চেয়ারম্যানরাজ প্রতিষ্ঠার নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতার দায় কার, তা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে অনুষ্ঠানের সাংবিধানিক দায়িত্ব এবং তার জন্য প্রয়োজনীয় সব ক্ষমতা নির্বাচন কমিশনের ওপর অর্পিত থাকলেও কমিশন সেই দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগেও একাধিকবার কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ উঠেছে। উপজেলা, সিটি করপোরেশন ও পৌরসভা—কোনো নির্বাচনকেই তারা গ্রহণযোগ্য করাতে পারেনি। কিন্তু ভোটারদের ভোটের অধিকার হরণ, প্রাণহানি, দখলবাজি—সবকিছুর ক্ষেত্রেই দায় এড়ানো এখন কমিশনের অভ্যাসে পরিণত হয়েছে। গত কয়েক দিনে তারা যে কটি পদক্ষেপ নিয়েছে, তা যে কাজে আসছে না, সে বিষয়টি কমিশনের কথায়ও স্পষ্ট। ইংরেজিতে একেই বলে ‘Too little, too late’।
পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে পৌরসভা ও উপনির্বাচনকে কেন্দ্র করে গত বছর সেখানকার রাজ্য নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে দেখেও আমাদের কেউ লজ্জা পেয়েছেন বলেমনে হয় না। তা না হলে তফসিল ঘোষণা, প্রতীক ঠিক করা এবং একটি কাগুজে আচরণবিধি তৈরির মতো কয়েকটি কাজ ছাড়া নির্বাচন অনুষ্ঠানের প্রায় পুরো দায়িত্বটি তারা প্রশাসনের ওপর ছেড়ে দিত না। দলীয়করণের কবলে থাকা প্রশাসনের পক্ষে এমপিতন্ত্রের বাইরে নির্বাচন অনুষ্ঠান যে প্রায় অসম্ভব, তা নির্বাচনী ফলাফলেই সুস্পষ্ট। সম্ভবত সে কারণেই দেখা যাচ্ছে যে দলের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা যেখানে জিততে পারেননি, সেখানে জয়ী হয়েছেন এমপির প্রার্থী। বিএনপি এবং অন্যান্য দলের অংশগ্রহণ ও সাফল্যের ভাগ তাই একেবারেই নগণ্য।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, অনেক জায়গাতেই সদস্যপদে গোপন ভোটের সুযোগ দেওয়া হলেও চেয়ারম্যান পদে ভোটাররা সেই সুযোগ পাননি। প্রার্থীর লোকজন নিজেরাই বাক্স ভরে নিয়েছেন। ফলে সরকারি দলের মনোনয়ন তালিকাকেই গেজেট হিসেবে প্রকাশ করার যে প্রস্তাব উঠেছে, কমিশনের বোধ হয় তা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা উচিত। তেমনটি হলে অন্তত হানাহানি ও প্রাণক্ষয়ের দায় আর তাদের ঘাড়ে পড়ে না! নির্বাচন নামক ব্যবস্থাটির প্রতি জন–আস্থা এবং বিশ্বাসযোগ্যতাকে নিঃশেষ করে দেওয়ার কৃতিত্বটা তো কমিশন পেতেই পারে।

ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার যে সহিংসতার মাত্রা বেশি, তা নিয়ে এখনো কোনো ভিন্নমত চোখে পড়েনি। কিন্তু এই সহিংসতা কেন বেশি? এ প্রশ্নের উত্তর সন্ধানে খুব একটা বিশ্লেষণ হয়েছে বলে মনে হয় না। সোমবার দেখা হলো সাবেক এক ছাত্রনেতার সঙ্গে। এরশাদের সামরিক শাসনবিরোধী আন্দোলনে তিনি ছিলেন টগবগে এক যোদ্ধা। এখন ঢাকার পাট চুকিয়ে ফিরে গেছেন নিজের জেলা ঝিনাইদহ বা ঝিনেদায়। তাঁর বাড়ি শৈলকুপা উপজেলায়। এখন আর রাজনীতিতে সক্রিয় নন। জীবিকার জন্য ব্যবসাকে বেছে নিলেও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা দলবাজি এড়াতে ব্যবসায়িক আকাঙ্ক্ষাকে সংযত রেখে সাদামাটা জীবন যাপনকেই বেছে নিয়েছেন। গ্রামাঞ্চলের রাজনৈতিক কাঠামোতে কী ধরনের রূপান্তর ঘটছে, তা বোঝানোর জন্য তিনি আমাকে বললেন যে ইউপি চেয়ারম্যানরা এখন তাঁদের নিজ নিজ ইউনিয়নকে একেকটা ক্ষুদ্র রাজ্য বানিয়ে নিয়েছেন। ওই অণু রাজ্যে চেয়ারম্যানই সব। আপনি মেয়ের বিয়ে দেবেন, সেই অনুষ্ঠানে কাদেরকে দাওয়াত দেবেন আর কাদেরকে দাওয়াত দিতে পারবেন না, অতিথিদের খাওয়ানোর জন্য চেয়ারম্যানের পছন্দের কোন খাবারটি রাখতে হবে—এসব বিষয়ে চেয়ারম্যানের কথাই শেষ কথা। তা না হলে দেখা যাবে বিয়েবাড়িতে উপস্থিত মজলিশেই চেয়ারম্যানের পান্ডারা খাবারের ডেকচিগুলো উল্টে দেবে। মেহমানদের সামনে চড়-থাপড় না পড়লেই ইজ্জত রক্ষা!

ওই একই দিনে প্রথম আলোয় প্রকাশিত অন্য একটি খবরেও ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরাজ প্রতিষ্ঠার আলামত সুস্পষ্টভাবে ধরা পড়ে। ঘটনাস্থল পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়ন। নবনির্বাচিত চেয়ারম্যান খালিদুল ইসলাম এক গৃহবধূ এবং ওই গ্রামেরই অন্য এক যুবককে লাঠিপেটা করে তাঁদের মাথা ন্যাড়া করে দিয়েছেন। এলাকার ছোটখাটো ঝগড়াবিবাদ, দাঙ্গা-হাঙ্গামা ও জমিজমা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সালিস করা এবং সেসব বিরোধ নিষ্পত্তির কাজটি জনপ্রতিনিধি হিসেবে একজন চেয়ারম্যান করতেই পারেন। কিন্তু কারও শারীরিক শাস্তি এবং সমাজে হেয় করার কোনো অধিকার তো তাঁর থাকার কথা নয়। খবরে বলা হয়েছে যে ওই দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্কের বিচার করে তিনি ওই শাস্তি নির্ধারণ করেছেন। এ ধরনের অকল্পনীয় বর্বরতায় ওই গৃহবধূর স্বামী গলাচিপা থানায় নবনির্বাচিত চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই চেয়ারম্যান কি সত্যিই কোনো অভিযোগ পেয়েছিলেন, নাকি তাঁর ব্যক্তিগত শত্রুতা বা রেষারেষির প্রতিশোধ নিলেন? অভিযোগ পেলেও কি তাঁর এ ধরনের বিচার করার ক্ষমতা আছে? এসব প্রশ্ন ইউনিয়ন পর্যায়ে কেউ করেন না। কারণ, পরিণতিতে প্রশ্নকর্তাকে এলাকাছাড়া হতে হবে।

এ ধরনের চেয়ারম্যানরাজ–ব্যবস্থায় চেয়ারম্যানকে সবারই প্রয়োজন। বিশেষ করে প্রয়োজন এমপি সাহেবের। নির্বাচনে জয়ের জন্য মাঠের লাঠিয়ালদের গুরুত্বই আলাদা। সুতরাং, চেয়ারম্যান যত দিন এমপির পক্ষে আছেন, তত দিন তিনি তাঁর ইউনিয়নে কী করলেন তার খোঁজ কেউ নেবে না। থানা-পুলিশ-প্রশাসন—কেউ না। সুতরাং, চেয়ারম্যানের গদির দাম কোটি টাকায় ওঠাটাই তো স্বাভাবিক। তা তাঁর মাসিক সম্মানী তিন হাজার টাকাই হোক, আর কোনো সম্মানী না-ই থাকুক! ইউপি নির্বাচন এঁদের কাছে পাঁচ বছরে একবার বাঁচা–মরার লড়াই। কমিশন কর্তারাও তা জানেন এবং সম্ভবত সে কারণেই সহিংসতার এই মাত্রায় তাঁরা মোটেও বিচলিত হন না।

