ছাত্র প্রতিনিধি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল করতে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন করা হয়। যেখানে মনোনয়নপত্র আহ্বান, জমা, বাছাই ও বৈধ প্রার্থীর তলিকা প্রকাশ, মনোনয়নপত্র প্রত্যাহার থেকে শুরু করে চূড়ান্ত তালিকা প্রকাশ, ভোট গ্রহণ (সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত), ফলাফল প্রকাশ ইত্যাদি সব প্রক্রিয়াই অনুসরণ করা হয়।
এই নির্বাচনে শিশুদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়, তা প্রশংসনীয়। শ্রীমঙ্গল শহরের যোগেন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিপুল উৎসাহে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের পরদিন নির্বাচনে বিজয়ী সদস্য ও উৎসাহ দিতে বিজিত প্রার্থীদেরও ফুল দিয়ে সম্মান জানানো হয়। এটা নিঃসন্দেহে অনুসরণীয় নজির। নির্বাচন সম্পর্কে ছোটবেলা থেকেই যদি শিশুদের মধ্যে ভালো ধারণা তৈরি হয়, তবে ভবিষ্যতে তা সুনাগরিক গঠনের পাশাপাশি সঠিক নেতৃত্ব প্রদানে আরও বেশি সহায়ক হবে।
স্টুডেন্টস কাউন্সিল গঠনের মাধ্যমে যে সাতজন সদস্য নির্বাচিত হয়, তাদের প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব থাকে। দায়িত্বগুলো নিম্নরূপ: সংস্কৃতি, স্বাস্থ্য, অভ্যর্থনা ও আপ্যায়ন, মিডডে মিল, পুস্তক ও শিক্ষণ সামগ্রী। এই দায়িত্বগুলোর মাধ্যমে বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়। দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে, অনেক ক্ষেত্রে নির্বাচিত সদস্যরা তাদের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি অবগত থাকে না। তাই শিক্ষকদের উচিত, দায়িত্বগুলো প্রথমেই শিক্ষার্থীদের মধ্যে বণ্টন করে দিয়ে তা পালনে সহায়তা করা। (সেই কাউন্সিলের সদস্যগণ যেন নিয়মিত সভার মাধ্যমে কার্যক্রম সচল রাখে, সেই বিষয়টিও নজরে রাখা)
একটি বিষয় লক্ষণীয়, মাধ্যমিক বিদ্যালয়ে এ ধরনের নির্বাচন হয় না। প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা স্টুডেন্টস কাউন্সিল গঠন ও নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যে চর্চা করে, মাধ্যমিক বিদ্যালয়ে তা না থাকায় পরবর্তীকালে তাদের এই বোধ অনেকাংশে লোপ পায়। সে লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, বিশ্ববিদ্যালয়—সর্বত্র এর ধারাবাহিকতা বজায় রাখা উচিত। একসময় দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন হতো, কিন্তু ১৯৯০-এর পর থেকে সেই নির্বাচন আর হচ্ছে না। এটা না থাকলে ছাত্ররা ভবিষ্যতে নেতৃত্ব প্রদানের যোগ্যতা অর্জনে সক্ষম হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের এ বিষয়ে নজর দেওয়া উচিত।
লেখক: সহকারী শিক্ষক, শ্রীমঙ্গল।