চোরা না শোনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সিটি নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন
রংপুর সিটি নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন

‘চোরা না শোনে ধর্মের কাহিনি’। কথাটা পুরোনো। অনেক দিন পর মনে পড়ল রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল দেখে। ইংরেজি ‘জাংকি’ শব্দটা ব্যাপক অর্থে যেকোনো ধরনের নেশাগ্রস্ততা বোঝাতে ব্যবহার করা হয়। আমরা যারা ‘পলিটিক্যাল জাংকি’, তারা তো ভোটের দিন শেষে মধ্যরাত পর্যন্ত টিভির সামনে বসে ছিলাম নির্বাচনের ফলাফলের জন্য। অবশ্য রাত নয়টা নাগাদ মোটামুটিভাবে ১৯৩টা ভোটকেন্দ্রের মধ্যে অর্ধেকটির ফলাফলে যখন দেখা যাচ্ছিল যে লাঙ্গল মার্কায় ভোট পড়েছে নৌকা থেকে প্রায় তিন গুণ, মোটা মোটা দাগে ৯০ হাজার বনাম ৩০ হাজার, তখনই ফলাফল স্পষ্ট হয়ে গিয়েছিল। জানার ঔৎসুক্য ছিল মোট ব্যবধান শেষ পর্যন্ত কত হয়, তা নিয়ে। মোটা দাগে মোট ৪ লাখ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ। প্রদত্ত ভোটের অর্ধেকের কিছু বেশি পেয়েছে লাঙ্গল। নৌকা থেকে ১ লাখ ভোট বেশি। ভরাডুবি আর কাকে বলে। 

ধানের শীষের অবস্থা আরও করুণ। ভোট তো পায়নি, তারপর আবার স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা আবোলতাবোল কথা বলে মান-ইজ্জতের যা অবশিষ্টাংশ ছিল, সেটাও খুইয়েছেন। অবশ্য সান্ত্বনা একটা-রংপুর তো আর বগুড়া না।
প্রশ্ন দাঁড়াচ্ছে, কোনটা বড়-লাঙ্গলের জয়, না নৌকার পরাজয়?

