চট্টগ্রামের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ ছাড়া আর কোনো ছাত্রসংগঠনের তৎপরতা কার্যত নেই। কেন নেই, সে প্রশ্নের অবতারণা বা তার উত্তর খুঁজে বের করা এ লেখার উদ্দেশ্য নয়। বরং ছাত্রলীগ যেখানে নিরঙ্কুশ, সে রকম দু-একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান অবস্থা সম্পর্কে কিঞ্চিৎ আলোচনা করতে চাই।গোলযোগের কারণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) বন্ধ ঘোষণা করা হয়েছে ৯ অক্টোবর। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে, তাঁদের দাবিকে আপাতত ধামাচাপা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে কর্তৃপক্ষ প্রমাণ করেছে যে ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে তারা কত অসহায়।ঘটনাটি যে তুচ্ছ ছিল সন্দেহ নেই। দ্বিতীয় বর্ষের একজন ছাত্রকে বাসে ধূমপান না করার অনুরোধ করেছিলেন চতুর্থ বর্ষের একজন ছাত্র। জ্যেষ্ঠতার অধিকারে এই অনুরোধ তো করা যেতেই পারে। কিন্তু ধূমপানরত ছাত্রটি যে ছাত্রলীগের কর্মী, এ কথাটি মনে রাখেননি একই শিক্ষাপ্রতিষ্ঠানের বড় ভাইটি। এর খেসারত তাঁকে দিতে হয়েছে ছোট ভাই ও তাঁর সহপাঠীদের হাতে প্রহূত হয়ে।এ খবর ক্যাম্পাসে এসে পৌঁছালে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। উপাচার্যের কার্যালয় ঘেরাও করে ১০টি অভিযোগ ও আট দফা দাবি জানান তাঁরা। কর্তৃপক্ষ এসব শিক্ষার্থীর সঙ্গে আলাপ-আলোচনা করেও কোনো সমঝোতায় আসতে পারেনি বলে বেছে নিয়েছে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার সহজ রাস্তাটি। চুয়েটের সাধারণ শিক্ষার্থীরা যে একটিমাত্র ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ এমন বিক্ষুব্ধ হয়ে উঠেছেন, তা কিন্তু নয়। দীর্ঘদিন ধরে অনেক নির্যাতন-লাঞ্ছনা-অপমান সহ্য করতে হয়েছে তাঁদের। এ ঘটনা দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে মনে হয়েছে আমাদের।ডাইনিংয়ে ফাউ খাওয়া, বিশ্ববিদ্যালয়ের বাসে আসন দখল করে রাখা, আবাসিক হলে মাদক সেবন করা, ক্যানটিনে বসে পরীক্ষা (ক্লাস টেস্ট) দেওয়াসহ হেন কোনো অভিযোগ নেই ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে ওঠেনি। তাঁদের এসব অপকর্মের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ করার সাহস কারও নেই, কিংবা শিক্ষার্থীরাও অহেতুক ঝামেলায় জড়াতে চান না। কিন্তু কারণে-অকারণে অন্য শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়া অভ্যাসে দাঁড়িয়েছে এসব কর্মীর। আবাসিক হলে জন্মদিন পালনের অপরাধে প্রহূত হতে হয়েছে তৃতীয় বর্ষের দুজন ছাত্রকে। আসিফ নামের চতুর্থ বর্ষের একজন ছাত্রকে মেরে হাত ভেঙে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। মেডিকেল কলেজে চিকিৎসা নিয়ে এখনো পুরোপুরি সুস্থ হননি আতিক। র্যা গিংয়ের নামে তিনতলা থেকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দোতলার ছাদে ফেলে দেওয়া হয়েছে প্রথম বর্ষের ছাত্র হুমায়ুনকে। এঁদের হাত থেকে রেহাই পাননি নেপাল থেকে পড়তে আসা ছাত্র আনন্দ মণ্ডলও। সব শেষে