্শগত। প্রশ্ন উঠেছে, উদার গণতন্ত্রের বিকল্প হিসেবে চীন যে ‘কর্তৃত্ববাদী পুঁজিবাদের’ পক্ষে প্রচার চালাচ্ছে তা কি গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হোক বা না হোক, শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন যেভাবে এশিয়ার দেশগুলোতে নিজের মডেলের শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, চীনও একই পথ অনুসরণ করছে। এশিয়ার দেশগুলোর গণতান্ত্রিক সরকারগুলোকে উদার আদর্শ থেকে সরিয়ে কর্তৃত্ববাদী করার চেষ্টা চালাচ্ছে তারা।

ইংরেজি থেকে অনূদিত। স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
ইয়ুন ইয়ং কওয়ান: দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক