রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—দেশের প্রায় প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নামের সংগঠনটির কিছু নেতা-কর্মী এখন নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছেন। নিকট-অতীতে এসব বিশ্ববিদ্যালয়ে নিজেদের মধ্যেই বারবার লড়াইয়ে লিপ্ত হয়েছেন তাঁরা। নিজেদের হাত রঞ্জিত করেছেন সহকর্মীর রক্তে। সর্বশেষ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্তঃকোন্দলে নিহত হয়েছেন তাপস সরকার নামের এক ছাত্র।
কৃষকের ছেলে পড়তে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে, উচ্চশিক্ষার সনদ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, ফিরে গেছেন মৃত্যুসনদ নিয়ে। এই শিক্ষার্থী গত ঈদের ছুটির পর বাড়ি থেকে যখন বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন, তখন দরিদ্র বাবা তাঁর হাতে তুলে দিতে পেরেছিলেন মাত্র ৫০টি টাকা। সুনামগঞ্জের ছেলেটি ভৈরব থেকে ট্রেনের ছাদে ঝুলে চট্টগ্রামে এসে পৌঁছেছিলেন। শিক্ষাজীবন শেষ করে মা-বাবার মুখে হাসি ফোটাবেন, দারিদ্র্য ঘোচাবেন—এর চেয়ে বড় স্বপ্ন দেখার সাহসই তো তাঁর ছিল না। রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না, শুধু খরচ বাঁচাতে উঠে এসেছিলেন আবাসিক হলে। সেটাই কাল হলো তাঁর, দুই পক্ষের বন্দুকযুদ্ধের শিকার হয়ে প্রাণ হারালেন নিরীহ তাপস। জানি, বিবদমান দুই পক্ষই এখন তাপসের লাশ নিয়ে রাজনীতি করবে, কিন্তু দরিদ্র চাষি বাবুল সরকার তাঁর ছেলেকে, দিনমজুর আশীষ তাঁর ভাইকে ফিরে পাবেন না আর কোনো দিন। পরিবারের একটিমাত্র সদস্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে ফিরবেন—এমন এক অসাধারণ আশার এখানেই সমাপ্তি। এই অসামান্য ক্ষতির কথা কাকে বোঝাতে যাবেন তাঁরা?
গত কয়েকটি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ করে তুলেছে ছাত্রলীগ ও ছাত্রশিবির। এ দুটি ছাত্রসংগঠনের প্রভাব বিস্তারের লড়াইয়ে দিনের পর দিন বন্ধ থেকেছে শিক্ষা কার্যক্রম। শিবিরের কর্মীরা বারবার ধর্মঘট ডেকেছেন। ক্লাসরুমের তালায় গ্লু ঢেলে দিয়েছেন, শাটল ট্রেনে বোমা হামলা করেছেন, এমনকি শিক্ষকবাসে বোমা হামলা করে আহত ও রক্তাক্ত করেছেন শিক্ষকদের। অন্যদিকে, ছাত্রলীগের কর্মীরা কিছুদিন লড়াই করেছেন শিবিরের সঙ্গে, পরিস্থিতি অনুকূলে এলে নেমে পড়েছেন নিজেদের গ্রুপিংয়ের লড়াইয়ে। এই সংগঠনের নেতা-কর্মীরা শাটল ট্রেনের বগিভিত্তিক ভিএক্স, সিএফসি সিক্সটি নাইন, কনকর্ড, একাকার, খাইট্যা খা নামের কিছু সংগঠন গড়ে তুলে নানা সময়ে তুচ্ছ বিষয় নিয়েও সংঘাত-সংঘর্ষে জড়িয়ে অস্থির করে রেখেছে ক্যাম্পাসের পরিবেশ।
এককালে যাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাঁরা জানেন শহর থেকে ২২ কিলোমিটার দূরে অবস্থিত ক্যাম্পাসে যাতায়াত যত ক্লান্তিকরই হোক না কেন, শাটল ট্রেনের এই ভ্রমণ ছিল শেষ পর্যন্ত এক আনন্দদায়ক যাত্রা। শত শত শিক্ষার্থী একই বাহনে চেপে একই গন্তব্যে পৌঁছার এ বিষয় যেন প্রতিদিনের উৎসব। শাটল ট্রেনের কামরায় কামরায় গান হতো, কবিতা আবৃত্তি হতো, সব মিলিয়ে যাত্রার সময়টি হয়ে উঠত উপভোগ্য। শাটল ট্রেনের স্মৃতি নিয়ে তাই কাব্য যেমন রচিত হয়েছে, তেমনি টিভি নাটকের বিষয়ও হয়ে উঠেছে এই বিশেষ ট্রেন। সেই সময় মাঝেসাঝে কখনো মনোমালিন্য বা বসার আসনকে কেন্দ্র করে ছোটখাটো হাতাহাতিও যে হয়নি তা নয়, সহজেই তার সমাধানও হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের সেই আনন্দকে আজ বিষাদে পরিণত করার জন্য সবচেয়ে বেশি দায়ী কে—এই প্রশ্ন উঠলে অবশ্যই আঙুল উঠবে ছাত্রলীগের দিকে। ছাত্রশিবিরের কর্মীরা নানা সময়ে ধর্মঘট বা অবরোধ কর্মসূচির জন্য কখনো ট্রেনটি আটকে দিয়েছেন, তাঁদের স্বভাবসুলভ চোরাগোপ্তা হামলাও চালিয়েছেন। এসব অপকর্মের কথা ভুলে না গিয়েও বলি, ছাত্রছাত্রীদের আনন্দময় ভ্রমণের মুহূর্তগুলোকে দিনে দিনে বিপজ্জনক ও বিষাদময় করে তোলার জন্য সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে ছাত্রলীগই। প্রায় নিয়মিত নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়েছে তারা, এমনকি চালককেও অপহরণ করেছে, এর ফল ভোগ করতে হয়েছে সাধারণ শিক্ষার্থীদের।
মেধাবী ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসেন। অনেক দরিদ্র মা-বাবার সন্তান, যাঁদের সামর্থ্য নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাঁরাও আসেন উচ্চশিক্ষা লাভের আশায়। কিন্তু সেশনজটের কবলে পড়ে তাঁদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হলে অর্থনৈতিকভাবে একেকটি পরিবারের জন্য তা কতটা দুর্বহ অভিজ্ঞতা—এ কথা বুঝবে কে? আর তাপসের মতো একদিন লাশ হয়ে ফিরে আসবেন কি না সন্তান, এই আশঙ্কা থেকেও তো মুক্তি নেই তাঁদের।
ছাত্রলীগের যে দুটি পক্ষ ক্যাম্পাসে বিবদমান, তাদের মধ্যে আদর্শগত কোনো বিরোধ যে নেই, সে কথা বলাই বাহুল্য। এমনকি মূল দলের কোনো বিভক্তির কারণেও এই দ্বন্দ্বের সৃষ্টি হয়নি। কারণ, বিশ্ববিদ্যালয়ের দুটি গ্রুপই নিজেদের নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে পরিচয় দিচ্ছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুদিন আগে চট্টগ্রাম সফরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এসব কাজে বিরক্তি প্রকাশ করেছেন এবং অবিলম্বে এই দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নেওয়ার জন্য সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় মহিউদ্দিন চৌধুরীর বাসায় ছাত্রলীগের দুই পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক হয়েছে। সেখানে মহিউদ্দিন চৌধুরী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করেছেন। কিন্তু সমঝোতা বৈঠকের এক মাসের মধ্যে সংঘর্ষে জড়িয়ে ছাত্রলীগের দুই গ্রুপ প্রমাণ করেছে, দলীয় আনুগত্যের