চোখজুড়ানো অতিকায় ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যিনি ধরেছেন তিনি ভাগ্যবান, যিনি একে ১২ হাজার ২০০ টাকায় কিনেছেন তিনি ধনবান, আর যাঁদের রসনা এই মাছের স্বাদে পূর্ণ তাঁরা সৌভাগ্যবান। সাড়ে তিন কেজি ওজনের ইলিশ ধরা, কেনা ও খাওয়া—এই তিনটি ঘটনাই ঐতিহাসিক। কেননা, গত দুই যুগে এত বড় ইলিশ ধরার খবর কারও জানা নেই। ধন্য ভোলার মেঘনা নদী, ধন্য তার জেলে আক্তার হোসেন মাঝি আর ধন্য ভোলার রামনেওয়াজ ঘাটের মাছের বাজার। কিন্তু আসলে ধন্য বাংলাদেশ, যেখানে আজও মেলে সবচেয়ে বেশি হারে সবচেয়ে সুস্বাদু ইলিশ।
মাছের রাজা তো ইলিশই। কিন্তু ইলিশের মধ্যে রাজা ইলিশ কে তা কি জানা ছিল? এই প্রকাণ্ড ইলিশটি মেঘনার জেলের জালে ধরা পড়ায় সেই রাজকীয় ইলিশের দেখা মিলল। ইলিশের খাদ্য পদ্মা-মেঘনার একধরনের জলজ শেওলা। এই শেওলাভোজ যত হয়, ততই সমুদ্রের নোনা ঝরে তার মাংস হয়ে ওঠে সুস্বাদু। এ নদীগুলোর উজানে যত দীর্ঘ তার সাঁতার ততই ইলিশ আকারে বড় ও স্বাদে লোভনীয় হয়। সাড়ে তিন কেজি ওজনের ইলিশ মহাশয় তাই অতুলনীয় এবং রাজকীয় স্বাদ বৈভবে অপূর্ব। ইলিশ নিয়ে বাঙালির আহ্লাদের শেষ নেই। এক কবি ইলিশের স্বাদকে কবিতার সঙ্গে তুলনা করেছেন। ই–তে ইন্দ্রিয়, লিÍ–তে লিখিত এবং শÍ–তে শব্দমালা। অর্থাৎ ইলিশ মানে ইন্দ্রিয় লিখিত শব্দমালা।
বাংলাদেশের পয়লা বৈশাখের ইলিশ, পশ্চিমবঙ্গের জামাইষষ্ঠীর ইলিশের পর ইলিশ ঐতিহ্যে নব সংযোজন ইলিশ কূটনীতি। বাংলাদেশ প্রায়ই প্রতিবেশী দেশের রাজভবন থেকে শুরু করে সাধারণ বাজারে ইলিশ পাঠিয়ে এই মৈত্রীর কূটনীতি জারি রাখে।
নদী ভরাট, দূষণ এবং মা ও জাটকা ইলিশ শিকারের ফলে রাজকীয় ইলিশ ক্রমে বিরল এবং ক্ষুদ্রকায় হয়ে উঠছে। সাড়ে তিন কেজি ওজনের ইলিশ দেখা দিয়ে তাই যেন এক সতর্কবার্তা দিয়ে গেল। এই বার্তাটি যেন আমরা মনে রাখি।