নির্বাচনব্যবস্থা এবং নির্বাচন কমিশনের এই দুর্দশা যতটা হতাশার, রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রমে হতাশা হয়তো তার চেয়ে কম কিছু নয়। কিন্তু নির্বাচনব্যবস্থার যে সর্বনাশ ঘটানো হচ্ছে, তার ঝুঁকিটা অনেক বেশি। ভোটাররা ভোটকেন্দ্র থেকে দূরে থাকলে ক্ষমতাধরদের সাময়িক সুবিধা বাড়লেও রাষ্ট্র দুর্বল হতে থাকে। তখন চেয়ারম্যান কিংবা এমপির কথাই শেষ কথা হয়ে ওঠে এবং আইনের শাসন ও ন্যায়বিচার নির্বাসিত হয়। তৃণমূল পর্যায়ে চেয়ারম্যানরাজ প্রতিষ্ঠার আলামতটা তাই উদ্বেগের কারণ। দলীয় তকমা, বিশেষত ক্ষমতাসীন দলের লেবেল থাকায় তাঁরা অপ্রতিরোধ্য হয়ে উঠলে শাসনব্যবস্থা ভেঙে পড়া কেবল সময়ের ব্যাপারে পরিণত হবে।

তৃণমূলে গণতন্ত্রকে শক্তিশালী করতে বহু দেশ এখন নাগরিকদের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক করছে। পাশের দেশ ভারতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট ২০১৪ সালের নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়া নাগরিকদের জন্য বাধ্যতামূলক করেছে। নির্বাচনকে ভোটারদের অধিকার না ভেবে আমরা প্রার্থী এবং রাজনৈতিক দলের বিবেচ্য বিষয়ে রূপান্তরিত করছি। এই ব্যবস্থায় দলের নেতা-নেত্রীরা হয় গোয়েন্দা রিপোর্ট, নয়তো ব্যক্তিগত আনুগত্যের নিরিখে উপদল বা গোষ্ঠীকে তুষ্ট করতে মনোনয়ন নামের নাটক সাজান। দলের শীর্ষনেতৃত্ব দলকে শক্তিশালী করার মানসেই হয়তো দলতন্ত্রের পথে হাঁটেন। কিন্তু বাস্তবে সেই দলতন্ত্র ক্রমশই অন্তঃকলহ এবং রেষারেষির এক অন্তহীন চক্রে নিপতিত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র উপদলের গোষ্ঠীতন্ত্র কায়েম হয়। সাম্প্রতিক নির্বাচনগুলোর ফলাফলেও তাই বিদ্রোহীদের জয়ের হার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে বিব্রত করেছে এবং ভাবনায় ফেলে দিয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনগুলোকে দলীয় রাজনীতির আওতায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আলাপ-আলোচনা এবং চিন্তাভাবনায় যে ঘাটতি ছিল, তা এখন স্পষ্ট। তৃণমূলের রাজনীতিকে গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোয় ধারণ করার উদ্যোগটি সুচিন্তিত হলে এসব প্রতিষ্ঠান সংসদীয় রীতিতে পরিচালনার কথা ভাবা হতো। বিশ্বে উন্নত গণতন্ত্রে তেমনটিই প্রচলিত। পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোতে পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি অথবা তাঁদের সমন্বয়ে বিষয়ভিত্তিক কমিটি গঠনের মাধ্যমে পরিষদ পরিচালনার ব্যবস্থা হতো। সেই ব্যবস্থায় স্থানীয় সরকারেও ক্ষমতাসীন দল ও বিরোধী দলের ভূমিকা দেখা যেত। কিন্তু সেই পথে না গিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে করা হচ্ছে চেয়ারম্যান বা মেয়রকেন্দ্রিক। আর যেহেতু চেয়ারম্যান বা মেয়রের হাতেই সব ক্ষমতা, সেহেতু শুধু ওই পদের প্রার্থীর জন্যই দলীয় মনোনয়নের ব্যবস্থা। এই জগাখিচুড়িতে তৃণমূলে গণতন্ত্র যে শক্তিশালী না হয়ে আরও দুর্বল হবে, সেটাই কি স্বাভাবিক নয়?

কামাল আহমেদ, সাংবাদিক।