চেয়ে, এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশনার চেয়েও নিজেদের স্বার্থসিদ্ধি তাদের কাছে অধিক মূল্যবান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫২ কোটি টাকার উন্নয়নকাজ চলছে, আরও ১০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে শিগগিরই। মূলত এই কাজগুলো হাতিয়ে নেওয়া বা ঠিকাদারের কাছ থেকে চাঁদা আদায়ের লক্ষ্যেই নিজেদের প্রভাব বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই সাধারণ সম্পাদক ও তাঁদের কয়েকজন অনুসারী। আর এসব দ্বন্দ্বে জেনে না-জেনে জড়িয়ে পড়ছেন সাধারণ কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রশাসন বা উপাচার্য এমন ভাব করেন যেন, তাঁদের কীই-বা করার ছিল! উপাচার্য বা প্রশাসন নৈতিকভাবে দৃঢ় হলে ছাত্রসংগঠনের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা দিনের পর দিন টেন্ডারবাজি, চাঁদাবাজি করে পার পেতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজে সাবেক ও বর্তমান ছাত্রনেতারা যাতে কোনোভাবেই অংশ নিতে না পারেন, এই উদ্যোগ নেওয়া উচিত ছিল শুরু থেকেই। অথচ ছাত্রলীগের একাংশের কর্মীরা উপাচার্যকে সরাসরি দায়ী করেছেন অন্য পক্ষটিকে নির্মাণকাজে অংশগ্রহণের সুযোগসহ নানাভাবে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার জন্য। আমরা মনে করি, শিক্ষাঙ্গনকে ঘিরে যত দিন অর্থনৈতিক লাভালাভের ব্যাপার থাকবে, তত দিন সুযোগসন্ধানীরা নিরীহ ছাত্রদের ব্যবহার করে ফায়দা লুটবে।
সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনার পর আ জ ম নাসির বলেছেন, ‘খুনিরা আবার কিসের ছাত্রলীগ? আসলে ছাত্রলীগের মধ্যে শিবির, নেশাখোর, মাদকাসক্ত ও অপরাধীদের অনুপ্রবেশ ঘটেছে। এরা ছাত্রলীগের প্ল্যাটফর্মকে নিরাপদ মনে করে অঘটন ঘটাচ্ছে।’ তাঁর এই বক্তব্যকে উড়িয়ে দেওয়া যায় না। কারণ, হত্যাকাণ্ডের পর পুলিশ হল তল্লাশি করে ছাত্রলীগের এক কর্মীর কক্ষ থেকে উদ্ধার করেছে ছয়টি মওদুদীর বই ও শিবিরের দাওয়াতপত্র। এখন প্রশ্ন হচ্ছে, দলে অনুপ্রবেশকারীদের শনাক্ত করার দায় কার? আর ‘ছাত্রলীগের প্ল্যাটফর্মকে’ নিরাপদ মনে করার কারণই-বা কী? ছাত্রলীগ কি আইনের ঊর্ধ্বে?
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই যুগে নিহত হয়েছেন ১৯ জন ছাত্র। একটি ছাড়া অন্য হত্যাকাণ্ডগুলোর বিচার হয়নি। ২০০৮ সালে আমিনুল ইসলাম হত্যার বিচার-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাতে খালাস পেয়েছিলেন সব আসামি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে সারা দেশে অন্তঃকোন্দলে নিহত হয়েছেন ছাত্রলীগের ৪০ জন নেতা-কর্মী। মনে রাখা দরকার, ছাত্রলীগ যদি যাবতীয় অপকর্মের ‘নিরাপদ প্ল্যাটফর্ম’ হয়ে ওঠে, তাহলে এই লাশের সংখ্যা বাড়তেই থাকবে, আর প্রকারান্তরে এই লাশের দায় ও ভার দুই-ই বহন করতে হবে আওয়ামী লীগকেই।
বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।
[email protected]