জোড়াসাঁকোর দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন খাস কলকাতার লোক। এক পুরুষ নয়, কয়েক পুরুষ ধরে তাঁরা শহরের মানুষ। ওঠা-বসা ছিল বিদেশি শাসক ইংরেজদের সঙ্গে। তাঁর ছোট ছেলের জন্মদিন তিনি লিখে রেখেছেন পঁচিশে বৈশাখ। ৬ বা ৭ মে নয়।
বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামের কাজী ফকির আহমদের ছেলের জন্মদিন এগারোই জ্যৈষ্ঠ। ২৪ বা ২৫ মে নয়। সেটি ছিল পরাধীন ইংরেজ আমল। শাসকের সন-তারিখই প্রজার সন-তারিখ। তা সত্ত্বেও বাংলার মানুষ—তা শহরেরই হোন বা পল্লিরই হোন—ব্যবহার করতেন নিজেদের বাংলা সন-তারিখ। দুই কবির জন্মতারিখ পালন থেকেই বোঝা যায় বাঙালি একদিন বাঙালি ছিল।
বাংলা নববর্ষ পয়লা বৈশাখ শুধু একটি তারিখ নয়, ধর্ম-বর্ণনির্বিশেষে তা বাঙালি জাতির একটি উপলক্ষ। যে উপলক্ষে সমগ্র জাতি এক হয়ে যেত। তা যে কত বড় ব্যাপার, তার মর্মকথা যারা বোঝে না, তাদের জাতীয়তাবোধ বলে কিছু নেই। শুধু তা-ই নয়, চৈত্রসংক্রান্তি অর্থাৎ বাংলা বছরের শেষ মাসের শেষ দিনটি ছিল বাঙালির অঘোষিত জাতীয় পরিচ্ছন্নতা দিবস। ওই দিন মানুষ ঘরদোর সাফসুতরো করত। দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান ধুয়েমুছে তকতকে-ঝকঝকে করত। তারপর রাত পোহালেই নতুন বছরে সবকিছু নতুন করে শুরু করত।
পুরোনোকে বিদায় জানিয়ে ব্যক্তিগত ও সামাজিক জীবন নতুন করে শুরু করার যে উপলক্ষ, তা কোনো জাতির জীবনে খুব ছোট ব্যাপার নয়। যে জাতির মানুষের জীবনে নতুন আসে না, সে তো পুরোনোর দাস হয়ে পড়ে থাকে। যেখানে বাঙালির গাছপালা পর্যন্ত তার পুরোনো বছরের পাতা ঝরিয়ে দেয় এবং সুসজ্জিত হয় নতুন কিশলয়ে, সেখানে বাঙালি যদি তার নিজের জীবন নতুন করে শুরু করার প্রয়োজনীয়তা ভুলে যায়, তা এক বিরাট ব্যর্থতা।
কোনো জনগোষ্ঠীর অর্থনীতি ও সংস্কৃতিই তার প্রাণ। এই দুটোর ভেতরেই তার পরিচয় প্রকাশ পায়। এই দুটো যখন তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলে তখন সেই জনগোষ্ঠী একটি পরগাছায় পরিণত হয়। তার শিকড় থাকে না। শুধু বাইরের উজ্জ্বলতা থাকে। সেটা একটা নকল রূপ।
কালের প্রবাহের সঙ্গে সঙ্গে কোনো বিষয়ের বিবর্তন ঘটা এক কথা আর ইচ্ছেমতো ঘন ঘন পরিবর্তন করা অন্য কথা। আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংস্কৃতিতে কিছু পরিবর্তন ঘটা অস্বাভাবিক নয়। কিছু নতুন উপাদান যোগ হতে পারে। সেই যোগ ও পরিবর্তন এত সূক্ষ্মভাবে ঘটে যে সহজে তা চোখেই পড়ে না। বিবর্তন আর বিকৃতি দুই জিনিস। নবাব সিরাজউদ্দৌলার সময় বাংলা নববর্ষ বাঙালি যেভাবে উদ্যাপন করত, দেড় শ বছর পরে নবাব সলিমুল্লাহর সময় একেবারে হুবহু সেভাবে উদ্যাপন হবে না। ৫০ বছর পরে আরও কিছু উপাদান যোগ হতে পারে।
