ছাত্র আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ছাত্র আন্দোলনের মূল বিষয় ছিল সাত কলেজের অধিভুক্তি বাতিল। সেই আন্দোলন করতে গিয়ে ছাত্রছাত্রীরা যে নিপীড়নের শিকার হয়েছেন, সেটিও অত্যন্ত দুঃখজনক। কিন্তু নিপীড়নের প্রতিবাদ করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপাচার্যের অফিসের গেট ভাঙতে কিংবা তাঁকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখতে পারেন না। আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষার্থী হিসেবে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা উপাচার্য-প্রক্টরের কাছে দাবি জানাতেই পারেন। কিন্তু সেই দাবি আদায়ে আন্দোলনের প্রকৃতি হবে শান্তিপূর্ণ।

নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশকে এর আগে আমরা ডাকসু নির্বাচন এবং সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে সক্রিয় হতে দেখেছি। তাঁদের সেই ন্যায়সংগত দাবির প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। তাঁদের আন্দোলনের ধারাবাহিকতায় ডাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি একটি যৌক্তিক ভিত্তি পেয়েছে। এ অবস্থায় যেকোনো হঠকারী কর্মকাণ্ড আন্দোলনের মূল উদ্দেশ্যকেই ব্যাহত করতে পারে।

নিপীড়নকারীদের বিরুদ্ধে উপাচার্য ব্যবস্থা নিতে পারেননি বলে আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয়ে গিয়ে যা করেছেন, তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। উপাচার্যের কার্যালয়ের ফটকে তালা দেখে তাঁরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে পারতেন। কিন্তু আন্দোলনকারীরা যেভাবে ‘ফটক ও কলাপসিবল গেট’ ভাঙায় অংশ নিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। এতে তাঁদের ন্যায্য আন্দোলনের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কাই বেশি।