২.
কথা আর বাড়ানোর আগে রংপুরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাতে কোনো ভুল-বোঝাবুঝি না হয়। ‘চোরা না শোনে ধর্মের কাহিনী’ বচনটা সব সময় রূপক অর্থে ব্যবহৃত হয়। কাউকে চোর বলা এই অধমের উদ্দেশ্য নয়। তা ছাড়া, ভোট দিয়েছেন তো শুধু
রংপুর সিটি করপোরেশনের ভোটাররা। সিটির বাইরে যে উপজেলাগুলো নিয়ে রংপুর জেলা গঠিত, তার কোনো বাসিন্দা এই নির্বাচনে ভোট দেননি।
উন্নয়নের জোয়ার তো এখন বন্যায় রূপ নিয়েছে। গোটা বিশ্বে উন্নয়নের জন্য আমরা তো ‘রোল মডেল’। বন্যা বা মডেল—কিছুই কি রংপুর সিটির ভোটারদের মন ভেজাতে পারেনি? তাজ্জব কা বাত্!
নৌকাডুবির কারণ নিয়ে কিছু আলাপ-আলোচনা তো সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে চব্বিশ ঘণ্টা সংবাদভিত্তিক টিভি চ্যানেলগুলোতে। নৌকা প্রার্থীর জনসংযোগ কম ছিল। ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওয়ার্ড কাউন্সিলর পদ নিয়ে ছিলেন বেশি ব্যস্ত। মেয়র পদের ব্যাপারে তাঁরা যথেষ্ট কাজ করেননি। ইত্যাদি ইত্যাদি।
আমাদের বিশ্লেষণ সম্পূর্ণ ভিন্ন। ভোটারদের বাসায় পর্যাপ্ত টেলিভিশন না থাকার কারণে উন্নয়নের জোয়ার বা বন্যার খবর তাঁরা পর্যাপ্ত পরিমাণে পাননি। তাই নৌকায় ভোট দিতে ঝাঁপিয়ে পড়েননি। বন্যা বা জোয়ারের কথা যথেষ্ট পরিমাণে জানানোর জন্য
তাই আগামী নির্বাচনের আগে ‘টিভি সাপ্লাই’ করতে হবে।
সরকারি দলের সকল পর্যায়ের নেতাদের কথা তো একটাই—দেশে উন্নয়নের জোয়ার বইছে! সারা বিশ্ব অবাক বিস্ময়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, মুখ হাঁ করে আর ফ্যালফ্যাল চোখে। এত উন্নয়ন কীভাবে সম্ভব?
প্রতি সোমবারের কেবিনেট মিটিংয়ের মতো প্রতি মঙ্গলবারে একনেকের মিটিং বোধ হয় হয় না। যেমন এ সপ্তাহে একনেক মিটিং-সংক্রান্ত কোনো খবর চোখে পড়েনি। তাই মনটা একটু-একটু না, আসলে বেশ খারাপ। কারণ, প্রতি একনেক মিটিংয়ে গড়পড়তা যে ডজনখানেক প্রকল্প পাস হয়, তার খরচের পরিমাণ শুনলে তো বুকটা গর্বে ভরে ওঠে। শতকোটি টাকার খুচরা হিসাব তো আমরা অনেক আগেই বাদ দিতে শিখেছি। এখন তো হাজার কোটি টাকার প্রকল্পের কথা না শুনলে মনটা খালি খালি লাগে।
আর উন্নয়ন-গর্বের কারণ তো ভূরি ভূরি। একটা উদাহরণ-যা অবশ্য অনেকেরই জানা-যথেষ্ট। প্রতি কিলোমিটার রাস্তা বানাতে আমরা নাকি সারা বিশ্বে সবচেয়ে বেশি টাকা খরচ করি। কয়েক শ কোটি টাকা ছাড়া নাকি আমরা এক কিলোমিটার মহাসড়ক বানাই না।
স্পষ্টতই রংপুর সিটি করপোরেশনের ভোটাররা এসব খবর পুরোপুরি পান না। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতা তাঁরা যথেষ্ট
শোনেন না বা শোনেননি। প্রধানমন্ত্রীর মতো আমারও দৃঢ় বিশ্বাস এটাই যে, যে রাজনৈতিক দল দেশের এত উন্নয়ন করেছে এবং
করছে (একনেক মিটিং দ্রষ্টব্য), তাদের বাদ দিয়ে অন্য কোনো দলকে কেউ ভোট দিতে পারে না। যদি রংপুরের মতো ভোট দিয়েই দেয়, তাহলে তার কারণ হতে পারে একটাই—পর্যাপ্ত টেলিভিশনের অভাব। টেলিভিশনের অভাবের কারণে রংপুরবাসী উন্নয়নের খবর সঠিকভাবে পায়নি।
আর এই বিশ্লেষণের ধারাবাহিকতার দায় এড়াতে পারেন না তথ্যমন্ত্রী। জি, রংপুরে ভরাডুবির জন্য দায়ী তথ্যমন্ত্রী। সরকারি বেতারের খবর প্রতিটি এফএম রেডিও একসঙ্গে প্রচার করে রাত সাড়ে আটটায়। ওই সময় প্রতিটি এফএম রেডিওতে ভেসে আসে উন্নয়নের জোয়ারের খবর। টেলিভিশনে এই ব্যবস্থা নেই কেন?
তথ্যমন্ত্রীকে দোষ দিচ্ছি, তার অর্থ এই না যে তাঁর পদত্যাগ চাইছি। ৩৫-৩৬ বছর আগে মৃত এক ব্যক্তির প্রতিনিয়ত সমালোচনা করার ব্যাপারে তথ্যমন্ত্রীর ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উন্নয়নের দিকে একটু বেশি নজর দেওয়ার জন্য অন্তত আরও দুজন তথ্য প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া প্রয়োজন। একজন উন্নয়ন জোয়ার বা বন্যা আর অন্যজন বিশ্বের ‘রোল মডেল’ হিসেবে আমাদের ভাবমূর্তি যে স্বীকৃতি পেয়েছে, তার সঠিক প্রচারের জন্য। টেলিভিশন সেট বিতরণের আগে সব টিভি চ্যানেলের জন্য দিনে অন্তত দুবার বাংলাদেশ টেলিভিশনের খবর প্রচার করতে হবে।
আপাতত গাজীপুর, ঢাকা উত্তর, সিলেট—অর্থাৎ যেসব সিটি করপোরেশনে নির্বাচন আসন্ন, সেই সব এলাকায় টিভি সেট বিতরণ শুরু করতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনটা বেশ গুরুত্বপূর্ণ, তাই ওখান থেকেই একজন তথ্য প্রতিমন্ত্রী দেওয়া যেতে পারে। সমস্যা হচ্ছে, প্রস্তাব করার মতো কোনো নামই তো মনে আসছে না। আর মেয়র পদপ্রার্থী? নৌকা কি নিজের কোনো মাঝি খুঁজে পাবে, নাকি ধার করা কাউকে প্রার্থী বানাবে? জুতসই কাউকে না পেলে হাইকোর্ট তো শেষ ভরসা।

৩.
সরকারি দলকে বুঝতে হবে যে শুধু কথায় চিড়া ভেজে না। ইদানীং দেশের দুই মুরব্বিজন—আনিসুজ্জামান আর রেহমান সোবহান স্যার হতাশার সুরে কথা বলছেন।
শুধু উন্নয়নে আসল উন্নয়ন হয় না। ন্যায্যতা আর ন্যায়বিচার ছাড়া শুধু উন্নয়নের কথা বলে ধর্মের পথে আনা যায় না। রংপুরবাসী সেটাই মনে করিয়ে দিয়েছে।
লাঙ্গল আর ধানের শীষ যদি ভালো প্রার্থী পায়, তাহলে ঢাকা উত্তর, গাজীপুর অর্থাৎ আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নৌকার জন্য অনেক কঠিন হবে, যদি রংপুরের মতো নির্বাচন সুষ্ঠু হয়।
ড. শাহদীন মালিক : অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট; আইনের শিক্ষক, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।