বাঙালির নববর্ষ উদ্যাপনের ভেতর শুধু আনন্দ-ফুর্তি ছিল না, তা ছিল নির্মল সাংস্কৃতিক ও বিশুদ্ধ অর্থনৈতিক ব্যাপার। বাংলার অর্থনীতি কৃষিভিত্তিক। গ্রামীণ বৈশাখী মেলায় যেসব দ্রব্য ও পণ্য প্রদর্শিত হতো তার নির্মাতা, বিক্রেতা ও ক্রেতা কারা? প্রতিটি বৈশাখী মেলায় কৃষিকাজে ব্যবহৃত হয় এমন জিনিসপত্রই বেশি বেচাকেনা হতো। কর্মকারদের তৈরি লোহার জিনিসপত্র। লাঙলের ফলা, কাস্তে, নিড়ানি, দা, বঁটি প্রভৃতি। কাঠমিস্ত্রি মেলায় নিয়ে আসতেন লাঙল, জোয়াল প্রভৃতি। কুমার আনতেন হাঁড়ি, পাতিল, সরা, গামলা, মটকি প্রভৃতি। ধান চাষ করে কৃষক তা রাখেন কোথায়? বাঁশের তৈরি ডোলে। অথবা মাটির মটকিতে। চাল করার জন্য ধান ভেজান বড় বড় মাটির গামলায়। ধান সেদ্ধ করেন বড় বড় মাটির পাত্রে। সেসবই মেলায় বেচাকেনা হতো। তাতে আয়রোজগার হতো। কামারের, কুমারের, ছুতার-মিস্ত্রির। প্রয়োজন মিটত গেরস্থ ও কৃষকের। দৈনন্দিন গেরস্থালির কাজে ব্যবহৃত হয় এমন প্রতিটি জিনিস পাওয়া যেত বৈশাখী মেলায়।
বস্ত্রশিল্পে বাংলার তাঁতি বিশ্বসেরা। তাঁদের তৈরি কাপড় সারা দুনিয়ার মানুষের প্রশংসা অর্জন করেছিল মধ্যযুগেই। গামছা, শাড়ি, লুঙ্গি থেকে প্রতিটি প্রয়োজনীয় বস্তু মেলায় আসত। কাপড়ে যে কারুকাজ তা বাঙালি সংস্কৃতির অকৃত্রিম বৈশিষ্ট্যের পরিচয় বহন করত।
নববর্ষে হালখাতার মতো একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামাজিক বিষয় স্বাধীনতার পরে হারিয়ে গেছে। অতি অল্প কিছু হিন্দু ব্যবসায়ী এখনো গ্রামে হালখাতা করেন।
এখন বাঙালি অধিপতি শ্রেণি শহরের বাসিন্দা। তবে শহরে তাঁরা নবাগত। তাঁদের জীবনের প্রথম দিকটা কেটেছে গ্রামে। তারপর শহরে এসে তাঁদের বিত্ত ও চাকচিক্য হয়েছে। গ্রামের সংস্কৃতির মধ্যে তাঁরা গ্রাম্যতার গন্ধ পান। নাগরিক সংস্কৃতির মধ্যে পান আধুনিকতার সন্ধান। শহরের সংস্কৃতিটা তাঁদের কাছে নতুন। তা আত্মস্থ করা সময়সাপেক্ষ। এখন বাংলা নববর্ষকে একটা শহরের আধুনিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাতে গ্রামীণ ও নাগরিক সংস্কৃতির একটা জগাখিচুড়ি হচ্ছে। হারিয়ে যাচ্ছে বাঙালির চিরকালের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্য।
পঞ্চাশ বছর আগেও বাংলাদেশের প্রতিটি এলাকায় বৈশাখী মেলা হতো। তাতে ছিল একটি চমৎকার স্নিগ্ধতা। তাতে মিটিং, মিছিল, শোভাযাত্রা, হট্টগোল, স্লোগান কোনো কিছুই ছিল না। ছিল তাতে স্বতঃস্ফূর্ততা।
শত শত বছর বাংলা নববর্ষ ছিল ধর্মীয় সাম্প্রদায়িকতা ও রাজনীতি থেকে মুক্ত। রাষ্ট্রে সরকার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রীয় উত্থান-পতন ঘটেছে, বাঙালি এবং এ দেশের প্রান্তবাসী সংখ্যালঘু জাতিসত্তার মানুষ নববর্ষ উদ্যাপন করেছে যথারীতি। কোনো উৎসবে যদি রাজনীতি ও ধর্মীয় উপাদান যুক্ত হয়, কোনো স্লোগান যুক্ত হয়, তাহলেই তার সর্বজনীনতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বাংলা নববর্ষ ছিল সেসবের ঊর্ধ্বে।
বাঙালি সংস্কৃতি কী জিনিস তা কোটি কোটি বাঙালির মতো জসীমউদ্দীন, জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসানরা ভালো বুঝতেন। তাঁরা বাঙালির লোকায়ত জীবন ও লোকসংস্কৃতি থেকে উপাদান নিয়ে আধুনিক শিল্পে ব্যবহার করেছেন—বিজাতীয় জিনিস লোকশিল্পের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেননি। বাঙালি আজ বিভ্রান্ত। পাঁচ-দশ বছর পরপর সে নতুন কিছু করতে চায়। তা করতে গিয়ে সে স্বকীয়তা হারাচ্ছে।
