ছাইয়ের স্তূপে বিবর্ণ পাহাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় নিয়েছে ২০১৪। পাহাড়ের মানুষ প্রত্যাশা করে নতুন বছরটি যেন তাদের জন্য সুখশান্তি বয়ে নিয়ে আসে। কিন্তু তা প্রশ্নবোধক হয়ে যায়, যখন দেখি রাঙামাটির বগাছড়িতে আগুনে পোড়ানো বসতভিটার ভস্মীভূত ছাইয়ের স্তূপ নিয়ে ২০১৫-কে বরণ করতে হয়েছে চিরদুঃখী জুম্ম জনগণকে। ১৪ ডিসেম্বর অষ্টম শ্রেণি-পড়ুয়া ছবি মার্মাকে ধর্ষণের পর হত্যা করার মতো অমানবিক ঘটনাও পাহাড়িদের সাথি। কিশোরী কিংবা নারী কিংবা কন্যাশিশুর ধর্ষিত মুখচ্ছবি পার্বত্য জনপদের পরিচয়ের সঙ্গে একাত্ম হয়ে যায়।
জুম্ম জনগণ দেখেছে, বছরের পর বছর রাষ্ট্র তাদের সঙ্গে বৈরী আচরণ করছে। জুম্ম জনগণকে সংখ্যালঘু করতে বসতভিটায় অগ্নিসংযোগ চলছে। কোনো অপরাধী, ধর্ষক এবং খুনির বিচার হয়েছে, সে রকম দৃষ্টান্ত জুম্ম জনগণ দেখেনি। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তিটি হয়ে উঠতে পারত জুম্ম জনগণের জন্য এক সম্ভাবনার দুয়ার। কিন্তু হলো না। কথার ফুলঝুরি আর প্রতিশ্রুতির মধ্য দিয়ে চুক্তি বাস্তবায়ন-প্রক্রিয়াকে আটকে রাখা হলো। শতাংশ আর ধারার মারপ্যাঁচে চুক্তিকে নিত্যনতুন ব্যূহচক্রে পাঠিয়ে দেওয়া হলো। এক ব্যূহচক্র ভেদ করতে করতে আরেক ব্যূহচক্রে চুক্তি আটকে পড়ে যায়।
২৯ নভেম্বর ২০১৪ চুক্তির ১৭ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন থেকে এপ্রিল ২০১৫-এর মধ্যে চুক্তি বাস্তবায়নে কর্মসূচিভিত্তিক পরিকল্পনা ঘোষণার জন্য সরকারকে সময় নির্ধারণ করে দেওয়া হয়। অন্যথায় মে ২০১৫ থেকে অসহযোগ আন্দোলন শুরু করা হবে বলে দলটির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ঘোষণা দেন। কর্মসূচি ঘোষণার পর সরকার চুক্তি বাস্তবায়নের কোনোরূপ উদ্যোগ গ্রহণ করেছে বলে দেশবাসীর কাছে প্রতীয়মান হয়নি।
বরং কিছুদিন যেতে না যেতে ১৬ ডিসেম্বর বগাছড়িতে তিনটি পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগ করে পাহাড়িদের বসতভিটা পুড়ে ছাই করে দেওয়া হয়। অবশ্য আগের রাতে চুক্তিবিরোধী বলে পরিচিত ইউপিডিএফ কর্তৃক বাঙালিদের আনারস ও সেগুনগাছের চারা কেটে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। ইউপিডিএফ নামক সদস্যরা বাঙালিদের হালকা ক্ষতিসাধন করে পাহাড়ি জনগণের ওপর আক্রমণ করতে বাঙালিদের প্ররোচিত করার অভিযোগ শোনা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। বগাছড়ির ঘটনাটিও তারই একটি ধারাবাহিকতা মাত্র। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের পাশে রাতের আঁধারে, নিঃশব্দে এতগুলো আনারস ও সেগুনগাছের চারা কেটে দেওয়া সত্যিই রহস্যময় ঘটনা। সেখানে নিয়মিত নিরাপত্তা বাহিনীর টহল থাকে। ১৬ ডিসেম্বর পূর্ববর্তী রাতে নিরাপত্তা টহল থাকবে না, সেটাও অস্বাভাবিক ব্যাপার।
১৬ ডিসেম্বরের আগের রাতে আনারস ও সেগুনগাছ কেটে সাফ করার ঘটনাটি পূর্বপরিকল্পিত। পরদিন সকালে পাহাড়িদের বসতভিটাগুলোতে অগ্নিসংযোগের বিষয়টিও সেই পরিকল্পনারই অংশ। ভোরের আলো ফুটতে না ফুটতে এতগুলো বাঙালিকে সংগঠিত করে এক জায়গায় নিয়ে আসা, চারা ধ্বংসের সংবাদটি দ্রুত ছড়িয়ে দেওয়া স্বাভাবিক প্রক্রিয়ায় হতে পারে না। তার জন্য অবশ্যই একটা প্রস্তুতি থাকা চাই। চারা কাটার জন্য বাঙালি এবং প্রশাসনের কর্তাব্যক্তিরা ইউপিডিএফকে দায়ী করলেও দলটির কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়নি। প্রকাশ্য দিবালোকে বাঙালিরা পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগ করলেও কোনো বাঙালির বিরুদ্ধে কেউ মামলা করেনি। পাহাড়িদের মামলা না করার পেছনে প্রশাসনের অসহযোগিতার বিষয়টি একমাত্র কারণ হতে পারে না। এর পেছনে ইউপিডিএফের হাত থাকার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। কারণ, বগাছড়ি এলাকাটি ইউপিডিএফ নিয়ন্ত্রণ করে।
পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন সংশোধনী আইনও ঝুলিয়ে রাখা হয়েছে বছরের পর বছর। ভূমি বিরোধ নিষ্পত্তি করা সে তো বহু দূর অস্ত। আইনও এখন পর্যন্ত ঠিকমতো প্রণয়ন করা গেল না। ভূমি বিরোধ নিষ্পত্তি সংশোধনী আইন নিয়ে এক বৈঠকে ঐকমত্য হয়তো আবার পরের বৈঠকে কোনো এক সচিব এসে আপত্তি তোলেন। সেই আপত্তি নিয়ে চলে নতুন বৈঠক। এভাবে আমলাদের আপত্তির কারণে ভূমি বিরোধ নিষ্পত্তি আইনের সংশোধনীর কাজটি বিলম্বিত হচ্ছে। সরকার ও আঞ্চলিক পরিষদ এই বিষয়ে ঐকমত্যে পৌঁছালেও আমলারা আইনটি ঝুলিয়ে রেখেছেন। আর ভূমি বিরোধ নিষ্পত্তি না হওয়ার কারণে পাহাড়ে বারবার বগাছড়ির মতো ঘটনা সংঘটিত হচ্ছে।
সরকারকে বুঝতে হবে, পাহাড়ে বহু আগেই অসহযোগ শুরু হয়ে গেছে। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত একপক্ষীয় নির্বাচনেও আওয়ামী লীগকে জনসংহতি সমিতির কাছে রাঙামাটির সংসদীয় আসনটি হারাতে হয়েছে। বান্দরবান ও খাগড়ছড়িতেও আওয়ামী লীগের বিজয়ও নিরঙ্কুশ ছিল না। উপজেলা নির্বাচনে দলটির অবস্থা শোচনীয়। খাগড়াছড়িতে আটটি উপজেলার মধ্যে মাত্র একটি, রাঙামাটিতে নয়টি উপজেলার মাত্র দুটিতে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হতে পেরেছেন। বান্দরবানে সাতটি উপজেলার মধ্যে আওয়ামী লীগের চেয়ারম্যান একটিতেও নেই। উপজেলা নির্বাচনে বাঙালি-অধ্যুষিত অঞ্চলগুলোতে বিএনপি, পাহাড়ি-অধ্যুষিত অঞ্চলগুলোতে জনসংহতি সমিতি নতুবা অন্য আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাঙালি-অধ্যুষিত পাহাড়ের পৌরসভাগুলোতেও বিএনপিরই জয়জয়কার। তাই দৃশ্যত পার্বত্য এলাকায় আওয়ামী লীগ একপ্রকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটাও একধরনের অসহযোগ।
জনসংহতি সমিতির ঘোষিত অসহযোগ আন্দোলন সামনে রেখে সরকারকে আরেকটি নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বগাছড়ির মতো জাতিগত সহিংসতা ঘটিয়ে, বাঙালিদের উসকে দিয়ে পরিস্থিতিকে একটু-আধটু ঘোলাটে করা যাবে। কিন্তু চূড়ান্ত অর্থে পাহাড়ের রাজনীতিতে চুক্তি বাস্তবায়নের বিষয়টিই মূল নিয়ামক। জুম্ম জনগণ নির্বাচনের মাধ্যমে চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকারের টালবাহানার জবাব দিয়েছে। চুক্তি বাস্তবায়ন নিয়ে জনসংহতি সমিতির অসহযোগের আন্দোলনের বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিলে নতুন সংঘাতের পথ থেকে পাহাড় রেহাই পাবে। চুক্তি বাস্তবায়ন-প্রক্রিয়াকে সরকার এবং তার আমলা গোষ্ঠী যতই নিত্যনতুন ব্যূহচক্রের ফাঁদে আটকানোর চেষ্টা করুক না কেন, জুম্ম জনগণ ঠিকই লড়াইয়ের নতুন পথ খুঁজে নেবে। ৮০ শতাংশ আর অধিকাংশ ধারা বাস্তবায়িত হয়েছে—এভাবে অঙ্কের হিসাব দিয়ে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো যায়। বাস্তবতা হচ্ছে, চুক্তি বাস্তবায়ন-প্রক্রিয়া থমকে আছে। ২০১৫-তে জুম্ম জনগণ নয়া এক আন্দোলনের প্রতীক্ষা করছে।
দীপায়ন খীসা

রাজনৈতিক কর্মী ও আদিবাসী সংগঠক।
[email protected]