চুয়াত্তর বছরের এক অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের জুলাই মাসের শেষ সপ্তাহ। মুক্তিযুদ্ধের সেক্টর কেবল ভৌগোলিক সীমারেখা দ্বারা চিহ্নিত হচ্ছে। সেক্টর কমান্ডার নির্বাচন করা হয়েছে। সিলেটের উত্তর এবং উত্তর-পূর্ব এলাকা নিয়ে গঠিত হয়েছে ৫ নম্বর সেক্টর। এক অপরাহ্নে দেখা গেল বালাটে অবস্থিত বিএসএফের বিওপিতে এক ভদ্রলোক ঘোড়ায় চড়ে ঢুকছেন। গায়ের রং লালচে ফরসা। পরনে জিনসের ফুলপ্যান্ট, গায়ে টার্কিস গেঞ্জি। ঠোঁটের ওপরে মিলিটারি কায়দার এক জোড়া গোঁফ। বিএসএফের সেনারা ত্রস্ত হয়ে স্যালুট ঠুকছেন। বালাট সাব-সেক্টরের যোদ্ধা নিজামউদ্দিন লস্কর। দৃষ্টিকাড়া এই ভদ্রলোক সম্পর্কে সবার মতো তাঁরও কৌতূহল জন্মাল। বিএসএফের এক সুবেদারকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, ‘আমাদের কেউ না। আপনাদের কেউ হবে।’ র্যাং ক জানেন কি না জিজ্ঞাসা করতেই সুবেদার সাহেব বললেন, ‘জেনারেল-টেনারেল তো কিছু হবেই।’ কিছুক্ষণ পর আগন্তুক অফিসার এক সভা ডাকলেন। সভার শুরুতে তিনি নিজের পরিচিতি দিয়ে বললেন, তাঁর নাম মেজর মীর শওকত আলী। তিনি তাঁদের নতুন সেক্টর কমান্ডার।তিনি ১৮ এপ্রিল ১৯৫৮ পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন। তাঁর কোর্স সিরিয়াল-১৮তম লং কোর্স। জুন ১৯৮১ সালে লে. জেনারেল পদোন্নতি দিয়ে তাঁকে অবসর দেওয়া হয়। ৫ নম্বর সেক্টর ছিল ভারতীয় ১০১ কমিউনিকেশন জোনের তত্ত্বাবধানে। সেপ্টেম্বরের শেষ দিক। ১০১ কমিউনিকেশন জোনের জিওসি মে. জে. গুরবক্স সিং গিল মেজর শওকতের সদর দপ্তরে এলেন। চেহারা বলে দেয় তিনি ক্রুদ্ধ। রাগান্বিত স্বরে মেজর শওকতকে জিজ্ঞাসা করলেন, ‘শওকত, তুমি আমাকে না জানিয়ে ওখানে একটা ক্যাম্প খুলেছ, ঠিক?’ শওকত ধীর, স্থির, চুপ। জেনারেল গিল এগিয়ে গেলেন। ‘কথা বলো শওকত, কথা বলো। তুমি ওখানে একটা প্রতিরক্ষা অবস্থান নিয়েছ। অথচ আমার হেডকোয়ার্টার এ সম্বন্ধে কিছুই জানে না। কেন? বলো শওকত, জবাব দাও।’ জে. গিল মেজর শওকতের দিকে এগিয়ে যেতে যেতে তাঁর নাকের ডগা প্রায় মেজর শওকতের নাকের ডগার সঙ্গে লাগিয়ে ফেললেন। মেজর শওকত ঠান্ডা মাথায় দৃঢ়তার সঙ্গে বললেন, ‘স্যার, আপনি ভারতীয় সেনাবাহিনীর একজন মেজর জেনারেল। আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন মেজর এবং ৫ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। আমি আমার মাতৃভূমি হারিয়ে ফেলেছি। জানি না, সে মাতৃভূমি আর ফিরে পাব কি না, আমার প্রাণটাও এখন তুচ্ছ। আপনার কিছু জিজ্ঞাসা থাকলে আমার কমান্ডার ইন চিফকে জিজ্ঞাসা করতে পারেন।’ মুহূর্তেই মুখের চেহারা পাল্টে গেল জে. গিলের। বড় একগাল হাসি টেনে মেজর শওকতের পিঠ চাপড়িয়ে বললেন, ‘না না, শওকত, আমি কেবল তোমার স্নায়ুর ঋজুতা পরীক্ষা করছিলাম। তুমি আমার গর্বের সন্তান।’