পত্রিকায় সংবাদ পাঠানোর ‘অপরাধে’ বাস থেকে নামিয়ে প্রহার করা হয়েছে প্রথম আলোর চুয়েট প্রতিনিধি সায়ীদুল মোরসালিনকে। এসব ঘটনা দিনের পর দিন ঘটে চলছে, কোনো প্রতিকার হয়নি। কী এক অজ্ঞাত কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ ব্যাপারে নিশ্চুপ। ফলে সাধারণ শিক্ষার্থীদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল, তাকে হঠাৎ করে ঘটে যাওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে মনে হয় না। এ ঘটনা থেকে ছাত্রলীগ কোনো বার্তা পেল কি না, জানি না। তবে কোনো প্রতিপক্ষ নেই ভেবে যে রকম স্বেচ্ছাচারিতা তারা দেখাচ্ছে, তাতে তারা যে ক্রমেই সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে—এই বোধোদয় না হলে এর জন্য বড় খেসারত দিতে হবে ভবিষ্যতে। চুয়েটে ছাত্রলীগ নিজেরা যে ঐক্যবদ্ধ তা-ও নয়। সম্প্রতি ছাত্রসংসদ নির্বাচনের ঘোষণা দিয়ে তা আবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে চুয়েট প্রশাসন। জানা গেছে, ছাত্রলীগের অন্তর্কোন্দলের কারণেই স্থগিত করা হয়েছে ছাত্রসংসদ নির্বাচন।সাধারণ ছাত্রছাত্রীরা ভীত, বিরক্ত ও ক্ষুব্ধ—এমনকি ছাত্রলীগের নীতি-আদর্শে বিশ্বাসী এমন অনেক কর্মীই এখন এসব ঘটনার প্রতিবাদ করতে না পেরে সংগঠন থেকে সরিয়ে রেখেছেন নিজেদের। এতকাল দেখে এসেছি, সাধারণ শিক্ষার্থীদের দলে টানার জন্য নানা কর্মপদ্ধতি ঠিক করেন, নানা উদ্যোগ-আয়োজন করেন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। কিন্তু সবাইকে দূরে ঠেলে দেওয়ার এই যে কর্মকাণ্ড চুয়েটের ছাত্রলীগের কর্মীরা করে যাচ্ছেন, তা সত্যিই বিস্ময়কর। এ ব্যাপারে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কিছু করার আছে কি না, জানি না।এদিকে নির্ধারিত সময়ের দুই দিন আগে হঠাৎ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত। প্রশ্ন জাগে, বিশ্ববিদ্যালয় খোলা থাকলে সুষ্ঠু পরিবেশ বজায় না থাকার কোনো আলামত কি তারা দেখতে পেয়েছে? যদি পেয়ে থাকে, সে ব্যাপারে ব্যবস্থা না নিয়ে এই আপাত-সমাধান কি সমস্যাকে দীর্ঘায়িত করবে না?চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্রশিবিরের দাপট ছিল। দীর্ঘদিন বহু অপকর্ম তারা সেখানে করেছে। সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসে সশস্ত্র সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারির কারণে তারা এখন অনেকটাই কোণঠাসা। অন্যদিকে, ছাত্রদলের যেটুকু সংগঠন সেখানে আছে, তা-ও অন্তর্কোন্দলে বিপর্যস্ত। একটি পূর্ণাঙ্গ কমিটির জন্য অপেক্ষা করতে করতে কমিটির মেয়াদই শেষ হয়ে গেছে তাদের। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কার্যত ছাত্রলীগের কোনো প্রতিপক্ষ নেই। কিন্তু একক সংগঠন হিসেবে ছাত্রলীগ কোনো গঠনমূলক কাজ বা সৃজনশীলতার পরিচয় দিতে তো পারেইনি, বরং নিজেরাই বারবার সংঘাত-সংঘর্ষে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছে। শাটল ট্রেনে আধিপত্য বিস্তারের জন্য একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়েছে ছাত্রলীগের বিবদমান গ্রুপগুলো। এসব ঘটনায় বারবার তদন্ত হয়েছে। গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো সম্প্রতি ছয়জনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব সংঘর্ষের সংবাদ প্রকাশের অপরাধে বারবার হামলা করা হয়েছে বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের ওপর। ছাত্রলীগের একাংশ দুই মাসে অন্তত চার দফা হামলা করেছে সংবাদকর্মীদের ওপর। এমনকি সাংবাদিকতা বিভাগের শ্রেণীকক্ষে ঢুকে সাংবাদিককে পেটানোর ঘটনা পর্যন্ত ঘটেছে। ঘটনার পর প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে—ছাত্রলীগও যথারীতি হামলাকারীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই জানিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে।মনে পড়ে, ছাত্রলীগের এসব অপকর্ম নিয়ে নিবন্ধ লেখার দায়ে এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক উপাচার্য আবদুল মান্নানকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছিল ছাত্রলীগ। তখন নিজেদের মধ্যে কোনো গ্রুপিং নেই দাবি করে এই নিবন্ধের বক্তব্যবিষয়কে মনগড়া ও অপপ্রচার বলেও জানিয়েছিল তারা। অধ্যাপক মান্নানকে তাঁর লেখার পক্ষে কোনো ব্যাখ্যা দাঁড় করাতে হয়নি—মাত্র দুই দিনের মাথায় নিজেদের মধ্যে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে ছাত্রলীগই প্রতিষ্ঠা করেছে তাঁর বক্তব্যের সত্যতা।নগরের ওমর গণি এমইএস কলেজেও একক সংগঠন হিসেবে আধিপত্য বিস্তার করে আছে ছাত্রলীগ। কিন্তু একাধিকবার তাদের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ দেখেছে নগরবাসী। ক্যাম্পাস ছাড়িয়ে সেই সংঘর্ষ রাজপথে নেমে এসেছে, তাতে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ নাগরিকদের।সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ছাত্রলীগের প্যানেল। এই বিজয়ে কী গৌরব আছে জানি না, ব্যান্ড পার্টির বাজনার সঙ্গে শোভাযাত্রা বের করে আনন্দে শামিল হয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।চট্টগ্রামে (হয়তো সারা দেশেও) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বৈশিষ্ট্য এই, একটিমাত্র ছাত্রসংগঠনের দাপটে বাকি সংগঠনগুলো সেখানে প্রায় নিশ্চিহ্ন। যেমন—চট্টগ্রাম সরকারি কলেজ ও মুহসীন কলেজে দখল বজায় রেখেছে ছাত্রশিবির। সেখানে ভর্তি গাইড বিক্রি, সাধারণ ছাত্রদের কাছ থেকে চাঁদা নেওয়া, কোচিং সেন্টার পরিচালনাসহ অনেক অনৈতিক কাজ করছে শিবির। কিন্তু একটাই সুবিধা, নিজেদের মধ্যে প্রকাশ্য কোনো কোন্দলে জড়ায় না বলে এসব খবর আড়ালে চাপা পড়ে থাকে।যেসব প্রতিষ্ঠানে ছাত্রলীগের কোনো প্রতিপক্ষ নেই, সেখানে নিজেদের প্রতিপক্ষ তারা নিজেরাই, ভোগান্তির শিকার নিরীহ সাধারণ শিক্ষার্থীরা। দল যখন ক্ষমতায় থাকে না, এই প্রবল দাপটের ছাত্রসংগঠনটি তখন দলের কোনো কাজে লাগে না, বরং বিনা বাক্যব্যয়ে মাঠ ছেড়ে দেয়। এই ব্যাপারটি অনেকটা জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান অবস্থার সঙ্গে তুলনীয়।বিশ্বজিৎ চৌধুরী: কবি, লেখক ও সাংবাদিক।[email protected]