আধুনিক নাগরিক সংস্কৃতি তার জায়গায় থাকবে। তার যত উৎকর্ষ সাধন করা যায়, তত ভালো। লোকসংস্কৃতি নিয়ে টানাটানি করে তাকে বিকৃত করে আধুনিক নাগরিক সংস্কৃতির কোনো উপকার হবে না। বরং ক্ষতি হবে চিরকালের বাঙালি সংস্কৃতির। কিছুকাল যাবৎ লক্ষ করা যাচ্ছে, বাঙালির নববর্ষের উৎসবে নানা রকম নতুনত্ব যোগ হচ্ছে। পান্তা-ইলিশের সঙ্গে বাঙালির নববর্ষের তিল পরিমাণ সম্পর্ক কোনো দিন ছিল না। ইলিশের আড়তদার ও হিমাগারগুলোর মালিকদের পরিকল্পনামতো আশির দশকে সামরিক শাসনের মধ্যে তা চালু হয়ে গেল। আমরা লেখালেখি করে তা থামাতে পারিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, গতবার তিনি নববর্ষে পান্তা-ইলিশ খাওয়া বন্ধের ঘোষণা দিলে পরিস্থিতির পরিবর্তন ঘটে।
যে সময় নদীতে মাছ ধরার জেলেরা অর্থকষ্টে দিন কাটান, সেই সময় পাইকারি ইলিশ ব্যবসায়ী ও হিমাগারের মালিকেরা চার-পাঁচ গুণ মুনাফা করেন। জাটকা ধরায় উৎসাহিত করেন। জাতীয় অর্থনীতি, বাণিজ্য এবং মুনাফাখুরি এক জিনিস নয়। একটি গোত্র মুনাফার জন্য সংস্কৃতির নাম ব্যবহার করছে।
নববর্ষের সঙ্গে নতুন পোশাকের কোনো সম্পর্ক নেই। বাঙালি সংস্কৃতির নতুন রূপ দেখার জন্য আজ গ্রাম থেকে তরুণ-তরুণী রাজধানীতে ছুটছে। এসেই ঢুকছে সুপারমার্কেটে কাপড়ের দোকানে। নববর্ষ মানেই কাপড়ের দোকানের বিজ্ঞাপন। শুধু বাংলা নববর্ষে নয়, ১৪ ফেব্রুয়ারিতেও নতুন কাপড়। পয়লা জানুয়ারিতে নতুন পোশাক। শাড়ি বা পাঞ্জাবি নতুন কি পুরোনো সেটা বড় ব্যাপার নয়। পরিষ্কার কি না সেটাই বড়। আরও বড় কথা, ব্যক্তির ভেতরটা পরিষ্কার কি না?
বাঙালি ছাড়া অন্যান্য সংখ্যালঘু জাতিসত্তার মানুষও বর্ষবিদায় ও বর্ষবরণের উৎসব করে। উত্তরবঙ্গের জাতিগত সংখ্যালঘুরা বাঙালির মতোই নববর্ষ উদ্যাপন করে। পার্বত্য চট্টগ্রামে চাকমারা বিজু, মারমা-রাখাইনরা সাংগ্রাই, ত্রিপুরারা বৈসু প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে বর্ষবিদায় ও বর্ষবরণ করে। বঙ্গাব্দ ও মঘাব্দ কাছাকাছি সময় হওয়ায় সবই চৈত্র ও বৈশাখে হয়।
কোনো সর্বজনীন উৎসবই সরকারি ফরমান জারি করে উদ্যাপন করা যায় না। রাজনৈতিক কর্মসূচি পালনে সরকারি ফরমান প্রয়োজন। বাংলার মানুষ চৈত্রসংক্রান্তি ও নববর্ষ জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে স্বতঃস্ফূর্তভাবে উদ্যাপন করেছে। দলীয়করণ বা গোত্রীয়করণের প্রশ্ন ওঠেনি। জাতীয় সংহতির স্বার্থে রক্ষণশীল মানুষের আবেগ ও চিন্তাকে কখনো বিবেচনায় নিতে হয়। সংস্কৃতির সঙ্গে গোত্রীয় রাজনীতির উপাদান যুক্ত হলে উৎসব তার সর্বজনীনতা হারায়। প্রতিক্রিয়াশীলরা তখন ভিন্নভাবে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করে।
শত শত বছর ধরে বাঙালি ও অন্যান্য জাতিসত্তার মানুষ পুরোনো বছরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে নতুন বছরকে সানন্দে ও শুদ্ধচিত্তে বরণ করেছে। উপলক্ষটি সব মানুষ সব এলাকায় বিচিত্র আয়োজনে উদ্যাপন করত, শুধু রাজধানীর নতুন কাপড় পরা মধ্যবিত্তরা নয়। কৃষিভিত্তিক সমাজে বর্ষবিদায় ও নববর্ষ উদ্যাপনের একটি দার্শনিক ভিত্তি ও তাৎপর্য ছিল। সেই দর্শন হলো সত্য, সুন্দর, শুভ ও সৌভ্রাতৃত্বের। সেই দর্শন থেকে বাঙালির অবস্থান আজ অনেক দূরে।
সৈয়দ আবুল মকসুদ: লেখক ও গবেষক।