স্বাধীনতার পরের কথা বলি। ১৯৭৩ সালে আরব-ইসরায়েলের যুদ্ধের পর চুয়াত্তরের প্রথম দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্রিগেডিয়ার মীর শওকত আলীর নেতৃত্বে মিসরে একটি শুভেচ্ছা সামরিক প্রতিনিধিদল পাঠান। কয়েকজন সামরিক চিকিৎসক, কিছু ওষুধ ও কিছু চা-পাতা নিয়ে ব্রিগেডিয়ার শওকত মিসরীয় সেনাবাহিনীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মিসরীয় সেনাবাহিনীর প্রধান লে. জে. সাদ আল সাজলি চিঠিতে বঙ্গবন্ধুকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যত্র লেখেন, ‘শওকতের মতো দুজন ব্রিগেডিয়ার পেলে আমি তিয়াত্তরের যুদ্ধে আরও ভালো লড়তে পারতাম (If I had a couple of Brigadiers like Shawkat, I would have taught the seventy three war better.)’১৯৯১ সালে আমি সেনাবাহিনী থেকে প্রেষণে দুর্নীতি দমন ব্যুরোতে নিয়োজিত। জেনারেল শওকত খাদ্যমন্ত্রী। একদিন তিনি আমাকে টেলিফোন করে এক ব্যবসায়ীর জন্য সুপারিশ করলেন। আমি একাধারে বিস্মিত এবং দুঃখিত হলাম। মাথা ঠান্ডা রেখে বললাম, ‘স্যার, আমি আপনার ছাত্র। জীবনে মূল্যবোধ ও প্রজ্ঞা আপনার কাছ থেকে শিখেছি। আপনিই বলে দিন, আমি কী করব এবং কীভাবে।’ জে. শওকত ইংরেজিতে বললেন, ‘কামরুল, আই অ্যাম এক্সট্রিমলি স্যরি।’আমার রাজনীতিতে কোনোই আগ্রহ নেই। রাজনীতির প্রসঙ্গ আমার মনে পড়ে না, তিনি কখনো আমাদের আলোচনায় এনেছেন। তবে আমি মনেপ্রাণে তাঁর একটি রাজনৈতিক ধারণা গ্রহণ করেছি। মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানি বর্বরদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তাদের জন্য একটি ‘ঘৃণা স্তম্ভ’ তৈরি করা। শুধু আমাদের সন্তানেরাই নয়, অনাগত ভবিষ্যতের সন্তানেরাও যেন সেখানে থুথু ফেলে স্বাধীনতাবিরোধীদের ও অন্যায়ের বিরুদ্ধে তাদের ঘৃণা প্রকাশ করতে পারে।মুক্তিযুদ্ধের সময় কমান্ডার ইন চিফ কর্নেল ওসমানী মেজর শওকতকে যত চিঠি লিখেছেন তাতে সম্বোধনটি থাকত হাতে লেখা। তিনি স্নেহ ও ভালোবাসায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত ব্রিটিশ সেনাপতি ফিল্ড মার্শাল (বার্নার্ড ল’) মন্টোগোমারি নামে লিখতেন, ‘ডিয়ার মন্টোমোগারি’ অথবা ‘মাই ডিয়ার মন্টি’। প্রায় একই রকম কিংবা আরও বেশি স্নেহ ও ভালোবাসায় তিনি সিক্ত করেছিলেন আমাকে। মুক্তিযুদ্ধ নিয়ে আমার সামান্য গবেষণার কারণে তিনি দুটি নামে আমাকে ডাকতেন, কখনো ‘কমান্ডার’ কখনো ‘হিস্টোরিয়ান’।২০ নভেম্বর সন্ধ্যা ছয়টা ৩৫ মিনিটে অফিসে কাজ করছি। বন্ধু নিজামউদ্দিন লস্কর জেনারেল শওকতের মৃত্যুর অসমর্থিত খবর দিলেন। নিশ্চিত হওয়ার জন্য জে. শওকতের সেলফোনে ফোন করলাম। ধরলেন তাঁর বোন জাহানারা। পরিচয় দিয়ে জানতে চাইলাম, জে. শওকত বাসায় আছেন কি না। তিনি বললেন, জেনারেল শওকত বাসায় আছেন, কিন্তু পৃথিবীতে নেই।কামরুল হাসান ভূঁইয়া: অবসরপ্রাপ্ত মেজর। মুক্তিযোদ্ধা, গবেষক ও লেখক। চেয়ারম্যান, সেন্টার ফর লিবারেশন ওয়ার স্টাডিজ। [email protected]